শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৬ পি.এম
হাবিব ফাউন্ডেশন শিশুদের মসজিদমুখী করার এবং জামাতের সঙ্গে নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে উৎসাহিত করার উদ্দেশ্যে একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ গ্রহণ করেছে। এই উদ্যোগের অংশ হিসেবে, টানা ৪০ দিন জামাতের সঙ্গে পাঁচ ওয়াক্ত নামাজ আদায়কারী ১৮ শিশুকে পুরস্কার বিতরণ করা হয়েছে। পুরস্কারের মধ্যে চারজন শিশুকে সাইকেল প্রদান করা হয়েছে, বাকি ১৪ জনকে পাঞ্জাবি, পায়জামা ও টুপি উপহার দেওয়া হয়েছে।
শুক্রবার, দক্ষিণ দেওতি কিশামত পারুল গিলাপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে এবং হাবিব ফাউন্ডেশনের আয়োজনে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ হোসেন। তিনি বলেন, "বর্তমান সমাজে অন্যায়, অনাচার ও অশ্লীলতা বেড়ে চলেছে। এই পরিস্থিতি থেকে সমাজকে মুক্ত করতে সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধের চর্চা বাড়াতে হবে। শিশুদের ছোটবেলা থেকেই ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে হবে। তাদের কোরআন, প্রয়োজনীয় দোয়া ও কালাম শেখানোর পাশাপাশি নৈতিকতা ও আদর্শিক শিক্ষায় গড়ে তুলতে হবে।"
তিনি আরও উল্লেখ করেন, "আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তারা ভবিষ্যতে ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় দায়িত্ব পালন করবে। কিন্তু পেশাগত শিক্ষার পাশাপাশি তাদের মধ্যে সততা, ঈমান, তাকওয়া ও মানবিক গুণাবলি থাকতে হবে। পরিবার ও সমাজকে ভালো রাখতে হলে সৎ সন্তান গড়ে তোলার বিকল্প নেই।"
হাবিব ফাউন্ডেশনের উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, "শিশুদের নামাজের অভ্যাস গড়ে তোলার পাশাপাশি দরিদ্র ও অসহায় মানুষের জন্যও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখা প্রয়োজন। টানা ৪০ দিন নামাজ আদায়ের মাধ্যমে শিশুদের মধ্যে যে অভ্যাস তৈরি হয়েছে, তা ধরে রাখতে পারলে তারা ভবিষ্যতেও সৎকাজে অভ্যস্ত হবে।" তিনি এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানান।
অনুষ্ঠানে মেধা বিকাশ শিশু নির্যাতন এন্ড কোরআন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ শামীম রাহান বলেন, "বর্তমান শিক্ষা ব্যবস্থায় শিশুরা পড়াশোনার চাপে নামাজ, কোরআন ও হাদিস শেখার পর্যাপ্ত সময় পায় না। এ অবস্থায় হাবিব ফাউন্ডেশনের এমন উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।" তিনি আশা প্রকাশ করেন, এই কার্যক্রম দক্ষিণ দেওতি থেকে শুরু করে পুরো রংপুর শহরে ছড়িয়ে পড়বে এবং ভবিষ্যতেও ফাউন্ডেশনটি এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে।
অনুষ্ঠানে বিভিন্ন মসজিদের খতিব, আলেম-ওলামা, আমন্ত্রিত অতিথি, মুসল্লি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, মোট ১৮ শিশু এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে চারজন নির্ধারিত শর্ত পূরণ করে সাইকেল পুরস্কার অর্জন করে। বাকি ১৪ শিশুকে উৎসাহ ও ভালোবাসার নিদর্শন হিসেবে পাঞ্জাবি, পায়জামা ও টুপি উপহার দেওয়া হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের দক্ষিণাঞ্চলে কেশম দ্বীপের উপকণ্ঠে যুক্তরাষ্ট্রের ছোড়া একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সময় প্রায় ৬টা ৫০ মিনিটে (জিএমটি ১৫টা ২০ মিনিট) কেশম শহরের নিকটবর্তী একটি এলাকায় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এই খবরটি ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানায়।
তবে হামলায় হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্রটি কোন লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, সে বিষয়েও কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি।
কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিকটবর্তী পারস্য উপসাগরে অবস্থিত কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার ধারাবাহিকতায় এই ঘটনা ঘটেছে। এর আগে মঙ্গলবার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছিল, দ্বীপটির বিভিন্ন স্থানে মার্কিন বাহিনী হামলা চালিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরান ইসরাইল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।
জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয় এবং দুই দেশ আলোচনাও শুরু করে। তবে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদ ও অবাধ নৌ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা পরে স্থবির হয়ে পড়ে।
যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত থাকলেও জুলাই মাস থেকে বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জনগণের শক্তি আল্লাহ তাআলার পরে, জনগণ এ দেশের মালিক—কোনো সন্ত্রাসী সংগঠন নয়। ভারতে পলাতক হায়েনা হাসিনা বিনা ভোটে ১৭ বছর ধরে সন্ত্রাসীদের মাধ্যমে রাজনীতি চালিয়ে এসেছে। এ দেশের মানুষের বাক্স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। হাজার হাজার কোটি টাকা নিয়ে ভারতে পালিয়ে গেছে এই হায়েনা হাসিনার সন্ত্রাসী বাহিনী। তাদের ষড়যন্ত্র এখনও অব্যাহত রয়েছে। এই সন্ত্রাসী সংগঠনের সদস্যরা ফেসবুক ও মাইকে ঘোষণা দিয়ে ধ্বংসযজ্ঞ, লুটপাট, আগুন সন্ত্রাস চালিয়ে দেশের নির্বাচিত সরকারকে উৎখাত করতে চায় এবং দেশে অস্থির পরিবেশ সৃষ্টি করতে চায়। তারা বোকার স্বর্গে বাস করছে।
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের জনগণ সন্ত্রাসীদের বিতাড়িত করে জনগণের সরকার প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছে বিএনপি। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচিত সরকারকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা পলাতক হাসিনার সন্ত্রাসীদের নেই। নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসীদের প্রতিরোধ গড়ে তুলতে হবে পাড়া-মহল্লা ও গ্রামগঞ্জে। তাদের অপতৎপরতা দেখামাত্র আগুন সন্ত্রাসীদের ধরে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিতে হবে। দেশে আইনের শাসন বিদ্যমান, তাই আইনের শাসন দিয়ে তাদের মোকাবিলা করতে হবে—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
তিনি আরও বলেন, রাজনীতিতে শেষ কথা বলার কিছু নেই। সন্ত্রাস দিয়ে সন্ত্রাস মোকাবিলা করা সম্ভব নয়। দেশের জনগণ সম্মিলিতভাবে তাদের প্রতিরোধ করবে, যেমনভাবে জনগণের তাড়া খেয়ে তারা পালিয়েছে। ধৈর্য ধরুন, ধৈর্যের ফল মিষ্টি হয়। দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে সজাগ থেকে সন্ত্রাসীদের প্রতিরোধ করার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।
শুক্রবার (২০ নভেম্বর) দিনাজপুর-৬ নির্বাচনী এলাকা বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলায় পৃথক পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বিএনপি। সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত থেকে মিছিলের নেতৃত্ব দেন।
অন্যদিকে, আজ সন্ধ্যায় বিরামপুর উপজেলা নির্বাহী অফিসারের কনফারেন্স রুমে উপজেলার উন্নয়ন কর্মকাণ্ড ও কর্মসূচি নিয়ে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় করেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা. তানজিনা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন বিরামপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র স্থাপন, বিরামপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের মধ্যে বিরামপুর শহরের ভেতরে ফোর লেন সড়কের কাজ, পরিত্যক্ত জেলখানার উন্নয়ন, বাস টার্মিনাল নির্মাণ, পৌরসভা ও ইউনিয়নসমূহের বিভিন্ন কাঁচা সড়ক পাকাকরণ এবং বিরামপুর সরকারি হাসপাতালে চিকিৎসাসেবার অধিকতর উন্নতির জন্য মাস্টার প্ল্যানের ঘোষণা দেন।
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মিয়া মোহাম্মদ শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর ইলাহী চৌধুরী রুবেল, জেলা বিএনপির সহসভাপতি তোসাদ্দেক হোসেন তোষা, সাবেক বিএনপির সভাপতি মোজাম্মেল হোসেন মণ্ডল, সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজু, যুবদলের সদস্যসচিব অ্যাডভোকেট শিরোন আলমসহ উপজেলা ও পৌর বিএনপি, অঙ্গসংগঠন এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ২০ নভেম্বর, ২০২৬ : রাজধানীর পল্লবী এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ কৃষক লীগের পল্লবী থানা ইউনিটের সহসভাপতি রবিন আহমেদকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ।
ডিএমপির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয়েছে, নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রবিন আহমেদকে গ্রেফতার করে ডিএমপির স্পেশাল রেসপন্স ইউনিট (এসআরইউ)।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গ্রেফতারকৃত রবিন আহমেদ পল্লবী থানার একটি নিয়মিত মামলার চার্জশিটভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
২০২৪ সালের ২০ জুলাই উত্তরা পশ্চিম থানায় দায়ের করা একটি হত্যা মামলায় ১২২ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার হয়েছেন ওমর ফারুক রুমী। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পের ঠিকাদার এবং চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের নেতা। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে রাজধানীর বাংলামোটর এলাকা থেকে গ্রেপ্তার করে। রুমীর বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি জবির দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের দরপত্র নিয়ন্ত্রণ, প্রাক্কলিত ব্যয় ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়া এবং প্রকল্পের বিপুল অঙ্কের অর্থ উত্তোলনের।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৮টার দিকে ডিবির একটি দল গোপন সংবাদের ভিত্তিতে বাংলামোটর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের বিভিন্ন নথি ও অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, রুমীর প্রভাব বিস্তারের অভিযোগ দীর্ঘদিনের। নথি অনুযায়ী, প্রকল্পের সাতটি দরপত্রের মধ্যে ছয়টিতে তিনি ঠিকাদার হিসেবে কাজ পেয়েছেন। প্রকল্পের প্রায় ৯০ শতাংশ দরপত্র তার নিয়ন্ত্রণে ছিল বলেও অভিযোগ উঠেছে। এমনকি দরপত্র আহ্বানের আগেই প্রাক্কলিত ব্যয় বা এস্টিমেটের তথ্য ফাঁস করে কাজ বাগিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।
এছাড়াও জানা যায়, ছাত্রলীগের সাবেক সভাপতি শরীফের মাধ্যমে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের ঠিকাদারি কার্যক্রমে প্রবেশ করেন রুমী। পরে ছাত্রলীগের নেতা ইব্রাহিম-আকতার, শাহীন চেয়ারম্যান ও তৎকালীন প্রতিমন্ত্রী বিপুর রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দরপত্র নিয়ন্ত্রণ করতেন তিনি।
৫ আগস্টের পর আওয়ামী লীগের পতন হলে কিছু ছাত্রনেতার মাধ্যমে নতুন করে বলয় তৈরি করেন রুমি। বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্য, ট্রেজারার, প্রধান প্রকৌশলী, প্রকল্প পরিচালক এবং এসব ছাত্র নেতাদের ঘিরে একটি দরপত্র সিন্ডিকেট সক্রিয় রাখার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
প্রকল্পের অর্থ উত্তোলন নিয়েও রুমীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। দ্বিতীয় ক্যাম্পাসের মাটি ভরাটের কাজে প্রায় ৬৪ কোটি টাকার বিল উত্তোলনের পরিকল্পনা করা হয়েছিল। এর অংশ হিসেবে ২৬ এপ্রিল চারটি প্যাকেজের বিপরীতে ৮ কোটি ৭৯ লাখ টাকার বিল অনুমোদনের জন্য প্রধান প্রকৌশলীর দপ্তর থেকে পাঠানো হয়। প্যাকেজভিত্তিক বিলের পরিমাণ হিসেবে প্যাকেজ-১-এ ১ কোটি ৪৪ লাখ ৪১ হাজার ২৭৬ টাকা, প্যাকেজ-২-এ ১ কোটি ৮৬ লাখ ৭৬ হাজার টাকা, প্যাকেজ-৪-এ ৪ কোটি ৩৮ লাখ ১৩ হাজার ৯৬৫ টাকা এবং প্যাকেজ-৫-এ ৫০ লাখ ৬১ হাজার ১৬৬ টাকা ছিল। এ ছাড়া প্রকৌশল ভবন নির্মাণের জন্য ১১ কোটি টাকা, পুকুরের ঘাট নির্মাণ ও মাটি ভরাটের অন্যান্য কাজের বিপরীতেও বিল উত্তোলনের প্রস্তুতির অভিযোগ রয়েছে।
এর আগে ২০২৪ সালের মে মাসে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগে তার নাম আলোচনায় আসে। সে সময় পাঁচতলা প্রকৌশল ভবন নির্মাণের পাইলের অবশিষ্ট অংশ পুকুরের ঘাট নির্মাণে ব্যবহারের অভিযোগ ওঠে। এ ছাড়া রড ও সিমেন্টের কাজে একই উপকরণ ব্যবহার দেখিয়ে একাধিকবার বিল নেওয়া এবং নির্মাণকাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। ৩ কোটি ২৮ লাখ ৩৪ হাজার ৫১৪ টাকা ব্যয়ে পুকুরের ঘাট নির্মাণের কাজ পাওয়া আরএন এন্টারপ্রাইজের ঠিকাদার হিসেবে রুমীর নাম পাওয়া যায়।
অভিযোগ অস্বীকার করে সে সময় রুমী জানিয়েছিলেন, পাইলিংয়ের কাজে অনিয়মের সুযোগ নেই। বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ট্রেজারারও বিষয়টি তদন্তের কথা জানিয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তদন্তের অগ্রগতি নিয়ে প্রশ্ন ওঠে। সাবেক উপাচার্য অধ্যাপক সাদেকা হালিমের সময়ে দ্বিতীয় ক্যাম্পাস প্রকল্পের অনিয়ম তদন্তে কমিটি গঠন করা হলেও পরবর্তী সময়ে দৃশ্যমান অগ্রগতি হয়নি। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের সময়েও রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব খাটিয়ে অভিযোগগুলো ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে রুমীর বিরুদ্ধে।
এদিকে সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার মিরপুর, সাভার, আশুলিয়া ও গাজীপুরে সংঘটিত আন্দোলনেও রুমীর অর্থায়ন ও ইন্ধন থাকার অভিযোগ রয়েছে। পাশাপাশি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে গঠিত একটি উপকমিটির সদস্য হিসেবেও তার নাম রয়েছে। এমন একটি তালিকা এই প্রতিবেদকের হাতে এসেছে।
এছাড়া ২০২৬ সালের ১৫ জানুয়ারি প্রকাশিত শেখ হাসিনা সংগ্রাম পরিষদের চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক কমিটির উপদেষ্টামণ্ডলীর তালিকায় তার নাম থাকার তথ্য পাওয়া গেছে। শাহরাস্তি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদেও প্রার্থী হয়েছিলেন রুমী।
উত্তরা পশ্চিম থানার এজাহারের কপি পর্যালোচনায় দেখা যায়, ২০২৪ সালের ২০ জুলাই সকাল আনুমানিক ৬টা ৫৯ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন ৭ নম্বর সেক্টরে সংঘটিত একটি হত্যাকাণ্ডের ঘটনায় মামলাটি করা হয়। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় দায়ের করা এ মামলায় আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ১৭৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২০০-এর বেশি ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারের ১২২ নম্বর ক্রমিকে ওমর ফারুক রুমীর নাম রয়েছে। সেখানে তার বয়স ৩৭ বছর, পিতার নাম মো. নুরুল ইসলাম এবং স্থায়ী ঠিকানা চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী বাজার এলাকার কসবা গ্রাম উল্লেখ করা হয়েছে। ঢাকার মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যান এলাকায় তার বর্তমান ঠিকানা দেওয়া হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইসউদ্দিন বলেন, "আমি ভিসির দায়িত্ব নেওয়ার পর ঠিকাদার রুমির সঙ্গে আমার যে কথা হয়েছে, তা কেবল একজন ঠিকাদার হিসেবেই হয়েছে। তিনি ফ্যাসিস্ট কি না কিংবা তার বিরুদ্ধে যে তদন্ত চলছে, সেটি আইনি প্রক্রিয়ার বিষয়।"
তিনি আরও বলেন, "আমার সময়ে বিশ্ববিদ্যালয়ে তিনি কোনো কাজ করেননি। তার কাজ ছিল আওয়ামী লীগ আমলে, সাবেক উপাচার্য রেজাউল করিমের সময়। তার বিল পাসও হয়েছে সেই সময়েই।"
এই প্রশাসনের সময়ের বিল পাসের বিষয়ে জানতে চাইলে উপাচার্য বলেন, "বিল পাস হয়েছে, এটা ঠিক। তবে আমার সময়ে যেটুকু বিল পাস হয়েছে, সেটি ঠিকাদার হিসেবে তাকে চিনতাম বলেই হয়েছে। কিন্তু তিনি আওয়ামী লীগ আমল থেকে শুরু করে রেজাউল করিমের আমল পর্যন্ত কাজ করতেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ