বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৬:৫৫ পি.এম
আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দঘন সময় কাটিয়েছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিপিএসসি) শিক্ষক-শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর উত্তরার বাউনিয়া পূর্বপাড়ায় অবস্থিত ইগনাইট স্কুলে আয়োজিত এ অনুষ্ঠানে শিশুদের হাতে তুলে দেওয়া হয় শীতবস্ত্র, খেলনা, গল্পের বই, খাতা, কলম, শিক্ষা উপকরণ, স্কুলব্যাগ, মোজা ও চকলেটসহ নানা উপহার। উপহার পেয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা।
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের (বিপিএসসি) উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সহযোগিতা করে আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি)। এতে প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।
এবিজির ভাইস-চেয়ারম্যান ও বসুন্ধরা গ্রুপের পরিচালক সাবরিনা সোবহানের পৃষ্ঠপোষকতায় এ উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা আহমেদ আকবর সোবহানের মানবিক কর্মকাণ্ডের অনুপ্রেরণায় এ আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে বিপিএসসির অধ্যক্ষ অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এ কর্মসূচি আয়োজন করা হয়েছে। ইগনাইট স্কুলকে দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। গভর্নিং বডির সহযোগিতায় পর্যায়ক্রমে অন্যান্য স্থানেও এ ধরনের উদ্যোগ সম্প্রসারণ করা হবে।’
তিনি বলেন, ‘এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতা গড়ে উঠবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরিতেও এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশন পরিচালিত ইগনাইট স্কুলে বর্তমানে ১১০ জন সুবিধাবঞ্চিত শিশুকে বিনা মূল্যে শিক্ষা দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে ইগনাইট গ্লোবাল ফাউন্ডেশনের অপারেশনস ডিরেক্টর ইসরাত জাহান এ উদ্যোগের জন্য বিপিএসসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
তিনি আরো জানান, শিশুদের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহযোগিতা চেয়ে থাকেন তারা। বিপিএসসির এ উদ্যোগ শিশুদের মধ্যে আনন্দ ছড়িয়ে দিয়েছে। এ জন্য তারা কৃতজ্ঞ। উপহারসামগ্রীগুলো শিশুদের প্রয়োজন মেটাতেও সহায়ক হবে।
বিপিএসসির জ্যেষ্ঠ শিক্ষক মুহাম্মদ মনসুর রহমান খান বলেন, ‘শিশুদের উচ্ছ্বাস ও আন্তরিক অভ্যর্থনা তাকে আবেগাপ্লুত করেছে। সুবিধাবঞ্চিত শিশুদের কথা প্রায়ই শোনা যায়। তবে সরাসরি তাদের সঙ্গে দেখা করে তাদের জীবন সম্পর্কে কাছ থেকে জানার সুযোগ হয়েছে এবার। আমাদের দেখে শিশুদের যে আনন্দ, তা ভাষায় প্রকাশ করা কঠিন।’
এ ধরনের আয়োজনের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও বিভিন্ন স্থানে এমন কর্মসূচি অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের সমন্বয়ক ও বিপিএসসির সহকারী শিক্ষক নুসরাত নিগার বলেন, ‘নিজেদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করে সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। এ অভিজ্ঞতা তাদের মধ্যে সহমর্মিতা তৈরি করবে এবং শিক্ষার প্রকৃত অর্থ উপলব্ধি করতে সহায়তা করবে।’
আয়োজকরা জানান, এ কর্মসূচির উদ্দেশ্য শুধু উপহার বিতরণ নয়; বরং শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও সহমর্মিতার চর্চা বাড়ানো এবং সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াতে উৎসাহিত করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশালে ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের অভিযোগ উঠেছে সমাপনী পরীক্ষার ক্ষেত্রে। পরীক্ষার শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে একটি ইউটিউব চ্যানেলে প্রশ্নপত্র প্রকাশিত হওয়ার পর, সেই প্রশ্নের ভিত্তিতে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচটি বিষয়ের পরীক্ষা গ্রহণ করেছে। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) অনুষ্ঠিতব্য অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের কারণে স্থগিত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিষ্ঠানগুলোর নিজস্ব তৈরি প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও, ত্রিশালের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান সেই নিয়ম মানছে না। বিভিন্ন প্রকাশনা সংস্থার পক্ষ থেকে বিনামূল্যে সরবরাহ করা প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা নেওয়ার ঘটনা ঘটছে। এসব প্রশ্ন পরীক্ষার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে দেখা যাচ্ছে, নির্ধারিত পরীক্ষার তারিখের আগেই প্রশ্নপত্র পাওয়া যাচ্ছে। নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ নভেম্বর নির্ধারিত ছিল। কিন্তু ২৫ নভেম্বরই ইউটিউবে ওই পরীক্ষার প্রশ্নপত্র পাওয়া যায়। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট প্রশাসন পরীক্ষাটি স্থগিত করে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৯ নভেম্বর গণিত পরীক্ষার মাধ্যমে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা শুরু হয়। এরপর ২২ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ২৩ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র এবং ২৪ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। অভিযোগ রয়েছে, এসব পরীক্ষাও ইউটিউবে ফাঁস হওয়া প্রশ্নপত্রের ভিত্তিতে নেওয়া হয়েছে। এইভাবে পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়ার পর বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, বৃহস্পতিবার তাদের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে, পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে জানানো হয়, পরবর্তী সময়ে এ পরীক্ষা নেওয়া হবে।
অভিভাবকদের অভিযোগ, বিদ্যালয়ে প্রাইভেট পড়ানো কয়েকজন অসাধু শিক্ষক এই ঘটনায় জড়িত থাকতে পারেন। তাদের দাবি, আগের ফাঁস হওয়া প্রশ্নপত্র দিয়ে পাঁচটি বিষয়ের পরীক্ষা নেওয়ার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের উদাসীনতা রয়েছে। এতে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করা হয়েছে।
এ বিষয়ে নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলের প্রশ্নের সঙ্গে মিলে গেছে—এমন তথ্য শোনার পরই আমরা পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তী সময়ে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্নপত্র মিলে যাওয়ার বিষয়টি কীভাবে ঘটেছে, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, এ ঘটনা কোমলমতি শিক্ষার্থীদের জন্য এক ধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র ইউটিউবে কেন আসবে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে। তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা শিক্ষক জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের ত্রিশালে উপজেলার বিভিন্ন স্কুল গুলোতে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষা শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগেই Abir Mentor নামে একটি ইউটিউব চ্যানেলে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁশ হওয়ার অভিযোগ উঠেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সহজেই এসব প্রশ্ন ছড়িয়ে পড়লেও অধিকাংশ প্রতিষ্ঠান সেই প্রশ্ন দিয়েই পরীক্ষা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের প্রকৃত মেধা ও পাঠদান যাচাই করতে প্রতিষ্ঠানের নিজস্ব তৈরি প্রশ্নে পরীক্ষা নেয়ার কথা থাকলেও
ত্রিশালের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গুলো অধিকাংশই তা মানছে না।
অভিযোগ রয়েছে, বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনা মূল্যে দেয়া প্রশ্ন সংগ্রহ করে পরীক্ষা নিচ্ছে স্কুল গুলো। যা পরীক্ষার আগেই বাইরে ছড়িয়ে পড়ছে।
সরেজমিন ও সামাজিক যোগাযোগমাধ্যম ইউটিউবে দেখা গেছে, নির্ধারিত তারিখের আগেই এসব প্রশ্ন পাওয়া যাচ্ছে। এ পযর্ন্ত এসব প্রশ্ন দিয়ে পূর্ব নির্ধারিত পরীক্ষার্থীদের ৫টি পরীক্ষা সম্পূর্ণ হয়েছে।
নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র ২৬ নভেম্বর নির্ধারিত থাকলেও ২৫ নভেম্বরই ইউটিউবে হুবহু প্রশ্ন পাওয়া গেছে।
এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, আজ আমাদের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা ছিলো। পরীক্ষা দিতে এসে জানলাম পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়ে এ পরীক্ষা নেওয়া হবে বলে জানান।
নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম বলেন, পরিক্ষার প্রশ্নপত্র
একটি ইউটিউব চ্যালের সাথে মিলেছে এটা শুনা মাত্রই আমরা পরিক্ষা স্থগিত করেছি। পরবর্তী সময়ে এ পরীক্ষা গুলো নতুন প্রশ্ন করে নেওয়া হবে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, যেহেতু ইউটিউবের সাথে পরীক্ষার প্রশ্নপত্র মিলে গিয়েছে। এটা কি ভাবে হলো তা যাচাই-বাছাই করে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খানের বক্তব্য জানতে চাইলে তিনি অপারগতা প্রকাশ করেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, এটি কোমলমতি শিক্ষার্থীদের একধরনের মানসিক আঘাত। প্রশ্নপত্র এটা কেন ইউটিউবে আসবে? এর সাথে কারা জড়িত। এবিষয়ে তদন্তের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নির্দেশ দেওয়া হবে। যদি কোনো সরকারি কর্মকর্তা জড়িত থাকে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে রায়ের কিছু নির্দেশনা মানতে অস্বীকৃতি জানিয়েছে। জান্তা সরকারের প্রধান মিন অং হ্লাইং বলেছেন, মিয়ানমার যে অংশগুলোকে ‘অনুপযুক্ত’ মনে করে, সেগুলো বাস্তবায়ন করা হবে না।
বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ তথ্য প্রকাশিত হয়েছে। আর্ন্তজাতিক অপরাধ আদালতের এই রায়ের পর মিন অং হ্লাইং-এর এটি প্রথম প্রকাশ্য মন্তব্য।
গত সপ্তাহে আন্তর্জাতিক বিচার আদালতের একটি ঐতিহাসিক রায়ে উল্লেখ করা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের সামরিক অভিযানে রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর ওপর গণহত্যা ঘটেছে। ওই অভিযানে হাজার হাজার মানুষ নিহত হয় এবং সাত লাখেরও বেশি মানুষ বাংলাদেশে পালিয়ে যায়।
রায়ের প্রতিক্রিয়ায় মিন অং হ্লাইং বলেন, ‘গণহত্যা’ শব্দটি মিয়ানমারের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে। তিনি আরও বলেন, মিয়ানমার দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবে। তবে যেসব নির্দেশনা অনুপযুক্ত বলে মনে হবে, সেগুলো মানা হবে না।
কিন্তু আদালতের রায়ের কোন কোন অংশের সঙ্গে মিয়ানমার একমত নয়, সে সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি।
২০১৯ সালে গাম্বিয়ার দায়ের করা মামলাটি ২০১৭ সালে রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর ক্লিয়ারেন্স অপারেশন বা জাতিগত নির্মূল অভিযানের কেন্দ্রবিন্দু ছিল। রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলিম সংখ্যালঘুর একটি বড় অংশ বসবাস করত।
আন্তর্জাতিক বিচার আদালত জানিয়েছে, ওই অভিযানের সময় প্রায় ১০,০০০ রোহিঙ্গাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং সাত লাখেরও বেশি মানুষ স্থলপথে বা সমুদ্রপথে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। সব মিলিয়ে প্রায় ৮ লাখ ১৫ হাজার রোহিঙ্গা ওই অভিযানের শিকার হয়েছেন।
বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের নিয়ে গঠিত আদালতের বিচারক প্যানেলে ৯-৬ ভোটে রায়টি গৃহীত হয়েছে। এতে ১৯৪৮ সালের গণহত্যা সনদের একাধিক ধারা লঙ্ঘনের দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এই সনদের অধীনে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত হওয়া প্রথম রাষ্ট্র মিয়ানমার।
আইসিজে আদালতের রায় চূড়ান্ত এবং এর বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। আদালত ক্ষতিগ্রস্তদের আনুপাতিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছে, তবে ক্ষতিপূরণের সুনির্দিষ্ট পরিমাণ পরে নির্ধারণ করা হবে। পাশাপাশি গণহত্যা সনদ লঙ্ঘন বন্ধ এবং অভিযুক্তদের বিরুদ্ধে অবিলম্বে তদন্ত শুরুর নির্দেশ দেওয়া হয়েছে।
তবে আইসিজের নিজস্বভাবে রায় কার্যকর করার ক্ষমতা নেই। এ ক্ষেত্রে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও আন্তর্জাতিক রাজনৈতিক চাপের ওপর নির্ভর করতে হয়।
রায়টি রোহিঙ্গা সম্প্রদায় ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে। যুক্তরাজ্যসহ অনেক দেশ এই রায়কে স্বীকৃতি দিয়েছে। এ ছাড়া মিয়ানমারের সামরিক বাহিনীর কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।
এদিকে, ২০২১ সালে মিন অং হ্লাইংয়ের নেতৃত্বে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে বেসামরিক নেতা অং সান সু চিকে ক্ষমতাচ্যুত করার পর থেকে মিয়ানমার গৃহযুদ্ধে বিপর্যস্ত হয়ে পড়েছে। এই ঘটনার ফলে মিয়ানমার আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ে এবং দেশটির সামরিক শাসনব্যবস্থা কঠোর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছে।
সূত্র: বিবিসি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপের ঘোষণায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন। বাংলাদেশসহ ১৪টি দেশের ওপর এই শুল্ক আরোপ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করেন।
হুমায়ুন কবির এ বিষয়ে বলেন, "এ বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে।" তিনি উল্লেখ করেন, যেসব বিষয় বাংলাদেশ অযৌক্তিক মনে করে, সেগুলো নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করার সুযোগ রয়েছে। আগামী ২৫ জানুয়ারি এ বিষয়ে একটি গণশুনানি অনুষ্ঠিত হবে, যেখানে বাংলাদেশের পক্ষে যুক্তি তুলে ধরার সুযোগ থাকবে।
প্রতিমন্ত্রী উদাহরণ হিসেবে তুলার বিষয়টি উল্লেখ করে বলেন, "যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে বাংলাদেশে পণ্য উৎপাদন এবং সেসব পণ্য আবার যুক্তরাষ্ট্রে রপ্তানির বিষয়টি বিবেচনায় নিয়ে শুল্ক ছাড়ের বিষয়ে আলোচনা করা সম্ভব।"
তিনি আরও বলেন, "বিভিন্ন বিষয়ে বাংলাদেশের আপত্তি ও সংরক্ষণ রয়েছে।" সেগুলো যুক্তরাষ্ট্রের কাছে স্পষ্টভাবে তুলে ধরে আলোচনা ও দর-কষাকষি করা হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বাংলাদেশসহ ১৪টি প্রধান বাণিজ্য অংশীদার দেশের ওপর নতুন করে শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। মার্কিন এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাতে রয়টার্স জানায়, বাংলাদেশ ছাড়াও চীন, কম্বোডিয়া, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, তাইওয়ান, থাইল্যান্ড ও ভিয়েতনামের পণ্যের ওপর নতুন এই শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে।
এতে চীনের জন্য সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত শুল্ক নির্ধারণ করা হয়েছে। ভিয়েতনামের জন্য দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। বাংলাদেশ-ভারতসহ অন্যান্য দেশের জন্য প্রস্তাবিত বাড়তি শুল্কের হার ২০ শতাংশ অথবা ২৫ শতাংশ। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরোপিত শুল্কের সঙ্গে নতুন এই শুল্ক যুক্ত হবে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত শিল্প উৎপাদন সক্ষমতার অভিযোগের ভিত্তিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধির দপ্তর (ইউএসটিআর) নতুন এই শুল্ক নির্ধারণ করেছে। তদন্তে দেখা হয়, সংশ্লিষ্ট দেশগুলোর নীতি, পদক্ষেপ বা উৎপাদন কাঠামো যুক্তরাষ্ট্রের বাণিজ্যের জন্য অযৌক্তিক বা বৈষম্যমূলক কি না এবং সে কারণে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে কি না।
বাংলাদেশের বস্ত্র ও তৈরি পোশাক, সিমেন্ট এবং চামড়া শিল্প খাত নিয়ে যুক্তরাষ্ট্র তদন্ত করেছে। এ নিয়ে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে একাধিকবার শুনানিও হয়েছে।
বর্তমানে বাংলাদেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্রে গড়ে ১৫ শতাংশ শুল্ক আরোপ হয়। গত জুলাই মাসে জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের ওপর নিষেধাজ্ঞা যথাযথভাবে কার্যকর না করার অভিযোগে বাংলাদেশি পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। এর ফলে মোট শুল্ক ২৫ শতাংশে পৌঁছেছে। ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত নতুন শুল্ক কার্যকর হলে এটি ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হবে। ফলে, মার্কিন বাজারে বাংলাদেশের পণ্যের প্রবেশে মোট শুল্কের পরিমাণ ৪০ শতাংশ ছাড়িয়ে যাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ