ঢাকা মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ইং ০২ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি: ডা. জাহেদ উর রহমান


আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি: ডা. জাহেদ উর রহমান

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের নামে যেকোনো কর্মসূচি বেআইনি এবং কার্যক্রম নিষিদ্ধ।

তিনি মঙ্গলবার (১৭ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জাহেদ উর রহমান বলেন, ‘গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করা হবে। যাদের ছবি ও ভিডিও ফুটেজে অস্ত্র হাতে দেখা গেছে, তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।’

আরও পড়ুন: ভাসানীর আদর্শে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবেন প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

তিনি আরও বলেন, ‘সরকার বাংলাদেশে কোনো ধরনের নাশকতা সহ্য করবে না। বর্তমানে আওয়ামী লীগের নামে স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডও নিষিদ্ধ। এই অবস্থায় মিছিল, সমাবেশ কিংবা সভা আয়োজন বেআইনি। সেখানে নৃশংসতা ও সহিংসতা, বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বিএনপির নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা কোনোভাবেই সরকার সহ্য করবে না।’

জাহেদ উর রহমান বলেন, ‘যাদের ছবি দেখা গেছে, আপনারা দেখেছেন গতকাল থেকে সেখানে যৌথবাহিনী আছে, তারা গ্রেপ্তার হবে এবং তারা নিশ্চয়ই বিচারের সম্মুখীন হবে।’

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ‘পুলিশ বলপ্রয়োগ করতে পারে, পুলিশের সেই অধিকার রয়েছে। তবে বলপ্রয়োগের পরিমাণ যেন পরিস্থিতির তুলনায় বেশি না হয়, সেটি গুরুত্বপূর্ণ। অতীতে পুলিশের অতিরিক্ত বলপ্রয়োগ নিয়ে সমালোচনা হয়েছে। সরকার সেই ধরনের পরিস্থিতির পুনরাবৃত্তি চায় না।’

জাহেদ উর রহমান উল্লেখ করেন, ‘যতটুকু প্রয়োজন, তার চেয়ে বেশি বলপ্রয়োগ করা যাবে না। পুলিশ যেন প্রয়োজন অনুযায়ী আনুপাতিকভাবে বলপ্রয়োগ করে দায়িত্ব পালন করে, সরকার সেটিই চায়।'

আরও পড়ুন: গোপালগঞ্জসহ দেশে আগুন সন্ত্রাস সৃষ্টিকারী নিষিদ্ধ আ.লীগকে রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে: মোঃ হারুন-অর রশিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নোয়াখালীতে ৫৬তম গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


নোয়াখালীতে ৫৬তম গণপ্রকৌশল দিবস ও আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

‘দক্ষ ডিপ্লোমা প্রকৌশলী, উন্নত দেশ- সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীতে উদযাপন করা হয়েছে গণপ্রকৌশল দিবস-২০২৬ এবং ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এর ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে পৌরসভা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

র‍্যালির উদ্বোধন করেন নোয়াখালীর জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম। এ সময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শান্তনু কুমার দাশ।

অনুষ্ঠানে নোয়াখালী জেলা আইডিইবির সভাপতি প্রকৌশলী নুরুল আফসার, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহ আবদুল আল বাকী এবং ডিইএবির সদস্যসচিব প্রকৌশলী আবিদ হাসানসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রকৌশলী এবং ডিপ্লোমা প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বক্তারা উল্লেখ করেন, দেশের অবকাঠামোগত উন্নয়ন, শিল্পায়ন ও প্রযুক্তিগত অগ্রগতিতে ডিপ্লোমা প্রকৌশলীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ প্রকৌশলী তৈরির মাধ্যমে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে প্রকৌশলীদের পেশাগত মর্যাদা, দক্ষতা বৃদ্ধি এবং দেশের উন্নয়নে তাঁদের অবদানের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বার্নার্দো সিলভা পর্তুগাল দল থেকে ছিটকে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩১ পি.এম


বার্নার্দো সিলভা পর্তুগাল দল থেকে ছিটকে গেলেন

ওয়েলসের বিপক্ষে নেশনস লিগের একটি গুরুত্বপূর্ণ ম্যাচের আগে পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক বার্নার্দো সিলভা দল থেকে বাদ পড়েছেন। মেডিকেল পরীক্ষার ফলাফলে তাকে খেলার জন্য অনুপযুক্ত হিসেবে চিহ্নিত করেছে দলের চিকিৎসক বিভাগ। তবে স্পেনের সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ধারণার চেয়ে দ্রুত মাঠে ফিরে আসতে পারেন।

জাতীয় দল থেকে আনুষ্ঠানিকভাবে ছুটি পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সতীর্থদের জন্য শুভকামনা জানিয়েছেন সিলভা। পর্তুগাল আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) কার্ডিফে নেশনস লিগের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে খেলবে। মেডিকেল মূল্যায়নের পর তাকে ওই ম্যাচের জন্য অনুপযুক্ত ঘোষণা করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশনের (এফপিএফ) স্বাস্থ্য ও পারফরম্যান্স বিভাগ।

যদিও জাতীয় দলের চিকিৎসকরা সতর্ক অবস্থান নিয়েছেন, মাদ্রিদে সিলভার দ্রুত সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী তার ক্লাবের চিকিৎসকরা। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, আগামী সপ্তাহে লা লিগায় সেলতা ভিগোর বিপক্ষে রিয়াল মাদ্রিদের ম্যাচে তিনি খেলতে পারেন, যিনি ম্যানচেস্টার সিটির সাবেক তারকা।

জাতীয় দলের ও ক্লাবের মেডিকেল মূল্যায়নের মধ্যে এই পার্থক্য নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে গ্রুপ এ৪-এর শীর্ষস্থান নিশ্চিত করার গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সিলভাকে হারানো পর্তুগালের জন্য একটি বড় ধাক্কা।

চলতি আন্তর্জাতিক বিরতিতে পর্তুগাল কঠিন সময় পার করছে। ব্রাগায় ডেনমার্কের বিপক্ষে ৪-১ গোলের পরাজয়ের ম্যাচে দলের একমাত্র গোলটি সিলভা করেছিলেন। এরপরই তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়া হয়।

ক্লাবের হয়ে দ্রুত ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চললেও জাতীয় দলের সতীর্থদের প্রতি সমর্থন জানাতে ভোলেননি ৩২ বছর বয়সী এই ফুটবলার। তিনি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে লিখেছেন, 'আগামীকালের ম্যাচে সেলেসাওদের প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে। আশা করি, ছেলেরা কাজটা ঠিকঠাক শেষ করতে পারবে এবং গ্রুপের গুরুত্বপূর্ণ শীর্ষস্থান নিশ্চিত করবে!'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘একাডেমিক পূর্ণতা’ পায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ‘একাডেমিক পূর্ণতা’ পায়

আবু মোশাররফ রাসেল

চট্টগ্রাম, ১৭ নভেম্বর, ২০২৬ : ১৯৬৬ সালের ১৮ নভেম্বর চারটি বিভাগ ও ২০০ জন শিক্ষার্থী নিয়ে প্রতিষ্ঠিত হয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন সরকারের তিন মেয়াদে এই প্রতিষ্ঠানের পথচলায় উল্লেখযোগ্য সংযোজন ঘটেছে।

এই সময়ের মধ্যে ভাষা ও প্রশাসন শিক্ষা থেকে আইন, সাংবাদিকতা ও আধুনিক জীববিজ্ঞান—উচ্চশিক্ষার পরিসর বিভিন্ন দিকে বিস্তৃত হয়েছে। দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের সর্বোচ্চ আকাঙ্ক্ষার এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানটিতে সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন শিক্ষাক্ষেত্র।

দেশের মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিদেশি ভাষা ও লোক প্রশাসনের মতো গুরুত্বপূর্ণ বিভাগ চালু হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক একমাত্র বিশেষায়িত যাতায়াত ব্যবস্থা ‘শাটল ট্রেনের’ লাইনও নির্মিত হয়েছিল।

একটি সদ্য স্বাধীন হওয়া যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রকে পুনর্গঠনে নানা চ্যালেঞ্জের পরেও শিক্ষাকে সবচেয়ে গুরুত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

আগামীকাল ১৮ নভেম্বর প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদ্‌যাপন করতে যাচ্ছে ‘হীরকজয়ন্তী’ উৎসব। ছয় দশকে বিশ্ববিদ্যালয়টি পরিণত হয়েছে দেশের অন্যতম বৃহৎ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে।

এই দীর্ঘ পথচলার মাহেন্দ্রক্ষণে বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারণের এমন এক অধ্যায় ফিরে দেখা হচ্ছে; যেখানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তিন মেয়াদে যুক্ত হয়েছিল নতুন বিভাগ, গবেষণার ক্ষেত্র ও শিক্ষার্থীদের আবাসন সুবিধা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট নথির তথ্য অনুযায়ী, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৭ সালে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয় ‘আরবি’ ও ‘ফারসি’ ভাষা বিভাগ। এর মাধ্যমে ভাষা, সাহিত্য ও সংস্কৃতিচর্চার একটি নতুন ক্ষেত্র তৈরি হয়।

এরপর ১৯৮০ সালে চালু হয় ‘লোকপ্রশাসন বিভাগ’। রাষ্ট্র পরিচালনা, প্রশাসনিক কাঠামো, নীতি প্রণয়ন ও জনসেবা ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করে বিভাগটি। বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধীনে লোকপ্রশাসন বিভাগের যাত্রা ছিল সময়োপযোগী সংযোজন।

নব্বইয়ের দশকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তারে নতুন মাত্রা যোগ হয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রথম সরকারের সময়ে। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয় আইন বিভাগ। এর মধ্য দিয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা ও পেশাগত প্রস্তুতির সুযোগ আরও প্রাতিষ্ঠানিক রূপ পায়। আইন, বিচারব্যবস্থা, সংবিধান ও নাগরিক অধিকার নিয়ে উচ্চতর জ্ঞানচর্চার জন্য বিভাগটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করে।

১৯৯৩ সালে চালু হয় ‘ইনস্টিটিউট অব ফরেস্ট্রি কমপ্লেক্স’ (বর্তমানে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স)। দেশের বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান শিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল তখনই।

১৯৯৪ সালে চালু হয় ‘যোগাযোগ ও সাংবাদিকতা’ বিভাগ। গণমাধ্যমের বিস্তার এবং সংবাদপেশায় দক্ষ জনবলের প্রয়োজনীয়তা বাড়ার সময়ে এ বিভাগ প্রতিষ্ঠা ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংযোজন। সাংবাদিকতা, গণযোগাযোগ ও গণমাধ্যম বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ তৈরি হওয়ায় শিক্ষার্থীদের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে যায়।

আইন ও সাংবাদিকতা—দুটি ভিন্ন পেশাভিত্তিক শিক্ষাক্ষেত্র যুক্ত হওয়ার মধ্য দিয়ে এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক পরিসর আরও বহুমুখী হয়ে ওঠে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষায় যুক্ত হয় সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলার মতো নতুন ক্ষেত্র। ২০০৪ সালে প্রতিষ্ঠিত হয় ‘জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি’ বিভাগ। ২০০৪-০৫ শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে স্নাতক পর্যায়ের শিক্ষা কার্যক্রম শুরু হয়। জীববিজ্ঞানের আধুনিক শাখা জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি কৃষি, চিকিৎসা, খাদ্য উৎপাদন, পরিবেশ ও শিল্পসহ নানা ক্ষেত্রে গবেষণার সম্ভাবনা তৈরি করেছে।

একই মেয়াদে শিক্ষা বিষয়ে উচ্চতর পাঠদান ও গবেষণার জন্য ইনস্টিটিউট অব এডুকেশন, রিসার্চ অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠার প্রাতিষ্ঠানিক উদ্যোগও এগিয়ে যায়। ২০০৫ সালের ২৯ জুন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ইনস্টিটিউটটির সংবিধি অনুমোদিত হয়।

শিক্ষক, শিক্ষা, শিক্ষা গবেষণা ও বিএডি, শিক্ষা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তরসহ উচ্চতর ডিগ্রি কার্যক্রম পরিচালনার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠানটির পরিকল্পনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও বিশেষায়িত ও গবেষণামুখী করার ক্ষেত্রে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ প্রাতিষ্ঠানিক পদক্ষেপ।

সংশ্লিষ্টরা জানান, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বিস্তারের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর ক্ষেত্রেও বেগম খালেদা জিয়ার দ্বিতীয় মেয়াদে উল্লেখযোগ্য সংযোজন ঘটে। নির্মিত হয় ৫০৯ কক্ষের ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল’।

সেই সময় বিশ্ববিদ্যালয়ে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী পড়াশোনা করতেন। অথচ চালু আটটি হলে আবাসনের সুযোগ ছিল মাত্র ৩ হাজার ৭৪৪ জনের। ফলে বিপুলসংখ্যক শিক্ষার্থীকে ক্যাম্পাসের বাইরে শহরে কিংবা বিভিন্ন কটেজ ও মেসে থেকে প্রতিদিন ২২ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ক্লাস করতে হতো। বিশেষ করে ছাত্রীদের আবাসনসংকট ছিল আরও প্রকট। নতুন ছাত্রী হল নির্মাণ বিশ্ববিদ্যালয়ের আবাসিক অবকাঠামোয় বড় সংযোজন হিসেবে বিবেচিত হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বাসসকে বলেন, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় একাডেমিক ও অবকাঠামোগত পূর্ণতা পেয়েছিল।’

তিনি বলেন, একসময় বিশ্ববিদ্যালয়ে যাতায়াত বেশ কষ্টসাধ্য ছিল। শিক্ষার্থীরা নাজিরহাটের ট্রেনে উঠত এবং তাদের ফতেয়াবাদে নামিয়ে দেওয়া হতো। ১৯৮০ সালের দিকে জিয়াউর রহমানের সরকার বিশ্ববিদ্যালয় পর্যন্ত ট্রেন লাইন নির্মাণ এবং বিশেষায়িত যাতায়াত ব্যবস্থা ‘শাটল ট্রেন’ চালু করে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি যুগান্তকারী সংযোজন।

ড. আল-আমীন আরও বলেন, বেগম খালেদা জিয়ার শাসনামলে বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স চালু ছিল আরেকটি মাইলফলক। তিনি সে সময়ে আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা এফএও, ইউএনডিপি ও বিশ্বব্যাংকের সহায়তায় বিদেশ থেকে প্রায় সাতজন শিক্ষক নিয়োগ দেন। এটি শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নয়; বাংলাদেশের বনবিদ্যা শিক্ষার ক্ষেত্রেও একটি অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে।

বেগম খালেদা জিয়ার আরেকটি ইতিবাচক দিক তুলে ধরে তিনি বলেন, ‘জাতীয় সম্মাননা প্রদানের ক্ষেত্রে তিনি দলীয় পরিচয়ের চেয়ে ব্যক্তির যোগ্যতা, খ্যাতি ও কর্মকে বেশি গুরুত্ব দিতেন। যাঁর যতটুকু সম্মান প্রাপ্য, তাঁকে তা দিতে তিনি কার্পণ্য করতেন না। এটি পরবর্তী প্রজন্মের জন্য একটি বড় শিক্ষা।’

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ একাংশ) আসনের জাতীয় সংসদ সদস্য, ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাসসকে বলেন, বিএনপি সব সময় চট্টগ্রামকে দেশের উন্নয়নের অগ্রভাগে রাখার চেষ্টা করেছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রামকে ঘিরে যে উন্নয়নচিন্তা ও সম্ভাবনা সামনে এনেছিলেন, বেগম খালেদা জিয়ার সরকার সেই ধারা সমান্তরালে এগিয়ে নিয়েছে, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানও একইভাবে চট্টগ্রামকে এগিয়ে রাখছেন।

তিনি আরও বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়ন সেই বৃহত্তর মনোযোগেরই একটি উদাহরণ। এ অঞ্চলের মানুষের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সম্পর্ক ছিল গভীর। চট্টগ্রামের মানুষ বরাবরই জিয়া পরিবারের প্রধান শুভানুধ্যায়ী।

মোহাম্মদ হেলাল উদ্দীন আরও বলেন, আমরা চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুধু এই অঞ্চলের নয়, পুরো দেশের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হোক।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উৎসবকে ঘিরে ক্যাম্পাসজুড়ে বিরাজ করছে আনন্দ-উচ্ছ্বাস। কয়েকদিন ধরেই ক্যাম্পাসে চলছে উৎসবের আমেজ।

ইতোমধ্যেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবন ও গুরুত্বপূর্ণ স্থাপনায় করা হয়েছে দৃষ্টিনন্দন আলোকসজ্জা। ক্যাম্পাসের চাকসু ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগার, শহীদ মিনার, কেন্দ্রীয় খেলার মাঠ, নারী হলপাড়া, কলা অনুষদ ভবন, বুদ্ধিজীবী চত্বর ও জিরোপয়েন্টসহ প্রতিটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আলোকসজ্জা করা হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে পুরো বিশ্ববিদ্যালয় আঙিনা।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান বলেন, বিশ্ববিদ্যালয়ের হীরকজয়ন্তী উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী ও অ্যালামনাইসহ সাবেক শিক্ষার্থীদের এক বিশাল মিলনমেলা ঘটবে।

তিনি বলেন, ‘এই আয়োজনকে সফলভাবে সম্পন্ন ও বাস্তবায়ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চাই।’

প্রসঙ্গত, বর্তমানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৪৮টি বিভাগ, ৬টি ইনস্টিটিউট ও ১০টি অনুষদ রয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা ২৭ হাজারের বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের জন্য নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারের জন্য নতুন নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বহিরাগতদের উপস্থিতি বৃদ্ধি, চুরি এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধ করার জন্য নিরাপত্তা জোরদারের পদক্ষেপ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই উদ্দেশ্যে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও আবাসিক এলাকায় দায়িত্বরত নিরাপত্তা প্রহরীদের আরও সতর্ক থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে।

গত ১১ নভেম্বর, বিশ্ববিদ্যালয়ের এস্টেট ম্যানেজার ফাতেমা বিনতে মুস্তফা কর্তৃক স্বাক্ষরিত একটি জরুরি বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা প্রকাশ করা হয়। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে বহিরাগতদের চলাচল বৃদ্ধি পেয়েছে। এর ফলে ক্যাম্পাসের অভ্যন্তরে চুরি এবং অন্যান্য অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। পাশাপাশি নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যক্তিদের দায়িত্ব পালনে শৈথিল্য লক্ষ্য করা যাচ্ছে।

এই পরিস্থিতিতে ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, ব্যাংক, নিরাপত্তা একাডেমি, একাডেমিক ভবন এবং আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের তাদের নিজ নিজ কর্মস্থলে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে যে, সকল নিরাপত্তা প্রহরীকে নির্ধারিত সময়ে কর্মস্থলে উপস্থিত থাকতে হবে। নিজের দায়িত্ব অন্যের ওপর ছেড়ে দেওয়া যাবে না। পরবর্তী দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরী নির্ধারিত সময়ে উপস্থিত না হলে বিষয়টি তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে।

এছাড়া, ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের ওপর সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং যদি কোনো সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড নজরে আসে, তাহলে দ্রুত সংশ্লিষ্ট প্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে বলা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৪ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%