মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৪:৩৮ পি.এম
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে প্রাপ্ত অর্থ সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহৃত হচ্ছে বলে অভিযোগ করেছেন গভর্নর ফয়সাল করিম কুন্দি। তিনি দাবি করেছেন, এই খাত থেকে প্রতি মাসে শত শত কোটি রুপি আয় হচ্ছে, যার একটি বড় অংশ সন্ত্রাসীদের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।
গভর্নর জানিয়েছেন, কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি স্বর্ণ উত্তোলন করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪২০ কোটি রুপি। তিনি দাবি করেন, এই অর্থের প্রায় ৮০ শতাংশ আফগানিস্তানে চলে যাচ্ছে। তবে, এসব অভিযোগ এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি। সম্প্রতি অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ১৮ সন্ত্রাসী নিহত হন। এর কয়েক দিন পরেই এসব অভিযোগ সামনে আসে।
জিও নিউজের প্রতিবেদনের বরাত দিয়ে জানা যায়, শনিবার গভর্নর কুন্দি পুরো খাইবার পাখতুনখোয়া প্রদেশে সব ধরনের খনি কার্যক্রম বন্ধ করার এবং স্বর্ণ উত্তোলনের ইজারা বাতিলের ঘোষণা দেন। ইজারাগ্রহীতা ও ঠিকাদারদের সাত দিনের মধ্যে খনির এলাকা থেকে সব ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গভর্নর ফয়সাল করিম কুন্দির অভিযোগ, অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা খনির কাজ চালিয়ে যাওয়ার বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ প্রদান করতেন। তিনি বলেন, এই অর্থ পরে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় ব্যবহার করা হয়েছে।
কুন্দি আরও জানান, অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে হাজার হাজার ট্রাক্টর, ভারী ডাম্পার ও শ্রমিক নিয়োজিত ছিলেন। তিনি প্রশ্ন তোলেন, প্রতি মাসে প্রায় ৪৯২ কোটি রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন করা হলে মাত্র ৪৯২ কোটি রুপির বিনিময়ে কীভাবে ১০ বছরের জন্য খনির ইজারা দেওয়া হলো। এ নিয়ে খনি ইজারা দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে। গভর্নরের অভিযোগের পর খনিজ সম্পদ নিয়ন্ত্রণ এবং স্বর্ণ উত্তোলন থেকে প্রাপ্ত অর্থ সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে যাচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কোহাটে কী ঘটেছিল?
কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান পরিচালনা করে। অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা, বলে জানিয়েছেন কর্মকর্তারা।
এই ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত হন। কর্তৃপক্ষ জানায়, সংঘর্ষে ১৮ জঙ্গিও নিহত হয়েছে। গভর্নর কুন্দির অভিযোগ, হামলাকারীদের সঙ্গে অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিদের যোগসাজশ রয়েছে। তিনি এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগও করেছেন গভর্নর। তিনি দাবি করেন, কোহাটের ঘটনায় জড়িতদের সহায়তা করেছেন ১২ জন রাজনৈতিক ব্যক্তি। তাঁদের মধ্যে সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শাহরিয়ার আফ্রিদি ও খুররম জিশানের নাম উল্লেখ করেছেন। তবে, তাদের বিরুদ্ধে এখনো পুলিশ মামলা করেনি বলে জানিয়েছেন কুন্দি। রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার এসব অভিযোগও এখনও স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।
এরপর কী পদক্ষেপ নেওয়া হবে?
অবৈধ স্বর্ণ উত্তোলন ও কোহাটের সংঘর্ষের ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন গভর্নর। তিনি নিহত পুলিশ কর্মকর্তা ডিএসপি হায়দার জামানের নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের অনুমোদনও দিয়েছেন।
কুন্দি জানিয়েছেন, অবৈধ খননকার্যে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, প্রদেশের খনিজ সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। এখন তদন্তে মূলত দুটি বিষয় গুরুত্ব পাবে—স্বর্ণ উত্তোলনের অর্থ সত্যিই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে গেছে কি না এবং এর পেছনে কারা জড়িত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর রশিদ মন্তব্য করেছেন, গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ আগুন সন্ত্রাসের সূচনা করেছে। তিনি উল্লেখ করেন, বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদলসহ অন্যান্য সংগঠন সন্ত্রাসী দলটির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে এবং আইন-শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে মাঠে রয়েছে এবং থাকবে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে, সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাজবাড়ীর কালুখালী ও পাংশা উপজেলায় মোটরসাইকেল মিছিলের পর তিনি এই বক্তব্য দেন।
মোঃ হারুন-অর রশিদের নেতৃত্বে রাজবাড়ী- কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা আজিজ সরদার বাসস্ট্যান্ড থেকে সহস্রাধিক মোটরসাইকেল নিয়ে মিছিল শুরু হয়। এই মিছিল কালুখালী উপজেলার দুর্গাপুর স্ট্যান্ড পর্যন্ত পৌঁছায় এবং সেখান থেকে কালুখালীর চাঁদপুর বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদ আরও বলেন, সারাদেশে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নৈরাজ্য সৃষ্টি করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিমধ্যে নির্দেশনা দিয়েছেন যে, জ্বালাও পোড়াওয়ের সঙ্গে জড়িতদের রাজনৈতিকভাবে প্রতিহত করা হবে। তিনি আইন-শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করার প্রতিশ্রুতি দেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটি আধুনিক ও মানবিক বাংলাদেশ গড়ার কাজ চলছে। পাশের একটি দেশের মদদে এ দেশকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। শান্তিপ্রিয় মানুষ এ ধরনের সন্ত্রাসী কার্যকলাপ বরদাস্ত করবে না। জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
তবে যারা নিরীহ এবং জ্বালাও পোড়াওয়ের সাথে জড়িত নয়, তারা শান্তিতে বসবাস করবেন। তিনি সকলকে উস্কানীতে বিশৃঙ্খলা সৃষ্টি না করার জন্য সতর্ক থাকার আহবান জানান এবং অপরাধমূলক কাজ থেকে বিরত থাকতে অনুরোধ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানীর আদর্শ ধারণ করে। তিনি উল্লেখ করেন, "মওলানা ভাসানী কখনো অন্যায়-অবিচারের কাছে মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তার সেই আদর্শ বুকে ধারণ করেই আমরা সামনের পথে এগিয়ে যাব।"
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের সন্তোষে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত স্মরণসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু আরও বলেন, "স্বাধীনতা যুদ্ধের মূল বীজ টাঙ্গাইল থেকেই বপন করেছিলেন মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী।" তিনি বলেন, নির্যাতিত ও নিপীড়িত মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করেছেন। একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াও এ দেশের মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন-সংগ্রাম করেছেন। তারা কখনো অন্যায়ের কাছে আপস করেননি।
তিনি বলেন, "যারা এ দেশে গণতন্ত্র হরণ করে বাকশাল কায়েম করেছিল, তারাই স্বাধীনতার মূল চেতনাকে ধ্বংস করেছে।" বিগত ১৭ বছর ফ্যাসিবাদ কায়েম করে মানুষের ওপর নির্যাতন-নিপীড়ন ও হত্যাযজ্ঞ চালানো হয়েছে। আন্দোলন-সংগ্রামে অসংখ্য নেতাকর্মী খুন ও গুমের শিকার হয়েছেন। সর্বশেষ জুলাই আন্দোলনে ১ হাজার ৪০০ মানুষকে নির্বিচারে হত্যা করা হয়েছে। এমনকি শিশুদেরও হত্যা করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, "জনগণের মাধ্যমে বিতাড়িত সেই অপশক্তি আবারও বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।" তারা সাময়িকভাবে বিশৃঙ্খলা তৈরি করতে পারে। তবে বাংলাদেশের জনগণ কোনোভাবেই তাদের দেশের রাজনীতিতে জায়গা দেবে না। এ ব্যাপারে সবাইকে সজাগ ও সতর্ক থাকতে হবে।
গোপালগঞ্জে বাড়িঘরে অগ্নিসংযোগের প্রসঙ্গ তুলে তিনি বলেন, "বাড়িতে বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা কোনো রাজনৈতিক দল করতে পারে না।" এই ধরনের কাজ ফ্যাসিবাদী, স্বৈরাচারী ও খুনিরাই করতে পারে। এই অপশক্তি যাতে কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসতে না পারে, সে ব্যাপারে দেশের জনগণ ঐক্যবদ্ধ রয়েছে। পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষকে একযোগে ঐক্যবদ্ধ হতে হবে এবং ফ্যাসিবাদের দোসর ও বিশৃঙ্খলাকারীদের প্রতিহত করতে হবে।
তিনি আরও বলেন, "আগামী দিনেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখব।" মওলানা ভাসানী অন্যায়-অবিচারের কাছে কখনো মাথা নত করেননি। গণতন্ত্রের জন্য তার সংগ্রামী আদর্শ বুকে ধারণ করেই আমরা পথ চলব।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে এবং সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানুর সঞ্চালনায় স্মরণসভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুস সালাম পিন্টু এমপি, জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি, সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাইদ সোহরাব এবং টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এস এম ওবায়দুল হক নাসির।
এর আগে বিএনপির পক্ষ থেকে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন দলটির নেতাকর্মীরা।
এদিকে, মওলানা আবদুল হামিদ খান ভাসানীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার ভোর থেকেই টাঙ্গাইলের সন্তোষে তার মাজার প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ছেয়ে যায় মাজার। বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় মহান এই নেতাকে স্মরণ করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভক্ত ও মুরিদানদের কণ্ঠে ‘যুগ যুগ জিও তুমি মওলানা ভাসানী’ স্লোগানে মুখর হয়ে ওঠে মাজার প্রাঙ্গণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানে গৃহকর্মীদের ওপর নির্যাতন অব্যাহত রয়েছে। এর পেছনে প্রধান কারণ হলো, নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য সুরক্ষা ও ন্যায়বিচার পাওয়ার সুযোগ অত্যন্ত সীমিত। দারিদ্র্যের কারণে দেশটির হাজারো পরিবার সন্তানদের গৃহকর্মে পাঠাতে বাধ্য হয়। কিন্তু এসব শিশুর নিরাপত্তা ও সুস্থতা নিশ্চিত করার কোনো নিশ্চয়তা নেই।
নিয়োগকর্তাদের ওপর সম্পূর্ণ নির্ভরশীল থাকার কারণে নির্যাতনের শিকার শিশুরা অভিযোগ জানানো কিংবা নির্যাতনমূলক পরিবেশ থেকে বেরিয়ে আসার সুযোগ খুবই কম পায়। কার্যকর নজরদারির অভাবে শ্রমিকদের সুরক্ষায় আইন থাকা সত্ত্বেও শোষণ ও নির্যাতন অব্যাহত রয়েছে।
পাকিস্তানি সংবাদপত্র দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক সম্পাদকীয় প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাজধানী ইসলামাবাদে একজন জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তার বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত ১৩ বছর বয়সী ফাতিমা। তার মৃত্যুর পর দেশে শিশু গৃহকর্মীদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
প্রাথমিক চিকিৎসা পরীক্ষায় তার শরীরে শারীরিক নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে বলে খবর প্রকাশিত হয়েছে। এ ছাড়া স্থানীয় পুলিশ শুরুতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল বলে যে অভিযোগ উঠেছে, সেটিও তদন্ত করা প্রয়োজন। ফাতিমার মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করতে হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির সরকারি পদমর্যাদা কিংবা সামাজিক অবস্থান বিবেচনা না করে তাঁদের জবাবদিহির আওতায় আনতে হবে।
পাকিস্তানে গৃহকর্মীদের নিয়োগব্যবস্থা শ্রম খাতের সবচেয়ে কম নিয়ন্ত্রিত ক্ষেত্রগুলোর একটি। এসব কর্মীর অভিযোগ জানানোর কার্যকর কোনো ব্যবস্থা প্রায়ই থাকে না। শিশুদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। কারণ, তারা শোষণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কিংবা নিজেদের অধিকার লঙ্ঘনের বিষয়টি বুঝতে তুলনামূলকভাবে কম সক্ষম। গৃহকর্মে নিয়োজিত হওয়ার কারণে তারা শিক্ষা ও সামাজিকভাবে এগিয়ে যাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হয়। ফলে যে দারিদ্র্য তাদের শ্রমে যুক্ত হতে বাধ্য করে, সেই দারিদ্র্যের চক্রই আরও দীর্ঘস্থায়ী হয়।
শুধু আইন প্রণয়ন করে এ পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয়। ২০২২ সালের ইসলামাবাদ ক্যাপিটাল টেরিটরি ডোমেস্টিক ওয়ার্কার্স আইনে ১৬ বছরের কম বয়সী শিশুদের গৃহকর্মে নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু আইনটির যথাযথ প্রয়োগ হচ্ছে না। প্রাদেশিক সরকারগুলোকে বিদ্যমান শ্রমিক সুরক্ষা আইন কার্যকর করতে হবে এবং কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আইন লঙ্ঘনের অভিযোগ তদন্ত নিশ্চিত করতে হবে।
এই ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষায় কার্যকর অভিযোগ জানানোর ব্যবস্থা এবং শিশু সুরক্ষা কার্যক্রম জোরদার করাও জরুরি। সমাজ হিসেবে আমাদের উপলব্ধি করতে হবে, গৃহকর্মীরাও অন্য পেশার শ্রমিকদের মতো সমান মর্যাদা ও আইনি সুরক্ষা পাওয়ার অধিকারী। তাঁদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা কেবল আইনি দায়িত্ব নয়, এটি সামাজিক দায়িত্বও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চুয়াডাঙ্গা-দর্শনা জংশনের নিকটবর্তী একটি খালি ট্যাঙ্কারবাহী ট্রেনে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। হামলার সময় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ট্রেনের লোকোমাস্টার নজরুল ইসলাম এবং সহকারী লোকোমাস্টার কবীর হোসেনকে গুরুতরভাবে আহত করে।
এই হামলা মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে দর্শনা জংশনের কাছে দুধপাথিলা মুরগির ফার্ম এলাকায় ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্র থেকে জানা যায়, ঈশ্বরদী থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা একটি খালি বিটিও (BTO) ট্যাঙ্কারবাহী ট্রেন ক্রসিংয়ের জন্য দর্শনা জংশনের অদূরে দাঁড়িয়ে ছিল। এ সময় দুষ্কৃতিকারীরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাঁচ ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চালক ও সহকারী চালককে জিম্মি করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাদের জখম করে। পরে দুষ্কৃতিকারীরা তাদের কাছে থাকা মোবাইল ফোন, নগদ টাকা এবং কাপড়চোপড় ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
হামলার পর আহত অবস্থায় চালকরা ট্রেনটি চালিয়ে পার্শ্ববর্তী উথলী রেলওয়ে স্টেশনের লুপ লাইনে নিয়ে যান। সেখানে স্থানীয়দের সহযোগিতায় রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
উথলী রেলওয়ে স্টেশন মাস্টার ইয়াছিন আরাফাত জানান, ঘটনার পর থেকে খালি ট্যাঙ্কারবাহী ট্রেনটি বর্তমানে উথলী স্টেশনে লুপ লাইনে অবস্থান করছে।
আহত চালকরা ট্রেন চালানোর সক্ষমতা হারানোর কারণে ঈশ্বরদী থেকে বিকল্প চালক আসার পর ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা করবে। এ ঘটনায় রেলওয়ে নিরাপত্তা কর্মী ও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ