১০:৪১ পি.এম
দিনাজপুরের পার্বতীপুরে মনোরঞ্জন রায় (৫৫) নামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আসাদুজ্জামান (৩২) নামের এক ব্যক্তিকে পুলিশ আটক করেছে।
রবিবার (২৫ অক্টোবর) দুপুর ২টার দিকে উপজেলার ১ নং বেলাইচন্ডি ইউনিয়নের নয়া মোল্লাপাড়া এলাকায় এই হত্যাকাণ্ড ঘটে।
নিহত শিক্ষক মনোরঞ্জন রায় চিরিরবন্দর উপজেলার সোনাপুকুর মাঝিপাড়া গ্রামের মৃত অসীম চন্দ্র রায়ের পুত্র ছিলেন। তিনি পার্বতীপুর চক শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি নেতা আলহাজ্ব মোঃ খসরুল আলমের শুভেচ্ছা
পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ জানিয়েছেন, নয়া মোল্লাপাড়া গ্রামের আজিজুল মাস্টারের বসতবাড়ির সংলগ্ন রাস্তা নিয়ে আসাদুজ্জামান গংদের সঙ্গে প্রতিবেশীদের পূর্ব থেকেই বিরোধ চলছিল। রবিবার দুপুরে রাস্তার জায়গা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হলে শিক্ষক মনোরঞ্জন রায় বিরোধ মীমাংসার জন্য উভয় পক্ষের সঙ্গে আলোচনা করছিলেন। এ সময় আসাদুজ্জামান ও তার সহযোগীরা ক্ষিপ্ত হয়ে মনোরঞ্জন রায়ের ওপর আকস্মিক হামলা চালায়। তারা গাছের ডাল ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এতে শিক্ষক মনোরঞ্জন রায় গুরুতর আহত হয়ে ধানক্ষেতে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
এ ঘটনার পর স্থানীয় একজন বাসিন্দা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে খবর দেন। এরপর পার্বতীপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসাদুজ্জামানকে আটক করে।
দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আনোয়ার হোসেন জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
আরও পড়ুন: রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল-ভ্যানের সংঘর্ষ, ট্রাকের চাপায় মাদ্রাসাছাত্র নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন