বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং
০৭:২৮ পি.এম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী জানিয়েছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিজিবি পালন করছে। তিনি উল্লেখ করেছেন যে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও দিকনির্দেশনায় দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ঐতিহ্যবাহী রমনা কালীমন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান এবং রমনা কালীমন্দির সর্বজনীন পূজা উদ্যাপন কমিটির সভাপতি ও অন্যান্য সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও দিকনির্দেশনায় দেশের অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে। তিনি জানান, সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বিজিবি পালন করছে। ইতোমধ্যে বিজিবির সংশ্লিষ্ট ইউনিটের সদস্যরা সরেজমিনে পূজামণ্ডপগুলো পরিদর্শন করেছেন এবং পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ ও সমন্বয় করেছেন। সীমান্তের যেসব পূজামণ্ডপ বিজিবির বর্ডার আউটপোস্ট (বিওপি) থেকে কিছুটা দূরে অবস্থিত, সেসব স্থানের নিরাপত্তা নিশ্চিত করতে ১৮টি বেস ক্যাম্প স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া বিজিবির সদর দপ্তর, রিজিয়ন, সেক্টর ও ব্যাটালিয়ন সদর দপ্তরের আশপাশে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি জানান, পূজামণ্ডপগুলোর নিরাপত্তা তদারকি ও দ্রুত সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরে একটি সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু করা হয়েছে। পাশাপাশি ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে যেকোনো সমস্যা বা জরুরি পরিস্থিতিতে সংশ্লিষ্টরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রস্তুত রয়েছে।
বিজিবি মহাপরিচালক আরও বলেন, গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে তথ্য সংগ্রহ, ঝুঁকি মূল্যায়ন এবং সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হচ্ছে। বিজিবির সদস্যরা পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করছেন, যাতে সারা দেশে দুর্গাপূজা শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপিত হতে পারে।
বিজিবি মহাপরিচালকের পরিদর্শনকালে বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস অ্যান্ড ট্রেনিং), ঢাকা সেক্টর কমান্ডারসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর ঢাকা মেট্রো-১ সার্কেল, মিরপুর-১৩, ঢাকা অফিসে অভিযান পরিচালনা করে চার দালালকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাদের কারাদণ্ড প্রদান করেছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এই অভিযানটি সেবাগ্রহীতাদের হয়রানি বন্ধ করা এবং দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়।
অভিযানটি বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের নেতৃত্বে আদালত-৩ এর অধীনে অনুষ্ঠিত হয়।
অভিযান চলাকালে বিআরটিএ ঢাকা মেট্টো-১ সার্কেলের প্রাঙ্গণ থেকে চার দালালকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে ১৫ (পনেরো) দিন এবং অন্য তিনজনকে এক মাস করে সাজা দেওয়া হয়।
কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন—মো. শাওন, মো. ইউসুফ মল্লিক, মো. আবুল কালাম ও মো. আশিক।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান বলেন, ‘এই প্রতারক চক্রটি বিআরটিএ-তে আগত সেবাগ্রহীতাদের দ্রুত কাজ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কাগজপত্র ও টাকা-পয়সা নিয়ে পালিয়ে যেত—এমন অসংখ্য অভিযোগ আমাদের কাছে ছিল। সেবাগ্রহীতাদের ভোগান্তি দূর করতে এবং বিআরটিএ-কে সম্পূর্ণ দালালমুক্ত রাখতে আমাদের এই অভিযান নিয়মিত চলমান আছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সৌদি আরবে সাম্প্রতিক হুতিদের হামলার প্রেক্ষাপটে ফিফা ও সৌদি ই-স্পোর্টস ফেডারেশন ফিফা-ই ফাইনালস ২০২৬ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
এবারের আসর জেদ্দায় ১৬ থেকে ২৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
শনিবার রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে সংঘটিত এক হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি আন্দোলন এই হামলার দায় স্বীকার করেছে। এটি সৌদি আরবে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী হামলা বলে বিবেচিত হচ্ছে।
ফিফা-ই ফাইনালস হলো ফিফার অফিসিয়াল ই-স্পোর্টস বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এখানে বাস্তব মাঠে ফুটবল খেলা হয় না, বরং খেলোয়াড়রা ভিডিও গেমে ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
এতে সাধারণত ফিফার লাইসেন্সপ্রাপ্ত ফুটবল ভিডিও গেম, বর্তমানে ইএ স্পোর্টস এফসি সিরিজের গেম, প্রতিযোগিতামূলকভাবে খেলা হয়। বিশ্বের বিভিন্ন দেশের সেরা ই-স্পোর্টস খেলোয়াড় ও দল এতে অংশগ্রহণ করে।
বিশ্বব্যাপী ভিডিও গেম প্রতিযোগিতাটির আয়োজকরা এক বিবৃতিতে জানিয়েছেন, “অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি এবং টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রয়োজনীয় লজিস্টিক ব্যবস্থার ওপর এর প্রভাব মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
তারা আরও উল্লেখ করেন, “ফিফা-ই ফাইনালস সম্পর্কে পরবর্তী ঘোষণা যথাসময়ে জানানো হবে।”
সৌদির নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পর শনিবার জাপান ও ব্রাজিল তাদের ই-স্পোর্টস দল টুর্নামেন্ট থেকে প্রত্যাহার করে নিয়েছে।
নিরাপত্তা অনিশ্চয়তার কারণে সৌদি আরবের অন্যান্য ক্রীড়া আয়োজনগুলোও চাপের মধ্যে রয়েছে।
আগেই প্রদর্শনী টেনিস টুর্নামেন্ট সিক্স কিংস স্ল্যাম অক্টোবর থেকে পিছিয়ে ডিসেম্বর মাসে নেওয়া হয়েছে। অন্যদিকে, এশিয়ান ট্যুর গলফ কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী মাসে রিয়াদে অনুষ্ঠিতব্য সৌদি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের আগে তারা পরিস্থিতির ওপর নজর রাখছে।
এদিকে, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, প্রয়োজন হলে এশিয়ান কাপ ২০২৮ সাল পর্যন্ত পিছিয়ে দেওয়ার বিষয়টি তারা বিবেচনা করতে প্রস্তুত। বর্তমানে টুর্নামেন্টটি আগামী বছরের ৭ জানুয়ারি রিয়াদ, জেদ্দা ও আল-খোবারে শুরু হওয়ার সূচি রয়েছে।
কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন (কেএফএ) জানিয়েছে, তারা এ বিষয়ে এএফসির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।
এক বিবৃতিতে কেএফএ বলেছে, “আমরা সৌদি আরবের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।”
সর্বশেষ এশিয়ান কাপও এক বছর পিছিয়ে গিয়েছিল। কোভিড-১৯ বিধিনিষেধের কারণে চীন স্বাগতিকের দায়িত্ব থেকে সরে দাঁড়ালে কাতার ২০২৪ সালের শুরুর দিকে টুর্নামেন্টটি আয়োজন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবুধাবিতে সদ্য সমাপ্ত বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্টে আচরণবিধি লঙ্ঘনের কারণে শাস্তি পেয়েছেন আফগানিস্তানের ব্যাটার আফসার জাজাই।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক নির্ধারিত আচরণবিধির লেভেল-১ ভঙ্গ করার জন্য জাজাইকে আনুষ্ঠানিকভাবে তিরস্কার করা হয়েছে।
জাজাই আইসিসির আচরণবিধির ২.৪ ধারা ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত।
বাংলাদেশের বিপক্ষে টেস্টের একাদশে জাজাই ছিলেন না। তিনি দ্বাদশ খেলোয়াড়ের দায়িত্ব পালন করছিলেন।
অনফিল্ড আম্পায়াররা জাজাইকে মাঠে প্রবেশ না করতে এবং সময় নষ্ট বন্ধ করতে একাধিকবার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তিনি আম্পায়ারদের নির্দেশ অমান্য করেন।
আফগানিস্তানের দ্বিতীয় ইনিংসের ১৩৯তম ওভারে জাজাই অনফিল্ড আম্পায়ারদের অনুমতি ছাড়া মাঠে প্রবেশ করেন। এটি আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের নির্দেশ অমান্য করার সঙ্গে সম্পর্কিত। ফলে তিনি শাস্তির মুখে পড়েছেন।
তিরস্কার পাওয়ার পাশাপাশি জাজাইয়ের আচরণবিধিতে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। গত ২৪ মাসের মধ্যে এটি তার প্রথম অপরাধ।
জাজাইয়ের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন আম্পায়ার আহসান রাজা, আলাউদ্দিন পালেকার, তৃতীয় আম্পায়ার আসিফ ইয়াকুব এবং চতুর্থ আম্পায়ার ইজতুল্লাহ সাফি।
ম্যাচ রেফারি ডেভ গিলবার্টের দেওয়া শাস্তি জাজাই মেনে নিয়েছেন। এজন্য কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
আইসিসির আচরণবিধির লেভেল-১ অপরাধের জন্য সর্বনিম্ন শাস্তি হলো আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি হতে পারে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি অপরাধের প্রকৃতি অনুযায়ী এক বা দুই ডিমেরিট পয়েন্টও যোগ হতে পারে।
সূত্র: বাসস
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের পরিচ্ছন্নতা নিশ্চিত করা, সবুজায়ন ও গাছপালার যথাযথ পরিচর্যা এবং প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার জন্য।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্টদের এই নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী সংসদ ভবন প্রাঙ্গণের মাঠ, বাগান ও বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি সংসদ ভবনসংলগ্ন এলাকার সার্বিক পরিবেশ, অবকাঠামোগত অবস্থা ও পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
প্রধানমন্ত্রী জাতীয় সংসদ প্লাজার সৌন্দর্য ও পরিবেশ অক্ষুণ্ণ রাখতে নিয়মিত পরিচর্যা এবং যথাযথ রক্ষণাবেক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। মাঠ ও বাগান পরিচ্ছন্ন রাখার পাশাপাশি সবুজায়ন এবং বিদ্যমান গাছপালার সঠিক পরিচর্যায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন তিনি।
এছাড়া, সংসদ প্লাজা ও এর আশপাশের যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারকাজ সম্পন্ন করার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
জাতীয় সংসদ ভবনের স্থাপত্যশৈলী ও নান্দনিক পরিবেশ বজায় রাখতে প্লাজা এবং এর সংলগ্ন এলাকার নিয়মিত তদারকি ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করার ওপরও তিনি গুরুত্ব দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ