ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না


শাহরুখের ৬১তম জন্মদিনে ‘মান্নাত’-এ দেখা মিলবে না

প্রতি বছর ২ নভেম্বর তারিখটি শাহরুখ খানের ভক্তদের জন্য অপেক্ষার একটি বিশেষ দিন। প্রিয় তারকার জন্মদিনে মুম্বাইয়ের বাড়ি ‘মান্নাত’-এর সামনে হাজারো অনুরাগী ভিড় জমায়। বলিউডের ‘কিং খান’ বাড়ির বারান্দায় এসে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছার জবাব দেন। কিন্তু এবারে সেই পরিচিত দৃশ্য দেখা যাবে না। শাহরুখ তার ৬১তম জন্মদিনে মুম্বাইয়ের পরিবর্তে লন্ডনে থাকবেন। নতুন সিনেমা ‘কিং’-এর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাতে হবে তাকে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি শাহরুখ মুম্বাইয়ে একটি নাচের গানের দৃশ্যধারণ সম্পন্ন করেছেন। এরপর ‘কিং’-এর পরবর্তী কাজের জন্য লন্ডনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। ২ নভেম্বর, জন্মদিনের দিনেই সেখানে সিনেমাটির আরেকটি গানের শুটিংয়ের সময় নির্ধারণ করা হয়েছে। ফলে এবারের জন্মদিনে ‘মান্নাত’-এর সামনে প্রিয় তারকাকে এক নজর দেখার সুযোগ ভক্তরা হারাতে পারেন।

গত দুই বছর ধরে ‘মান্নাত’-এর সংস্কার কাজের কারণে শাহরুখ ভক্তদের সঙ্গে বাড়ির বারান্দায় দাঁড়িয়ে শুভেচ্ছা বিনিময় করতে পারেননি। সেই সময় তিনি মুম্বাইয়ের বাল গন্ধর্ব রঙ মন্দিরে ভক্তদের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাতের আয়োজন করেছিলেন। কিন্তু এবার শুটিংয়ের ব্যস্ততার কারণে জন্মদিনে মুম্বাইয়ে থাকতে পারছেন না বলিউড সুপারস্টার।

আরও পড়ুন: কৃতি শ্যানন: ইনস্টাগ্রামে এআই দ্বারা তৈরি ছবি সরানোর সুযোগ নেই

ভক্তদের জন্য রয়েছে সুখবরও

জন্মদিনে প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে না পাওয়ার খবর শুনে ভক্তদের মন খারাপ হলেও, বছরের শেষের দিকে সুখবর আসতে পারে। ‘কিং’ সিনেমার মুক্তির উপলক্ষে শাহরুখ মুম্বাইয়ে বড় পরিসরে ভক্তদের সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের একটি অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা করতে পারেন। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। বড় বাজেটের এই অ্যাকশন-থ্রিলারে শাহরুখের সঙ্গে অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, সুহানা খান, অভিষেক বচ্চন ও অনিল কাপুরসহ একঝাঁক তারকা।

সবকিছু ঠিক থাকলে সিনেমাটির মুক্তি আগামী ২৪ ডিসেম্বর, ২০২৬ সালে প্রেক্ষাগৃহে হবে। জন্মদিনে ‘মান্নাত’-এ শাহরুখের দেখা না মিললেও, নতুন সিনেমার মুক্তির আগে প্রিয় তারকার সঙ্গে দেখা হওয়ার আশায় থাকবেন ভক্তরা।

আরও পড়ুন: যৌবন ধরে রাখতে রেড লাইট থেরাপি নিচ্ছেন সানিয়া মির্জা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


বিল গেটসের ৭১তম জন্মদিনে দানের ঘোষণা, সম্পদের প্রায় সবটাই মানবকল্যাণে

একসময় ব্যক্তিগত কম্পিউটারের জগতে বিপ্লব ঘটিয়ে বিশ্বের অন্যতম শীর্ষ ধনী হয়ে উঠেছিলেন তিনি। বর্তমানে, মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস মানুষের কল্যাণে নিজের বিপুল সম্পদের প্রায় পুরোটাই ব্যয়ের পরিকল্পনা নিয়ে আলোচনায় রয়েছেন। তাঁর প্রতিষ্ঠিত গেটস ফাউন্ডেশন আগামী দুই দশকে বিশ্বস্বাস্থ্য, প্রাণঘাতী সংক্রামক রোগ প্রতিরোধ ও দারিদ্র্য হ্রাসে ২০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করেছে। ২০৪৫ সালের শেষে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ করার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ বুধবার (২৮ অক্টোবর) এই মার্কিন প্রযুক্তি উদ্যোক্তার ৭১তম জন্মদিন।

১৯৫৫ সালের ২৮ অক্টোবর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে জন্মগ্রহণ করেন উইলিয়াম হেনরি গেটস তৃতীয়, যিনি বিশ্বজুড়ে বিল গেটস নামেই পরিচিত। শৈশব থেকে কম্পিউটারের প্রতি তাঁর আগ্রহ ছিল প্রবল। সেই আগ্রহ তাঁকে প্রোগ্রামিংয়ের জগতে নিয়ে যায় এবং পরবর্তীতে বিশ্বের অন্যতম প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা হিসেবে পরিচিতি এনে দেয়।

সিয়াটলের লেকসাইড স্কুলে পড়ার সময় গেটস কম্পিউটার ব্যবহারের সুযোগ পান। সে সময় কম্পিউটার ছিল ব্যয়বহুল এবং সাধারণ মানুষের নাগালের বাইরে। স্কুলের কম্পিউটার টার্মিনালে কাজ করতে গিয়ে প্রোগ্রামিংয়ের প্রতি তাঁর আগ্রহ বাড়তে থাকে। একই স্কুলে পড়তেন তাঁর ভবিষ্যৎ ব্যবসায়িক অংশীদার পল অ্যালেন। প্রযুক্তি নিয়ে দুজনের আগ্রহ পরবর্তী সময়ে যৌথ উদ্যোগের ভিত্তি তৈরি করে।

১৯৭৫ সালে গেটস ও অ্যালেন মিলে প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট। তাঁদের লক্ষ্য ছিল কম্পিউটারের জন্য সফটওয়্যার তৈরি করা। প্রতিষ্ঠানটির প্রথম দিকের উল্লেখযোগ্য পণ্য ছিল অলটেয়ার ৮৮০০ কম্পিউটারের জন্য তৈরি বেসিক প্রোগ্রামিং ভাষার সংস্করণ। ব্যক্তিগত কম্পিউটারের ব্যবহার বাড়তে থাকায় সফটওয়্যারের বাজারেও দ্রুত সম্প্রসারণ ঘটে।

মাইক্রোসফটের উত্থানে বড় ভূমিকা রাখে ব্যক্তিগত কম্পিউটারের অপারেটিং সিস্টেম। ১৯৮১ সালে আইবিএমের ব্যক্তিগত কম্পিউটারে ব্যবহৃত হয় মাইক্রোসফটের এমএস-ডস। পরে বিভিন্ন কম্পিউটার নির্মাতার যন্ত্রেও এ অপারেটিং সিস্টেমের ব্যবহার ছড়িয়ে পড়ে। ১৯৮৫ সালে উইন্ডোজের প্রথম সংস্করণ প্রকাশ এবং ১৯৯৫ সালে উইন্ডোজ ৯৫-এর উদ্বোধন প্রতিষ্ঠানটির ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে ওঠে। উইন্ডোজ ও অফিস সফটওয়্যারের বিস্তারের মধ্য দিয়ে কম্পিউটারে দাপ্তরিক কাজ, তথ্য সংরক্ষণ ও ব্যবস্থাপনা আরও সহজ হয়ে ওঠে।

১৯৮৬ সালে মাইক্রোসফট শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। প্রতিষ্ঠানটির দ্রুত সম্প্রসারণের সঙ্গে গেটসও বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি উদ্যোক্তা হয়ে ওঠেন। তবে প্রতিষ্ঠানটির বাজারে প্রভাব ও প্রতিযোগিতার ধরন নিয়ে বিভিন্ন সময়ে একচেটিয়া ব্যবসার অভিযোগ এবং যুক্তরাষ্ট্রে প্রতিযোগিতা আইনসংক্রান্ত মামলার মুখোমুখি হতে হয় মাইক্রোসফটকে।

২০০০ সালে গেটস মাইক্রোসফটের প্রধান নির্বাহীর দায়িত্ব ছেড়ে দেন। ওই দায়িত্ব নেন স্টিভ বলমার। গেটস তখন চেয়ারম্যান ও প্রধান সফটওয়্যার স্থপতি হিসেবে কাজ চালিয়ে যান। ২০০৮ সালে তিনি প্রতিষ্ঠানের দৈনন্দিন দায়িত্ব থেকে সরে এসে জনকল্যাণমূলক কাজে বেশি সময় দিতে শুরু করেন। পরে মাইক্রোসফটের পরিচালনা পর্ষদ থেকেও সরে দাঁড়ান তিনি। বর্তমানে তাঁর কাজের বড় অংশজুড়ে রয়েছে গেটস ফাউন্ডেশন, বিশ্বস্বাস্থ্য এবং পরিচ্ছন্ন জ্বালানিতে উদ্ভাবনের উদ্যোগ।

২০০০ সালে বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস প্রতিষ্ঠা করেন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, যা বর্তমানে গেটস ফাউন্ডেশন নামে পরিচিত। বিশ্বজুড়ে মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা প্রতিষ্ঠানটির অগ্রাধিকারগুলোর মধ্যে রয়েছে মা ও শিশুর মৃত্যু প্রতিরোধ, সংক্রামক রোগ মোকাবিলা এবং দারিদ্র্য হ্রাস। টিকা, পুষ্টি, কৃষি ও প্রাথমিক স্বাস্থ্যসেবা খাতেও অনুদান ও অংশীদারত্বের মাধ্যমে কাজ করে ফাউন্ডেশনটি।

২০২৪ সালে মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ফাউন্ডেশন থেকে সরে দাঁড়ান। এরপর থেকে বিল গেটস প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাউন্ডেশনটির কার্যক্রমে বিভিন্ন দেশের সরকার, গবেষণা প্রতিষ্ঠান, আন্তর্জাতিক সংস্থা ও বেসরকারি সংগঠন অংশীদার হিসেবে যুক্ত রয়েছে।

জনকল্যাণে ব্যক্তিগত সম্পদ ব্যবহারের বিষয়েও দীর্ঘদিন ধরে সক্রিয় গেটস। ২০১০ সালে তিনি, মেলিন্ডা ফ্রেঞ্চ গেটস ও বিনিয়োগকারী ওয়ারেন বাফেট মিলে ‘গিভিং প্লেজ’ উদ্যোগ চালু করেন। এর লক্ষ্য বিশ্বের ধনী ব্যক্তি ও পরিবারগুলোকে জীবদ্দশায় অথবা মৃত্যুর পর নিজেদের সম্পদের বড় অংশ জনকল্যাণমূলক কাজে দান করতে উৎসাহিত করা।

পরিচ্ছন্ন জ্বালানি ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নিতেও উদ্যোগ নিয়েছেন গেটস। তাঁর প্রতিষ্ঠিত ব্রেকথ্রু এনার্জি পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তির উন্নয়ন, গবেষণা এবং সেগুলোকে বাণিজ্যিকভাবে ব্যবহারের উপযোগী করে তুলতে কাজ করে।

২০২৫ সালের মে মাসে নিজের অবশিষ্ট সম্পদের প্রায় পুরোটাই আগামী দুই দশকে জনকল্যাণমূলক কাজে ব্যয়ের পরিকল্পনা ঘোষণা করেন গেটস। একই সঙ্গে তিনি জানান, গেটস ফাউন্ডেশন ২০৪৫ সালের ৩১ ডিসেম্বর কার্যক্রম বন্ধ করবে। তাঁর ঘোষণায় বলা হয়, ২০২৫ থেকে ২০৪৫ সালের মধ্যে ফাউন্ডেশন ২০০ বিলিয়ন ডলারের বেশি ব্যয় করতে পারে। এ অর্থের মধ্যে ফাউন্ডেশনের বিদ্যমান তহবিল ও গেটসের ভবিষ্যৎ অনুদান অন্তর্ভুক্ত থাকবে। এটি ইতিমধ্যে ব্যয় করা অর্থ নয়; প্রকৃত ব্যয়ের পরিমাণ বাজার পরিস্থিতি ও মূল্যস্ফীতির ওপর নির্ভর করবে।

চলতি বছরের ১৪ জানুয়ারি গেটস ফাউন্ডেশন জানায়, ২০২৬ সালে প্রায় ৯ বিলিয়ন ডলার ব্যয়ের পরিকল্পনা অনুমোদন করেছে তাদের পরিচালনা পর্ষদ। বিশ্বস্বাস্থ্য, টিকা, নারী ও শিশুর স্বাস্থ্য এবং দারিদ্র্য হ্রাসে কার্যক্রম জোরদার করতেই এ ব্যয় বাড়ানো হচ্ছে। একই সঙ্গে ২০৪৫ সালে কার্যক্রম গুটিয়ে নেওয়ার পরিকল্পনা সামনে রেখে প্রশাসনিক ব্যয় নিয়ন্ত্রণ ও জনকল্যাণমূলক কাজে অর্থের ব্যবহার বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

বিল গেটসের জীবনের পথচলা প্রযুক্তি উদ্ভাবন ও ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি জনকল্যাণে সম্পদ ব্যবহারের একটি দীর্ঘ অধ্যায়। ব্যক্তিগত কম্পিউটারের প্রসারে মাইক্রোসফটের ভূমিকা তাঁকে প্রযুক্তির ইতিহাসে স্থায়ী জায়গা দিয়েছে। এখন তাঁর ঘোষিত দান, স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং পরিচ্ছন্ন জ্বালানির উদ্যোগ কতটা দীর্ঘমেয়াদি পরিবর্তন আনতে পারে, সেদিকেও নজর থাকবে বিশ্বের।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজিপির দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়া উচিত : নাহিদ ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪২ পি.এম


আইজিপির দায়িত্ব থেকে দ্রুত সরে যাওয়া উচিত : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন যে, "আমরা মনে করি, শুধু ক্ষমা চাওয়া যথেষ্ট না, আইজিপির তার দায়িত্বে থাকার কোনো অধিকার নাই।" তিনি আইজিপির অপসারণের দাবি জানিয়ে বলেন, অতি দ্রুত সময়ের মধ্যে তার পদত্যাগ করা উচিত।

এনসিপির ঢাকা বিভাগের (উত্তর) সমন্বয় সভা শেষে গাজীপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে সাংবাদিকদের ব্রিফিংয়ে নাহিদ ইসলাম এসব কথা বলেন। সভায় সাংগঠনিক অগ্রগতি ও আগামী নির্বাচনের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

নাহিদ ইসলাম বলেন, "আমার পাশে সিফাতের মা বসে আছেন। ওনার সন্তানের মুক্তির জন্য উনি গত দুই মাস ধরে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন।" তিনি উল্লেখ করেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির সমালোচনা করায় গত সেপ্টেম্বরে সিফাতকে গ্রেফতার করা হয়। নাহিদ ইসলাম বলেন, "সে সময় অনেকের ভূতুড়ে বিল আসছিল। সিফাতের ভাষাটা হয়তো সমর্থনযোগ্য না। কিন্তু তাকে তো আপনি এ কারণে গ্রেফতার করতে পারেন না।" তিনি আরও বলেন, সিফাতকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেফতার করা হয়েছে, যা শেখ হাসিনার বিরোধী দল দমনের একটি উদাহরণ।

মতপ্রকাশের কারণে গ্রেফতার হওয়া সকলের মুক্তি দাবি করে নাহিদ ইসলাম বলেন, "আমরা গাজীপুরে এই সভা থেকে পরিষ্কার ভাষায় সিফাতের মুক্তির দাবি করতেছি।" তিনি অবিলম্বে সিফাতের মুক্তির দাবি জানান এবং গাজীপুর-শ্রীপুরে এনসিপির সদস্য সজনের মুক্তিও দাবি করেন, যিনি ফেসবুকে সমালোচনা করার জন্য গ্রেফতার হয়েছেন।

গাজীপুরের শ্রমিক বিক্ষোভ নিয়ে নাহিদ ইসলাম বলেন, "গাজীপুর শ্রমিক এলাকা, শিল্পাঞ্চল এলাকা। আজকেও এখানে বিক্ষোভ হয়েছে মজুরি বাড়ানোর দাবিতে।" তিনি শ্রমিকদের প্রতি সমর্থন জানিয়ে বলেন, "সবার সঙ্গে আলোচনা করে, মূল্যস্ফীতি বিবেচনায় নিয়ে তাদের বেতন বাড়ানোর দাবি জানাচ্ছি।"

সমন্বয় সভায় এনসিপি সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও রাজনৈতিক পর্ষদ সদস্য সারজিস আলম, রাজনৈতিক পর্ষদ সদস্য আলী আহসান জুনায়েদ, ঢাকা বিভাগ (উত্তর) এর সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ কেন্দ্রীয় ও আঞ্চলিক নেতারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্পের সিদ্ধান্তে তেল-গ্যাস খাতে মিথেন নিঃসরণ বিধিনিষেধ শিথিল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৩ পি.এম


ট্রাম্পের সিদ্ধান্তে তেল-গ্যাস খাতে মিথেন নিঃসরণ বিধিনিষেধ শিথিল

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল ও গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর মিথেন নিঃসরণ নিয়ন্ত্রণে থাকা বিধিনিষেধকে ব্যাপকভাবে শিথিল করার ঘোষণা দিয়েছেন।

মিথেন একটি গ্রিনহাউস গ্যাস, যা বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করে।

মঙ্গলবার টেক্সাসের অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনের সমর্থনে আয়োজিত এক সমাবেশে ট্রাম্প এই ঘোষণা প্রদান করেন। প্যাক্সটন আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে যুক্তরাষ্ট্রের সিনেটের একটি আসনে লড়াই করছেন এবং তাকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হচ্ছে।

লুবক থেকে বার্তা সংস্থা এএফপি এই খবরটি জানায়।

ট্রাম্পের পূর্বসূরি, ডেমোক্র্যাট প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছিল।

টেক্সাসের লুবকে আয়োজিত সমাবেশে ট্রাম্প বলেন, ‘ভোক্তা ও জ্বালানি উৎপাদকদের ৪৫ বিলিয়ন ডলার সাশ্রয় করতে আজ রাতে আমি আনুষ্ঠানিকভাবে বাইডেনের ব্যয়বহুল ও অপ্রয়োজনীয় মিথেনসংক্রান্ত বিধিনিষেধ বাতিল করছি।’

সমাবেশে উপস্থিত জনতার উল্লাসের মধ্যে তিনি আরও বলেন, এ পদক্ষেপের ফলে ‘টেক্সাসের বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের উৎপাদন ও ব্যবহার সম্ভব হবে।’ যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যগুলোর মধ্যে টেক্সাসই সবচেয়ে বেশি জীবাশ্ম জ্বালানি উৎপাদন করে।

চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের এনভায়রমেন্ট প্রটেকশন এজেন্সি (ইপিএ) প্রকাশিত এক বিবৃতিতে ৪৫ বিলিয়ন ডলার সাশ্রয়ের একই হিসাব উল্লেখ করা হয়েছিল। তবে, কীভাবে এই সাশ্রয় হবে, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয়নি।

ইপিএর প্রশাসক লি জেলডিন বলেন, ‘শীতকালে ঘর গরম রাখা, গাড়িতে জ্বালানি ভরা ও কর্মস্থলে যাতায়াতের খরচ বহন করা যেন মার্কিন নাগরিকদের সাধ্যের মধ্যে থাকে, তা নিশ্চিত করতে হবে। জ্বালানি উৎপাদনকারীদের ওপর অপ্রয়োজনীয় বোঝা চাপানো হলে তারা তা করতে পারবেন না।’

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে জ্বালানির দাম কমানোর বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছেন ট্রাম্প।

ইরানের বিরুদ্ধে তার শুরু করা যুদ্ধের কারণে তেলের দাম বেড়ে যাওয়ায় ভোটারদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে।

জনমত জরিপে দেখা যাচ্ছে, আগামী সপ্তাহের নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ রিপাবলিকানদের হাতছাড়া হয়ে ডেমোক্র্যাটদের কাছে চলে যেতে পারে।

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন। কার্বন ডাই-অক্সাইডের পর বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ক্ষেত্রে এটি দ্বিতীয় বৃহত্তম কারণ। প্রাক্-শিল্প যুগের পর থেকে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির মোট প্রভাবের প্রায় এক-তৃতীয়াংশ বা শূন্য দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের জন্য দায়ী মিথেন।

মিথেনের একটি অণু কার্বন ডাই-অক্সাইডের তুলনায় অনেক বেশি তাপ আটকে রাখে। তবে, বায়ুমণ্ডলে এটি মাত্র সাত থেকে ১২ বছর স্থায়ী হয়। অন্যদিকে, কার্বন ডাই-অক্সাইড শত শত বছর পর্যন্ত বায়ুমণ্ডলে থাকতে পারে।

তেল ও গ্যাস খাতের কার্যক্রম থেকে মিথেন নিঃসরণ কমানোর নিয়মগুলোই মূলত পরিবর্তনের লক্ষ্যবস্তু। ভূগর্ভ থেকে গ্যাস উত্তোলন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিতরণ— প্রতিটি পর্যায়েই মিথেন নিঃসরণ ঘটে।

তেল ও গ্যাস খাতের কার্যক্রম পর্যবেক্ষণকারী সংস্থা ফিল্ডনোটসের গবেষক জুলিয়া কেইন বলেন, ‘লি জেলডিনের নেতৃত্বাধীন ইপিএ তেল ও গ্যাস কোম্পানিগুলোকে দীর্ঘদিনের কাক্সিক্ষত সুবিধাই দিচ্ছে। তারা এমন একটি দন্ততহীন মিথেন নিয়ন্ত্রণব্যবস্থা পাচ্ছে, যার মাধ্যমে নিজেদের কঠোর নিয়ন্ত্রণের আওতায় রয়েছে বলে দাবি করতে পারবে। অথচ তারা জেনেশুনেই তাপ আটকে রাখা বিপজ্জনক গ্যাস বিপুল পরিমাণে নিঃসরণ ও পুড়িয়ে ফেলা অব্যাহত রাখবে।’

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্য অনুযায়ী, তেল ও গ্যাস খাত থেকে মিথেন নিঃসরণে যুক্তরাষ্ট্র বিশ্বে শীর্ষে। এ ক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে রাশিয়া।

নতুন পরিবর্তনের মধ্যে রয়েছে ‘সুপার এমিটার প্রোগ্রাম’ বাতিলের প্রস্তাব। এ কর্মসূচির আওতায় ইপিএ অনুমোদিত পর্যবেক্ষকেরা ঘণ্টায় ১০০ কেজির বেশি মিথেন নিঃসরণকারী বড় ধরণের গ্যাস লিকের ঘটনা জানাতে পারেন।

আরেকটি পরিবর্তনের মাধ্যমে ‘প্রান্তিক কূপ’ বা স্বল্প উৎপাদনশীল কূপের ওপর থাকা বিধিনিষেধ শিথিল করা হবে। এসব কূপ থেকে দৈনিক ১৫ ব্যারেল বা তার কম তেলসমতুল্য জ্বালানি উৎপাদিত হয়।

এ ছাড়া তেল উত্তোলনের সময় উপজাত হিসেবে পাওয়া গ্যাস নিয়মিত পুড়িয়ে ফেলার ক্ষেত্রেও বিধিনিষেধ শিথিল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্নভঙ্গ, মেক্সিকোতে স্থায়ী হচ্ছেন অভিবাসীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ ইং

০২:৪৪ পি.এম


যুক্তরাষ্ট্রে যাওয়ার স্বপ্নভঙ্গ, মেক্সিকোতে স্থায়ী হচ্ছেন অভিবাসীরা

ঢাকা, ২৮ অক্টোবর, ২০২৬ : গত বছর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের মাত্র দুই দিন পর, ভেনেজুয়েলার নাগরিক মিলকো গার্সিয়ার জন্য মেক্সিকো সীমান্তে আশ্রয়ের আবেদন করার নির্ধারিত সাক্ষাতের সময় হঠাৎ করে বাতিল করে দেওয়া হয়। এই ঘটনার মাধ্যমে যুক্তরাষ্ট্রে উন্নত জীবনের স্বপ্ন তার ভেঙে যায়।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুসারে, ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতির কারণে আটকে পড়া অনেক অভিবাসীর মতো ২৯ বছর বয়সী গার্সিয়াও শেষ পর্যন্ত মেক্সিকোতে বসতি গড়েছেন। তিনি দেশটির সীমান্তবর্তী শহর তিজুয়ানায় স্থায়ী হয়েছেন। এই শহরটিকে তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চেয়েছিলেন।

গার্সিয়া, যিনি আবাসন ব্যবসার সঙ্গে যুক্ত, এএফপিকে বলেন, ‘আমি এখানে বেশ কিছু ভালো সুযোগ পেয়েছি। মেক্সিকোতে নিজেকে স্বাচ্ছন্দ্যবোধ করি।’ তিনি আরও জানান, ‘যুক্তরাষ্ট্রে গিয়ে আমি আবার শূন্য থেকে শুরু করতে চাই না।’

তিজুয়ানা থেকে যুক্তরাষ্ট্রকে আলাদা করেছে একটি ধাতব সীমান্ত বেড়া। এই বেড়ার উচ্চতা প্রায় সাড়ে পাঁচ থেকে ৯ মিটার এবং এখানে কড়া নজরদারি রয়েছে।

অভিবাসনবিরোধী অবস্থান নিয়ে আবারও ক্ষমতায় ফেরেন ট্রাম্প। তিনি আগামী সপ্তাহের মার্কিন মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে অভিবাসন ইস্যুকে প্রচারের কেন্দ্রে রাখতে চান।

ট্রাম্প দাবি করেন, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশ কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে এবং এখন সীমান্ত দিয়ে ‘কোনো অবৈধ অভিবাসী’ প্রবেশ করছে না। ক্ষমতায় ফিরে তিনি যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন সংস্থার (সিবিপি) মোবাইল অ্যাপ ‘সিবিপি ওয়ান’ বন্ধের নির্দেশ দেন। এই অ্যাপটির মাধ্যমে আশ্রয়প্রার্থী ও অন্যান্য আবেদনকারীরা সাক্ষাতের সময় নির্ধারণ করতে পারতেন।

২০২৫ সালের জানুয়ারিতে সিবিপি ওয়ান অ্যাপে ২ লাখ ৭০ হাজার আবেদন প্রক্রিয়াধীন ছিল। এর মধ্যে ৩০ হাজার আবেদনকারী মেক্সিকো থেকে বৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলেন। গার্সিয়া ও তার ভাইও এই আবেদনকারীদের মধ্যে ছিলেন। তবে সব অপেক্ষমাণ সাক্ষাতের সময় বাতিল করে দেওয়ায় তিজুয়ানায় জড়ো হওয়া অভিবাসীরা হতবাক হয়ে পড়েন।

গার্সিয়া স্মৃতিচারণ করে বলেন, ‘আমরা ভেবেছিলাম, এখন সম্ভব হচ্ছে না, তবে হয়তো কয়েক মাস পর সুযোগ পাওয়া যাবে।’ কিন্তু অনেকের জন্য মেক্সিকোই শেষ পর্যন্ত স্থায়ী আবাসে পরিণত হয়েছে।

২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের রিপাবলিকান পার্টি হেরে গেলেও গার্সিয়ার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা নেই। মানব পাচারকারীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘তারা ১০ হাজার ডলার চাইছে।’ যুক্তরাষ্ট্রে অভিবাসীদের নিয়ে যেতে বিপুল অর্থ নেওয়া এসব পাচারকারীকে সাধারণত ‘কোয়োটে’ বলা হয়। গার্সিয়া বলেন, ‘আমি বরং ওই অর্থ তিজুয়ানায় কোনো কাজে বিনিয়োগ করব।’

তিজুয়ানা দীর্ঘদিন ধরেই অভিবাসীদের যাতায়াতের পথ ও আশ্রয়স্থল হিসেবে পরিচিত। ২০২০ থেকে ২০২৫ সালের মধ্যে শহরটিতে প্রায় ২৫ হাজার বিদেশি অভিবাসী এসেছেন। ভেনেজুয়েলা ছাড়ার পর ১২ বছর ধরে চলা গার্সিয়ার দীর্ঘ যাত্রার সর্বশেষ গন্তব্য তিজুয়ানা। ২০১৪ সালে তাঁর পরিবার সংকট থেকে বাঁচতে পেরুতে পাড়ি জমিয়েছিল।

পরে যুক্তরাষ্ট্রে ভালো সুযোগের আশায় উত্তর দিকে যাত্রা শুরু করেন গার্সিয়া। পায়ে হেঁটে তিনি কলম্বিয়া ও পানামার মধ্যবর্তী বিপজ্জনক দারিয়েন গ্যাপ অতিক্রম করেন। ঘন বন, জলাভূমি ও দুর্গম পথ পেরিয়ে একপর্যায়ে মেক্সিকোয় পৌঁছান তিনি। গার্সিয়া বলেন, ‘আমার বোন যুক্তরাষ্ট্রে থাকতেন। সেখানে আরও ভালো সুযোগ পাওয়া যাবে বলে মনে হয়েছিল।’

আরেক ভেনেজুেলীয় নাগরিক ২৭ বছর বয়সী হেইরি মায়া ২০২২ সালে মেক্সিকোয় আসেন। তবে সিবিপি ওয়ান কর্মসূচির মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়ার যোগ্যতা অর্জন করতে পারেননি তিনি। পরে তিনি পর্যটন খাতে কাজ শুরু করেন এবং বাড়তি আয়ের জন্য ভেনেজুয়েলার খাবার বিক্রি করতেন। এক মাস আগে তিনি একটি ছোট খাবারের দোকানও চালু করেছেন।

মায়া বলেন, ‘আমি এখানে বেশ স্বাচ্ছন্দ্যে আছি। তিজুয়ানা আমাকে আপন করে নিয়েছে।’ জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থার ২০২৫ সালের এক জরিপে দেখা যায়, তিজুয়ানা এলাকায় সাক্ষাৎকার দেওয়া অভিবাসীদের ৪৫ শতাংশ মেক্সিকোকেই নিজেদের আবাস হিসেবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যুক্তরাষ্ট্রে পৌঁছানো ভেনেজুয়েলীয় বন্ধুদের দুর্ভোগের কথা উল্লেখ করে মায়া বলেন, তাদের মতো উদ্বেগের মধ্যে থাকতে হচ্ছে না বলে তিনি কৃতজ্ঞ। তিনি বলেন, ‘তাদের বাড়ির ভেতরে থাকতে হচ্ছে। তাদের অনেকেই ইতোমধ্যে ফিরে আসছেন। তারা বলছেন, ‘আমাকে বহিষ্কার করার আগেই আমি নিজের ইচ্ছায় চলে যেতে চাই।’ একসময় অভিবাসীতে উপচে পড়া তিজুয়ানার আশ্রয়কেন্দ্রগুলোর অনেকগুলো এখন বন্ধ হয়ে গেছে, বাকিগুলোও কোনোমতে চালু রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%