ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত


নানা আয়োজনে বরেণ্য চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতানের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় সুলতান সংগ্রহশালা চত্বরে জেলা প্রশাসন, এস এম সুলতান বেঙ্গল চারুকলা মহাবিদ্যালয়, এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালা, নড়াইল প্রেসক্লাব, জেলা শিল্পকলা একাডেমি, এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, মূর্ছনা সংগীত নিকেতনসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের উদ্যোগে সুলতানের কবরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে। এছাড়া কোরআন খতম, দোয়া মোনাজাত, শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম, জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, নড়াইল জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডাঃ আবুল ফজল মুহাম্মদ মশিউর রহমান বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) টি এম রাহসিন কবির, খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমানেশ চন্দ্র বিশ্বাস, সুলতান ফাউন্ডেশনের সাবেক সদস্য সচিব অ্যাডভোকেট ইকবাল হোসেন সিকদার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মুর্শেদ জাপল, বিএনপি নেতা মুন্সী শাহিন উল্লাহ মোহন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নড়াইল জেলা কমিটির সদস্য সচিব প্রকৌশলী মাহমুদা সুলতানার রিমি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হানিফ, এস এম সুলতান স্মৃতি সংগ্রহশালার কিউরেটর তন্দ্রা মুখার্জি, সহকারী কিউরেটর মেহেদী হাসান রানা, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ লাবলু, শিশুস্বর্গের প্রশিক্ষক চিত্রশিল্পী সৌমিত্র মোস্তবী, প্রশিক্ষক চিত্রশিল্পী চিরঞ্জিত রায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল শাখার সদস্য সচিব আমিরুল ইসলাম রানাসহ বিভিন্ন পেশার মানুষ।  

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী এসএম সুলতান ১৯৯৪ সালের ১০ অক্টোবর যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এদিকে, ১৯২৪ সালের ১০ আগস্ট নড়াইলের মাছিমদিয়ায় বাবা মেছের আলী ও মা মাজু বিবির ঘরে জন্মগ্রহণ করেন তিনি।
 
চিত্রশিল্পের মূল্যায়ন হিসেবে এস এম সুলতান ১৯৮২ সালে পেয়েছেন একুশে পদক, ১৯৯৩ সালে স্বাধীনতা পদক, ১৯৮৪ সালে রেসিডেন্ট আর্টিস্ট স্বীকৃতি, ১৯৮৬ সালে বাংলাদেশ চারুশিল্পী সংসদ সম্মাননাসহ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে ‘ম্যান অব দ্য ইয়ার’, নিউইয়র্কের বায়োগ্রাফিক্যাল সেন্টার থেকে ‘ম্যান অব অ্যাচিভমেন্ট’ এবং এশিয়া উইক পত্রিকা থেকে ‘ম্যান অব এশিয়া’ পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন। এদিকে, ২০০১ সাল থেকে সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন গুণী চিত্রশিল্পীকে সুলতান স্বর্ণ পদক দেয়া হয়। 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন ফুসফুস ক্যানসারে মারা গেছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন ফুসফুস ক্যানসারে মারা গেছেন

বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী, যিনি রোটন নামে পরিচিত, মারা গেছেন।

ফুসফুস ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ভারতের কলকাতার অ্যাপোলো হাসপাতালে শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেন।

রোটনের বয়স ছিল ৪৮ বছর। তিনি দীর্ঘ সময় ধরে ফুসফুস ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়।

এনামুল হক শামীম এক শোকবার্তায় উল্লেখ করেন, ‘বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, আমাদের সকলের অত্যন্ত প্রিয়, আমার ভাই, সহযোদ্ধা, সুখ-দুঃখের সাথী, পরম স্নেহের মাহফুজুল হায়দার চৌধুরী রোটন আমাদের মাঝে আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ছোট ভাইয়ের মতো স্নেহাস্পদ ও রাজপথের সহযোদ্ধাকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করার মতো নয়। এত দ্রুত রোটন আমাদের মাঝে নেই ভাবতেই খুব কষ্ট হচ্ছে।’

মাহফুজুল হায়দার চৌধুরী ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ের সভাপতি ছিলেন মাহমুদ হাসান রিপন। ছাত্রলীগের রাজনীতির মেয়াদ শেষ হওয়ার পর তিনি আওয়ামী লীগের মূল রাজনীতির সঙ্গে যুক্ত হন।

রাউজান উপজেলার সন্তান রোটন ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। পরবর্তীতে ২০২১ সালে তিনি আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য হিসেবেও মনোনীত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩২ পি.এম


সুন্দরবনে আলিফ বাহিনীর ১৫ জলদস্যুর আত্মসমর্পণ

সুন্দরবনে সক্রিয় জলদস্যু ‘আলিফ বাহিনী’র ১৫ জন সদস্য এসআরবি-৬-এর কাছে আত্মসমর্পণ করেছেন। তারা শুক্রবার (৯ অক্টোবর) আত্মসমর্পণ করেন। আত্মসমর্পণকারীদের মধ্যে আব্দুল্লাহ গ্রুপের আটজন এবং মজিদ গ্রুপের সাতজন অন্তর্ভুক্ত রয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) খুলনায় এসআরবি-৬-এর সদর দফতর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বাহিনীটি উল্লেখ করেছে যে, আত্মসমর্পণকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হবে।

সুন্দরবনের ওপর জীবিকার জন্য নির্ভরশীল হাজার হাজার জেলে, বাওয়ালি ও মৌয়াল রয়েছেন। তবে জলদস্যু ও বনদস্যুদের অপহরণ, মুক্তিপণ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে বনজীবীদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধারাবাহিক অভিযান এবং সরকারের পুনর্বাসন উদ্যোগের ফলস্বরূপ অতীতে সুন্দরবনের বিভিন্ন দস্যু বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য আত্মসমর্পণ করেছেন। তবে সম্প্রতি নতুন দস্যুচক্রের তৎপরতা এবং পূর্বে আত্মসমর্পণ করা কয়েকজনের পুনরায় অপরাধে জড়িত হওয়ার তথ্য পাওয়া গেছে। একই সময়ে জেলে ও বনজীবীদের অপহরণ এবং মুক্তিপণ দাবির ঘটনাও সামনে এসেছে।

এই পরিস্থিতিতে সুন্দরবনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করেছে এসআরবি-৬। সংশ্লিষ্ট অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও তৎপরতা চালিয়ে যাচ্ছে।

এসআরবি-৬ জানায়, ধারাবাহিক অভিযান, বনের প্রতিকূল পরিবেশ এবং অপরাধজীবনের অনিশ্চয়তার মধ্যে বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যরা স্বাভাবিক জীবনে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন। এর ধারাবাহিকতায় আলিফ বাহিনীর আব্দুল্লাহ ও মজিদ গ্রুপের মোট ১৫ সদস্য আত্মসমর্পণ করেন।

এসআরবি-৬ আশা করছে যে, এই আত্মসমর্পণ সুন্দরবনের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে। একই সঙ্গে জেলে, বাওয়ালি, মৌয়ালসহ বননির্ভর মানুষের নিরাপদে জীবিকা নির্বাহের পরিবেশ আরও সুদৃঢ় হবে বলেও মনে করছে বাহিনীটি।

এসআরবি-৬ আরও জানায়, সুন্দরবনে জলদস্যুতা, অপহরণ, মুক্তিপণ আদায় ও অন্যান্য সংঘবদ্ধ অপরাধ প্রতিরোধে অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। বননির্ভর জনগণের জীবন ও জীবিকার নিরাপত্তা নিশ্চিত করাকে অন্যতম অগ্রাধিকার হিসেবে দেখছে বাহিনীটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাংককে আইএমএফ সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৩ পি.এম


ব্যাংককে আইএমএফ সম্মেলনে অংশ নিচ্ছেন না মার্কিন অর্থমন্ত্রী

ঢাকা, ১০ অক্টোবর, ২০২৬ : আগামী সপ্তাহে ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশগ্রহণ করবেন না যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

শুক্রবার মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের প্রভাব, যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাপ বৃদ্ধি, এবং দেশটির সরকারি বন্ডের উচ্চ মুনাফার হার অব্যাহত থাকার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সংক্রান্ত খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।

বেসেন্টের সভাপতিত্বে বৃহস্পতিবার জি-২০ জোটের অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের একটি বৈঠক হওয়ার কথা ছিল। বর্তমানে যুক্তরাষ্ট্র জোটটির পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব পালন করছে।

তবে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বেসেন্টের পরিবর্তে উপ-অর্থমন্ত্রী ফ্রান্সিস ব্রুক এবং আন্তর্জাতিক বিষয়ক আন্ডার সেক্রেটারি এরিন ব্রাউন নেতৃত্ব দেবেন দেশের প্রতিনিধি দলের।

যুক্তরাষ্ট্রের আরেক কর্মকর্তা জানিয়েছেন, বেসেন্টের দেশে ‘কিছু পূর্বনির্ধারিত কর্মসূচি’ রয়েছে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

আইএমএফের বার্ষিক সভা প্রতি তিন বছর পরপর ওয়াশিংটন সদর দপ্তরের বাইরে অনুষ্ঠিত হয়। এবারের সভাটি ব্যাংককে অনুষ্ঠিত হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচনের কয়েক সপ্তাহ আগে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নভেম্বরের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টি চেষ্টা চালাবে। তবে নিত্যপ্রয়োজনীয় পণ্য ও পরিষেবার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে ভোটারদের উদ্বেগ বাড়ছে।

মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ চাপের মধ্যে রয়েছে। গত ফেব্রুয়ারির শেষ দিক থেকে ইরানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মাধ্যমে এ সংঘাত শুরু হয়। এরপর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে, যা বিশ্ববাজারে তেলের দাম দ্রুত বৃদ্ধি করেছে।

গত বছর দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত জি-২০ বৈঠকেও বেসেন্ট উপস্থিত ছিলেন না।

এর আগে তাঁর পূর্বসূরি জ্যানেট ইয়েলেন ও স্টিভেন মুচিন যথাক্রমে মরক্কোর মারাকেশ ও ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত আইএমএফের বার্ষিক সভায় অংশগ্রহণ করেছিলেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ব্যাংককে অন্যান্য দেশের অংশীদারদের সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা নীতিগত দুর্বলতা ও কাঠামোগত ভারসাম্যহীনতা দূর করার বিষয়ে কাজ করবেন, যা অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করেছে এবং বিশ্ব অর্থনীতিতে দীর্ঘস্থায়ী ভারসাম্যহীনতা সৃষ্টি করেছে।

এছাড়া সার্বভৌম ঋণ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা নিশ্চিত করা এবং ঋণসংক্রান্ত সমস্যা মোকাবিলায় কার্যকর পদ্ধতি গ্রহণের বিষয়েও আলোচনা করবেন মার্কিন কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুজব ও এআইয়ের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান শায়খ সুদাইসের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৩৪ পি.এম


গুজব ও এআইয়ের অপব্যবহার থেকে বিরত থাকার আহ্বান শায়খ সুদাইসের

পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, অপপ্রচার ও মানহানি ছড়ানোর বিরুদ্ধে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভুয়া ভিডিও তৈরি, কণ্ঠস্বর নকল, প্রতারণা এবং অন্যের গোপনীয়তা লঙ্ঘনের বিষয়ে সতর্ক করেছেন। তাঁর মতে, আধুনিক প্রযুক্তির অযথা ব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য গুরুতর ক্ষতির কারণ হতে পারে।

গতকাল (৯ অক্টোবর ২০২৬) সৌদি আরবের মক্কায় পবিত্র মসজিদুল হারামে জুমার খুতবায় এসব কথা বলেন শায়খ আস-সুদাইস। সৌদি প্রেস এজেন্সির একটি বিশেষ প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

তিনি মুসলিমদের সামাজিক যোগাযোগমাধ্যম এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ইসলামের শরিয়াহ ও নৈতিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানান। তিনি বলেন, প্রযুক্তি মানুষের জন্য আল্লাহর অন্যতম নিয়ামত। তাই এর যথাযথ ব্যবহার, কল্যাণকর কাজে প্রয়োগ এবং অপব্যবহার থেকে বিরত থাকার মাধ্যমে এ নিয়ামতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।

শায়খ আস-সুদাইস বলেন, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবনব্যবস্থা। জীবনের প্রতিটি ক্ষেত্রে মানুষকে উত্তম চরিত্র, নৈতিকতা ও শুদ্ধ আচরণের শিক্ষা দেয় ইসলাম। বর্তমান সময়ে প্রযুক্তির দ্রুত বিকাশ এবং সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক বিস্তার মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক সম্পর্ক ও সামাজিক যোগাযোগের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। এ বাস্তবতায় প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রেও ইসলামের নৈতিক নির্দেশনা অনুসরণ করা জরুরি। তিনি পবিত্র কোরআনের এই বাণী উদ্ধৃত করেন, ‘তিনি চোখের খিয়ানত এবং অন্তরের গোপন বিষয় জানেন।’ (সুরা গাফির, আয়াত: ১৯)

সামাজিক যোগাযোগমাধ্যমের দায়িত্বহীন ব্যবহার মানুষের পারস্পরিক সম্পর্ক নষ্ট করতে পারে। এর মাধ্যমে গুজব, অপবাদ, মানহানি ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ে; ক্ষুণ্ন হয় মানুষের সম্মান, অধিকার ও সম্পদ। এ কারণে ভুয়া সংবাদ প্রচারকারী প্ল্যাটফর্ম এবং প্রতারণামূলক ওয়েবসাইট সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

তিনি আরো বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মে একজন মানুষ যা লেখেন, বলেন, পুনঃপ্রকাশ করেন কিংবা শেয়ার করেন, তার প্রতিটিরই নৈতিক দায় রয়েছে। অসতর্কভাবে বলা একটি কথাও কখনো মানুষের কল্যাণের কারণ হতে পারে, আবার কখনো তা মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। তিনি পবিত্র কোরআনের এই আয়াত উদ্ধৃত করেন, ‘মানুষ যে কথাই উচ্চারণ করে, তার কাছে একজন সদা প্রস্তুত প্রহরী রয়েছে।’ (সুরা কাফ, আয়াত: ১৮)

মসজিদুল হারামের এই ইমাম কৃত্রিম বুদ্ধিমত্তা ও বিভিন্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন ব্যবহার করে প্রতারণা, জালিয়াতি এবং মিথ্যা তথ্য ছড়ানোর বিষয়ে বিশেষভাবে সতর্ক করেন।

তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে ভিডিও বিকৃত করা, কারও কণ্ঠস্বর নকল করা কিংবা কোনো ব্যক্তি এমন কথা বলেছেন বা এমন কাজ করেছেন বলে মিথ্যা ভিডিও, ছবি ও বিবৃতি প্রচার করা ইসলামের নৈতিক শিক্ষার পরিপন্থী। এসব কর্মকাণ্ড মানুষের সম্মান ও গোপনীয়তা লঙ্ঘন করে এবং সমাজে মিথ্যাচার ছড়ানোর পথ তৈরি করে।

যেকোনো সংবাদ, ছবি কিংবা ভিডিও শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করেন শায়খ আস-সুদাইস। এ প্রসঙ্গে তিনি পবিত্র কোরআনের নির্দেশনা তুলে ধরেন, ‘হে মুমিনগণ! যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ নিয়ে আসে, তবে তোমরা তা যাচাই করে দেখো, যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি করে না বসো এবং পরে নিজেদের কৃতকর্মের জন্য অনুতপ্ত না হও।’ (সুরা : হুজুরাত, আয়াত : ৬)

খুতবায় শায়খ আস-সুদাইস মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হুথি গোষ্ঠীর চালানো সন্ত্রাসী হামলারও তীব্র নিন্দা জানান। তিনি এসব কর্মকাণ্ডকে ইসলামী শরিয়াহ, মুসলিমদের ধর্মীয় অনুভূতি এবং আন্তর্জাতিক রীতিনীতি ও প্রথার পরিপন্থী বলে উল্লেখ করেন। তিনি জোর দিয়ে বলেন, পবিত্র দুই মসজিদের নিরাপত্তা ও মর্যাদা অলঙ্ঘনীয়। এগুলোর নিরাপত্তা বিঘ্নিত করার যেকোনো প্রচেষ্টা প্রতিহত করা জরুরি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%