ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

বিমান ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল


বিমান ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি করল

সরকার এবার ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি উড়োজাহাজ ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং এয়ারবাসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ বুধবার (৭ অক্টোবর) রাজধানীর রেডিসন ব্লু হোটেলে এই চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রুমি এ হোসেন এবং এয়ারবাস ইন্ডিয়া ও সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর জার্গেন ওয়েস্টারমেয়ার উভয়েই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান রুমি এ হোসেন মন্তব্য করেন, ‘আমরা আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে বিমানের সেবা আরো উন্নত করব। গ্রাহকরা যাতে বিশ্বমানের সেবা পেয়ে বিমানকে বেছে নেন সেই চেষ্টা অব্যাহত থাকবে।’

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ বলেন, ‘আজ বিমান একটি মাইলফলক অর্জন করছে। বিমানের ইতিহাসে প্রথমবারের মতো এয়ারবাসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছি। এটা আমাদের দক্ষতা বৃদ্ধি, টেকসই বাজার সম্প্রসারণে বড় ভূমিকা রাখবে এবং এই চুক্তি ইউরোপ-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।’

এয়ারবাস সাউথ এশিয়ার প্রেসিডেন্ট ইওগাস ক্রিস্টিমায়ার বলেন, ‘আজকের এই চুক্তি শুধু একটি বাণিজ্যিক চুক্তি নয়, বাংলাদেশ এভিয়েশন নেশন হিসেবে নতুন যাত্রা শুরু করল। এয়ারবাস বিমানের ফ্লিট মডার্নাইজেশনে পার্টনার হতে পেরে আমরা গর্বিত।’

অনুষ্ঠানে জানানো হয়, চুক্তিটিতে চারটি ওয়াইড বডি ‘এ৩৫০-৯০০’ এবং ছয়টি ন্যারো বডি ‘এ৩২১নিও’ জেট অন্তর্ভুক্ত রয়েছে।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

এয়ারবাসের উড়োজাহাজগুলোর সরবরাহ ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে শুরু হতে পারে, তবে সরকার চায় তা ২০৩০ সালের আগেই শুরু হোক।

এয়ারবাসের সঙ্গে চুক্তির আগে, বোয়িং থেকে আরো ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান। চলতি বছর দুই দফায় মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে মোট ২৫টি উড়োজাহাজ কেনার চুক্তি সম্পন্ন হয়েছে।

গত ৩০ এপ্রিল প্রথম দফায় প্রায় ৩.৭ বিলিয়ন ডলারে (৪৫ হাজার ৪০৮ কোটি টাকা) ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। এর মধ্যে রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ও চারটি ৭৩৭-৮।

দ্বিতীয় দফায় গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে নিউইয়র্কে আরো ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে পাঁচটি ৭৮৭-১০ ও ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স অন্তর্ভুক্ত রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানায়, বোয়িংয়ের উড়োজাহাজ আসা শুরু হতে পারে ২০৩১ সালে। এই প্রতিষ্ঠানের সব উড়োজাহাজ পেতে ১১ থেকে ১২ বছর লাগবে।

আরও পড়ুন: ‘সারের ডিলারশিপ না, বিষের ডিলারশিপ দিন’ ছাত্রদল নেতার মন্তব্য ভাইরাল

বর্তমানে বিমানের বহরে ১৯টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে ১৪টি বোয়িং ও পাঁচটি ড্যাশ-৮। তবে, বহরের দুটি উড়োজাহাজ প্রায় অচল হয়ে পড়ার অবস্থায় রয়েছে। বাকি ১৭টিও আগামী কয়েক বছরের মধ্যে বহর থেকে বাদ পড়বে। এ কারণে তাৎক্ষণিক চাহিদা মেটাতে আরো ১০টি উড়োজাহাজ ভাড়া (লিজ) নেওয়ার চেষ্টা করছে বিমান। একাধিকবার উদ্যোগ নেওয়া হলেও এখনো কোনো উড়োজাহাজ ভাড়া নিতে পারেনি রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গুরুত্বপূর্ণ পয়েন্টে গোয়েন্দা পুলিশের বিশেষ টিমের অভিযান, অপরাধ দমনে অব্যাহত থাকবে নজরদারি

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


গুরুত্বপূর্ণ পয়েন্টে গোয়েন্দা পুলিশের বিশেষ টিমের অভিযান, অপরাধ দমনে অব্যাহত থাকবে নজরদারি

বরিশাল নগরীতে মাদক ব্যবসা, কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণে আকস্মিক চেকপোস্ট ও সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ।

বুধবার, ৭ অক্টোবর ২০২৬, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বরিশাল মহানগর গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক টিম-১ এ অভিযান পরিচালনা করে।

বরিশাল মহানগর পুলিশ (বিএমপি) মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, নগরীতে অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম গুরুত্বপূর্ণ স্থানে আকস্মিক চেকপোস্ট স্থাপন করে।

অভিযানে কিশোর গ্যাংয়ের সদস্য, চিহ্নিত মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং সন্দেহভাজন অপরাধীদের ওপর বিশেষ নজরদারি করা হয়।

গোয়েন্দা পুলিশের বিশেষ আভিযানিক টিম-১-এর সদস্যরা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে যানবাহন ও ব্যক্তিদের তল্লাশি এবং সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করেন। আকস্মিক চেকপোস্টের মাধ্যমে অপরাধীদের চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করাই এ ধরনের অভিযানের অন্যতম উদ্দেশ্য বলে জানিয়েছে পুলিশ।

বিশেষ করে মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার ঠেকাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি জোরদার করা হচ্ছে। পাশাপাশি চিহ্নিত অপরাধী ও সন্দেহভাজন ব্যক্তিদের কর্মকাণ্ড পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিএমপি মিডিয়া সেল জানিয়েছে, মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে মহানগর পুলিশের বিভিন্ন ইউনিটের অভিযান অব্যাহত রয়েছে। নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে প্রয়োজন অনুযায়ী নিয়মিত ও আকস্মিক অভিযান পরিচালনা করা হবে।

বিএমপির এমন তৎপরতায় নগরীতে মাদক, কিশোর গ্যাং ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি আরও জোরদার হওয়ার বার্তা পাওয়া যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হজ ব্যবস্থাপনায় ৭৮ দেশের সঙ্গে সৌদির গুরুত্বপূর্ণ বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫১ পি.এম


হজ ব্যবস্থাপনায় ৭৮ দেশের সঙ্গে সৌদির গুরুত্বপূর্ণ বৈঠক

২০২৭ সালের হজের প্রস্তুতির লক্ষ্যে সৌদি আরবের হজ ও উমরা মন্ত্রণালয় ৭৮ দেশের হজবিষয়ক অফিসের সঙ্গে ধারাবাহিক প্রস্তুতি বৈঠক আয়োজন করেছে। এই বৈঠকগুলো হজযাত্রীরা সৌদি আরবে আগমন করার পূর্বে প্রস্তুতি, পরিচালন পরিকল্পনা এবং সেবার বিভিন্ন দিক সমন্বয় করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানায়, বৈঠকগুলোতে হজের প্রস্তুতির বিভিন্ন ধাপের অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। বৈঠকে অনুমোদিত সময়সূচি বাস্তবায়ন, হজ প্যাকেজের প্রক্রিয়া এবং অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির বিষয়েও আলোচনা হয়েছে।

হজযাত্রীদের আবাসন, পরিবহন, খাবার সরবরাহ এবং ভিড় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া, হজযাত্রীদের সচেতনতা ও দিকনির্দেশনামূলক কর্মসূচি এবং হজ পরিচালনার ক্ষেত্রে প্রযোজ্য নিয়মকানুন নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তারা আলোচনা করেছেন।

সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসগুলোর প্রস্তুতি ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। যদি প্রস্তুতি প্রক্রিয়ায় কোনো সমস্যা দেখা দেয়, তবে তা আগেভাগেই শনাক্ত করে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রতিটি ধাপের জন্য দায়িত্ব এবং সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৭ সালের হজের প্রস্তুতি কার্যক্রম গত মে মাসে শুরু হয়। ওই সময়ে বিভিন্ন দেশের হজবিষয়ক অফিসে প্রস্তুতিসংক্রান্ত নথি এবং পরিচালন সূচি পাঠানো হয়। একইসঙ্গে আগের হজ মৌসুমের কার্যক্রমের ব্যাপক মূল্যায়ন করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ বলছে, আগাম এবং সমন্বিত পরিকল্পনার লক্ষ্য হলো হজযাত্রীদের জন্য আরও সুশৃঙ্খল, নির্বিঘ্ন এবং স্বস্তিদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করা। সৌদি ভিশন ২০৩০-এর আওতায় পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবেও এই প্রস্তুতি নেওয়া হচ্ছে।

এসপিএর প্রতিবেদনে বলা হয়েছে, হজের বিভিন্ন কার্যক্রমের আগাম সমন্বয়ের মাধ্যমে সংশ্লিষ্ট দেশগুলোর হজবিষয়ক অফিস, সেবাদাতা প্রতিষ্ঠান এবং সৌদি কর্তৃপক্ষের মধ্যে সমন্বয় আরও জোরদার করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হলেন রামন ভেগা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ফিফা সভাপতির নির্বাচনে ইনফান্তিনোর প্রতিদ্বন্দ্বী হলেন রামন ভেগা

আগামী বছরের ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হিসেবে আসার ঘোষণা দিয়েছেন সাবেক টটেনহ্যাম হটস্পার ডিফেন্ডার রামন ভেগা।

৫৫ বছর বয়সী ভেগা প্রথম ব্যক্তি যিনি প্রকাশ্যে জানিয়েছেন যে তিনি বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোকে চ্যালেঞ্জ করতে চান।

ইনফান্তিনো সম্প্রতি বিশ্বকাপের অংশীদারিত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রি করার ব্যর্থ পরিকল্পনার কারণে ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছেন এবং পদত্যাগের আহ্বানকে উপেক্ষা করেছেন।

সুইজারল্যান্ডের সাবেক সেন্টার-ব্যাক ভেগা সেল্টিক ও ওয়াটফোর্ডের হয়ে খেলেছেন এবং ২০০৪ সালে ফুটবল থেকে অবসর নেওয়ার পর তিনি আর্থিক খাতে কাজ করছেন।

ভেগা বলেন, “আমি দাঁড়াচ্ছি বিশ্ব ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করতে, প্রকৃত ও স্থায়ী সংস্কার আনতে, ফিফাকে আধুনিক রূপ দিতে, স্থিতিশীলতা ও বিশ্বাসযোগ্যতা ফিরিয়ে আনতে এবং সেই আস্থা পুনর্গঠন করতে যা আমাদের খেলায় জরুরি।”

গত মাসে ইনফান্তিনো বলেছিলেন তিনি “ফিফার নেতৃত্বে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ” যদিও উয়েফা, কনকাকাফ ও এশিয়ান ফুটবল কনফেডারেশন তার পদত্যাগ দাবি করেছে।

ভেগা ২০১৫ সালে সেপ ব্লাটারের স্থগিতাদেশের পর ফিফার শীর্ষ পদে প্রার্থী হওয়ার কথা ভেবেছিলেন। চার বছর পর তিনি ইনফান্তিনোর বিরুদ্ধে দাঁড়ানোর ঘোষণা দেন, কিন্তু ভোটে অন্তর্ভুক্ত হওয়ার জন্য প্রয়োজনীয় পাঁচটি ফেডারেশনের সমর্থন পাননি।

প্রার্থিতা ঘোষণার বিবৃতিতে ভেগা বলেন, “আমি দাঁড়াচ্ছি কারণ আমার জীবন আমাকে খেলাটির সেবা করার জন্য প্রস্তুত করেছে। ফুটবল কোনো প্রেসিডেন্ট, কনফেডারেশন বা প্রশাসকের নয়। ফুটবল কোনো পদ, ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে বড়। এটি জনগণের খেলা এবং সবার—খেলোয়াড়, কোচ, রেফারি, সমর্থক, স্বেচ্ছাসেবক, ক্লাব, লিগ, অ্যাসোসিয়েশন ও কমিউনিটির।”

তিনি আরও বলেন, “এটি প্রতিটি শিশুর, যে প্রথমবার খেলাটি আবিষ্কার করছে; প্রতিটি পেশাদারের, যে একটি জাতির আশা বহন করছে; এবং কোটি কোটি সমর্থকের, যাদের আবেগ ফুটবলকে বিশ্বের খেলা বানিয়েছে। ফুটবল সবসময় প্রথমে আসতে হবে। অথচ দীর্ঘদিন ধরে বিভাজন আমাদের ফুটবল পরিবারকে ভেঙে দিয়েছে।”

ভেগা বর্তমান নেতৃত্বকে সমালোচনা করে বলেন দুর্বল প্রশাসন ফিফার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত করেছে এবং বিশ্ব ফুটবল পরিবারে আস্থা নষ্ট করেছে।

“ফুটবল প্রশাসনের অহংকেন্দ্রিক লড়াই কখনোই খেলোয়াড়, কোচ, রেফারি ও সমর্থকদের ক্ষতি করতে দেওয়া যাবে না। তারা এসব দ্বন্দ্বের জন্য দায়ী নয়। তারা আরও ভালো কিছু পাওয়ার যোগ্য।”

শেষে ভেগা বলেন, “ফুটবল এখন জরুরি বিভাগে, লাইফ সাপোর্টে আছে। আমরা আর অপেক্ষা করতে পারি না। ফিফার নতুন দিকনির্দেশনা ও মৌলিক সংস্কার দরকার। আমাদের ফুটবল পরিবারকে পুনরায় একত্রিত করতে হবে, আস্থা ফিরিয়ে আনতে হবে, স্থিতিশীলতা আনতে হবে এবং ফিফার শাসনব্যবস্থাকে আধুনিক করতে হবে। এর জন্য প্রয়োজন দৃঢ় পরিবর্তন—সাজসজ্জার মতো সামান্য সংশোধন নয়।”

ফিফা প্রেসিডেন্ট নির্বাচনের ভোট হবে ১৮ মার্চ ২০২৭, মরক্কোর রাবাতে। প্রার্থিতা ঘোষণার শেষ তারিখ নির্ধারিত হয়েছে ১৮ নভেম্বর ২০২৬।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১০:৫৭ পি.এম


ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া ৫৮ টাকা, শিক্ষার্থীদের ৩৪ টাকা

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের যাত্রীদের জন্য বাসভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের জন্য ৩৪ টাকা ভাড়া চূড়ান্তভাবে নির্ধারণ করা হয়েছে। বুধবার বিকেলে জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত ছিলেন বাস মালিক, ছাত্র সংগঠনের নেতাকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।

গত ৫ অক্টোবর রাতে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক মামুন মাহমুদের সভাপতিত্বে পরিবহন মালিক, ছাত্র প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে পরিবহন মালিকরা ২ দিনের সময় চেয়েছিলেন। দুই দিন পর আবার প্রশাসক চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। এই কারণে ছাত্ররা ধর্মঘটের কর্মসূচী স্থগিত ঘোষণা করেছেন।

জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ জানান, বুধবারের বৈঠকে যাত্রীদের ভাড়া ৫৮ টাকা এবং শিক্ষার্থীদের হাফ পাস ৩৪ টাকা নির্ধারণের সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। শিক্ষার্থীদের জন্য ২৪ ঘণ্টা এই সুবিধা প্রযোজ্য থাকবে।

বাস মালিকরা ৫৮ টাকা ভাড়া গ্রহণের বিষয়ে সম্মতি জানালেও তাদের টোল কমানোর জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানান। নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজীব বলেন, বাস ভাড়া নিয়ে বাস মালিকদের মধ্যে যে জটিলতা সৃষ্টি হয়েছিল, সেটি অনেকাংশে সমাধানের লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়েছে। নীতিগতভাবে সিদ্ধান্তে ঐক্যমতে পৌঁছানো হয়েছে এবং উভয়পক্ষ আন্তরিকতার সাথে সৌহার্দপূর্ণ আলোচনা করেছে।

এর আগে ভাড়া নির্ধারণ নিয়ে প্রশাসন, বাস মালিক ও শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে দুই দফা মিটিং অনুষ্ঠিত হলেও সমাধান হয়নি। দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিলেন এবং কেউই সরে আসেননি। এ নিয়ে নারায়ণগঞ্জে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছিল।

সবশেষ গত ১ অক্টোবর ঢাকা-নারায়ণগঞ্জ রুটে অতিরিক্ত বাস ভাড়া প্রত্যাহার এবং শিক্ষার্থীদের জন্য হাফ পাস চালুর দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল সাত ছাত্র সংগঠনের জোট ‘পরিবহন সিন্ডিকেট বিরোধী ছাত্র ঐক্য’। তাদের আল্টিমেটামে উল্লেখ করা হয়েছিল যে, ৩ অক্টোবরের মধ্যে সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী সর্বোচ্চ ৫৫ টাকা ভাড়া নির্ধারণ ও শিক্ষার্থীদের জন্য সাশ্রয়ী হাফ পাস চালুর দৃশ্যমান পদক্ষেপ না নেওয়া হলে ৬ অক্টোবর থেকে সড়ক অবরোধের মাধ্যমে নারায়ণগঞ্জে বাস চলাচল বন্ধ করে দেওয়া হবে।

জোটভুক্ত সংগঠনগুলো হলো- বাংলাদেশ ছাত্র ফেডারেশন, জাতীয় ছাত্রশক্তি, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী ছাত্র মজলিস, ছাত্র জমিয়ত বাংলাদেশ ও বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%