ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

একই সঙ্গে দুই দায়িত্ব! ছুটির প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী


একই সঙ্গে দুই দায়িত্ব! ছুটির প্রশ্নে যা বললেন পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবার ছুটির গুঞ্জন উড়িয়ে দিয়েছেন। সাংবাদিকদের এমন প্রশ্নে, যে তিনি দুই দায়িত্ব সামলানো সম্ভব কি না অথবা ছুটিতে যাচ্ছেন কি না, স্বভাবসুলভ ভঙ্গিতে উনি বলেন, ‘ভাই, এত ব্যস্ত হওয়ার কিছু নেই!’

বৃহস্পতিবার (৪ জুন) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের জন্য ব্রিফিংয়ে অংশগ্রহণ করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি তার বক্তব্যে বলেন, গত ২ জুন জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীকে বিপুল ভোটে পরাজিত করে বিজয়ী হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। ঐতিহাসিক এই গৌরব অর্জনের পরে সকালে নিউইয়র্ক থেকে ঢাকায় ফেরেন তিনি।

আরও পড়ুন: আজ ৬ ঘণ্টা টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে

মন্ত্রণালয়ে প্রবেশ করার পর এই অবিস্মরণীয় সাফল্যের পুরো কৃতিত্ব প্রধানমন্ত্রীকে উৎসর্গ করে খলিলুর রহমান বলেন, ‘এই বিজয় বাংলাদেশের, এই বিজয় প্রধানমন্ত্রীর। তিনি যদি এই সিদ্ধান্ত না নিতেন এবং দৃঢ়ভাবে আমাদের সমর্থন না করতেন, তবে ১০ বছরের পথ আমরা ১০ সপ্তাহে পাড়ি দিতে পারতাম না।’ এ সময়, পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিদেশের বিভিন্ন দূতাবাসে কর্মরত কর্মকর্তাদের নিরলস পরিশ্রম এবং টিম স্পিরিটের কথাও কৃতজ্ঞতার সঙ্গে তিনি স্মরণ করেন।

তবে, ব্রিফিংয়ের একপর্যায়ে সাংবাদিকরা তার ছুটির পরিকল্পনা কিংবা কূটনৈতিক মহলে চলা পদত্যাগের গুঞ্জন নিয়ে প্রশ্ন তুললে পরিস্থিতি বেশ নাটকীয় হয়ে ওঠে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ৪০ বছর আগে একটি ঐতিহাসিক নজির স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘আজ থেকে ৪০ বছর আগে আমাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরীও জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আমি তখন তার একান্ত সচিব ছিলাম। তিনি পূর্ণকালীনভাবে দুটি দায়িত্বই একসঙ্গে সামলেছেন।’

আজকের প্রযুক্তিগত সুবিধার কথা উল্লেখ করে খলিলুর রহমান আরও বলেন, ‘তখন ছিল ইন্টারনেট-পূর্ব যুগ। আর আজ আপনি নিরবচ্ছিন্নভাবে দুটি কাজই একসঙ্গে করতে পারেন। এটা এখন খুব স্বাভাবিক।’

একই সঙ্গে জার্মানির সাবেক পররাষ্ট্রমন্ত্রীর পদ ছাড়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘এটা আমি আগেও পরিষ্কার করে দিয়েছি। অনেকেই বলেছেন, বর্তমানে যিনি জার্মানিতে আছেন, তিনি তো পররাষ্ট্রমন্ত্রী ছিলেন; কিন্তু ওই পদ ছেড়ে তিনি কাজ করেছেন। আসলে বিষয়টা হচ্ছে, তিনি গ্রিন পার্টির নেতা ছিলেন। তার দল গ্রিন পার্টি নির্বাচনে হেরে যায়। এ কারণে তিনি আর পররাষ্ট্রমন্ত্রী হিসেবে থাকতে পারেননি।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর অংশগ্রহণে আজ যেসব সড়ক দিয়ে যাবে বিএনপির শোভাযাত্রা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভবিষ্যৎদ্রষ্টার মতে জানা গেল এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নের নাম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:২২ পি.এম


ভবিষ্যৎদ্রষ্টার মতে জানা গেল এবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নের নাম

২০২৬ ফিফা বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বে যখন চলছে নানা আলোচনা ও হিসাব-নিকাশ, তখন নতুন করে আলোচনায় এসেছেন ব্রাজিলের স্বঘোষিত ‘বিশ্বকাপ দ্রষ্টা’ মাইকেল ব্রুনো।

ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর এক প্রতিবেদনে তিনি দাবি করেছেন, আগামী বিশ্বকাপের শিরোপা জিতবে পর্তুগাল।

ব্রাজিলের কাম্পিনা গ্রান্দে অঞ্চলের বাসিন্দা এবং বর্তমানে বাররা দে সাও মিগেলে বসবাসকারী মাইকেল ব্রুনোর দাবি, তিনি এর আগে ২০১০, ২০১৪ ও ২০১৮ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের সঠিকভাবে আগাম ভবিষ্যদ্বাণী করেছিলেন। এবারও তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে ২০২৬ সালের বিশ্বকাপের ট্রফি উঠবে পর্তুগালের হাতে।

তার মতে, ফাইনালে পর্তুগালের প্রতিপক্ষ হবে স্পেন। ফলে রানার্স-আপ হিসেবে শেষ করবে স্প্যানিশরা। অন্যদিকে ব্রাজিলের দীর্ঘ প্রতীক্ষিত ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন আরও একবার অপূর্ণই থেকে যাবে বলে মনে করেন তিনি।

মাইকেল ব্রুনো জানান, এটি কোনো সাম্প্রতিক অনুমান নয়। তিনি ২০২২ সাল থেকেই পর্তুগালকে সম্ভাব্য বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে আসছেন। তার ভাষায়, ২০২২ সাল থেকেই আমি বলে আসছি, পরবর্তী বিশ্বচ্যাম্পিয়ন হবে পর্তুগাল।

তিনি মনে করেন, আগামী বিশ্বকাপের প্রধান দাবিদার দলগুলোর মধ্যে থাকবে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, পর্তুগাল এবং ব্রাজিল। তবে এই দলগুলোর মধ্যে পর্তুগালই সবচেয়ে প্রস্তুত ও ভারসাম্যপূর্ণ দল হিসেবে শিরোপার জন্য এগিয়ে রয়েছে।

পর্তুগালের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, কিংবদন্তি ফরোয়ার্ড ক্রিশ্চিয়ানো রোনালদো যদি টুর্নামেন্টে ভালো ছন্দ ধরে রাখতে পারেন, তাহলে দলের শিরোপা জয়ের সম্ভাবনা আরও বেড়ে যাবে।

ব্রাজিলকে নিয়ে উদ্বেগও প্রকাশ করেছেন মাইকেল। তার মতে, দলটি যদি আবারও নেইমার নির্ভর কৌশল অনুসরণ করে, তাহলে ২০২২ সালের ভুলের পুনরাবৃত্তি ঘটতে পারে। তিনি বলেন, নেইমার শতভাগ ফিট অবস্থায় খেলতে পারবেন কি না, তা নিয়েও তার সন্দেহ রয়েছে। আর যদি খেলেনও, অতিরিক্ত নির্ভরতার কারণে ব্রাজিল সেমিফাইনালের আগেই বিদায় নিতে পারে।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্পর্কেও সতর্ক মন্তব্য করেছেন তিনি। মাইকেলের মতে, ড্র ও প্রতিপক্ষের ওপর অনেক কিছু নির্ভর করলেও আর্জেন্টিনার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে উল্লেখ্য, মাইকেল ব্রুনোর এই মন্তব্য সম্পূর্ণই ব্যক্তিগত ভবিষ্যদ্বাণী। ২০২৬ ফিফা বিশ্বকাপের ফলাফল নির্ধারিত হবে মাঠের পারফরম্যান্সের ভিত্তিতেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ইসরাইলের আগ্রাসন অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:২৩ পি.এম


যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, ইসরাইলের আগ্রাসন অব্যাহত

যুক্তরাষ্ট্রের মধ্যस्थতায় লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে গঠিত যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। একই দিনে, বৃহস্পতিবার (৪ জুন), ইসরাইল দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে। দেশটি জানিয়েছে যে, তারা দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহার করবে না।

এদিকে, লেবাননে ইসরাইলি বাহিনীর আগ্রাসন চলছেই। এই পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ডেস্কের প্রতিবেদন।

মঙ্গলবার যুক্তরাষ্ট্র ঘোষণা করে, যদি ইরান-সমর্থিত হিজবুল্লাহ যুদ্ধ বন্ধ করে এবং সীমান্তসংলগ্ন দক্ষিণ লেবানন থেকে যোদ্ধাদের সরিয়ে নেয়, তাহলে লেবানন ও ইসরাইল যুদ্ধবিরতি কার্যকর করবে।

কিন্তু লেবানন ও ইসরাইলের মধ্যে আলোচনার অংশ না থাকা হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন। বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে বলেন, এই আলোচনা একেবারেই নির্লজ্জ। ওয়াশিংটনের এই ঘোষণা লেবাননের জনগণের একটি অংশকে নিশ্চিহ্ন করার এবং বাকি জনগণকে দাসে পরিণত করার একটি রোডম্যাপ।

তিনি আরও বলেন, ‘দখলদারিত্ব যতদিন থাকবে, প্রতিরোধও ততদিন চলবে।’ গত ২ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মুখে তেহরানের প্রতি সমর্থন জানিয়ে হিজবুল্লাহ হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘাত তীব্রতর হয়। এপ্রিল থেকে ওয়াশিংটন থেকে কয়েক দফা যুদ্ধবিরতির ঘোষণা এলেও যুদ্ধ অব্যাহত রয়েছে।

এ সংঘাত এখন আঞ্চলিক সংকট সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তেহরান বলেছে, যেকোনো সমঝোতার অংশ হিসেবে লেবাননে ইসরাইলি হামলা বন্ধ করতে হবে।

নাঈম কাসেম আরও বলেন, যুদ্ধবিরতির শর্তের মধ্যে দক্ষিণ লেবাননের বিষয় অন্তর্ভুক্ত থাকতে হবে। সেখানে ইসরাইল একটি ঘোষিত নিরাপত্তা অঞ্চল দখল করে রেখেছে, যা উত্তর ইসরাইলকে হিজবুল্লাহর হামলা থেকে সুরক্ষিত রাখার জন্য।

তিনি বলেন, যতদিন আমাদের গ্রামের নিরাপত্তা নেই, বোমায় বিধ্বস্ত হচ্ছে এবং আমাদের মানুষ নিহত হচ্ছে, ততদিন উত্তর ইসরাইলের শহরগুলো নিরাপদ থাকবে না।

এর আগে, হিজবুল্লাহর বিবৃতির প্রেক্ষাপটে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন জানান, ওয়াশিংটনের যুদ্ধবিরতির কাঠামো একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার শেষ সুযোগ। সকল পক্ষ যদি সম্মত হয়, তাহলে এক দিনের মধ্যেই যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।

এদিকে, বৃহস্পতিবার ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাৎজ বলেন, আমরা আমাদের গোলাবর্ষণ ও স্থল অভিযান চালিয়ে যাব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার বিশ্বকাপ শুরুর আগেই ভবিষ্যদ্বাণী আলোচিত হাঙরের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


এবার বিশ্বকাপ শুরুর আগেই ভবিষ্যদ্বাণী আলোচিত হাঙরের

২০২৬ ফিফা বিশ্বকাপের সূচনা হওয়ার আগেই একটি ব্যতিক্রমী চরিত্র, একটি হাঙর, ফুটবলপ্রেমীদের আলোচনা কেন্দ্রে উঠে এসেছে। এটি কোনও সমুদ্রের আতঙ্ক নয়, বরং বিশ্বকাপের ম্যাচ ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে ব্রাজিলের রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামের হাঙর ‘রিতিনিয়া’ আলোচনায় স্থান করে নিয়েছে।

বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে সেলেসাওদের জয় হবে বলে আভাস দিয়েছে রিতিনিয়া। বুধবার(৩ জুন) রিও ডি জেনেইরো অ্যাকুয়ারিয়ামে বিশেষ আয়োজনের মাধ্যমে ব্রাজিল ও মরক্কোর মধ্যকার ম্যাচের সম্ভাব্য ফল অনুমানের চেষ্টা করা হয়। এ সময়, হাঙরটির সামনে দুই দলের প্রতীকসংবলিত দুটি বিকল্প রাখা হয়েছিল। সেখান থেকে রিতিনিয়া ব্রাজিলের প্রতীকটি নির্বাচিত করে, যা আয়োজকদের মতে ব্রাজিলের জয়ের পূর্বাভাস।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শুরু হবে। সাম্প্রতিক সময়ে মরক্কোর ধারাবাহিক উন্নতি এবং বড় টুর্নামেন্টে চমক দেখানোর সক্ষমতায় ম্যাচটি ইতোমধ্যেই ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে।

ফুটবলে প্রাণীর মাধ্যমে ম্যাচের ফল অনুমানের ঘটনা নতুন নয়। ২০১০ সালের বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। সেই স্মৃতিকে সামনে রেখেই রিও অ্যাকুয়ারিয়াম কর্তৃপক্ষ এবার রিতিনিয়াকে নিয়ে এমন আয়োজন করেছে বলে মনে হচ্ছে।

তবে আপাতত রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী কতটা সত্যি হবে, তার উত্তর মিলবে মাঠের খেলাতেই। ফুটবলাররাই ব্রাজিল ও মরক্কোর লড়াইয়ের ভাগ্য নির্ধারণ করবেন। তারপরও বিশ্বকাপের উত্তেজনা বাড়াতে এবং ভক্তদের আগ্রহ ধরে রাখতে এমন ব্যতিক্রমী আয়োজন ইতোমধ্যেই বিপুল আলোচনার সৃষ্টি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ইসরাইলের হামলায় ২ বাংলাদেশি আহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:২৪ পি.এম


লেবাননে ইসরাইলের হামলায় ২ বাংলাদেশি আহত

দক্ষিণ লেবাননে ইসরাইলি বিমান হামলায় আহত হয়েছেন দুই বাংলাদেশি নাগরিক সঙ্গে দুই সিরীয় নাগরিক।

 

বৃহস্পতিবার (৪ জুন) রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায় যে, দক্ষিণ লেবাননের ইসরাইলি বিমান হামলায় দুই সিরীয় এবং দুই বাংলাদেশিসহ মোট চারজন বিদেশি নাগরিক আহত হয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, ইসরাইলি যুদ্ধবিমান নাবাতিয়া জেলার আব্বা ও আল-দুয়াইর শহরের মধ্যবর্তী ওয়াতা আব্বার আল-মাশাল এলাকায় দুই দফায় বিমান হামলা চালায়।

এনএনএ আরো জানায়, নাবাতিয়া জেলার জেবচিত ও আরনুন শহরে ইসরাইলি বিমান হামলা ও বোমাবর্ষণ হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। একই সময় বৃহস্পতিবার (৪ জুন) দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল এবং তারা দক্ষিণাঞ্চল থেকে সেনা প্রত্যাহারে সম্মত নয়।

লেবানন ও ইসরাইল সরকারের মধ্যে আলোচনার অংশ না থাকার কারণে হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেম এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, এই আলোচনা নির্লজ্জ। ওয়াশিংটনের ঘোষণা লেবাননের একটি অংশের জনগণকে নিশ্চিহ্ন করার এবং বাকি জনগণকে দাসে পরিণত করার একটি রোডম্যাপ।

এক লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘দখলদারিত্ব যত দিন থাকবে, প্রতিরোধও তত দিন চলবে’। গত ২ মার্চ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মুখে হিজবুল্লাহ তেহরানের প্রতি সমর্থন জানিয়ে হামলা শুরু করলে দুই পক্ষের মধ্যে সংঘাত বাড়তে থাকে। এপ্রিল থেকে ওয়াশিংটন থেকে একাধিক বার যুদ্ধবিরতি ঘোষণা আসলেও সংঘাত অব্যাহত রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%