ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ


গ্রামীণ ব্যাংকের ১০৪ শাখায় হামলা, ২৯টির কার্যক্রম বন্ধ

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : দেশের বিভিন্ন স্থানে ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে ক্ষতি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে বর্তমানে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর ফলে ব্যাংকটির স্বাভাবিক কার্যক্রম ও গ্রাহকসেবা ব্যাহত হচ্ছে এবং কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ ব্যাংক আজ এই তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দেশের ব্যাংকিং খাত অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা, আমানতকারীদের অর্থের নিরাপত্তা, ঋণপ্রবাহ বজায় রাখা, ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ এবং আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ব্যাংকের শাখা ও কার্যালয়ের মাধ্যমে প্রতিদিন বিপুলসংখ্যক গ্রাহক বিভিন্ন আর্থিক সেবা গ্রহণ করেন, যেমন লেনদেন, সঞ্চয় ও ঋণ। তাই ব্যাংকিং কার্যক্রমের নিরাপদ, স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন পরিবেশ বজায় রাখা দেশের অর্থনীতি ও জনস্বার্থে অত্যন্ত জরুরি।

আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় পুলিশ কর্মকর্তা রাকিবুল হাসান কারাগারে

বাংলাদেশ ব্যাংক জানায়, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে কয়েকটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের স্থাপনায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং গ্রাহকসেবা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে গ্রামীণ ব্যাংকের বেশ কয়েকটি শাখা ও কার্যালয় ক্ষতিগ্রস্ত হওয়ায় প্রতিষ্ঠানটির দৈনন্দিন কার্যক্রমে বিঘ্ন ঘটছে।

বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের মালিকানা ও কার্যক্রমের পরিসর তুলে ধরে বলা হয়েছে, ব্যাংকটির ৯০ শতাংশ মালিকানা ঋণগ্রহীতা-শেয়ারহোল্ডারদের এবং বাকি ১০ শতাংশ সরকারের। দেশের ৬৪টি জেলায় ব্যাংকটির ২ হাজার ৫২৮টি শাখা, ২৬১টি এরিয়া অফিস, ৪০টি জোনাল অফিস এবং ৪০টি জোনাল অডিট অফিস রয়েছে। ব্যাংকটির নিজস্ব ৬৭৭টি ভবন ও স্থাপনা রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ১০ নভেম্বর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত বিভিন্ন জেলার মোট ১০৪টি শাখা ও কার্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতি হয়েছে। এসব ঘটনায় ব্যাংকের অবকাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র এবং অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হয়েছে। একই সঙ্গে কর্মকর্তা-কর্মচারী ও সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নিরাপত্তাজনিত কারণে গত ১০ নভেম্বর থেকে ২৯টি শাখার কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে।

গ্রামীণ ব্যাংকের সদস্যসংখ্যা ১ কোটি ৬ লাখ ৭৩ হাজারের বেশি। দেশের ৮১ হাজার ৬৭৮টি গ্রামে ব্যাংকটির কার্যক্রম বিস্তৃত। ব্যাংকটির মোট ঋণস্থিতি প্রায় ১৯ হাজার ২৯৮ কোটি টাকা। সদস্যদের আমানতের পরিমাণ প্রায় ২৫ হাজার ১১৫ কোটি টাকা। এছাড়া বিভিন্ন ব্যাংক ও সরকারি ট্রেজারি বিলে প্রায় ১৫ হাজার কোটি টাকার তহবিল বিনিয়োগ করা রয়েছে।

আরও পড়ুন: জনগণ খুনি-ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়: খেলাফত মজলিস

বাংলাদেশ ব্যাংক বলছে, বর্তমানে বোরো মৌসুমের ঋণ কার্যক্রম চললেও সাময়িকভাবে বন্ধ থাকা শাখাগুলোর গ্রাহকেরা এ সেবা নিতে পারছেন না। একইভাবে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে গরু মোটাতাজাকরণ ও পশুপালনের জন্য প্রয়োজনীয় ঋণ গ্রহণেও সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা সমস্যায় পড়ছেন। এতে এসব অঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গ্রামীণ ব্যাংকের ১০৪টি শাখা ও কার্যালয়ে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা ব্যাংকের সম্পদ ও স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করেছে। একই সঙ্গে এসব ঘটনা গ্রামীণ অর্থনীতি, আর্থিক অন্তর্ভুক্তি এবং প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক সেবা পাওয়ার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

ব্যাংকিং সেবা স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এবং প্রয়োজনীয় সহযোগিতা দেবেন বলে বাংলাদেশ ব্যাংক আশা প্রকাশ করেছে।

আরও পড়ুন: তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে ৬৮ জন গ্রেফতার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুড়িগ্রামে চরের মানুষের জন্য নৌ-অ্যাম্বুলেন্স চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


কুড়িগ্রামে চরের মানুষের জন্য নৌ-অ্যাম্বুলেন্স চালু

কুড়িগ্রামে যোগাযোগ বিচ্ছিন্ন চরাঞ্চলের মানুষের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য নৌ-অ্যাম্বুলেন্স চালু করা হয়েছে। অসুস্থ হলে চরের মানুষ মোবাইলে কল করলেই অ্যাম্বুলেন্সটি পৌঁছে যাবে এবং রোগীকে হাসপাতালে যাওয়ার ঘাটে নিয়ে আসবে। এর ফলে রোগী নিয়ে দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারবেন স্বজনরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ নিজস্ব অর্থায়নে তৈরি এই নৌ-অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন। তিনি এসময় নৌ-অ্যাম্বুলেন্সটি সচল রাখার প্রতিশ্রুতি দেন।

সরেজমিনে দেখা যায়, ঘাটে বাঁধা রয়েছে একটি বিশেষ রঙিন নৌকা। এই নৌকার ভেতরে রোগীর শোয়া এবং অক্সিজেনের ব্যবস্থা রয়েছে, পাশাপাশি স্বজনদের বসার জন্যও ব্যবস্থা রয়েছে। রোগী পরিবহনের জন্য বিশেষভাবে তৈরি হওয়ায় এর নাম রাখা হয়েছে নৌ-অ্যাম্বুলেন্স।

স্থানীয় সূত্রে জানা যায়, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদ দ্বারা বিচ্ছিন্ন কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নে ২০টির বেশি চর রয়েছে। এসব চরে গর্ভবতী নারীসহ অসুস্থ হলে নদীপথে হাসপাতালে নিতে নানা সমস্যার সম্মুখীন হতে হয় স্বজনদের। দ্রুত হাসপাতালে নিতে না পারার কারণে মৃত্যুর ঘটনাও ঘটেছে। চরবাসীর এই দুর্দশার কথা চিন্তা করে নৌ-অ্যাম্বুলেন্সটি চালু করা হয়েছে। এখন থেকে চরাঞ্চলের মানুষ অসুস্থ হলে মোবাইলে কল করলেই দ্রুত অ্যাম্বুলেন্স চলে আসবে; গুরুতর রোগী থাকলে চিকিৎসকও অ্যাম্বুলেন্সে আসবেন। নৌ-অ্যাম্বুলেন্সটি উদ্বোধন হওয়ায় চরাঞ্চলের মানুষ আনন্দিত।

ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা ও দুধকুমারসহ ১৬ নদ-নদী বেষ্টিত সাড়ে চার শতাধিক চরাঞ্চলের মধ্যে কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়নের ২০টি চরসহ পাশের চরের মানুষের চিকিৎসাসেবায় নৌ-অ্যাম্বুলেন্সটি ব্যবহৃত হবে।

যাত্রাপুর ইউনিয়নের পোড়ার চরের বাসিন্দা এরশাদুল হক বলেন, ‘চরে কেউ অসুস্থ হলে দ্রুত হাসপাতালে নেয়ার কোনো ব্যবস্থা ছিল না। ভাড়া নৌকায় সময় ও অর্থ দুটোই ব্যয় হত। এখন থেকে তেল খরচ আর চালকের খরচ দিয়ে আমরা দ্রুত রোগীদের হাসপাতালে নিতে পারব। এই নৌ-অ্যাম্বুলেন্সটি চালু রাখতে সংসদ সদস্য যেন ব্যবস্থা করেন।’

যাত্রাপুরের মাঝিয়ালীর চরের বাসিন্দা মদিন আলী বলেন, ‘যাত্রাপুর ঘাট থেকে মাঝিয়ালীর চরের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। ঘাট থেকে এই চরে নৌকায় আসতে প্রায় ঘণ্টা খানেক সময় লাগে। ঘাটের নৌকার তুলনায় নৌ-অ্যাম্বুলেন্সটি দ্রুত চলে আসবে। আমরা যেকোনো গুরুতর অসুস্থ রোগী বা গর্ভবতী নারীদের দ্রুত হাসপাতালে নিতে পারব। এটি চালু থাকলে আমরা উপকৃত হব।’

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘চরাঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নৌ-অ্যাম্বুলেন্সটি তৈরি করার উদ্যোগ নিয়েছি। এটির উদ্বোধন হলো।’ তিনি জানান, নিজের তত্ত্বাবধানে কমিটির মাধ্যমে নৌ-অ্যাম্বুলেন্সটি পরিচালিত হবে। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে রোগীর স্বজনদের গুনতে হবে শুধু তেল খরচ ও চালকের মজুরি। নৌ-অ্যাম্বুলেন্সটির সেবা ভবিষ্যতে যেন বন্ধ না হয়, সে ব্যবস্থা নেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে নেত্রকোণায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৮ পি.এম


জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহে নেত্রকোণায় আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা

নেত্রকোণা, ২৬ নভেম্বর, ২০২৬ : ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে জেলায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তর এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আজ বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকাল ১০টার দিকে জেলা প্রাণিসম্পদ দপ্তর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

এরপর সকাল সাড়ে ১০টায় জেলা সদর উপজেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আরিফা পারভীনের সঞ্চালনায় এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন।

সভায় বক্তব্য রাখেন চিফ ইনস্ট্রাক্টর ড. মো. আবু সাঈদ সরকার, ভেটেরিনারি সার্জন ডা. সাদাত সিদ্দিকী, সফল হাঁস খামারি ইয়াসিন মিয়া এবং নারী খামারি মোছা. লাকী আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক উল্লেখ করেন, বর্তমান সরকার অভ্যন্তরীণ বাজারে মাছ, মাংস, দুধ ও ডিমের জোগান নিশ্চিত করার পাশাপাশি এসব পণ্য বিদেশে রপ্তানির উদ্যোগ নিয়েছে। তিনি প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাদের পাশাপাশি খামারি ও উদ্যোক্তাদের আরও নিষ্ঠাবান হয়ে কাজ করার আহ্বান জানান।

এছাড়া, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে দপ্তর প্রাঙ্গণে ২৩টি বিভিন্ন ধরনের স্টল স্থাপন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সামিনা আক্তারের যৌতুকের নির্মমতা নিয়ে প্রামাণ্যচিত্র ‘তার দাম’ মুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


সামিনা আক্তারের যৌতুকের নির্মমতা নিয়ে প্রামাণ্যচিত্র ‘তার দাম’ মুক্তি

বাংলাদেশের প্রথম এআই-পাওয়ার্ড, হিউম্যান-ডিরেক্টেড প্রামাণ্যচিত্র ‘তার দাম’ কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) ব্যবহার করে এবং মানুষের পরিচালনায় তৈরি করা হয়েছে। সামিনা আক্তার পরিচালিত এই প্রামাণ্যচিত্রটি ইউটিউবে প্রথম মুক্তি পায় ২৯ অক্টোবর। এর বাংলা মূল সংস্করণ ১৩ নভেম্বর ২০২৬ প্রকাশিত হয়, যা ২ মিনিট ৩৯ সেকেন্ডের এবং ইংরেজি তথ্য সংশোধিত নতুন সংস্করণ ২ মিনিট ৩২ সেকেন্ডের।

নির্মাতা জানান, ২৯ অক্টোবর ইউটিউবে প্রকাশিত প্রথম সংস্করণটি অপরিবর্তিত রাখা হয়েছে, যাতে যে কেউ প্রকাশের তারিখটি যাচাই করে নিতে পারেন।

এই প্রামাণ্যচিত্রটি একটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে, যেখানে যৌতুককে কেন্দ্র করে পারিবারিক সহিংসতার চিত্র তুলে ধরা হয়েছে, যা গত অক্টোবরে জাতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। এ প্রসঙ্গে সামিনা আক্তার বলেন, ‘জনসচেতনতা তৈরির উদ্দেশ্যে এটি বানানো হয়েছে। সামাজিক নিরাপত্তার কথা বিবেচনা করে এতে কাউকে দোষী সাব্যস্ত করা হয়নি, এমনকি কারও পরিচয়ও প্রকাশ করা হয়নি।’

তিনি আরও জানান, প্রামাণ্যচিত্রটির প্রতিটি দৃশ্য ও কণ্ঠ এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হলেও এর গবেষণা, সূত্র যাচাই, চিত্রনাট্য রচনা, দৃশ্যক্রম নির্ধারণ, পরিচালনা ও সম্পাদনা—পুরো সিদ্ধান্তপ্রক্রিয়াটি মানুষের হাতে সম্পন্ন হয়েছে। মূলত ‘হিউম্যান-ডিরেক্টেড’ বলতে এটাই বোঝানো হয়েছে যে, নির্মাণের কারিগরি কাজটি যন্ত্রের হলেও কী নির্মিত হবে আর কী হবে না, তার সম্পূর্ণ দায় মানুষের। দর্শকদের স্বচ্ছতার জন্য ছবিতে ব্যবহৃত প্রতিটি তথ্যের সূত্র ও যাচাইয়ের বিবরণ ওয়েবসাইটে উন্মুক্ত রাখা হয়েছে।

দেশে এআই প্রযুক্তির ব্যবহার প্রসঙ্গে নির্মাতা বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও দেশে এখন আর নতুন নয়। বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও স্বল্পদৈর্ঘ্য কাহিনিনির্ভর নির্মাণে এর ব্যবহার গত দুই বছরে দ্রুত বেড়েছে। তবে সেসব ক্ষেত্রে কল্পনার স্বাধীনতা থাকায় তথ্য-প্রমাণের দায় তুলনামূলক কম থাকে। কিন্তু প্রামাণ্যচিত্র সম্পূর্ণ আলাদা। এখানে প্রতিটি তথ্যের সূত্র দেখাতে হয়, আর দর্শকও ধরে নেন যা দেখছেন তা সত্য। সামাজিক ইস্যু নিয়ে সচেতনতামূলক নির্মাণে এই দায়িত্ব আরও বেড়ে যায়, কারণ এর পেছনে ভুক্তভোগী বাস্তব মানুষ জড়িত থাকেন।’

সামিনা আক্তার মনে করেন, আমাদের সমাজে ঘরোয়া সহিংসতা বা শিশু নির্যাতনের ঘটনাগুলো বন্ধ দরজার আড়ালে ঘটে বলে বহু ঘটনার কোনো ধারণকৃত নথি থাকে না। আবার যেসব ঘটনায় আইন অনুযায়ী ভুক্তভোগীর পরিচয় গোপন রাখতে হয়, সেখানে ফুটেজ থাকলেও তা ব্যবহার করা যায় না। এতদিন এ ধরনের বিষয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ আটকে যেত কেবল দৃশ্যায়নের অভাবে। কিন্তু এআই প্রযুক্তির মাধ্যমে কোনো বাস্তব ব্যক্তিকে শনাক্তযোগ্য না করেই প্রতীকীভাবে সেই দৃশ্যগুলো নির্মাণ করা সম্ভব হচ্ছে, যা পুরো ঘটনাটি প্রকাশ করা সহজ করে তুলেছে।

প্রযুক্তির এই সম্ভাবনাকে দেশের জন্য একটি বড় সুযোগ হিসেবে দেখছেন এই নির্মাতা। তিনি বলেন, ‘প্রযুক্তিটা এখন আমাদের হাতের নাগালে। প্রশ্ন হলো, আমরা এটা দিয়ে কী বানাব? নৈতিকতা বজায় রেখে, সত্য ঘটনার ভিত্তিতে সচেতনতামূলক কাজ এ দেশে আরও অনেক বেশি হওয়া দরকার। আমি নিজেও আগামীতে এ ধরনের কাজ নিয়মিত করতে চাই।’

উল্লেখ্য, সামিনা আক্তার একজন উদ্যোক্তা, এআই ফিল্মমেকার ও ব্র্যান্ড স্ট্র্যাটেজিস্ট এবং ‘মুগলি ডিজিটাল’-এর সহ-প্রতিষ্ঠাতা। নারী ও শিশু নিরাপত্তা নিয়ে সত্য ঘটনানির্ভর ধারাবাহিক নির্মাণ-পরিকল্পনার এটিই তার প্রথম কাজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জনগণ খুনি-ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়: খেলাফত মজলিস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪১ পি.এম


জনগণ খুনি-ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়: খেলাফত মজলিস

খেলাফত মজলিস অভিযোগ করেছে যে, ভারতের সহায়তায় দেশে নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে। দলের নেতারা উল্লেখ করেছেন, জনগণ খুনি-ফ্যাসিস্টদের দণ্ড দ্রুত কার্যকর দেখতে চায়। পাশাপাশি অবশিষ্ট খুনিদের বিচারপ্রক্রিয়াও ত্বরান্বিত করার প্রয়োজনীয়তা রয়েছে।

বুধবার রাতে রাজধানীর পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতাদের এসব বক্তব্য উঠে আসে। বৃহস্পতিবার দলের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের সিদ্ধান্ত ও বক্তব্য প্রকাশ করা হয়।

বৈঠকে নেতারা জানান, সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির অন্তত ছয়জন নেতা বাংলাদেশ দখল, আক্রমণ ও যুদ্ধ ঘোষণার মতো উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব বক্তব্যের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। নেতারা এ ঘটনার তীব্র নিন্দা জানান।

নেতারা আরও বলেন, ভারতের সহায়তায় পতিত আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি দেশে পুনরায় নাশকতা শুরু করেছে। গোপালগঞ্জে ব্যাপক ধ্বংসাত্মক কর্মকাণ্ড ও নড়াইলে হত্যাকাণ্ডের পর এখন রাজধানীকেন্দ্রিক তাদের অপতৎপরতা বৃদ্ধি পেয়েছে। বিদেশে পলাতক দণ্ডপ্রাপ্ত নেতাদের ইন্ধনে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তারা সফল হবে না।

বৈঠকে খেলাফত মজলিস নেতারা বলেন, নাশকতা ও অরাজকতা সৃষ্টিকারী পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ নিতে হবে। ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের অন্তরায় সৃষ্টি করে, এমন কর্মকাণ্ড থেকে সরকারকে বিরত থাকতে হবে।

তারা জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ, জননিরাপত্তা প্রতিষ্ঠা এবং বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

বৈঠকে সভাপতিত্ব করেন দলের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী। এতে মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%