ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

নেত্রকোণায় অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা


নেত্রকোণায় অনিয়মের দায়ে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নেত্রকোণা, ২৮ আগস্ট : জেলার কলমাকান্দা উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা ও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ শুক্রবার বিকেলে উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে (কেডিসি) অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন কলমাকান্দা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে উপজেলার হাসপাতাল রোড এলাকায় অবস্থিত কলমাকান্দা ডায়াগনস্টিক সেন্টারে বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুসারে প্রতিষ্ঠানটিকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম বন্ধ ও সিলগালা করা হয়।

আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, র‌্যালি ও সমাবেশ

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ জানান, জনস্বাস্থ্য ও জনস্বার্থ রক্ষায় কোনো প্রতিষ্ঠান নিয়মনীতি না মেনে কার্যক্রম পরিচালনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ আল মামুন সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিয়ামের অলরাউন্ড নৈপুণ্যে জিডি ট্রফিতে উড়ন্ত সূচনা অনূর্ধ্ব-১৯ দলের

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৫ পি.এম


সিয়ামের অলরাউন্ড নৈপুণ্যে জিডি ট্রফিতে উড়ন্ত সূচনা অনূর্ধ্ব-১৯ দলের

ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘গেম ডেভেলপমেন্ট (জিডি) ট্রফি’ টুর্নামেন্টে উড়ন্ত সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ওপেনার শেখ জারিফ সিয়ামের চোখ ধাঁধানো ৯৯ রানের সুবাদে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৪৬ রানের বড়  ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলকে।

ভবিষ্যতের প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করার লক্ষ্যে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে নিজের জাত চিনিয়েছেন সিয়াম। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করেন তিনি। তারপরও সিয়ামের দুর্দান্ত ইনিংসের উপর ভর করে ৮ উইকেটে ৩২৯ রানের বড় সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। 

সকালের বৃষ্টির কারণে ম্যাচটি ৪৩ ওভারে নামিয়ে আনা হয়। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ফরিদ হাসান। ব্যাট হাতে নেমেই প্রতিপক্ষ বোলারদের উপর চড়াও হন সিয়াম। সিয়ামের মারমুখী ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ৪৩ রানের সূচনা পায় অনূর্ধ্ব-১৯ দল। সিয়ামের সঙ্গী আবদুল্লাহ মুহি ১১ রানে আউট হন। তিন নম্বরে নামা অদ্রিত ঘোষ ৫ রানে ফিরলে ৫৯ রানে ২ উইকেট হারায় অনূর্ধ্ব-১৯ দল।

তৃতীয় উইকেটে ১৪১ রানের জুটি গড়েন সিয়াম এবং আহসান আলী মুমিন। এরমধ্যে ৩৯ বলে ৬টি চারের সহায়তায় হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সিয়াম। অর্ধশতকের পর আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি। রানের গতি বাড়িয়ে সেঞ্চুরির পথে হাঁটতে থাকেন সিয়াম।
 
তবে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছে মুমিনের সাথে ভুল বোঝাবুঝিতে রানআউট হন সিয়াম। নামের পাশে ৯৯ রান রেখে সাজঘরে ফেরেন তিনি। সিয়ামের ৭৬ বলের ইনিংসে ১২টি চার ও তিনটি ছক্কা ছিল। 

এরপর ৬৭ রানে বিদায় নেন মুমিন। তবে অধিনায়ক ফরিদের ৬২ রানের ইনিংসে ভর করে ৮ উইকেটে ৩২৯ রানের বড় সংগ্রহ পায় অনূর্ধ্ব-১৯ দল।

জবাবে ৩৩০ রানের লক্ষ্যে খেলতে নেমে প্রতিপক্ষে বোলারদের বিরুদ্ধে কোনো প্রতিরোধই গড়তে পারেনি অনূর্ধ্ব-১৭ দলের ব্যাটাররা। ২৯ দশমিক ১ ওভারে মাত্র ৮৩ রানে গুটিয়ে যায় তারা। 

দলের হয়ে মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের কোটা স্পর্শ করতে সক্ষম হন। এরমধ্যে সর্বোচ্চ ২৪ রান করেন ইমরান ভূঁইয়া।

দুর্দান্ত বোলিংয়ে অনূর্ধ্ব-১৯ দলের জয়ে অবদান রাখা শাকিল খান ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া আতিকুর রহমান ও তাফিউল আলম দুটি করে উইকেট শিকার করেন।

ব্যাটিংয়ে ৯৯ রান করার পাশাপাশি অফ-স্পিন ঘূর্ণিতে মাত্র ১০ রানে ১ উইকেট নিয়ে ম্যাচটিকে স্মরণীয় করে রাখেন সিয়াম। অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হন তিনি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার নামাজ পড়া হলো না ইমরানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


জুমার নামাজ পড়া হলো না ইমরানের

লক্ষ্মীপুরের রামগঞ্জে জুমার নামাজ আদায় করতে বাড়ি থেকে বের হয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ইমরান হোসাইনের (৩৫)। শুক্রবার (২৮ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার সাঁতারপাড়া সড়কের মালে বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইমরান হোসাইন রামগঞ্জ পৌরসভার টামটা এলাকার বাগাড়ী বাড়ির সৌদি প্রবাসী হাফেজ শামসুল ইসলামের বড় ছেলে। ছয় ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তার সংসার ছিল।

নিহতের ছোট বোন বুসরা আক্তার জানান, শুক্রবার জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় করে সোনাপুর বড় মসজিদের দিকে যাচ্ছিলেন ইমরান। পথে সাঁতারপাড়া সড়কের মালে বাড়ি এলাকায় একটি কুকুরকে পাশ কাটাতে গিয়ে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় এতে আরও কয়েকজন যাত্রী ছিলেন। দুর্ঘটনায় ইমরান গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। তবে ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে পরিবারের সদস্যরা জানান।

ইমরানের বড় ছেলে আব্দুল্লাহ (১১) লক্ষ্মীপুর শহরের একটি হাফেজি মাদ্রাসায় পড়াশোনা করে। আর ছোট মেয়ে ফাতেমা (৯) রামগঞ্জ মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, ইমরান আগে ইতালিতে প্রবাসজীবন কাটিয়েছেন। শারীরিক অসুস্থতার কারণে প্রায় সাত বছর আগে দেশে ফিরে আসেন। বর্তমানে তিনি ঢাকায় এক খালাতো ভাইয়ের সঙ্গে যৌথভাবে ব্যবসা করছিলেন। প্রায় দুই মাস আগে তারা ব্যবসাটি শুরু করেন।

পরিবারের সদস্যরা জানান, ইমরান নিয়মিত জুমার নামাজ আদায় করতেন। রামগঞ্জের বিভিন্ন মসজিদে গিয়ে প্রতি শুক্রবার ভিন্ন ভিন্ন মসজিদে নামাজ পড়তেন। এবার সোনাপুর বড় মসজিদে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। তবে নামাজ পড়ার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান তিনি।

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, সাঁতারপাড়া সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ থাকায় যান চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। এর মধ্যে হঠাৎ কুকুরকে পাশ কাটাতে গিয়ে সিএনজিটি দুর্ঘটনার কবলে পড়ে বলে জানান তারা। সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুর আলী জানান, ঘটনাটি শুনে তারা অত্যন্ত মর্মাহত হয়েছেন। তবে এ ঘটনায় থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত সব ধরনের সহায়তা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২,৫০০ ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১০ পি.এম


টঙ্গীতে ১ কেজি হেরোইন ও ২,৫০০ ইয়াবাসহ ‘কুত্তা মিজান’ গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গীতে এক কেজি হেরোইন ও ২ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজান ওরফে ‘কুত্তা মিজান’ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে টঙ্গী পশ্চিম থানা-পুলিশ।

বৃহস্পতিবার ভোরে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের ২ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, টঙ্গীর মাদক ব্যবসায়ী মিজান বিপুল পরিমাণ মাদক নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের পাশে অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তল্লাশি চালিয়ে মিজানের হেফাজত থেকে এক কেজি হেরোইন, ২ হাজার ৫০০ পিস ইয়াবা, মাদক বিক্রির ৫ হাজার ৫১০ টাকা, দুটি স্মার্টফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল রহমান বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলার পর গ্রেপ্তার মিজানকে গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৮শে আগস্ট, ২০২৬ ইং

০৯:১১ পি.এম


সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, সার নিয়ে কোনো ধরনের কারসাজি বা কৃষকদের হয়রানি বরদাশত করা হবে না। তিনি বলেন, "সার নিয়ে কেউ ঝামেলা করলে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।"

নীতিমালার আওতায় আসল কৃষকের কাছে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। যদি কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি দেখা যায়, তাহলে তাৎক্ষণিকভাবে ডিলারশিপ বাতিল করা হবে এবং কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত সার ও বীজ মনিটরিং কমিটির সভায় তিনি এসব মন্তব্য করেন।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ডিলারদের উদ্দেশ্যে প্রতিমন্ত্রী বলেন, "আমরা জানি ফ্যাসিস্ট সরকারের আমলে অনেকেই দলীয় প্রভাবে সার ডিলার হয়েছেন।"

তিনি উল্লেখ করেন যে, তারা অনেক সময় অযথা ব্যবসা পরিচালনা করেছেন। বর্তমান সময়ে তাদের মধ্যে অনেকেই এখনও ব্যবসায় সক্রিয় আছেন। তিনি মন্ত্রিপরিষদ সভায় স্পষ্টভাবে বলেছেন, "কাউকে অযথা বাদ দেওয়ার দরকার নেই।" সঠিকভাবে নিয়মনীতির মধ্যে থেকে দায়িত্ব পালন করলে তাদের ব্যবসা চালিয়ে যেতে কোনো সমস্যা হবে না।

তবে তিনি সতর্ক করেছেন যে, যদি কেউ অযথা দুষ্টুমি বা কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করেন, তাহলে সরকার কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হবে। বর্তমান সরকার অত্যন্ত সতর্ক রয়েছে এবং সারা দেশে চাহিদার তুলনায় সারের কোনো অভাব নেই।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) দেবাশীষ কর্মকার, সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা নাঈমা সুলতানা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা কামরুল হাসান এবং জ্যেষ্ঠ সাংবাদিক এনামুল হক বাবুল উপস্থিত ছিলেন।

এছাড়া সভায় নান্দাইল উপজেলার ২৪ জন সার ডিলার ও ইউনিয়ন পর্যায়ের খুচরা বিক্রেতারাও উপস্থিত ছিলেন। উন্মুক্ত আলোচনা পর্বে প্রতিমন্ত্রী উপস্থিত সার ডিলার ও কৃষকদের বিভিন্ন সমস্যা শোনেন এবং মাঠ পর্যায়ে সার বিতরণ ব্যবস্থা স্বচ্ছ ও গতিশীল রাখতে স্থানীয় প্রশাসনকে নিয়মিত তদারকি করার নির্দেশ দেন।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%