ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

যুক্তরাষ্ট্র ১ হাজার ২০০ কোটি ডলার অবমুক্ত করছে ইরানকে


যুক্তরাষ্ট্র ১ হাজার ২০০ কোটি ডলার অবমুক্ত করছে ইরানকে

দীর্ঘদিন ধরে বিদেশি ব্যাংকগুলোতে আটকে থাকা ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার রাষ্ট্রীয় সম্পদ অবমুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইরান সমঝোতায় পৌঁছেছে। সুইজারল্যান্ডে দুই দেশের উচ্চপর্যায়ের বৈঠকে দীর্ঘ আলোচনা চলাকালীন পর এই অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন তেহরান।

মঙ্গলবার (২৩ জুন) ইরানের পার্লামেন্ট স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, টানা ১৮ ঘণ্টার আলোচনার পর ওয়াশিংটন ও তেহরান একটি সমঝোতায় পৌঁছেছে।

গালিবাফ বলেন, এই চুক্তির আওতায় শুধু অবরুদ্ধ অর্থই অবমুক্ত করা হচ্ছে না, সেই সঙ্গে ইরানের জ্বালানি তেল ও পেট্রোরাসায়নিক খাতের ওপর আরোপিত কিছু মার্কিন নিষেধাজ্ঞাও সাময়িকভাবে শিথিল করা হয়েছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা

এদিকে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ১ আগস্ট পর্যন্ত ইরান আন্তর্জাতিক বাজারে তাদের তেল ও পেট্রোরাসায়নিক পণ্য বিক্রির জন্য বিশেষ অনুমতি পাবে।

মার্কিন প্রশাসনের দাবি, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে পুনরায় কাজ করার সুযোগ দেওয়ার বিষয়ে তেহরান সম্মত হওয়ায় এই ছাড় দেওয়া হয়েছে।

সুইজারল্যান্ডে অনুষ্ঠিত এই গুরুত্বপূর্ণ আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে পাকিস্তান ও কাতার। দুই দেশের কূটনৈতিক প্রচেষ্টার ফলে দীর্ঘ ও জটিল আলোচনার পর উভয় পক্ষ সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়।

তবে অবমুক্ত অর্থের ব্যবহার নিয়ে নতুন বিতর্ক দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে দাবি করেছেন, এই অর্থের একটি বড় অংশ যুক্তরাষ্ট্রে উৎপাদিত কৃষিপণ্য কেনার জন্য ব্যয় করা উচিত।

আরও পড়ুন: ইরানের হামলার শঙ্কায় বিভিন্ন দেশে ইন্টারনেট বিপর্যয়ের আশঙ্কা : কাতারের সতর্কতা

কিন্তু এ দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরানের কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, অবমুক্ত হওয়া অর্থ কোথায় এবং কীভাবে ব্যয় করা হবে, সে সিদ্ধান্ত সম্পূর্ণভাবে ইরানের নিজস্ব বিষয়।

কেন্দ্রীয় ব্যাংক আরও বলেছে, যুক্তরাষ্ট্র থেকে কৃষিপণ্য কিনতে ইরানকে কোনোভাবেই বাধ্য করা যাবে না। দেশের অর্থনৈতিক প্রয়োজন ও জাতীয় স্বার্থ বিবেচনায় তেহরান নিজেই এই অর্থ ব্যবহারের পরিকল্পনা নির্ধারণ করবে।

বিশ্লেষকদের মতে, এই সমঝোতা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে এখনো অনেক জটিলতা রয়ে গেছে।

আরও পড়ুন: মার্কিন দূত উইটকফের পুতিনের সঙ্গে বৈঠক বুধবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপের মধ্যে ট্রাম্পের রাজনীতি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


ইরান ইস্যুতে মার্কিন জনগণের অসন্তোষে চাপের মধ্যে ট্রাম্পের রাজনীতি

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার উদ্যোগ নিলেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নয় দেশটির বেশিরভাগ মানুষ।

নতুন এক জনমত জরিপে দেখা গেছে, মার্কিন নাগরিকরা যুদ্ধ দ্রুত শেষ করতে চান, তবে তারা মনে করছেন এই সমঝোতা যুক্তরাষ্ট্রের জন্য বড় কোনো সাফল্য বয়ে আনেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন ইরানের সঙ্গে সমঝোতা করে যুদ্ধ শেষের পথে এগোলেও সাধারণ মানুষের দৃষ্টিতে এটি কোনো বিজয় নয়। বরং অনেকেই মনে করছেন, দীর্ঘ সংঘাত থেকে বেরিয়ে আসার জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ ও ইউগভের জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ মার্কিনি চান যুদ্ধ এখনই বন্ধ হোক। অন্যদিকে মাত্র ২২ শতাংশ মানুষ মনে করেন, ইরান আরও ছাড় না দেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপ অব্যাহত রাখা উচিত।

তবে সমঝোতাটি মূল্যায়ন করতে গিয়ে ভিন্ন চিত্র পাওয়া গেছে। মাত্র ২২ শতাংশ মানুষ মনে করেন, এই চুক্তি যুক্তরাষ্ট্রের জন্য ভালো। ৩৭ শতাংশের মতে, এটি বরং ইরানের জন্য বেশি সুবিধাজনক। বাকি ৪১ শতাংশ মনে করেন, দুই পক্ষই প্রায় সমান সুবিধা পেয়েছে।

জরিপে আরও দেখা গেছে, ৬৯ শতাংশ মার্কিনি মনে করেন, এই সমঝোতা চূড়ান্ত হলেও ইরানের পরমাণু কর্মসূচি পুরোপুরি বন্ধ করা সম্ভব হবে না। এমনকি রিপাবলিকানদের মধ্যেও প্রায় অর্ধেক মানুষ একই মত দিয়েছেন।

যুদ্ধের ফলাফল নিয়েও হতাশ মার্কিন নাগরিকরা। ৪৫ শতাংশ মানুষ মনে করেন, কৌশলগত দিক থেকে যুদ্ধ সফল হয়নি। আর ৫৭ শতাংশের মত, এই যুদ্ধ সমস্যার সমাধানের চেয়ে নতুন সমস্যা তৈরি করেছে।

ট্রাম্প প্রশাসন দাবি করে আসছে, যুদ্ধের মাধ্যমে ইরানের সামরিক শক্তি দুর্বল হয়েছে এবং পরমাণু কর্মসূচিতে বড় আঘাত এসেছে। তবে জরিপে মাত্র ৩৭ শতাংশ মানুষ মনে করেন, যুদ্ধের পর ইরান আগের চেয়ে দুর্বল হয়েছে। ৬৩ শতাংশের মতে, ইরান আগের মতোই শক্তিশালী আছে অথবা আরও শক্তিশালী হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ার ঘটনা নিয়েও মার্কিনদের উদ্বেগ রয়েছে। বিশ্বের গুরুত্বপূর্ণ এই তেল পরিবহন পথ বন্ধ হওয়ার ফলে বৈশ্বিক অর্থনীতিতে বড় চাপ তৈরি হয়। অনেকেই মনে করছেন, ট্রাম্প প্রশাসন এই পরিস্থিতির প্রভাব আগে থেকে বুঝতে পারেনি।

জরিপে ৬৪ শতাংশ মানুষ বলেছেন, যুদ্ধের কারণে বিশ্ব অর্থনীতিতে যে প্রভাব পড়েছে, তা ট্রাম্প প্রশাসনের ধারণার চেয়েও বেশি ছিল।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন জনগণ এখন মূলত দীর্ঘ যুদ্ধ থেকে মুক্তি চায়। কারণ ট্রাম্প প্রশাসন আগে জানিয়েছিল, যুদ্ধ কয়েক সপ্তাহের মধ্যে শেষ হবে। কিন্তু সংঘাত প্রায় চার মাস ধরে চলায় মানুষের মধ্যে হতাশা তৈরি হয়েছে।

জরিপে আরও উঠে এসেছে, দুই-তৃতীয়াংশ মার্কিনি মনে করেন, ট্রাম্প প্রশাসন নিজেদের সব লক্ষ্য পূরণ করেছে বলে নয়, বরং সংঘাত শেষ করতেই এই সমঝোতায় গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেসির জাদুতে সরব বেরোবি, স্বাধীনতা স্মারক মাঠে ফুটবলপ্রেমীদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক

মাসফিকুল হাসান,বেরোবি প্রতিনিধি

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:৩৯ পি.এম


মেসির জাদুতে সরব বেরোবি, স্বাধীনতা স্মারক মাঠে ফুটবলপ্রেমীদের মিলনমেলা

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনা এবং অস্ট্রিয়ার মধ্যকার গুরুত্বপূর্ণ ম্যাচকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ক্যাম্পাসে উৎসবমুখর আবহাওয়া সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে স্থাপিত একটি বড় এলইডি জায়ান্ট স্ক্রিনের সামনে হাজার হাজার শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ফুটবলপ্রেমী দর্শকরা এই ম্যাচ উপভোগ করতে জড়ো হয়েছেন।

সোমবার (২২ জুন) রাত ১১টায় ম্যাচের শুরু আগে থেকেই মাঠে দর্শকদের সমাগম ঘটতে থাকে। প্রিয় দলের জার্সি পরিহিত, হাতে জাতীয় পতাকা এবং মুখে বিভিন্ন স্লোগান নিয়ে উপস্থিত হন আর্জেন্টিনা সমর্থকেরা। খেলার প্রতিটি মুহূর্তে করতালি, উল্লাস এবং উচ্ছ্বাসের মাধ্যমে পুরো ক্যাম্পাস মুখর হয়ে ওঠে।

ম্যাচ শুরুতেই আক্রমণাত্মক ফুটবল প্রদর্শন করতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধে অধিনায়ক লিওনেল মেসির পেনাল্টি মিসের কারণে সমর্থকদের মধ্যে এক মুহূর্তের জন্য হতাশা দেখা দেয়। তবে কিছুক্ষণ পরই মেসির একটি গোল দলকে এগিয়ে দিলে আনন্দে ফেটে পড়েন উপস্থিত দর্শকরা। চারদিকে শুরু হয় করতালি, উল্লাস এবং জয়ধ্বনি।

খেলা দেখতে আসা শিক্ষার্থী ইমন বলেন, "বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে বড় পর্দায় বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার অনুভূতি সত্যিই অন্যরকম। এমন আয়োজন শুধু খেলা দেখার আনন্দই বাড়ায় না, বরং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সম্প্রীতি ও উৎসবের আবহ তৈরি করে।"

শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ ক্যাম্পাস জীবনে নতুন মাত্রা জুগিয়েছে। তাঁরা আশা প্রকাশ করেন যে বিশ্বকাপের অবশিষ্ট ম্যাচগুলোতেও এই ধরনের আয়োজন অব্যাহত থাকবে। তাদের মতে, একসঙ্গে বসে খেলা উপভোগ করার মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং ক্যাম্পাসের প্রাণচাঞ্চল্য আরও বৃদ্ধি পাবে।

বিশ্বকাপকে ঘিরে এই ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। প্রিয় দলের সমর্থকদের পাশাপাশি নিরপেক্ষ দর্শকরাও একত্রিত হয়ে খেলা উপভোগ করে ফুটবলের বৈশ্বিক উৎসব ভাগাভাগি করছেন, যা ক্যাম্পাসে একটি অনন্য মিলনমেলার পরিবেশ তৈরি করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:৪১ পি.এম


নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহররম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ জুন) ধানমন্ডি ৩২ নম্বরে নিরাপত্তা পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এস এন মো. নজরুল ইসলাম বলেন, আজ ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। একই সঙ্গে মহররম মাসও চলছে। বিষয়গুলোকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতা বা অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্কতায় রয়েছে।

তিনি বলেন, রাজধানীসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পর্যাপ্তসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি ও সেনাবাহিনীও ঢাকা এবং আশপাশের কয়েকটি জেলায় দায়িত্ব পালন করছে।

image

ডিএমপির অতিরিক্ত এই পুলিশ কমিশনার আরও বলেন, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আশা করি, বাকি সময়েও কোথাও কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হবে না। ঢাকাবাসী নিরাপদ থাকবে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: চিফ হুইপ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

১২:৫০ পি.এম


জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব দিচ্ছে সরকার: চিফ হুইপ

জ্বালানি সংকটের সমাধানের উদ্দেশ্যে নবায়নযোগ্য জ্বালানিতে রূপান্তর ঘটানোর লক্ষ্যে সরকার কাজ করছে, এই তথ্য জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি এ সময় প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরের প্রেক্ষাপটে জ্বালানি খাতে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি হওয়ার সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত দেন।

মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত এক সেমিনারের বৈশিষ্ট্যসূচক বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে আলোচনা হয় জাতীয় বাজেটের প্রেক্ষাপটে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতের সম্ভাবনা এবং করণীয় বিষয়ে। বিশেষভাবে পাকিস্তানের সৌরবিদ্যুৎ খাতে দ্রুত অগ্রগতির অভিজ্ঞতা তুলে ধরা হয়। আলোচনায় উল্লেখ করা হয়, ব্যাংক ঋণের ওপর অতিরিক্ত নির্ভরতা না রেখে ব্যক্তিগত বিনিয়োগ ও অর্থায়নের মাধ্যমে পাকিস্তান অল্প সময়ের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে উল্লেখযোগ্য সাফল্য নিয়ে এসেছে।

বক্তারা বলেন, জাতীয় গ্রিডের বিদ্যুতের ঘাটতি পূরণে সৌরবিদ্যুৎ একটি কার্যকর বিকল্প উৎস হিসেবে কাজ করতে পারে। এছাড়া, জ্বালানি আমদানির ওপর নির্ভরতা কমিয়ে দীর্ঘমেয়াদী জ্বালানি নিরাপত্তা অর্জনের জন্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি করতে হবে বলেও অভিমত দেন তারা।

আলোচকরা আরও বলেন, নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে দেশি ও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য সরকারের নীতিগত সহায়তা ও প্রণোদনা খুবই প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%