১০:৪৪ এম
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীতে বিএনপি একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করবে। শোভাযাত্রাটি বিকেল ৩টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে। এতে পায়ে হেঁটে নেতৃত্ব দেবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে। বিএনপির কেন্দ্রীয় নেতা, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী এতে অংশগ্রহণ করবেন।
শোভাযাত্রার সফল বাস্তবায়নের জন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ইতোমধ্যে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি সম্পন্ন করেছে। থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করে অংশগ্রহণকারীদের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব এস এম জাহাঙ্গীর ও দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণের কারণে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ বিরাজ করছে।
আরও পড়ুন: জাতীয়তাবাদের চেতনায় ঐক্যবদ্ধ থাকলে পথ হারাবে না বাংলাদেশ: প্রধানমন্ত্রী
এর আগে সকাল ৬টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। সকাল ১১টায় দলের চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠের কর্মসূচি পালন করবেন।
দিবসটি উপলক্ষে বিএনপি ৫ থেকে ১১ নভেম্বর পর্যন্ত সাত দিনব্যাপী কর্মসূচি পালন করছে। এর অংশ হিসেবে ৭ নভেম্বর দেশের জেলা ও মহানগর পর্যায়ে শোভাযাত্রা এবং ৮ নভেম্বর থানা ও উপজেলা পর্যায়ে শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে আলোচনা সভা, আলোকচিত্র প্রদর্শনী ও অন্যান্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান ১৯৭৫ সালের ৭ নভেম্বরকে দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ দিন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ওই দিন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়েছিল। ভবিষ্যতে জনগণের অধিকার ও জাতীয় স্বাধীনতা রক্ষায় জাতীয় ঐক্য প্রতিষ্ঠার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
আরও পড়ুন: কুষ্টিয়া-৩ আসনের এমপি আমির হামজা বাড়িতে নেই, মোবাইল নম্বরও বন্ধ: রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন