০৬:১৮ পি.এম
আজ রাজধানীর বিএসটিআইয়ের প্রধান কার্যালয়ে ‘বিশ্ব মেট্রোলজি দিবস-২০২৬’ উপলক্ষ্যে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনকে (বিএসটিআই) টেকসই উন্নয়ন নিশ্চিতে আরো শক্তিশালী করা হবে। এসব তথ্য তিনি আজ রাজধানীতে অনুষ্ঠিত আলোচনা সভায় তুলে ধরেন। সভায় এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নীতি নির্ধারণ প্রক্রিয়ায় আস্থা নির্মাণে মেট্রোলজি’ বলে উল্লেখ করেন তিনি।
শিল্পমন্ত্রী উল্লেখ করেন, গুণগত মান এবং সঠিক পরিমাপ নিশ্চিতের জন্য বিএসটিআই-কে আরো কার্যকর ভূমিকা পালন করতে হবে। তিনি বলেন, ‘প্রত্যেকটি পণ্যের গুণগত মান এবং পরিমাপ সঠিক আছে কিনা, তা নিশ্চিত করতে বিএসটিআই বদ্ধপরিকর। ব্যবসায়ীদের সাথে সমন্বয়ের মাধ্যমে উচ্চমানের পণ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।’
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধার দাফনেও ত্রাসের রাজত্ব, গণতন্ত্রের জন্য অশনিসংকেত : সাইফুল হক
তিনি আরো বলেন, মানসম্পন্ন ও সঠিক ওজনের পণ্য পাওয়া জনগণের মৌলিক অধিকার। ভোক্তারা এখন বিএসটিআইয়ের মানচিহ্নকে আস্থার প্রতীক হিসেবে মনে করে, এই আস্থা ধরে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে শিল্প মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান। সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, দপ্তর প্রধান, ব্যবসায়ী প্রতিনিধি ও শিল্প উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, বিএসটিআই জনগণের আস্থার জায়গায় পৌঁছাতে সক্ষম হয়েছে। তিনি জানান, আধুনিক ল্যাবরেটরি স্থাপন এবং অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বর্তমানে চলছে। খুলনা ও চট্টগ্রামে ১০ তলা বিশিষ্ট আধুনিক ভবন এবং ল্যাবরেটরি নির্মাণ সম্পন্ন হয়েছে। দেশের ১০ জেলায় আঞ্চলিক কার্যালয় স্থাপন করা হয়েছে। পর্যায়ক্রমে এসব সেবা আরো জেলায় সম্প্রসারণ করা হবে।
বিএসটিআই মহাপরিচালক (সচিব) কাজী ইমদাদুল হক বলেন, ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলা এবং রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে আধুনিকায়ন কর্মসূচি চলমান রয়েছে। তিনি জানান, ১১টি জেলায় পূর্ণাঙ্গ ল্যাবরেটরিসহ আঞ্চলিক ভবন নির্মাণ কাজ চলছে এবং আরো ৪২টি জেলায় সেবা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
আরও পড়ুন: কোনাবাড়িতে পানি ফ্যাক্টরি ও ঝুট গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড
তিনি আরো জানান, প্রধান কার্যালয়ে ১৩ তলা নতুন ভবন, রসায়ন ও পদার্থবিজ্ঞান উইংয়ে ৬৭টি আধুনিক ল্যাব এবং ২১টি মেট্রোলজি ল্যাব স্থাপনের প্রকল্প বাস্তবায়নাধীন। এছাড়া, হালাল পণ্যের সম্ভাবনা কাজে লাগাতে বিএসটিআই কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।
এফবিসিসিআই প্রশাসক মো. আবদুর রহিম খান বলেন, বিএসটিআই খাদ্যপণ্য, বাসস্থানসহ বিভিন্ন ভোগ্যপণ্যের মান নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং সরকারের নীতি প্রণয়ন প্রক্রিয়ায় সহায়ক শক্তি হিসেবে কাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন