ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

১২৮ বছর পর সাগরতলে মিলল অস্ট্রেলিয়ার প্রথম যুদ্ধজাহাজ স্পিটফায়ারের ধ্বংসাবশেষ


১২৮ বছর পর সাগরতলে মিলল অস্ট্রেলিয়ার প্রথম যুদ্ধজাহাজ স্পিটফায়ারের ধ্বংসাবশেষ

ডুবে যাওয়ার ১২৮ বছর পর অস্ট্রেলিয়ার প্রথম নির্মিত যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ সাগরতলে খুঁজে পাওয়া গেছে। চলতি সপ্তাহে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই আবিষ্কারের খবর প্রকাশ করেছে। যৌথ অভিযানে সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদ ও নৌবাহিনীর ডুবুরিরা জাহাজটির সন্ধান করেন।

জাহাজটির নাম ‘স্পিটফায়ার’। উনিশ শতকে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে অস্ট্রেলিয়ায় নির্মিত এই কাঠের গানবোটটি ছিল দেশের প্রথম যুদ্ধজাহাজ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও গবেষকদের মতে, ঐতিহাসিক গুরুত্বের কারণে জাহাজটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ।

১৮৫৫ সালে সিডনিতে নির্মাণের পর জাহাজটি পানিতে ভাসানো হয়। ৪০ বছরেরও বেশি সময় পরে একটি ঘূর্ণিঝড়ের কবলে পড়ে গ্রেট ব্যারিয়ার রিফের পিপার দ্বীপপুঞ্জের কাছে এটি ডুবে যায়।

আরও পড়ুন: ইরানের কেশম দ্বীপের কাছে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র হামলা

৫২ ফুট দীর্ঘ এই জাহাজের নির্মাণে আয়রনবার্ক ও ব্ল্যাকউড কাঠ ব্যবহার করা হয়েছিল। তাছাড়া, এর বিভিন্ন অংশে তামার তৈরি সংযোজকও ছিল। গত আগস্টে অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলীয় রাজ্য কুইন্সল্যান্ডের উপকূলে জাহাজটির ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। এ জন্য প্রায় এক মাস ধরে অভিযান চালানো হয়। অভিযানে একটি মাইনহান্টার জাহাজ, দূরনিয়ন্ত্রিত ডুবোযান এবং নৌবাহিনীর ডুবুরি দল অংশ নেয়।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে, অভিযানের সময় সোনার প্রযুক্তি ব্যবহার করে অনুসন্ধান চালানো একটি দল সমুদ্রের তলদেশে অস্বাভাবিক শব্দতরঙ্গের সংকেত শনাক্ত করে। ধারণা করা হচ্ছে, জাহাজটির ধ্বংসাবশেষের কারণেই ওই সংকেত তৈরি হয়েছিল। পরে এর সূত্র ধরে স্পিটফায়ারের অবস্থান নিশ্চিত করা হয়।

অনুসন্ধানে যুক্ত সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদদের তথ্য অনুযায়ী, অস্ট্রেলীয় নৌবাহিনীর ক্লিয়ারেন্স ডুবুরিরা জাহাজটির ধ্বংসাবশেষের দৃশ্যমান অংশগুলো নথিভুক্ত করেন। সাধারণত পানির নিচে বিস্ফোরক অপসারণ এবং বিস্ফোরণসংক্রান্ত কাজে বিশেষজ্ঞ এসব ডুবুরি এ অভিযানে অংশ নেন।

অস্ট্রেলীয় নৌবাহিনীর তথ্য অনুযায়ী, সিডনিকে রুশ যুদ্ধজাহাজের সম্ভাব্য হামলা থেকে রক্ষার উদ্দেশ্যে নিউ সাউথ ওয়েলসের তৎকালীন রাজ্য সরকার স্পিটফায়ার নির্মাণের উদ্যোগ নেয়। সে সময় রাশিয়ার ভ্লাদিভোস্টকে অবস্থানরত যুদ্ধজাহাজগুলোকে সম্ভাব্য হুমকি হিসেবে বিবেচনা করা হতো।

আরও পড়ুন: লোহিত সাগর তীরবর্তী সউদী বন্দরগুলোতে হামলার হুমকি হুতিদের, দ্রুত সরে যাওয়ার নির্দেশ

স্পিটফায়ার প্রাথমিকভাবে টহল ও জাহাজ চলাচলে পথনির্দেশনার কাজে ব্যবহৃত হতো। পরে জাহাজটি ব্যক্তিমালিকানায় বিক্রি করে দেওয়া হয় এবং সামুদ্রিক শসা বা বেচে-দ্য-মের (বিচ-ডি-মের) আহরণ ও বাণিজ্যিক মাছ ধরার কাজে ব্যবহার করা হয়।

অস্ট্রেলিয়ার আইন অনুযায়ী, জাহাজটির ধ্বংসাবশেষের স্থানকে পানির নিচের সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে সংরক্ষিত ঘোষণা করা হয়েছে। ফলে ঐতিহাসিক নিদর্শন হিসেবে স্থানটির সুরক্ষা নিশ্চিত করা হবে।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

এআরবি

আরও পড়ুন: লাওসে সাইবার অপরাধ ও অনলাইন জুয়ার অভিযোগে ১৩ বাংলাদেশি আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুর মামলায় ২ শ্রমিক নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


সাভার-আশুলিয়ায় কারখানা ভাঙচুর মামলায় ২ শ্রমিক নেতা গ্রেপ্তার

সাভার-আশুলিয়ায় পোশাক কারখানায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় শ্রমিক সংগঠনের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

শুক্রবার বিকেলে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সাভারের কাতলাপুর এলাকা থেকে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের কার্যালয়ে অভিযান চালিয়ে সংগঠনটির সাভার উপজেলা কমিটির সভাপতি ইমদাদুল ইসলাম এমদাদ এবং সদস্য দুলাল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, গত ১ নভেম্বর দুপুর থেকে বিকেল পর্যন্ত শ্রমিক আন্দোলনের মধ্যে বহিরাগতরা সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি কারখানায় হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করে। মামলার তদন্তে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় শ্রমিক নেতা এমদাদ ও দুলালকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়েছে।

এদিকে, দুই শ্রমিক নেতাকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, চলমান শ্রমিক আন্দোলন দমনে পুলিশ শ্রমিক ও শ্রমিক নেতাদের গণগ্রেপ্তার ও হয়রানি করছে। তিনি এসব গ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদ জানিয়ে অবিলম্বে গ্রেপ্তার শ্রমিক নেতা ও শ্রমিকদের মুক্তির দাবি জানান।

মিন্টু আরও বলেন, শ্রমিক ও শ্রমিক নেতাদের গ্রেপ্তার করে আন্দোলন দমানো সম্ভব নয়। এতে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ও নেতিবাচক বার্তা ছড়িয়ে পড়তে পারে। ফলে শ্রমিক অসন্তোষ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। মালিক, শ্রমিক ও শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে শ্রমিকদের কাজে ফেরানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, ইসহাক আলী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


নিজেকে ‘রাসূল’ দাবি করে ভিডিও প্রচার, ইসহাক আলী গ্রেপ্তার

ইসহাক আলী (৫৪) নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে নিজেকে পীর হিসেবে পরিচিত করে বিভিন্ন এলাকার মানুষের মধ্যে মুরিদ তৈরি করে আসছিলেন। বৃহস্পতিবার, নিজেকে ‘রাসূল’ দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উত্তেজনা সৃষ্টির অভিযোগে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়েরের পর শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ইসহাক আলী উপজেলার বাহাগিলী ইউনিয়নের দক্ষিণ বাহাগিলী কাচারীপাড়া এলাকার মৃত শমসের মামুদের ছেলে। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি নিজেকে পীর হিসেবে পরিচিত করে সাধারণ মানুষকে মুরিদ বানাতেন। দীর্ঘদিন ধরে নিজ বসতবাড়িতে সাউন্ড সিস্টেম বাজিয়ে ছেলে-মেয়েদের একত্র করে অশ্লীল কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে এলাকাবাসী ক্ষুব্ধ হলেও ভয়ের কারণে কেউ মুখ খুলতে সাহস পাননি।

বৃহস্পতিবার তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে নিজেকে ‘রাসূল’ দাবি করতে এবং পবিত্র কালিমা বিকৃত করতে দেখা যায়। তিনি নিজের শারীরিক লজ্জাস্থানকে আরবি হরফ ‘আলিফ’ ও কাবা শরিফ বলে দাবি করেন। একই সঙ্গে তিনি বলেন, ‘লা ইলাহা ইল্লাল্লাহ ইসাহাক আলী রাসূলুল্লাহ’ বলেও দাবি করেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর প্রতিবাদী মুসলিম জনতা তার বসতবাড়িতে উপস্থিত হন। একপর্যায়ে সেখানে আরও লোকজন জড়ো হলে এলাকায় উত্তেজনা ও অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও সহিংসতা সৃষ্টির আশঙ্কায় উত্তেজিত জনতার হাত থেকে ইসহাক আলীকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের পক্ষ থেকে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করা হয়।

কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিজ বসতবাড়িতে নিজেকে পীর ও রাসূল দাবি করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার পর উত্তেজিত মুসলিম জনতা তাকে ঘিরে রাখেন এবং পুলিশের হাতে তুলে দেন। এ ঘটনায় মামলা দায়েরের পর তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনের আদালত ফিলিস্তিনপন্থী মার্কিন সমাজহিতৈষীকে শর্তসাপেক্ষ জামিন দিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


স্পেনের আদালত ফিলিস্তিনপন্থী মার্কিন সমাজহিতৈষীকে শর্তসাপেক্ষ জামিন দিল

স্পেনের একটি আদালত মার্কিন সমাজহিতৈষী ও ফিলিস্তিনের পক্ষে সক্রিয় দাতা জেমস ‘ফার্গি’ চেম্বার্সকে শর্তসাপেক্ষ জামিন প্রদান করেছে। হামাসকে অর্থনৈতিক সহায়তা দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের প্রত্যর্পণ অনুরোধের কারণে তিনি গত জুলাই থেকে কারাগারে আটক ছিলেন। তবে চেম্বার্স এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

আদালত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার কথা থাকলেও নথিপত্রের অনুবাদে ত্রুটির কারণে রায় দিতে বিলম্ব হতে পারে বলে শুক্রবার আদালত জানিয়েছে। বিচারকদের মতে, অনুবাদের এই ত্রুটি প্রত্যর্পণ প্রক্রিয়ার ফলাফলে প্রভাব ফেলতে পারে এবং মার্কিন কর্তৃপক্ষের সরবরাহ করা নথির নির্ভুলতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে, যা আপাতত প্রত্যর্পণের ভিত্তিকে দুর্বল করতে পারে।

জামিনের শর্ত অনুযায়ী, চেম্বার্সকে প্রতি সপ্তাহে স্থানীয় আদালতে হাজিরা দিতে হবে, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে, স্পেনের ভেতরেই অবস্থান করতে হবে, একটি স্থায়ী ঠিকানা জানাতে হবে এবং হাইকোর্ট তলব করলে হাজির হতে হবে।

যুক্তরাষ্ট্রে প্রত্যর্পিত হলে ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশের অভিযোগে তাঁকে সর্বোচ্চ ৩০ বছরের কারাদণ্ডের ঝুঁকিতে পড়তে হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মামলায় চেম্বার্স রাজনৈতিক আশ্রয়ের আবেদনও করেছেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। আশ্রয়ের আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে প্রত্যর্পণ করা যাবে না এবং আবেদন গৃহীত হলে প্রত্যর্পণ বাতিল হয়ে যাবে।

আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে চেম্বার্সের পরিবার ও আইনজীবীরা জানিয়েছেন, আগামী মার্চে তাঁর স্ত্রীর সন্তান জন্মদানের কথা রয়েছে। এর আগে তাঁর স্ত্রী স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের প্রতি তাঁকে রাজনৈতিক আশ্রয় দেওয়ার আহ্বান জানিয়েছিলেন, যাতে যুক্তরাষ্ট্রে গিয়ে তাঁকে কারাগারে যেতে না হয়। তিনি সতর্ক করেছিলেন যে স্পেন ব্যবস্থা না নিলে তা ইউরোপে ফিলিস্তিনপন্থী সংহতিকে অপরাধ হিসেবে দেখার একটি নজির তৈরি করতে পারে।

এ ছাড়া জাতিসংঘের মানবাধিকার রক্ষক বিষয়ক বিশেষ দূতও সতর্ক করে বলেছিলেন যে চেম্বার্সকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হলে তাঁর অপূরণীয় মানবাধিকার লঙ্ঘনের আশঙ্কা রয়েছে এবং তিনি প্রত্যর্পণের অনুরোধ প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছিলেন।

গাজায় মানবিক সহায়তা কার্যক্রমে বড় অঙ্কের অনুদান দেওয়া এই মার্কিন নাগরিকের মামলাটি স্পেনের সমাজতান্ত্রিক নেতৃত্বাধীন সরকারের জন্য রাজনৈতিকভাবে বেশ সংবেদনশীল হয়ে উঠেছে। ফিলিস্তিন ইস্যুতে স্পেনের কঠোর অবস্থান এরই মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সমালোচনার মুখে পড়েছে এবং ওয়াশিংটনের সঙ্গে টানাপোড়েন বাড়িয়েছে। আদালত প্রত্যর্পণের অনুমোদন দিলেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্পেনের মন্ত্রিসভা।

পাশাপাশি চেম্বার্সের আইনজীবীরা জানিয়েছেন, মার্কিন কর্তৃপক্ষের অনুরোধে আয়ারল্যান্ডের ডাবলিনে তাঁর পারিবারিক বাড়িতে পুলিশের চালানো এক অভিযানের বিরুদ্ধেও তাঁরা আইনি চ্যালেঞ্জ জানানোর প্রস্তুতি নিচ্ছেন, যে অভিযানে ইলেকট্রনিক ডিভাইসসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়েছিল। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার চোখে ব্যবসায়ীরা দোষী, অথচ তারাই অর্থনীতির চালিকাশক্তি: তাহমিদুজ্জামান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


সবার চোখে ব্যবসায়ীরা দোষী, অথচ তারাই অর্থনীতির চালিকাশক্তি: তাহমিদুজ্জামান

আর্থিক খাত বিশ্লেষক এ. টি. এম. তাহমিদুজ্জামান মন্তব্য করেছেন যে, দেশের অর্থনীতিতে ব্যবসায়ীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও সমাজের বিভিন্ন অংশ তাদের প্রতি সন্দেহের দৃষ্টিতে তাকায়। শ্রমিক, ব্যাংকার এবং সরকারি প্রতিষ্ঠানসহ প্রায় সকল পক্ষের কাছে ব্যবসায়ীরা নেতিবাচকভাবে বিবেচিত হন। অথচ, নিজেদের বিনিয়োগের মাধ্যমে তারা দেশের অর্থনীতিকে সচল রাখার কাজ করছেন।

তিনি আরও বলেছেন, একজন ব্যবসায়ীর জন্য সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, বিনিয়োগ করার পরও তাকে বিভিন্ন পক্ষের বিরূপ মনোভাবের সম্মুখীন হতে হয়। শ্রমিকেরা মনে করেন যে, ব্যবসায়ীরা তাদের শ্রমের বিনিময়ে অতিরিক্ত মুনাফা অর্জন করছেন। ব্যাংকারদের ধারণা, ব্যবসায়ীরা ব্যাংকের অর্থ আত্মসাৎ করতে চান। অন্যদিকে, সরকারি প্রতিষ্ঠান এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দৃষ্টিতে ব্যবসায়ীরা কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন।

তাহমিদুজ্জামান উল্লেখ করেছেন যে, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীসহ বিভিন্ন পক্ষের কাছেও ব্যবসায়ীদের সম্পর্কে নেতিবাচক ধারণা বিদ্যমান। সব পক্ষের এই মনোভাবের ফলে একজন ব্যবসায়ীকে সমাজের ক্ষতিকর উপাদান হিসেবে বিবেচনা করা হয়। অথচ সেই ব্যবসায়ীই তার পুঁজি বিনিয়োগ করে কর্মসংস্থান সৃষ্টি করছেন এবং দেশের অর্থনীতিতে অবদান রাখছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%