ঢাকা শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৯শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ইং ২৯শে কার্তিক, ১৪৩২বাং

জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের দাবি


জলবায়ু অর্থায়নে শিশুদের অগ্রাধিকার, পৃথক তহবিলের দাবি

বাংলাদেশের প্রায় ছয় কোটি শিশু জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মুখে রয়েছে। অথচ বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ ব্যয় হচ্ছে শিশু-সংবেদনশীল কার্যক্রমে। বাংলাদেশ জলবায়ু অর্থায়ন পেলেও, সেই অর্থের সুফল শিশু ও প্রান্তিক জনগণের কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এই প্রেক্ষাপটে, জাতীয় ও আন্তর্জাতিক জলবায়ু তহবিলে শিশুদের জন্য সুনির্দিষ্ট অর্থায়ন এবং প্রবেশপথ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন নীতিনির্ধারক, জলবায়ু অর্থায়ন সংশ্লিষ্ট কর্মকর্তা এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা।

বক্তারা বলেছেন, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, বাস্তবায়ন এবং মূল্যায়নের প্রতিটি পর্যায়ে শিশুদের প্রয়োজন এবং সুরক্ষাকে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি, পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা এবং শিক্ষা খাতে কার্যকর কমিউনিটি-ভিত্তিক উদ্যোগগুলোতে অর্থায়ন বাড়ানোর প্রয়োজন রয়েছে। এ ক্ষেত্রে সেভ দ্য চিলড্রেনের কমিউনিটি-নেতৃত্বাধীন মডেলগুলোকে বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

শনিবার, তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ সম্মেলনস্থলের বাংলাদেশ প্যাভিলিয়নে ‘জলবায়ু কার্যক্রমের কেন্দ্রে শিশু: শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন উন্মুক্ত করা’ শীর্ষক এক সেশনে এসব বক্তব্য তুলে ধরা হয়। সেশনটি আয়োজন করে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ।

আরও পড়ুন: অপরাধীদের বিরুদ্ধে নিজ দলের নেতাকর্মীকেও ছাড় নয়: শরীফুল আলম

সেশনে উপস্থাপিত ইউনিসেফের ২০২৬ সালের শিশুদের জলবায়ু ঝুঁকিবিষয়ক প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ৫ কোটি ৯০ লাখ শিশুর মধ্যে সবাই অন্তত একটি জলবায়ু ঝুঁকির মুখোমুখি রয়েছে। এর মধ্যে প্রায় ৫ কোটি ৩০ লাখ শিশু তিন বা তার বেশি ধরনের ঝুঁকিতে রয়েছে। অন্যদিকে, বিশ্বব্যাপী প্রধান জলবায়ু তহবিলের মাত্র ২ দশমিক ৪ শতাংশ শিশু-সংবেদনশীল কার্যক্রমে ব্যয় করা হয়। ২০২৩ সালের একটি বিশ্লেষণ অনুযায়ী, প্রকৃত বরাদ্দের হিসাব এর চেয়েও কম হতে পারে।

এদিকে, বাংলাদেশের জাতীয় অভিযোজন পরিকল্পনা (২০২৩-২০৫০) বাস্তবায়নে প্রায় ২৩০ বিলিয়ন মার্কিন ডলার এবং ২০৩৫ সালের মধ্যে জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) ৩.০ বাস্তবায়নে আরও প্রায় ১১৬ বিলিয়ন ডলার প্রয়োজন। তবে, জলবায়ু অর্থায়নের প্রচলিত কাঠামোতে পানি, স্বাস্থ্য, শিক্ষা এবং আগাম সতর্কবার্তার মতো খাতগুলো আলাদাভাবে বিবেচনা করা হয়। এর ফলে, শিশুদের সামগ্রিক সুরক্ষার জন্য প্রয়োজনীয় সমন্বিত উদ্যোগ অর্থায়নের ক্ষেত্রে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

বক্তারা উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুধুমাত্র একটি খাতে বিনিয়োগ যথেষ্ট নয়। নিরাপদ বিদ্যালয়, স্বাস্থ্যসেবা, সুপেয় পানি এবং কার্যকর আগাম সতর্কবার্তা ব্যবস্থার সমন্বয় অপরিহার্য। অথচ, অর্থায়নের বিদ্যমান কাঠামোয় শিশুদের এসব সমন্বিত প্রয়োজন যথাযথভাবে প্রতিফলিত হচ্ছে না।

সেশনে শিশুদের জন্য জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে তিনটি অগ্রাধিকার তুলে ধরা হয়। প্রথমত, জলবায়ু অর্থায়নের পরিকল্পনা, পর্যবেক্ষণ এবং প্রতিবেদন তৈরির প্রতিটি পর্যায়ে শিশুদের দৃশ্যমান করতে হবে।

আরও পড়ুন: পিবিআইয়ের সহযোগিতায় ৭০ বছরের বৃদ্ধ শাহজাহান আলী আট মাস পরে ফিরলেন পরিবারে

দ্বিতীয়ত, পানি, স্বাস্থ্য, আগাম সতর্কবার্তা এবং শিক্ষা খাতে পরীক্ষিত কমিউনিটি-নেতৃত্বাধীন কার্যক্রমে অর্থায়ন বাড়াতে হবে।

তৃতীয়ত, জাতীয় এবং বৈশ্বিক জলবায়ু তহবিলে শিক্ষা খাতের জন্য সুস্পষ্ট অর্থায়নের সুযোগ তৈরি করতে হবে।

এ সময় সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের চারটি কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগের উদাহরণ তুলে ধরা হয়। এর মধ্যে সাতক্ষীরা রেজিলিয়েন্ট ওয়াটার সিস্টেমস উল্লেখযোগ্য। ২০২৪ সালের মে মাসে ঘূর্ণিঝড় রেমালের সময় এই উদ্যোগের মাধ্যমে প্রায় ২০ হাজার মানুষের জন্য নিরাপদ পানির সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছিল।

এছাড়া, মাতৃস্বাস্থ্যসেবায় ‘মমতার তরী’, আগাম সতর্কবার্তা ব্যবস্থায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অনুমোদন পাওয়া ‘মেট ক্লাব’ এবং শিক্ষা খাতে ‘ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভ’-এর কার্যক্রম তুলে ধরা হয়। বিশেষ করে শিক্ষা খাতের জলবায়ু অর্থায়ন বিষয়ক একটি বিশ্লেষণে জাতীয় বাজেটের কোন কোন খাত এবং বৈশ্বিক তহবিল থেকে শিক্ষার জন্য অর্থায়ন পাওয়া সম্ভব, তা চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন: মাদকমুক্ত প্রজন্ম গড়তে ছাত্রসমাজের ভূমিকা চান গণপূর্তমন্ত্রী

সেশনে ইআরডির অতিরিক্ত সচিব ও জাতিসংঘ উইংয়ের প্রধান এ কে এম সোহেল বলেন, বাংলাদেশ জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার পাচ্ছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অর্থও আসছে। তবে দুঃখজনক বিষয় হলো, জাতীয় পর্যায়ে তো বটেই, আন্তর্জাতিক পর্যায়েও জলবায়ু অর্থায়নের সামগ্রিক কাঠামোয় শিশু ও প্রান্তিক জনগণ যথাযথভাবে অন্তর্ভুক্ত হচ্ছে না।

তিনি বলেন, এ কারণেই সেভ দ্য চিলড্রেনের উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ। এসব কার্যক্রমের বাস্তব অভিজ্ঞতা রয়েছে এবং এগুলো বৃহত্তর পরিসরে বাস্তবায়ন করা সম্ভব। জলবায়ু অর্থায়নের সুফল শিশু ও ঝুঁকিপূর্ণ জনগণের কাছে পৌঁছে দিতে এ ধরনের কার্যকর উদ্যোগকে অর্থায়নের আওতায় আনা প্রয়োজন।

কপ-৩১-এর শিশু, যুব, শিক্ষা ও দক্ষতা বিষয়ক থিম্যাটিক দিবসের অংশ হিসেবে আয়োজিত এ সঞ্চালনা করেন সংস্থাটির ক্লাইমেট স্মার্ট এডুকেশন সিস্টেমস ইনিশিয়েটিভের (সিএসইএসআই) ম্যানেজার শোহাইল বিন সাইফুল্লাহ।

সেশনে বক্তব্য দেন সংরক্ষিত সংসদ সদস্য মনসুরা আক্তার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জাতিসংঘ উইংয়ের অতিরিক্ত সচিব ও উইং প্রধান এ কে এম সোহেল, বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টের (বিসিসিটি) ব্যবস্থাপনা পরিচালক রওনকুল ইসলাম, সাউথ সুদান চিলড্রেনস কাউন্সিলের প্রতিনিধি আমোকো, সেভ দ্য চিলড্রেন ইউকের সিনিয়র ক্লাইমেট অ্যাডভাইজার শ্রুতি আগরওয়াল এবং সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর এ এস এম রহমত উল্লাহ ভূঁইয়া।

আরও পড়ুন: সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগে উদ্বেগ, মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিতের দাবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকৃবিতে বহিরাগত দুই মিশুক চালকের হাতাহাতি, ছিনতাইয়ের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

বাকৃবি প্রতিনিধি

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


বাকৃবিতে বহিরাগত দুই মিশুক চালকের হাতাহাতি, ছিনতাইয়ের অভিযোগ
 
দুই বহিরাগত মিশুক চালকের হাতাহাতি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের হস্তক্ষেপে সমাধান
 
 
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মিশুকের কাগজপত্র দেখতে চাওয়াকে কেন্দ্র করে দুই চালকের মধ্যে বাগ্বিতণ্ডা, উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এ সময় এক চালক অপর চালকের মিশুক ছিনতাইয়ের চেষ্টা করেছেন বলে অভিযোগ উঠেছে।
 
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কে.আর. মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থল থেকে উভয় চালককে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় পুলিশ ক্যাম্পে নিয়ে যান।
 
ঘটনায় জড়িত দুই চালক হলেন মো. জুয়েল মিয়া ও মো. জামাল মিয়া। জুয়েল মিশুক চালক। অন্যদিকে, জামাল বিশ্ববিদ্যালয় এলাকার ২২ নম্বর ওয়ার্ডের বাকৃবি শেষ মোড় এলাকার বাসিন্দা।
 
জানা যায়, কেওয়াটখালী রেলগেট এলাকা থেকে জামাল, জুয়েলের মিশুকটি অনুসরণ করতে থাকেন। মিশুকটি চুরি করা হতে পারে এ সন্দেহ থেকেই তিনি জুয়েলের কাছে গাড়ির কাগজপত্র দেখতে চান। একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের কে.আর. বাজার এলাকায় জুয়েলের পথ আটকে কাগজপত্র দেখাতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়, যা পরে উত্তেজনা ও হাতাহাতিতে রূপ নেয়।
 
তবে জুয়েল মিয়া বলেন, জামাল কেওয়াটখালী থেকে তাঁকে অনুসরণ করে এসে পরিকল্পিতভাবে তাঁর মিশুকের পথ আটকে দেন। একপর্যায়ে তাঁকে আটক করে মারধরের চেষ্টা করেন। এ সময় জামাল তাঁর মিশুকটি ছিনতাইয়ের চেষ্টা করেছিলেন বলেও দাবি করেন জুয়েল।
 
ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে। যাচাই-বাছাইয়ে জুয়েলের মিশুকটি তাঁর নিজের এবং গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র সঠিক রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়।
 
অন্যদিকে, জামাল যে অটোরিকশাটি চালান, সেটি তাঁর নিজের নয়; তিনি ভাড়ায় গাড়িটি চালান বলে জানা যায়। পরে অটোরিকশাটির প্রকৃত মালিককে ডেকে আনা হয়। তাঁর জিম্মায় জামালকে ছেড়ে দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না করার শর্তে তাঁর কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। একই সঙ্গে গাড়িটি প্রকৃত মালিকের কাছে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
 
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ও সহকারী অধ্যাপক ড. মো. মাসুদ রানা বলেন, “অটোরিকশাটির প্রকৃত মালিক কে, তা নিশ্চিত করে ভাড়ায় চালিত গাড়িটির চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গাড়ির মালিকের জিম্মায় তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।”
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি: মাহমুদুল হক রুবেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


কৃষিই বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি: মাহমুদুল হক রুবেল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির একজন সদস্য ও সংবিধান সংশোধন কমিটির সদস্য এবং শেরপুর-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মোঃ মাহমুদুল হক রুবেল মন্তব্য করেছেন যে, কৃষিই বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তিনি শনিবার ১৪ নভেম্বর বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে র' কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় ৩ হাজার ৭৫০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-আমীন। প্রধান অতিথির বক্তৃতায় এমপি মো. মাহমুদুল হক রুবেল আরও বলেন, কৃষকদের উৎপাদন খরচ কমানোর জন্য এবং কৃষিকে লাভজনক করে তোলার লক্ষ্যে সরকার বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করছে। তিনি উল্লেখ করেন, সরিষা একটি সম্ভাবনাময় তেলজাতীয় ফসল এবং এর আবাদ বাড়াতে কৃষকদের আরও উৎসাহিত করতে হবে। এতে কৃষকের আয় বৃদ্ধি পাবে এবং ভোজ্যতেলের আমদানি নির্ভরতা কমানোর ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে। তিনি বলেন, সরকার কৃষকদের পাশে রয়েছে এবং কৃষির উন্নয়নে এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।

উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ, উপজেলা বিএনপির সদস্যসচিব মো. লুৎফর রহমান, যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, কাংশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, নলকুড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, উপজেলা কৃষক দলের আহ্বায়ক সুলতান আহম্মেদ এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: ফরহাদ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াহিদুজ্জামান নুর। উপজেলা সাতটি ইউনিয়নের ৬৩টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৭৫০ জন কৃষকের প্রত্যেককে বিনামূল্যে ১ কেজি সরিষার বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ উপকারভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


র‍্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও যৌন হয়রানির অভিযোগে ইবির ২৭ শিক্ষার্থীকে বহিষ্কার

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের কারণে দুই বিভাগের ২৬ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। এছাড়া, চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যৌন হয়রানির অভিযোগে আরো এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে।

শনিবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। বিশ্ববিদ্যালয়ের ২৭৫তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের র‍্যাগিংয়ের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ১৭ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

এদের মধ্যে সানি নেহালি ও সানাউল করিমকে দুই বছরের জন্য এবং শেখ মেহেদি হাসান, আরিফ হোসেন, সৈয়দ সিয়াম আল নাহিয়ান, সাবিরা ওয়াসিমাত, সৈয়দ সাজ্জাদ হোসাইন রোহান, শাহরিয়ার জুবায়ের ফাহিম, সাদমান সাকিব ইরফান, প্রীতম কুমার সরকার, রিয়াদ হাসান, হাজবুত জাহান হাসিব, সাব্বির আহমেদ, এন আর নির্ঝরা, ফাইজা জামান, মেহেদী হাসান ও মাহাথির জিসানকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

এছাড়া, লোকপ্রশাসন বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীকে মারধর ও টাকা দাবির ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে ৯ শিক্ষার্থীকে শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কার করা হয়েছে।

এই ৯ জনের মধ্যে আল নাজিব মাহি, কাইয়ুম মোস্তফা, মোহাম্মদ আব্দুল কাইয়ুম, তারিক জামান রাজ ও মোফাজ্জল হোসেন বরকতকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। অপরদিকে, মুজাহেদুল ইসলাম মিম, সায়েম হাফিজ সিয়াম, আব্দুল ফাত্তাহ আকিব ও নবী হোসেন শুভকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় বিভাগের আরো চার শিক্ষার্থীকে সতর্ক করা হয়েছে।

অন্যদিকে, যৌন হয়রানির দায়ে ব্যবস্থাপনা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জিহাদুল করিমকে মাস্টার্স পর্যায়ে দুই সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অশ্রুসিক্ত চোখে যুক্তরাষ্ট্রকে বিদায় পচেত্তিনোর, ম্যানইউর দায়িত্ব নেওয়াকে বললেন ‘ফেরানো কঠিন’

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ১৪ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫৫ পি.এম


অশ্রুসিক্ত চোখে যুক্তরাষ্ট্রকে বিদায় পচেত্তিনোর, ম্যানইউর দায়িত্ব নেওয়াকে বললেন ‘ফেরানো কঠিন’

অবশেষে গুঞ্জন সত্যি হয়ে উঠেছে—ইংলিশ প্রিমিয়ার লিগের বিশাল ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের নতুন প্রধান কোচ হচ্ছেন মরিসিও পচেত্তিনো। তবে যুক্তরাষ্ট্র জাতীয় ফুটবল দলের (ইউএসএমএনটি) প্রতি বিদায় জানানোর সময় আবেগ ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন কোচ।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনের ভিত্তিতে, শুক্রবার যুক্তরাষ্ট্র ফুটবল ফেডারেশনের (ইউএস সকার) ন্যাশনাল ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অশ্রুসিক্ত চোখে তিনি উল্লেখ করেন, ম্যানচেস্টার ইউনাইটেডের প্রস্তাব প্রত্যাখ্যান করা ছিল অত্যন্ত কঠিন।

সংবাদ সম্মেলনের শুরুতেই পাশে বসা ইউএস সকারের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পচেত্তিনো। তার যোগদানের বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছিল কয়েক ঘণ্টা আগে। নিজেকে সামলে নিয়ে পচেত্তিনো বলেন, ‘আমি মনে করি, এটি আমাদের ক্যারিয়ারের অন্যতম কঠিন সিদ্ধান্ত। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।’

শেষ দুই ম্যাচের দায়িত্বে থাকছেন

যদিও সংবাদ সম্মেলনটি পচেত্তিনোর বিদায়ী অনুষ্ঠান হিসেবে মনে হতে পারে, যুক্তরাষ্ট্রের ডাগআউটে তার কাজ এখনও সম্পূর্ণ হয়নি। আগামী শনিবার ও মঙ্গলবার কনকাকাফ নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে হাইতির বিরুদ্ধে দুটি ম্যাচে যুক্তরাষ্ট্র দলের দায়িত্ব পালন করবেন তিনি। এরপরেই আনুষ্ঠানিকভাবে ওল্ড ট্রাফোর্ডের দায়িত্ব গ্রহণ করবেন।

বিদায়ের অনুভূতি প্রকাশ করতে গিয়ে পচেত্তিনো বলেন, “এ ধরনের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ নয়। সাধারণত উল্টোটা ঘটে—আপনি থাকতে চান, কিন্তু ক্লাব আপনাকে বরখাস্ত করে এবং তখন আপনি কাঁদেন। এটি নিঃসন্দেহে কঠিন সিদ্ধান্ত, তবে একই সাথে পরবর্তী ধাপের জন্য আমরা রোমাঞ্চিত।”

শেষ মুহূর্তের নাটকীয়তায় চুক্তি সম্পন্ন হয়েছে। পচেত্তিনো জানান, ম্যানচেস্টার ইউনাইটেডের আগ্রহ ও আলোচনার পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত এবং শেষ মুহূর্তে সম্পন্ন হয়েছে। গত রোববার প্রথম দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন হয়।

তিনি বলেন, ‘আমরা গত শুক্রবার ক্যাম্পে আসি এবং রোববার বিকেল থেকেই বিষয়টি সামনে আসতে শুরু করে। পুরো প্রক্রিয়ায় আমরা ইউএস সকারের প্রধান নির্বাহী জেটি ব্যাটসন এবং ফেডারেশনের সাথে অত্যন্ত স্বচ্ছ ছিলাম।’

গত বৃহস্পতিবার দুই পক্ষের মধ্যে চুক্তির বিষয়টি চূড়ান্ত হওয়ার পর পচেত্তিনো দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সাথে বৈঠক করে সিদ্ধান্তটি জানান।

যুক্তরাষ্ট্রের খেলোয়াড়দের সমর্থনের প্রশংসা করে তিনি বলেন, ‘তারা পরিস্থিতিটি দারুণভাবে বুঝেছে। ফেডারেশন ও ম্যানচেস্টার ইউনাইটেডের সমঝোতা অনুযায়ী আমি এই ক্যাম্পের বাকি সময়টা দলের সাথেই থাকছি। সামনের দুটি ম্যাচ আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নিয়ে আমাদের নিষ্ঠায় কোনো ঘাটতি নেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১২ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%