০৯:১২ পি.এম
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, প্রস্তাবিত জাতীয় বাজেট কোনো স্বল্পমেয়াদি বা জোড়াতালির বাজেট নয়। বরং এটি বাংলাদেশকে আত্মনির্ভরশীল এবং নিজের পায়ে দাঁড় করানোর একটি সুদূরপ্রসারী ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে বিবেচিত।
জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ কথা তিনি বলেন।
প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাজেটে অন্তর্ভুক্ত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির মাধ্যমে প্রতি পরিবারকে ২ হাজার ৫০০ টাকা প্রদান করা হচ্ছে যা কেবল আর্থিক সহায়তা নয়। বরং এটি গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করার একটি কার্যকর উদ্যোগ। তিনি আরও বলেন, এই অর্থ প্রান্তিক মানুষের ক্রয়ক্ষমতা বাড়ানোর পাশাপাশি গ্রামের মুদি দোকান, কাঁচাবাজার, ওষুধের দোকানসহ ক্ষুদ্র ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব ফেলছে। এছাড়া শহর-গ্রামের অর্থনৈতিক বৈষম্য কমাতেও এটি সহায়ক ভূমিকা রাখছে।
আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের
ইয়াসের খান চৌধুরী বলেন, নির্বাচন-পূর্ব ও পরে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নিয়ে কিছু সমালোচনা হয়েছে। তবে বর্তমানে অনেকেই এই ধরনের কর্মসূচির প্রয়োজনীয়তা উপলব্ধি করছেন।
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল যুগে গুজব ও অপপ্রচার সমাজে অস্থিরতা সৃষ্টির অন্যতম মাধ্যম হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ফ্যাক্ট-চেকিং ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং জীবনপ্রেম জাগ্রত করতে মন্ত্রণালয় বিভিন্ন শর্ট ফিল্ম, সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক রিল এবং বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি বাস্তবায়ন করছে। যা তরুণদের ইতিবাচক মানসিক বিকাশে ভূমিকা রাখবে।
প্রতিমন্ত্রী বলেন, সাধারণ মানুষের বিনোদনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল বিশ্বকাপ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে দেশের কোটি কোটি মানুষ প্রায় বিনামূল্যে বিশ্বকাপের খেলা উপভোগের সুযোগ পাচ্ছেন। এতে রাষ্ট্রের কোটি টাকা সাশ্রয় হয়েছে।
আরও পড়ুন: ২০৩৪ সালের মধ্যে জিডিপি ১ ট্রিলিয়ন ডলার ছাড়াবে প্রধানমন্ত্রীর আশা
তিনি আরও বলেন, সরকার একটি মানবিক, সচেতন এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। প্রস্তাবিত বাজেট সেই লক্ষ্য বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে কাজ করবে।
বক্তব্যের শুরুতে তিনি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। তিনি তার নির্বাচনী এলাকা নান্দাইলের ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি তার বাবা-মায়ের কথা বলার সময় আবেগে আপ্লুত হয়ে পড়েন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন