ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়ে গেল


বিশ্ববাজারে আবারও জ্বালানি তেলের দাম বেড়ে গেল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তি বর্তমানে গভীর সংকটে পড়েছে বলে জানা যাচ্ছে। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে বসার ব্যাপারে ইরানের অনীহার কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার কিছুটা বৃদ্ধি পেয়েছে।

বুধবার (১ জুলাই) একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।

রয়টার্সের দেওয়া তথ্যমতে, বুধবার ভোরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৫০ সেন্ট বা শূন্য দশমিক ৬৯ শতাংশ বেড়ে ৭৩ দশমিক ৪৫ ডলারে পৌঁছেছে। একই সময়ে, আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৬৩ সেন্ট বা শূন্য দশমিক ৯১ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭০ দশমিক ১৩ ডলারে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের আলোচনা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কায় বিনিয়োগকারীদের উদ্বেগের কারণে মূলত তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে।

আরও পড়ুন: গৃহবধূকে ধর্ষণের দায়ে আতিকুল ইসলামের যাবজ্জীবন কারাদণ্ড

বাজার বিশ্লেষকেরা জানাচ্ছেন, গত কয়েক দিনে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলছে। মার্কিন ও ইরানি কর্মকর্তাদের সরাসরি সংলাপে বসার পরিকল্পনা থাকলেও তেহরানের আকস্মিক অনাগ্রহ এই চুক্তিটির ভবিষ্যৎ নিয়ে বড় প্রশ্ন তৈরি করেছে। ফলে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটার আশঙ্কায় ব্যবসায়ীরা সতর্ক অবস্থান নিতে বাধ্য হচ্ছেন।

এর আগে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত থামানোর ক্ষেত্রে বেশ কিছু অগ্রগতি হওয়ায় চলতি বছরের প্রথম ও দ্বিতীয় প্রান্তিকের মধ্যে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় ৪৫ ডলার কমে গিয়েছিল, যা ২০০৮ সালের বৈশ্বিক অর্থনৈতিক সংকট পরবর্তী সবচেয়ে বড় প্রান্তিক পতন হিসেবে চিহ্নিত হয়েছে। একইভাবে ডব্লিউটিআই ক্রুডের দামও ব্যারেল প্রতি প্রায় ৩১ ডলার কমে গিয়েছিল, যা ২০২০ সালের করোনা মহামারির পর বাজারে সর্বোচ্চ পতন হিসেবে রেকর্ড করা হয়েছে। তবে বর্তমানে কূটনৈতিক অচলাবস্থা দীর্ঘায়িত হলে তেলের বাজার আরও অস্থির হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কঠোর অভিবাসন নীতির প্রভাবে চাপে জাপানপ্রবাসী বিদেশিরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৭ পি.এম


কঠোর অভিবাসন নীতির প্রভাবে চাপে জাপানপ্রবাসী বিদেশিরা

কঠোর ভিসানীতির চাপে জাপান জুড়ে বসবাসকারী বিদেশিরা সমস্যার সম্মুখীন হচ্ছেন।

জাপানের রাজধানী টোকিওতে একটি ছোট নেপালি রেস্তোরাঁ পরিচালনা করেন ৩৮ বছর বয়সী নেপালি নারী বুধাথোকি সমঝানা। দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে গড়ে তোলা তার এই ব্যবসা এখন অনিশ্চয়তার মুখে পড়েছে, কারণ জাপান বিদেশিদের জন্য ভিসানীতি কঠোর করেছে।

বিধান অনুযায়ী, জাপানে জনসংখ্যা দ্রুত বয়স্ক হচ্ছে এবং বিভিন্ন খাতে শ্রমিকের ঘাটতি থাকলেও দেশটিতে অভিবাসনবিরোধী মনোভাব বাড়ছে। এর প্রেক্ষাপটে ক্ষমতাসীন দল ২০২৫ সালের শেষ দিকে বিজনেস ম্যানেজার ভিসার জন্য নতুন ও কঠোর নিয়ম চালু করতে যাচ্ছে। এক দশক আগে মেয়ের জন্য ভালো ভবিষ্যৎ গড়ার আশায় জাপানে আসা বুধাথোকি এখন আশঙ্কা করছেন, তিনি নতুন শর্ত পূরণ করতে না পারলে দেশ ছাড়তে বাধ্য হতে পারেন।

তিনি বলেন, ‘আমি সব সময় জাপান ও নেপালের মধ্যে একটি সেতুবন্ধ হতে চেয়েছিলাম। কিন্তু এখন মনে হচ্ছে আমার স্বপ্ন ভেঙে যাচ্ছে।’ এ সমস্ত নতুন নিয়মগুলো এমন সময় কার্যকর হয়েছে, যখন অনেক জাপানি নাগরিক অতিরিক্ত পর্যটন এবং বিদেশি বিনিয়োগের কারণে জমির মূল্য বেড়ে যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন।

এই পরিস্থিতিতে, প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সরকার বিদেশিদের জন্য আরো কঠোর নিয়ম চালু করেছে। গত মাসে সরকার প্রায় ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো কিছু পর্যটকের ভিসা ফি উল্লেখযোগ্যভাবে বাড়ানোর ঘোষণা দেয়। এর ফলে একক ও একাধিক প্রবেশ ভিসার খরচ প্রায় পাঁচ গুণ বেড়েছে।

জাপানের নতুন ভিসানীতিতে বিজনেস ম্যানেজার ভিসাধারীদের জন্য তিন বছরের সময়সীমা রাখা হলেও, অনেক ছোট ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠান আশঙ্কা করছে, তারা নতুন শর্ত পূরণ করতে পারবেনা। টোকিওর ওকুবো এলাকার জনপ্রিয় খাবারের দোকানগুলোর মধ্যেও এ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। নেপালি উদ্যোক্তা বুধাথোকি সমঝানা বলেন, নতুন নিয়মের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ব্যবসার জন্য প্রয়োজনীয় মূলধনের পরিমাণ ব্যাপকভাবে বাড়িয়ে দেওয়া।

রেস্তোরাঁয় বসে হিসাবপত্র দেখার সময় তিনি বলেন, ‘সবচেয়ে বড় সমস্যা হলো মূলধনের ন্যূনতম শর্ত ৫০ লাখ ইয়েন (প্রায় ৩০ হাজার ডলার) থেকে বাড়িয়ে ৩ কোটি ইয়েন (প্রায় ১ লাখ ৮৫ হাজার ডলার) করা হয়েছে।’ তার মতে, এত বড় অঙ্কের অর্থ জোগাড় করা অনেক ছোট ব্যবসার পক্ষে সম্ভব নয়, ফলে বহু বিদেশি উদ্যোক্তার ব্যবসা এবং জাপানে থাকার সুযোগ ঝুঁকির মুখে পড়ছে।

তিনি বলেন, ‘এটা অসম্ভব।’ বুধাথোকি ২০১৬ সালে একজন ছাত্রী হিসেবে জাপানে আসেন এবং ২০২৩ সালে তার প্রথম রেস্তোরাঁ খোলার জন্য বছরের পর বছর ধরে টাকা জমিয়েছেন। জানুয়ারিতে তার তৃতীয় রেস্তোরাঁটি খোলার পর, এক দশক বিচ্ছিন্ন থাকার পর তিনি অবশেষে তার ১৪ বছর বয়সী মেয়েকে নেপাল থেকে নিয়ে আসেন এবং সে এখন একটি জাপানি স্কুলে ভর্তি হয়েছে।

তিনি বলেন, ‘এখন আমি নিজের জন্য নয়, আমার মেয়ের জন্য খুব চিন্তিত... আমি ওর সঙ্গে কী করেছি? পরবর্তী ভিসা নবায়নের কথা ভাবলেই আমার বুক ধড়ফড় করে।’ জাপানে তিন দশক ধরে বসবাসকারী ভারতীয় রেস্তোরাঁ মালিক মনীশ কুমারকে জানানো হয়েছে, তার বিজনেস ম্যানেজার ভিসা আর নবায়ন করা হবে না, যদিও নতুন নিয়ম কার্যকরের জন্য একটি গ্রেস পিরিয়ড রয়েছে। কুমার ঠিক কেন ভিসা নবায়ন হচ্ছে না তা জানেন না।

তবে ভিসা বিশেষজ্ঞদের মতে, অভিবাসন কর্তৃপক্ষ এখন আরো কঠোরভাবে আবেদন যাচাই করছে এবং কর পরিশোধের রসিদ, সামাজিক বীমার নথিসহ অতিরিক্ত কাগজপত্র চাচ্ছে। গত মাসে ভিসা-সংক্রান্ত এক সমাবেশে আবেগাপ্লুত হয়ে কুমার বলেন, ‘আমার সন্তানরা শুধু জাপানি ভাষায় কথা বলতে পারে। অথচ এখন আমাদের ভারতে ফিরে যেতে বলা হচ্ছে।’ নতুন নিয়ম স্থগিতের দাবিতে একটি আবেদনে ইতোমধ্যে ৬৭ হাজার ৮০০ জনের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

এই উদ্যোগের সংগঠক টারো বলেন, ‘মনীশ কুমারের সঙ্গে যা ঘটেছে, তা সত্যিই দুঃখজনক। তিনি আমার বন্ধু এবং ব্যবসায়ী সমাজের একজন বিশ্বস্ত সদস্য।’ বিশ্লেষকদের মতে, জনমনে অবৈধ অভিবাসন নিয়ে উদ্বেগ বাড়ার পর সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। গত বছরের মে মাসে জাপানের বিচার মন্ত্রণালয় ‘শূন্য অবৈধ বিদেশি বাসিন্দা’ লক্ষ্য নিয়ে একটি কর্মসূচি ঘোষণা করে। অন্যদিকে, দ্রুত বয়স্ক হয়ে ওঠা জাপানে জন্মহার বিশ্বের অন্যতম নিম্ন পর্যায়ে রয়েছে।

অনেক বিশেষজ্ঞ মনে করেন, অভিবাসন বৃদ্ধি দেশটির কমে যাওয়া জনসংখ্যা ও শ্রমশক্তির ঘাটতি মোকাবিলায় সহায়ক হতে পারে। তবে গত বছরের উচ্চকক্ষ নির্বাচনে অভিবাসন একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়। এ সময় অভিবাসনবিরোধী অবস্থানের জন্য পরিচিত ‘সানসেইতো’ দলের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। দলটি অভিবাসনকে নীরব আগ্রাসন বলে বর্ণনা করে।

অক্টোবরে দায়িত্ব নেওয়ার পর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি বিদেশিদের জন্য কঠোর ভিসা যাচাইয়ের প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারি উপদেষ্টা কাজুকি ইউদার মতে, বিদেশি উদ্যোক্তাদের আকৃষ্ট করার জন্য চালু করা বিজনেস ম্যানেজার ভিসা অনেক ক্ষেত্রে এমন লোকজন ব্যবহার করছিলেন, যাদের প্রকৃত ব্যবসায়িক পরিকল্পনা ছিল না। এই ভিসার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে বিজনেস ম্যানেজার ভিসাধারীর সংখ্যা প্রায় ৪৬ হাজারে পৌঁছায়, যা ২০২০ সালের তুলনায় ৭০ শতাংশ বেশি। এদের প্রায় অর্ধেকই ছিলেন চীনা নাগরিক।

ইউদা বলেন, কিছু অসাধু রিয়েল এস্টেট এজেন্ট বিদেশিদের বোঝাতেন যে, জাপানে শুধু সম্পত্তি কিনলেই ভিসা পাওয়া সম্ভব। আরেক উপদেষ্টা দাইসুকে কোমোরি জানান, তিনি এমন অনেক আবেদন ফিরিয়ে দিয়েছেন, যাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা নয়। বরং সন্তানদের পড়াশোনা করানো বা চীন ছেড়ে অন্য দেশে বসবাস করা। তবে ইউদা ও কোমোরি দুজনই সতর্ক করেছেন, নতুন নিয়ম শুধু অপব্যবহারকারীদের নয়, বৈধভাবে ব্যবসা পরিচালনা করা ছোট রেস্তোরাঁর মালিক এবং তরুণ উদ্যোক্তাদেরও ক্ষতিগ্রস্ত করছে।

এপ্রিল মাসে পার্লামেন্টে আইনমন্ত্রী হিরোশি হিরোগুচি বলেন, বর্তমানে নিয়ম পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই। তবে বিশেষ পরিস্থিতির ক্ষেত্রে পৃথকভাবে বিষয়গুলো বিবেচনা করা হবে। নতুন নিয়ম অনুযায়ী, বিজনেস ম্যানেজার ভিসাধারীদের অন্তত একজন জাপানি নাগরিক বা স্থায়ী বাসিন্দাকে চাকরি দিতে হবে।

তবে টোকিওতে ব্যবসা পরিচালনাকারী এক বাংলাদেশি উদ্যোক্তা বলেন, জনসংখ্যা কমে যাওয়ায় পর্যাপ্ত জাপানি কর্মী পাওয়াই কঠিন। তার প্রশ্ন, ‘যে প্রতিষ্ঠানের ম্যানেজারের ভিসা প্রতি বছর নবায়ন করতে হয় এবং যার ভবিষ্যৎ অনিশ্চিত, সেখানে কাজ করতে কে আগ্রহী হবে?’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভয়াবহ আগুনে নারায়ণগঞ্জে ঝুটের গুদাম ও ৪ দোকান পুড়ে ছাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৮ পি.এম


ভয়াবহ আগুনে নারায়ণগঞ্জে ঝুটের গুদাম ও ৪ দোকান পুড়ে ছাই

নারায়ণগঞ্জের ফতুল্লায় ভয়াবহ একটি আগুনের ঘটনায় গার্মেন্টস ওয়েস্টেজ ঝুটের গুদামসহ চারটি দোকান সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (১ জুলাই) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে দক্ষিণ সস্তাপুর এলাকায় অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

আগুনের ফলে ঝুটের গুদামের বিপুল পরিমাণ মালামাল, একটি চায়ের দোকান এবং একটি স-মিলের কাঠ ও আসবাবপত্রসহ বিভিন্ন ধরনের মালামাল পুড়ে গেছে।

এই ঘটনায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি স্টেশন থেকে চারটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্থানীয়দের বক্তব্য অনুযায়ী, সকাল সাড়ে ৭টার দিকে একটি ঝুটের গুদামে আগুনের সূত্রপাত ঘটে। এরপর পেছনে থাকা আরেকটি ঝুটের গুদাম, একটি স-মিল এবং একটি চায়ের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা ও ধোঁয়ায় এলাকাটি পুরোপুরি আচ্ছন্ন হয়ে যায়। এ সময় আশপাশের অনেক বাসিন্দা আতঙ্কিত হয়ে ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসেন। খবর পেয়ে শিবু মার্কেট ও মণ্ডলপাড়া ফায়ার স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিভানোর কার্যক্রম শুরু করে। তাদের একঘণ্টার চেষ্টায় সকাল ৯টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

কিন্তু ততক্ষণে দুটি ঝুটের গুদামের বিপুল পরিমাণ ঝুট, স-মিলের কাঠ ও আসবাবপত্র এবং একটি চায়ের দোকান ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি অনুযায়ী, এই অগ্নিকাণ্ডে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানিয়েছেন, বৈদ্যুতিক গোলযোগ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ তদন্তের পর নিরূপিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক এমপি জেবুন্নেসা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


সাবেক এমপি জেবুন্নেসা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় রাজধানীতে রবিউল ইসলাম নামে এক ব্যবসায়ীকে হত্যাচেষ্টার মামলায় বরিশাল-৫ আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজকে গ্রেফতার হিসেবে দেখিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ও বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন।

প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন এই তথ্য জানিয়েছেন।

গত ২৮ জুন মামলার তদন্ত কর্মকর্তা ভাটারা থানার এসআই রিফাত আল আফসানী তাকে মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির দিন নির্ধারণ করে দেন বুধবার।

এদিন শুনানিকালে জেবুন্নেসা আফরোজকে আদালতে হাজির করা হয়। পরে আদালত তাকে গ্রেফতার দেখানোর আদেশ দেয়। এরপর তাকে কারাগারে স্থানান্তর করা হয়েছে।

মামলার বিবরণ অনুযায়ী, চব্বিশ সালে সরকার পতনের দিনে ভাটারা থানা এলাকায় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। ওই সময় গুলিবিদ্ধ হন রবিউল ইসলাম। চিকিৎসা গ্রহণ করে সুস্থ হয়ে ২০২৪ সালের ২৫ ডিসেম্বর ভাটারা থানায় মামলাটি দায়ের করেন রবিউল।

জেবুন্নেসা আফরোজকে ২০২৫ সালের ১৭ মে গোয়েন্দা পুলিশ (ডিবি) গ্রেফতার করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১ই জুলাই, ২০২৬ ইং

০৫:০৯ পি.এম


সোনারগাঁয়ে দুর্ধর্ষ ডাকাত সর্দার ‘জঙ্গী সোহান’ গ্রেফতার

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোহান ওরফে জঙ্গী সোহানকে (২৫) গ্রেপ্তার করেছে। তিনি অস্ত্র, গণধর্ষণ ও ডাকাতিসহ মোট ১৯টি মামলার এজাহারভুক্ত আসামি।

মঙ্গলবার (৩০ জুন) সোনারগাঁয়ের হাবিবপুর এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

পুলিশের রেকর্ড অনুযায়ী, সোহানের বিরুদ্ধে সোনারগাঁ থানায় অস্ত্র আইন, গণধর্ষণ, ডাকাতি ও দস্যুতাসহ মোট ১৯টি মামলা দায়ের করা হয়েছে। সেগুলোর মধ্যে ২০১৭ থেকে ২০২৬ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে করা ডাকাতির প্রস্তুতির সংক্রান্ত মামলা এবং দণ্ডবিধির একাধিক ধারার মামলায় তিনি এজাহারভুক্ত আসামি।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদক, ডাকাতি ও যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশি অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%