১১:২৮ এম
ঢাকা, ২৮ আগস্ট, ২০২৬ : চীন-নেপাল সীমান্তে একটি ভূমিধসের ফলে সৃষ্ট হ্রদ থেকে যেকোনো সময় উপচে পড়ে নিচের দিকে বন্যার পানি প্রবাহিত হওয়ার ‘উচ্চ ঝুঁকি’ রয়েছে, এমন সতর্কবার্তা প্রদান করেছে চীন। রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, পানিসম্পদ কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত করেছে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, আগামী তিন দিনে পানির স্তর বৃদ্ধি পেতে পারে এবং ১ সেপ্টেম্বরের দিকে তা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: দীপকে সন্দেহ, সঙ্গের তরুণীকে খুঁজছে পুলিশ
বুধবার তিব্বতের সীমান্তবর্তী গিরং এলাকায় কাদা ও ধ্বংসাবশেষের বিশাল স্রোত আঘাত হানার পর ওই হ্রদটির সৃষ্টি ঘটে। এ ঘটনায় শত শত মানুষ নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া বৃহস্পতিবার রাতে পানিসম্পদ কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানায়, আগামী তিন দিন বৃষ্টিপাত অব্যাহত থাকলে হ্রদটিতে প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি প্রবেশ করতে পারে। এর ফলে হ্রদের বাঁধ ভেঙে নিচের দিকে বন্যার পানি নেমে যাওয়ার ঝুঁকি বৃদ্ধি পাবে। গিরং বন্দরসহ নিচের দিকে অবস্থিত বিভিন্ন এলাকায় আরও ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে।
আগামী তিন দিনে ওই অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
সিসিটিভি জানায়, শুক্রবার সকাল পর্যন্ত দুর্গত এলাকা থেকে ৪৯৯ জন স্থানীয় বাসিন্দা এবং ৫৫৫ জন পর্যটককে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। তবে, পর্যটকদের কোন কোন দেশের নাগরিক তা জানানো হয়নি।
আরও পড়ুন: সাবেক অতিরিক্ত আইজিপির গাড়ির ধাক্কায় গুরুতর আহত রিকশাচালক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন