০৭:১৮ পি.এম
নারায়ণগঞ্জে ১১ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ করে সড়ক অবরোধ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। আজ সদর থানার বরফকল এলাকায় আনোয়ারা গ্রুপের পোশাক শ্রমিকরা এ কর্মসূচি শুরু করেন। শ্রমিকদের অবরোধের ফলে কেল্লারপুল থেকে খানপুর পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বেলা ১১টায় শুরু হওয়া এ কর্মসূচি বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলমান ছিল।
এ সড়কটিতে শ্রমিকরা অবস্থান নেওয়ার কারণে নগরীর যানবাহন চলাচল বিকল্প পথ ব্যবহার করে। এর আগে গত বৃহস্পতিবার (২৩ জুলাই) থেকে শ্রমিকরা বিভিন্ন দাবিতে আন্দোলন শুরু করেন। আজ তারা ১১ দফা দাবি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেন। শ্রমিকদের দাবিগুলোর মধ্যে রয়েছে— পরিপূর্ণ বাৎসরিক ছুটির টাকা পরিশোধ, শতভাগ বোনাস প্রদান, হাজিরা বোনাস চালু, অর্ধবেলা ছুটির জন্য বেতন কর্তন না করা, স্টাফদের শোভন আচরণ নিশ্চিত করা, ঈদের ছুটিতে বেতনভুক্ত ছুটির সুবিধা যুক্ত করা, চাকরির সার্ভিস-সংক্রান্ত সব পাওনা পরিশোধ, পিস রেট কত শতাংশ বৃদ্ধি করা হবে তা প্রকাশ, অস্ত্রধারী অ্যাডমিন জাকিরের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাকে কর্মস্থল থেকে বহিষ্কার, শ্রম আইন অনুযায়ী সকল ন্যায্য পাওনা পরিশোধ এবং আন্দোলনে অংশ নেয়া কোনো শ্রমিককে চাকরিচ্যুত না করা।
শ্রমিকরা জানিয়েছেন, তাদের দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সাজিদুর রহমান এই বিষয়ে জানান, দাবিগুলো নিয়ে শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে। তিনি বলেন, কয়েকটি দাবি মালিকপক্ষ মেনেও নিয়েছে। বাকি দাবিগুলো নিয়ে আলোচনা চলমান রয়েছে। তবে শ্রমিকরা সড়কটি বন্ধ করে রাখায় আমরা বিকল্প সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। আন্দোলনের কারণে যানজট বা ভোগান্তির কোনো খবর নেই। পরে বিকেল সাড়ে ৪টায় তারা কর্মসূচি স্থগিত করে সড়কটি ছেড়ে দেয়।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন/ধানের শীষ নাকি দাঁড়িপাল্লা, কার ওপর আস্থা রাখছেন ভোটাররা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন