ঢাকা শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ইং ০৮ই কার্তিক, ১৪৩৩বাং

মুক্তিযুদ্ধের চেতনা হারালে জাতির বড় ক্ষতি হবে: স্বাস্থ্যমন্ত্রী


মুক্তিযুদ্ধের চেতনা হারালে জাতির বড় ক্ষতি হবে: স্বাস্থ্যমন্ত্রী

মুক্তিযুদ্ধের চেতনা এই বর্তমান প্রজন্ম হারালে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে, এ বিষয়ে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর শাহবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মো. আব্দুল কুদ্দুসের স্মরণসভায় তিনি এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি বড় ক্ষতিগ্রস্ত হবে। বর্তমানে অনেকে একাত্তরের সাথে অনেক কিছু গুলিয়ে ফেলছেন। কিন্তু সক্রিয়ভাবে বলতে গেলে, একাত্তর না হলে, আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে এই বাংলাদেশ আমাদের জন্য কখনো সম্ভব হতো না। উল্লেখ্য, রাজাকাররা বাংলাদেশ চায়নি।

আরও পড়ুন: দেশের উন্নয়নের প্রধান অন্তরায় মাদক: ডা. জাহিদ

সরদার মো. সাখাওয়াত হোসেন আরও বলেন, পেশাগত কাজের পাশাপাশি মুক্তিযোদ্ধাদের প্রতি আমাদের মনে রাখতে হবে। সরকারের ৩১ দফা বাস্তবায়নে চিকিৎসক ও কর্মকর্তাসহ সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানাচ্ছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালিশকারীকে হত্যাচেষ্টার অভিযোগ, হাতুড়িসহ অভিযুক্ত আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৫ পি.এম


সালিশকারীকে হত্যাচেষ্টার অভিযোগ, হাতুড়িসহ অভিযুক্ত আটক

মুন্সীগঞ্জে পারিবারিক বিরোধের জেরে এক সালিশকারীকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যাচেষ্টার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) একটি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে রাজধানীর মুগদা এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম ব্যাপারী (৪০) মুন্সীগঞ্জ সদর উপজেলার বল্লালবাড়ী এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গত ২০ জুলাই দুপুর আড়াইটার দিকে বল্লালবাড়ী এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে সেলিম ব্যাপারী তার চাচাতো ভাই ও স্থানীয় সালিশকারী আবুল কালাম ব্যাপারীর (৫৫) মাথায় হাতুড়ি দিয়ে গুরুতর আঘাত করে জখম করেন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে তিনি সেখানে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর স্থানীয় লোকজন অভিযুক্তের বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের চেষ্টা করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহতের বোন সেলিনা বেগম মামলা দায়ের করেন মুন্সীগঞ্জ থানায়। মামলায় দণ্ডবিধির একাধিক ধারায় অভিযোগ আনা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত সেলিম ব্যাপারী মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে পারিবারিক কলহে জড়িয়ে ছিলেন। তার মেয়ের বিয়েকে কেন্দ্র করে স্ত্রীকে দোষারোপ করার কারণে প্রায়ই বিরোধ সৃষ্টি হতো। এ বিষয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক করা হলেও কোনো সমাধান হয়নি। সালিশকারীদের প্রতিও তিনি ক্ষোভ প্রকাশ করতেন।

এরই ধারাবাহিকতায় সালিশকারী হিসেবে যুক্ত থাকা আবুল কালাম ব্যাপারীর ওপর হামলা চালানোর ঘটনা ঘটে বলে পুলিশের ধারণা।

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) কামরান হোসেন জানান, ডিবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার ব্যবহৃত একটি লোহার হাতলযুক্ত হাতুড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৭ পি.এম


প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে তেজগাঁওয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে সারাদেশে বৃক্ষরোপণ অভিযানকে উৎসাহিত করতে বিশিষ্ট চিকিৎসক ইকবাল হোসেন উদ্যোগ নিয়েছেন। তিনি রাজধানীর শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক।

এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২৪ নং ওয়ার্ডের নাখালপাড়ার নাবিস্কোর মোড়ে স্থানীয়দের মধ্যে বিনামূল্যে ৫’শ গাছের চারা বিতরণ করা হয়। অনেকেই আম, জাম, কাঁঠাল, পেয়ারাসহ বিভিন্ন ফল, ফুল এবং ওষুধি গাছ পেয়ে উচ্ছ্বাসিত হন।

গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপি সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। তিনি প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে সবাইকে গাছ লাগানোর জন্য অনুরোধ করেন।

বৃক্ষরোপণে উৎসাহিত করতে অধ্যাপক ইকবাল মানুষের সুস্থতায় পরিবেশের ভূমিকা এবং গাছের গুরুত্ব তুলে ধরেন। এই সময় এলাকায় বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুদকের মামলায় ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে আদেশ পিছিয়ে ৩ আগস্ট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০২:৫৮ পি.এম


দুদকের মামলায় ছাগলকাণ্ডের মতিউরের বিরুদ্ধে আদেশ পিছিয়ে ৩ আগস্ট

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন পরবর্তী আদেশ পিছিয়ে আগামী ৩ আগস্ট ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীরের আদালতে আদেশের জন্য ধার্য ছিল।

তবে এদিন বিচারক ছুটিতে থাকায় পরবর্তী আদেশের দিন ধার্য করা হয়েছে বলে সংশ্লিষ্ট আদালত সূত্রে জানা গেছে।

এদিন মতিউর রহমানকে কারাগার থেকে মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এনে রাখা হয়। তবে তাকে আদালতে তোলা হয়নি।

এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়।

মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র অনুমোদন দেয় দুদক।

অভিযোগ পত্রে উল্লেখ করা হয়, মো. মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন।

তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সংসদমুখী পদযাত্রা স্থগিত, তবে আন্দোলন চালিয়ে যাবে সিজেপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২১শে জুলাই, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


সংসদমুখী পদযাত্রা স্থগিত, তবে আন্দোলন চালিয়ে যাবে সিজেপি

ককরোচ জনতা পার্টি (সিজেপি) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে দলটি জানিয়েছে, তারা আর সংসদ অভিমুখে নতুন করে কোনো পদযাত্রা করবে না।

মঙ্গলবার দলের প্রধান অভিজিৎ দিপক এই সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, দিল্লিতে পুলিশের সঙ্গে সংঘর্ষের ফলে বিপুলসংখ্যক সমর্থক আহত হয়েছেন, এই কারণে দল এই সিদ্ধান্ত নিয়েছে। তাদের উদ্দেশ্য হলো এখন আর কোনো আন্দোলনকারী, বিশেষ করে তরুণদের, ঝুঁকির মুখে না ফেলা। সোমবার সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনে দিল্লিতে বড় ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এবং সরকারের জবাবদিহির দাবিতে হাজারো বিক্ষোভকারী সংসদ অভিমুখে পদযাত্রা করেন।

মিছিল আটকে দিতে দিল্লি পুলিশ ব্যারিকেড বসায়। পরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এবং অন্যান্য ব্যবস্থা নেওয়া হয়। এতে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ বাধে।

দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, এই ঘটনায় প্রায় ১৮০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যও রয়েছেন। তবে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপক দাবি করেন, আহত বিক্ষোভকারীর সংখ্যা আরো বেশি। অভিজিৎ দিপকের ভাষ্য, ১৫০ জনেরও বেশি আন্দোলনকারী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। সংঘর্ষের এক দিন পর সমর্থকদের উদ্দেশে প্রকাশ্যে ক্ষমা চান অভিজিৎ দিপক। বিশেষ করে আহত নারী সমর্থকদের কাছে তিনি দুঃখ প্রকাশ করেন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দলের পক্ষ থেকে আরো ভালো প্রস্তুতি নেওয়া উচিত ছিল। তিনি অভিযোগ করেন, পুরুষ পুলিশ সদস্যরা নারী বিক্ষোভকারীদের ওপর হামলা করেছেন এবং তাদের রক্ষা করতে তিনি আরো কার্যকর ভূমিকা রাখতে পারতেন।

অভিজিৎ দিপক আরো অভিযোগ করেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে রক্ষা করতে সরকার আরো কঠোর অবস্থান নিতে প্রস্তুত। তার দাবি, প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে ২০ জনের বেশি শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি বলেন, সংসদমুখী পদযাত্রা বন্ধ হলেও আন্দোলন থামবে না। শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই আন্দোলন শুরু হয়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমে। পরে তা রাজপথের বড় বিক্ষোভে রূপ নেয়। সোমবার দিল্লি ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ রাজধানীতে জড়ো হয়ে সংসদের দিকে মিছিল করেন। অন্যদিকে দিল্লি পুলিশের দাবি, বিক্ষোভকারীরা সহিংস ও আক্রমণাত্মক আচরণ করেছেন। পুলিশের ভাষ্য, একাধিকবার সতর্ক করার পরও তারা জারি থাকা নিষেধাজ্ঞা অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়।

বিক্ষোভ চলাকালেই সিজেপির একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে। সেখানে তারা কয়েকটি দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে ছিল—সামাজিক কর্মী সোনম ওয়াংচুকের মুক্তি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ এবং নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার পর আত্মহত্যা করেছেন বলে দাবি করা প্রতিটি শিক্ষার্থীর পরিবারের জন্য ১ কোটি রুপি করে ক্ষতিপূরণ।

এদিকে সংসদমুখী মিছিল স্থগিতের সিদ্ধান্ত এমন সময় এসেছে, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নপত্র ফাঁসকে 'সবচেয়ে বড় পাপ' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, এই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর বক্তব্যের পর সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন, বিষয়টি নিয়ে আলোচনা সঠিক পথে এগোচ্ছে। তাই এখন পরিস্থিতি আরো উত্তপ্ত না করাই ভালো। এদিকে সংঘর্ষে আহত বিক্ষোভকারীদের দেখতে দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে যান কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা। সেখানে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধী এবং কংগ্রেসের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রাও আহতদের সঙ্গে দেখা করেন।

সোমবারের সংঘর্ষের পর রাজধানীর রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। যদিও সংসদমুখী মিছিল থেকে সরে এসেছে সিজেপি, তবে শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ অন্যান্য দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে দলটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৫
ইশা ০৬:৩৭
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%