০৩:১২ পি.এম
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় খেরসন অঞ্চলে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা ওলেশকি শহরকে ঘিরে যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই উভয় দেশের বিমান হামলার জরুরি সতর্কীকরণ অ্যাপগুলো সাইবার হামলার শিকার হয়েছে।
সোমবার (২ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ইউক্রেন তাদের বিমান হামলা সতর্কীকরণ অ্যাপ হ্যাক হওয়ার বিষয়টি জানিয়ে দেয়ার কিছু ঘণ্টা পর রাশিয়া জানায়, তাদের জরুরি সতর্কবার্তা অ্যাপগুলো ব্যাপক সাইবার আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে।
সোমবার ভোরে টেলিগ্রামে রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানায়, সাইবার হামলার কারণে অ্যাপটিতে ‘ভুল তথ্য’ ছড়িয়ে পড়েছে। এই অ্যাপটি ব্যবহারকারীদের ড্রোন হামলার আশঙ্কা সম্পর্কে সতর্ক করে থাকে। সাইবার হামলার পেছনে কারা রয়েছে, সে বিষয়ে মন্ত্রণালয় কোনো তথ্য প্রকাশ করেনি।
আরও পড়ুন: ইরান: যুক্তরাষ্ট্র যুদ্ধের মাধ্যমে বৈশ্বিক অর্থনীতি বিপর্যস্ত করতে চায়
রোববার স্থানীয় সময় সন্ধ্যায় ইউক্রেনীয় বিমানবাহিনী জানায়, ব্যবহারকারীরা কিয়েভ ও এর আশপাশের এলাকায় পারমাণবিক ও রাসায়নিক হুমকির বিষয়ে ভুয়া সতর্কবার্তা পেয়েছেন; পাশাপাশি সেখানে সম্ভাব্য লড়াইয়ের বিষয়ে সতর্ক করা হয়। ওই ভুল বার্তাটিতে আরও বলা হয়েছে, রাশিয়া তাদের হাইপারসনিক ‘ওরেশনিক’ ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।
ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে জানিয়েছে, ‘মনে হচ্ছে বিমান হামলা সতর্কবার্তা অ্যাপটি শত্রুপক্ষের হামলার শিকার হয়েছে। কোনো রেডিয়েশন ঝুঁকি নেই! শান্ত থাকুন এবং আমাদের চ্যানেলে দেয়া আপডেটগুলো অনুসরণ করুন।’
ইউক্রেনের স্ট্রাটেজিক কমিউনিকেশনস সেন্টার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে এই হ্যাকিংয়ের জন্য রাশিয়াকে দায়ী করেছে।
রুশ অধিকৃত খেরসন অঞ্চলের ওলেশকি শহরে মস্কো ও কিয়েভের ঘোষিত যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পরপরই দুই দেশের বিমান হামলার জরুরি সতর্কীকরণ অ্যাপগুলো সাইবার হামলার শিকার হয়।
আরও পড়ুন: মণিপুরে জাতিগত সহিংসতায় নিহত ৫, বিক্ষোভ অব্যাহত
গত মঙ্গলবার (২৯ অক্টোবর) শুরু হওয়া এই সাময়িক যুদ্ধবিরতিটি রোববার শেষ হয়। দীর্ঘস্থায়িত্বের দিক থেকে এটিই ছিল চলতি সংঘাতের মধ্যে সবচেয়ে বড় বিরতি।
সূত্র: আল জাজিরা, বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন