মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:১৮ এম
মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা কিছুটা কমে আসার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম টানা দ্বিতীয় দিনের মতো কমেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা না চালানোর ইঙ্গিত দেওয়ার পর সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা কমে গেছে। এই পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক তেলের বাজারে লক্ষ্য করা যাচ্ছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৭০ সেন্ট বা শূন্য দশমিক ৭৫ শতাংশ কমে ৯১ ডলার ৮৮ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৭৮ সেন্ট বা শূন্য দশমিক ৯০ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৮৬ ডলার ৭ সেন্টে নেমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, দিনের লেনদেনের শুরুতে উভয় ধরনের তেলের দাম প্রায় ১ শতাংশ কমেছিল। এর আগের কার্যদিবসে ব্রেন্ট ক্রুডের দাম ৫ দশমিক ৮৫ শতাংশ কমে ৩১ আগস্টের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে।
সোমবার (৯ নভেম্বর) ট্রাম্প জানান, আপাতত ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হামলা চালানোর পরিকল্পনা স্থগিত রাখবেন তিনি। মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতার অনুরোধের পর এ সিদ্ধান্তের কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তাঁদের মধ্যে কাতারের প্রধানমন্ত্রীও রয়েছেন, যিনি হোয়াইট হাউসে আলোচনার সময় ট্রাম্পকে হামলা না চালানোর অনুরোধ জানান।
তবে সামরিক হামলা আপাতত স্থগিত রাখলেও ট্রাম্প হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত রাখার পরিকল্পনার কথা জানিয়েছেন।
কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার মন্তব্য করেছেন, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর ইরান ইস্যুতে ট্রাম্পের তুলনামূলক নমনীয় অবস্থানকে তেলের বাজার গুরুত্ব দিচ্ছে। হরমুজ প্রণালির আশপাশে জাহাজে হামলার ঘটনা ঘটলেও তা বাজারে নতুন করে বড় ধরনের ঝুঁকির প্রভাব তৈরি করেনি।
এদিকে রয়টার্সের এক জরিপে দেখা গেছে, অক্টোবরে ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন বেড়েছে। বিশেষ করে সউদী আরব, কুয়েত ও ইরাকের উৎপাদন বৃদ্ধির কারণে এ প্রবৃদ্ধি হয়েছে। তবে রপ্তানির ক্ষেত্রে এখনো কিছু সীমাবদ্ধতা রয়েছে।
গত ৩০ অক্টোবর ব্রেন্ট ক্রুডের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠে ব্যারেলপ্রতি ১১৮ ডলারে পৌঁছেছিল। সেখান থেকে এখন পর্যন্ত দাম প্রায় ২২ শতাংশ কমেছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান আরও বাড়ার আশঙ্কা কমে আসায় বাজারে এই দরপতন ঘটেছে। তবে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার ঝুঁকি এখনো রয়ে গেছে। তথ্যসূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরাইলে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করার প্রচেষ্টা চালাচ্ছেন বিরোধী নেতা গাদি আইজেনকট। বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানোর লক্ষ্যে, তিনি তার দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত অতি-রক্ষণশীল ইহুদি দলগুলোর সমর্থন পাওয়ার চেষ্টা করছেন।
সোমবার (৯ নভেম্বর) আইজেনকট ইসরাইলের ডানপন্থী দল ইসরায়েল বেইতেনুর নেতা আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেছেন। টাইমস অব ইসরাইলের খবর অনুযায়ী, ওই বৈঠকে নেসেটের (ইসরাইলি পার্লামেন্ট) পরবর্তী স্পিকার নিজেদের ইয়াশার পার্টি থেকে নিয়োগ দেওয়ার বিষয়ে সমঝোতা হয়েছে। একই সঙ্গে, সরকার গঠনের প্রচেষ্টায় অতি-রক্ষণশীল দল ইউনাইটেড তোরাহ জুডাইজম (ইউটিজে) ও শাসের সমর্থন আদায়ের উদ্যোগ এগিয়ে নেওয়ার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন।
বর্তমানে আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধী জোটে ৪৮ জন আইনপ্রণেতা রয়েছেন। ইসরাইলের পার্লামেন্টে সরকার গঠনের জন্য ৬১ আসনের সমর্থন প্রয়োজন। তাই সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন।
টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অন্যান্য দলগুলোর সমর্থন আদায়ের পাশাপাশি নেসেটের স্পিকার আমির ওহানাকে সরিয়ে দেওয়ার বিষয়টিও বিবেচনা করছেন বিরোধী জোটের নেতারা। নতুন স্পিকার নিয়োগের মাধ্যমে পার্লামেন্টে আইন প্রণয়নের উদ্যোগ এগিয়ে নিতে চান তারা।
লিবারম্যান শুক্রবার বলেছেন, নীতিগত মতপার্থক্য থাকলেও ইউটিজে ও শাসকে বিরোধী জোটের সঙ্গে যুক্ত করা উচিত। সোমবারের বৈঠকে আইজেনকটও এ উদ্যোগে সম্মতি দিয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানা গেছে। এ ক্ষেত্রে বাধ্যতামূলক সামরিক নিয়োগসংক্রান্ত আইনের একটি শিথিল সংস্করণ তৈরির বিষয়টি আলোচনায় রয়েছে।
তবে এই দুই অতি-রক্ষণশীল দল দীর্ঘদিন ধরে বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরোধিতা করে আসছে। অন্যদিকে, আইজেনকটের জোট নির্বাচনে সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবার প্রতিশ্রুতি দিয়েছিল।
নেতানিয়াহুর দীর্ঘদিনের মিত্র ইউটিজেও তার ওপর অসন্তুষ্ট। ইয়েশিভার শিক্ষার্থীদের সামরিক বাহিনীতে যোগদান থেকে অব্যাহতি দেওয়ার আইন পাশ করতে ব্যর্থ হওয়ায়, দলটি নেতানিয়াহুকে আরেক মেয়াদে সমর্থন দিতে রাজি হয়নি। তবে শাস এখনো নেতানিয়াহুর পক্ষেই রয়েছে।
ইসরাইলি সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, বৈঠকে লিবারম্যান আইজেনকটকে আরব দলগুলোর সঙ্গে সরকার গঠনের চিন্তা বাদ দেওয়ার পরামর্শ দিয়েছেন। তার মতে, আরব দলগুলোর ওপর নির্ভরশীল সরকার স্থিতিশীল হবে না। বরং অতি-রক্ষণশীল দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠন করা গেলে তা নেতানিয়াহুকে চাপে ফেলবে।
চ্যানেল ১৩-এর প্রতিবেদনে বলা হয়েছে, লিবারম্যান আইজেনকটকে বলেছেন, ‘আপনিই প্রধানমন্ত্রী হবেন। আমি নিজে এই পদ চাইছি না।’ যদিও নির্বাচনি প্রচারণার সময় লিবারম্যানও প্রকাশ্যে প্রধানমন্ত্রী পদের প্রার্থী হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন।
এদিকে, আইজেনকটের নেতৃত্বে নতুন সরকার গঠনের প্রচেষ্টা ঠেকাতে তৎপরতা চালাচ্ছেন নেতানিয়াহু। চ্যানেল ১২ জানিয়েছে, ইউটিজের দুই প্রভাবশালী ধর্মীয় নেতা রাব্বি দোভ ল্যান্ডো ও মোশে হিলেল হির্শের সঙ্গে দেখা করার চেষ্টা করেছেন তিনি। তবে তার এ প্রচেষ্টা প্রত্যাখ্যান করা হয়েছে বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নেতানিয়াহু অতি-রক্ষণশীল দলগুলোকে আইজেনকটের সরকার গঠনের উদ্যোগের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি নতুন নির্বাচন চান বলেও দাবি করা হয়েছে। তার ধারণা, নতুন নির্বাচনে জয়ী হয়ে দলগুলোর দাবিগুলো পূরণ করতে পারবেন।
এ ছাড়া নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী নাতান এসেল নির্বাচনের আগে ও পরে আরব দল রা'আমের নেতা মানসুর আব্বাসের সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে। তবে এসেল দাবি করেছেন, এ ধরনের কোনো রাজনৈতিক বার্তা আদান-প্রদান হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যে টাটা ইলেকট্রনিকসের একটি কারখানায় তিন চুক্তিভিত্তিক শ্রমিকের মৃত্যু শ্বাসরোধে ঘটেছে। এই কারখানায় অ্যাপলের আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ তৈরি করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানিয়েছে। ওই সূত্রের উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, রাজ্যের হোসুরে অবস্থিত কারখানাটিতে পানির ট্যাংক রক্ষণাবেক্ষণের কাজ করার সময় শ্বাসরোধে ওই তিন শ্রমিকের মৃত্যু ঘটে। সংবাদপত্র দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সোমবার এ ঘটনাটি ঘটে।
এ বিষয়ে মন্তব্যের জন্য টাটা ইলেকট্রনিকসের সাথে যোগাযোগ করেছে রয়টার্স। তবে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
তামিলনাড়ুর শিল্পমন্ত্রী ভিরুধাই মাগাল কীর্থনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। তিনি উল্লেখ করেন, "প্রতিটি শ্রমিকের নিরাপত্তা ও মর্যাদাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।"
মন্ত্রী আরও জানান, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এবং তদন্তের ফল অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তথ্যসূত্র: রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত মুসলিম সিনেটর আবদুল আল-সাইয়েদের সমর্থকেরা ইসরাইলকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা বন্ধের দাবি জানিয়েছেন। তাদের মতে, ওয়াশিংটনের অর্থ ও অস্ত্র দিয়ে ইসরাইলকে সহযোগিতা বন্ধ করা তার নতুন রাজনৈতিক দায়িত্বের অন্যতম গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা এবং গাজায় ইসরাইলি সামরিক অভিযানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের প্রত্যাশাও জানিয়েছেন তারা।
গত ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের চান্টিলিতে আরব আমেরিকা ফাউন্ডেশনের আয়োজিত এক সম্মেলনে এসব দাবি উঠে আসে। মিশিগান থেকে যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বড় পরিসরে সমর্থকদের সঙ্গে ওই অনুষ্ঠানে অংশ নেন আল-সাইয়েদ। তার নির্বাচনী বিজয় এবং ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়ে সম্মেলনে ব্যাপক উৎসাহ দেখা যায়।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ ডিজিটালের প্রতিবেদক নিকোলাস বালাসি সম্মেলনটি নিয়ে প্রতিবেদন ও ভিডিও প্রকাশ করেন। ৯ নভেম্বর প্রকাশিত ভিডিওতে আল-সাইয়েদের সমর্থকদের তার কাছে বিভিন্ন দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরতে দেখা যায়।
ফাউন্ডেশনের চেয়ারম্যান আন্দোনি সরাসরি বলেন, সিনেটে আল-সাইয়েদের কাছে তার প্রথম প্রত্যাশা হলো ইসরাইলকে দেওয়া সহায়তা বন্ধ করা, বিশেষ করে সামরিক সহায়তা। তার ভাষায়, ‘আমাদের সম্প্রদায়ের দৃষ্টিকোণ থেকে এটি সম্ভবত এক নম্বর অগ্রাধিকার।’
তিনি স্বীকার করেন, আল-সাইয়েদ নিজে সর্বজনীন স্বাস্থ্যসেবা বা ‘মেডিকেয়ার ফর অল’-এর মতো অভ্যন্তরীণ বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন। তবে ব্যক্তিগতভাবে তিনি নবনির্বাচিত সিনেটরকে ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের পরামর্শ দেবেন বলে জানান।
সম্মেলনে উপস্থিত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা ফিলিস্তিনিদের জন্য আরো মার্কিন সহায়তা, গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং মার্কিন করদাতাদের অর্থ দিয়ে ইসরাইলের সামরিক অভিযান পরিচালনায় সহযোগিতা না করার দাবি জানান।
সমর্থকদের দাবির সঙ্গে মিল রয়েছে আল-সাইয়েদের অবস্থানের। ইসরাইলকে সামরিক সহায়তা বন্ধের দাবি শুধু সমর্থকদের মধ্যেই সীমাবদ্ধ নয়। নির্বাচনের পর বিভিন্ন সাক্ষাৎকারে আল-সাইয়েদ নিজেও এ বিষয়ে তার অবস্থান স্পষ্ট করেছেন। ৪ নভেম্বর যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পাবলিক রেডিওকে (এনপিআর) দেওয়া সাক্ষাৎকারে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইসরাইলকে বছরে প্রায় ৪০০ কোটি ডলারের সামরিক সহায়তা বন্ধের ঘোষণাকে স্বাগত জানান।
আল-সাইয়েদ বলেন, ‘এই নীতির ক্ষেত্রে প্রেসিডেন্ট আসলে সঠিক অবস্থান নিয়েছেন।’ তিনি আরো বলেন, গণহত্যা ও বর্ণবৈষম্যের মতো কর্মকাণ্ডে ব্যবহৃত হয়, এমন অস্ত্র ইসরাইলের কাছে বিক্রি বন্ধ করাও প্রয়োজন।
তার মতে, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ বিদেশি সামরিক বাহিনীকে ভর্তুকি দেওয়ার পরিবর্তে দেশের মানুষের স্বাস্থ্যসেবা, শিক্ষা, অবকাঠামো ও শিশুদের কল্যাণে ব্যয় করা উচিত। ইসরাইলের পাশাপাশি মিসর, সৌদি আরব, জর্ডান ও পাকিস্তানকে দেওয়া মার্কিন সামরিক সহায়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
৫ নভেম্বর তুরস্কের সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া বক্তব্যেও তিনি ট্রাম্পের প্রস্তাবের প্রতি সমর্থন জানান। আল-সাইয়েদ বলেন, মার্কিন অর্থ ব্যবহার করে যেসব কর্মকাণ্ডে গুরুতর অপরাধ সংঘটিত হয়েছে, এমন কোনো বিদেশি সামরিক বাহিনীকে যুক্তরাষ্ট্রের ভর্তুকি দেওয়া অব্যাহত রাখা উচিত নয়। এ বিষয়ে ট্রাম্পের সঙ্গে কাজ করতেও তিনি আগ্রহী।
তবে ফিলিস্তিন-ইসরাইল প্রশ্নে তার অবস্থান শুধু সামরিক সহায়তা বন্ধের দাবিতে সীমাবদ্ধ নয়। তিনি ফিলিস্তিনি ও ইহুদি—উভয় জনগোষ্ঠীর জন্য সমান অধিকার, শান্তি, মর্যাদা ও আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করার পক্ষে কথা বলেছেন।
আল-সাইয়েদের মতে, যুক্তরাষ্ট্র একদিকে দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলছে, অন্যদিকে এমন একটি সরকারকে অর্থ ও অস্ত্র দিয়ে সহযোগিতা করছে, যারা ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে সংকুচিত করছে। জাতিসংঘ কিংবা আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরাইলের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও গণহত্যার অভিযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পক্ষপাতমূলক অবস্থান নেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
সম্মেলনে ছিল ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠনের উপস্থিতি। আরব আমেরিকা ফাউন্ডেশনের সম্মেলনে ফিলিস্তিনপন্থি বিভিন্ন সংগঠন ও আন্দোলনের প্রতিনিধিরা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন আনকমিটেড ন্যাশনাল মুভমেন্টের সহ-সভাপতি আব্বাস আলাউইহ ও লায়লা এলাবেদ। ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গাজা যুদ্ধ নিয়ে তৎকালীন বাইডেন প্রশাসনের নীতির প্রতিবাদে ডেমোক্রেটিক ভোটারদের সংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই আন্দোলন।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন কোডপিঙ্কের সহপ্রতিষ্ঠাতা মেদিয়া বেঞ্জামিন এবং আরব আমেরিকান ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা জেমস জগবি। কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসের (সিএআইআর) প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। সংগঠনটির রাজনৈতিক শাখা সিএআইআর অ্যাকশন আল-সাইয়েদকে সমর্থন দিয়েছিল। পাশাপাশি তাদের সংশ্লিষ্ট সুপার পিএসি তার নির্বাচনী প্রচারণার পক্ষে ৪ লাখ ৪৫ হাজার ডলারের বেশি ব্যয় করেছে।
সিএআইআরের প্রতিনিধি ব্যক্তিগতভাবে গাজায় হত্যাযজ্ঞ বন্ধ এবং মার্কিন করদাতাদের অর্থ দিয়ে এ ধরনের কর্মকাণ্ডে সহযোগিতা না করার পক্ষে অবস্থান জানান।
যুক্তরাষ্ট্রের রাজনীতিতে নতুন সমীকরণ
৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে মিশিগান থেকে সিনেটর নির্বাচিত হন ৪২ বছর বয়সী আবদুল আল-সাইয়েদ। এর মধ্য দিয়ে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর নির্বাচিত হওয়ার নজির গড়েন। আগামী জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের কথা রয়েছে তার।
নির্বাচনী প্রচারণায় সর্বজনীন স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয় কমানো, রাজনীতিতে করপোরেট অর্থের প্রভাব হ্রাস এবং ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের দাবি ছিল তার গুরুত্বপূর্ণ অবস্থানগুলোর মধ্যে। প্রেসিডেন্ট ট্রাম্প ও রিপাবলিকান নেতারা প্রচারণার সময় তার মুসলিম পরিচয় এবং ইসরাইল বিষয়ক অবস্থান নিয়ে সমালোচনা করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে জয় পান তিনি।
সম্মেলনে আল-সাইয়েদের ভবিষ্যৎ রাজনৈতিক ভূমিকা নিয়েও আলোচনা হয়। এমনকি কেউ কেউ তাকে ভবিষ্যতে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবেও দেখতে চান বলে জানান।
তবে এ ধরনের জল্পনা নাকচ করে আল-সাইয়েদ বলেন, ‘না, আমি যুক্তরাষ্ট্রের সিনেটর হিসেবে নিজের রাজ্যের মানুষের সেবা করতে চাই।’ সম্মেলনে তাকে আরব আমেরিকা ফাউন্ডেশনের প্রথম ‘পাথব্রেকার অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
বিদায়ী বক্তব্যে আল-সাইয়েদ বলেন, ‘আমরা এমন একটি আমেরিকা চাই, যেখানে গণহত্যার বিরুদ্ধে গণতন্ত্রের পক্ষে দাঁড়ানো হবে। আমরা এমন আমেরিকা চাই, যেখানে আন্তর্জাতিক আইন সমুন্নত রাখা হবে।’
তিনি আরো বলেন, ‘আমরা চাই আমাদের করের অর্থ নিজেদের দেশের মানুষের উন্নয়নে বিনিয়োগ করা হোক, অন্য দেশের জন্য বোমা ও ট্যাংক কেনায় নয়।’
তার এই বক্তব্য এবং সমর্থকদের দাবিতে স্পষ্ট হয়েছে, নতুন সিনেটর হিসেবে আল-সাইয়েদের কাছে অভ্যন্তরীণ অর্থনৈতিক সংস্কারের পাশাপাশি যুক্তরাষ্ট্রের ইসরাইল নীতিতেও পরিবর্তনের প্রত্যাশা রয়েছে। তবে এসব প্রত্যাশা বাস্তবে কতটা পূরণ করতে পারবেন, তা নির্ভর করবে সিনেটে তার রাজনৈতিক অবস্থান, কংগ্রেসের সমর্থন এবং মার্কিন পররাষ্ট্রনীতির বৃহত্তর সমীকরণের ওপর।
সূত্র: ফক্স নিউজ ডিজিটাল, এনপিআর, আনাদোলু এজেন্সি, আহরাম অনলাইন, আরব নিউজ ও ওয়াশিংটন পোস্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পঞ্চগড়, ১০ নভেম্বর, ২০২৬ : বর্ষপঞ্জির হিসাব অনুযায়ী, শীতকাল এখনও শুরু হয়নি। কিন্তু উত্তরের জেলা পঞ্চগড়ে রাতের ঠান্ডা শীতের আগমনের সংকেত দিচ্ছে। সন্ধ্যা হওয়ার পর থেকেই শীত অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করে। রাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি আরও তীব্র হয়ে ওঠে। তবে সকালে সূর্যের দ্রুত উদয় ঠান্ডার অনুভূতি কমিয়ে দেয় দিনের শুরুতেই।
মঙ্গলবার সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। গতকাল সোমবার একই সময়ে তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। একদিনের ব্যবধানে তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে শূন্য দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
গতকাল সোমবার পঞ্চগড়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ফলে দিনের গরম এবং রাতের ঠান্ডার আবহাওয়া জেলার মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দিনের বেলায় রোদের কারণে গরম অনুভূত হলেও সন্ধ্যার পর থেকেই ঠান্ডা বাড়তে থাকে। বিশেষ করে গভীর রাত ও ভোরে বাইরে বের হলে শীতের অনুভূতি বেশি প্রকট হয়।
আবহাওয়াবিদদের মতে, পঞ্চগড়ে শীতের আগমনের অনুভূতির অন্যতম কারণ হচ্ছে এর ভৌগোলিক অবস্থান। জেলার অবস্থান দেশের উত্তরের প্রান্তে এবং হিমালয়ের নিকটবর্তী হওয়ায় উত্তরের হিমেল বাতাস সহজেই এই অঞ্চলে প্রবাহিত হয়। শরৎ ও হেমন্তের শেষভাগ থেকেই এখানে ঠান্ডার অনুভূতি বৃদ্ধি পেতে শুরু করে।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, আবহাওয়া এখনও পুরোপুরি শীতের মৌসুমে প্রবেশ করেনি। তবে রাতের ঠান্ডা এবং তাপমাত্রার ওঠানামা নির্দেশ করছে যে, সামনে পঞ্চগড়ে শীতের অনুভূতি আরও বাড়তে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ