১১:৪৮ পি.এম
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন নতুন প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তিতে দক্ষ, জাতীয় মূল্যবোধে উজ্জীবিত এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন।
তিনি বুধবার মিরপুর সেনানিবাসে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) ক্যাম্পাসে অনুষ্ঠিত ২৩তম কাউন্সিল সভা এবং ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এমআইএসটির ২৩তম কাউন্সিল সভায় একাডেমিক কার্যক্রম, শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় চলমান অগ্রগতি পর্যালোচনার পাশাপাশি উচ্চশিক্ষা ও প্রযুক্তিগত শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভার পর মন্ত্রী এমআইএসটির নবনির্মিত স্পোর্টস কমপ্লেক্স উদ্বোধন করেন এবং এর বিভিন্ন সুযোগ-সুবিধা পরিদর্শন করেন।
আরও পড়ুন: শেখ হাসিনা বাংলাদেশে ফিরছেন না—জয়সোয়াল মোটামুটি স্পষ্ট জানিয়ে দিলেন
পরে ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পদক ও সনদ বিতরণ করেন ড. এহছানুল হক মিলন। তিনি গ্রাজুয়েট শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য অভিনন্দন জানান। শিক্ষামন্ত্রী বলেন, "একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ, বিবেকবান ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলা জরুরি।" এমআইএসটিকে একটি আদর্শ উদাহরণ হিসেবে উল্লেখ করে তিনি ‘সবার আগে বাংলাদেশ’ মূলমন্ত্রে মেধা ও মননের বিকাশের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান।
আইএসপিআর জানায়, এমআইএসটির ১৯তম গ্রাজুয়েশন সেরিমনিতে ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত মোট ৩ হাজার ৬৬৮ জন শিক্ষার্থী স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছেন। এর মধ্যে ৯৪৩ জন সামরিক, ২ হাজার ৭১৮ জন বেসামরিক এবং ৭ জন বিদেশি শিক্ষার্থী রয়েছেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা, সেনা, নৌ ও বিমানবাহিনী প্রধান, সংসদ সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, শিক্ষাবিদ, এমআইএসটির শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তেজগাঁও বিভাগে ডিএমপির অভিযানে গ্রেফতার ১০০ জন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন