ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ, আর্থিক সংকটের আশঙ্কা


মেজর আখতার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ, আর্থিক সংকটের আশঙ্কা

সাবেক সংসদ সদস্য, জামায়াত নেতা ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন অভিযোগ করেছেন যে, তার এবং তার পরিবারের সদস্যদের মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। ব্যাংক হিসাব জব্দ হওয়ার কারণে কোম্পানির শ্রমিকদের বেতন পরিশোধ, নিজের পেনশনের টাকা উত্তোলন এবং দৈনন্দিন জীবনযাপন নিয়ে তিনি চরম উদ্বেগ প্রকাশ করেছেন।

মঙ্গলবার বিকেলে তিনি ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ তুলে ধরেন।

ভিডিও বক্তব্যে আখতারুজ্জামান রঞ্জন বলেন, "ঢাকা বিমানবন্দরে প্রতিবাদ করার কারণে গত ২ অক্টোবর সন্ধ্যায় ঢাকার বাসা থেকে আমাকে গ্রেপ্তার করা হয়।" তিনি উল্লেখ করেন যে, এরপর থেকে ব্যাংকে যাওয়ার সুযোগ হয়নি। গত ৮ নভেম্বর ব্যাংকের চেক দিয়ে টাকা উত্তোলন করতে গেলে তিনি জানতে পারেন যে, হিসাব থেকে টাকা তোলা সম্ভব নয়। এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ব্যাংকে গিয়ে জানতে চাইলে ব্যাংকের ব্যবস্থাপক তার হাতে একটি চিঠি ধরিয়ে দেন।

আরও পড়ুন: আওয়ামী লীগ প্রশ্নে সরকার ব্যর্থ: স্বেচ্ছাসেবক শক্তির অভিযোগ

তিনি আরও জানান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ৬ অক্টোবর সোনালী ব্যাংকে একটি চিঠি পাঠিয়েছে। ওই চিঠির পরিপ্রেক্ষিতে ৯ অক্টোবর তার, পরিবারের সদস্যদের এবং কোম্পানির নামে থাকা ব্যাংক হিসাব জব্দ করা হয়।

ব্যাংক হিসাব জব্দ হওয়ার ফলে আর্থিক সংকটের আশঙ্কা প্রকাশ করে আখতারুজ্জামান রঞ্জন বলেন, "আমি এখন খাব কী? চলব কী করে? সরকার এত প্রতিহিংসাপরায়ণ হয়েছে যে, এখন আমাকে ভাতে মারবে, পানিতে মারবে।" তিনি আরও বলেন, "আমার কোম্পানিতে প্রতিদিন শ্রমিকদের বেতন দিতে হয়। এখন তাদের বেতন কীভাবে দেব? নিজের পেনশনের টাকাও তুলতে পারব না। তাহলে আমার চলবে কীভাবে? আমাকে কি এখন না খেয়ে থাকতে হবে?"

তিনি আরও জানান, তার হালনাগাদসহ ট্যাক্সের ফাইল জমা দেওয়া আছে। এরপরও তাদের ব্যাংক হিসাব কেন জব্দ করা হলো, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন।

ব্যাংক হিসাব জব্দের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সাবেক এই সংসদ সদস্য নিজের এবং পরিবারের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানান।

আরও পড়ুন: বিসিএসের আবেদন থেকে ফল প্রকাশ পর্যন্ত কার্যক্রম সম্পূর্ণ অটোমেশনে: প্রতিমন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর অধিকার ও ক্ষমতায়নে সহযোগিতা জোরদারে ফ্রান্সের সঙ্গে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৫ পি.এম


নারীর অধিকার ও ক্ষমতায়নে সহযোগিতা জোরদারে ফ্রান্সের সঙ্গে আলোচনা

বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে সৌজন্য সাক্ষাৎ করেছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার সুরক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

মন্ত্রী এ সময় বলেন, "ফ্রান্স বাংলাদেশের একটি নির্ভরযোগ্য ও বন্ধুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী।" বাংলাদেশের স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময়ে ফ্রান্স সরকারের উন্নয়ন সহযোগিতা ও সমর্থনের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মন্ত্রী আরো জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীর অধিকার ও ক্ষমতায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ ইস্যুর উদ্যোগ নিয়েছেন। "এটি বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতির প্রতিফলন।"

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে মন্ত্রী জানান, তাদের জন্য বিভিন্ন ভাতার আওতা বাড়ানো হচ্ছে। পাশাপাশি নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে বিভিন্ন ভবনে র‍্যাম্প স্থাপন এবং ব্যবহার উপযোগী ওয়াশরুম নির্মাণের কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।

ফ্রান্সের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা প্রতিষ্ঠা এবং দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।

ফ্যামিলি কার্ড কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে মন্ত্রী জানান, "এটি একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি।" বর্তমানে এ কর্মসূচির আওতায় দেশজুড়ে তথ্য সংগ্রহের কাজ চলছে। প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এ কার্ড ইস্যু করা হবে।

তিনি বলেন, "ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ নারীরা পারিবারিক ব্যয় নির্বাহ ও সন্তানদের লেখাপড়ার পাশাপাশি বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ পরিচালনা এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রীমঙ্গলে হামলার শিকার ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


শ্রীমঙ্গলে হামলার শিকার ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলাম

মৌলভীবাজারের পর্যটননগরী শ্রীমঙ্গলে বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির সভাপতি হাসিবুল ইসলাম, যিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে উপজেলার রাধানগর এলাকায় বালিশিরা রিসোর্টের সামনে। হামলার অভিযোগ উঠেছে যে, তাঁকে ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে দেশীয় অস্ত্র দা নিয়ে আক্রমণ করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে হাসিবুল ইসলাম একটি সিএনজিচালিত অটোরিকশায় অবস্থান করছিলেন। তাঁর সঙ্গে ছিলেন একজন নারী। এ সময় কয়েকজন ব্যক্তি তাঁকে লক্ষ্য করে ‘জুলাই জঙ্গি’ বলে বিভিন্ন মন্তব্য করতে থাকে। একপর্যায়ে বাকবিতণ্ডার সৃষ্টি হলে একজন ব্যক্তি হাতে দা নিয়ে তাঁর দিকে তেড়ে যান। পরিস্থিতি খারাপ হতে দেখে প্রাণরক্ষার্থে হাসিবুল অটোরিকশা থেকে নেমে দ্রুত দৌড়ে পালিয়ে যান। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

বালিশিরা রিসোর্টের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী জানান, তিন দিন আগে হাসিবুল ইসলাম একজন নারীকে সঙ্গে নিয়ে রিসোর্টটিতে ওঠেন। মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য রিসোর্টের সামনে আসলে তিনি হামলার শিকার হন। পরে রিসোর্টে ফিরে আসার পর কর্মচারীরা তাঁর হাতে কোপের ক্ষত দেখতে পান। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ তাঁকে ব্যান্ডেজ করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল জোন ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল এবং পরে সংশ্লিষ্ট রিসোর্টে যায়। ভুক্তভোগীকে সব ধরনের আইনি সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো আইনি পদক্ষেপ নিতে চাননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়েতে যৌথ সামরিক কমান্ড সদর দফতর স্থাপনে সম্মত জিসিসি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৭ পি.এম


কুয়েতে যৌথ সামরিক কমান্ড সদর দফতর স্থাপনে সম্মত জিসিসি

উপসাগরীয় সহযোগিতা পরিষদ, যা জিসিসি নামে পরিচিত, কুয়েতে তাদের যৌথ সামরিক কমান্ডের জন্য একটি আধুনিক ও উন্নত সদর দফতর স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের মাধ্যমে সেখানে সুনির্দিষ্ট সামরিক বাহিনী মোতায়েনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধি এবং বর্তমান ও ভবিষ্যৎ ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার উদ্দেশ্যে এই ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাহরাইনের মানামায় অনুষ্ঠিত জিসিসি যৌথ প্রতিরক্ষা কাউন্সিলের ২৩তম অধিবেশন শেষে এই তথ্য জানিয়েছেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল জাসেম মোহাম্মদ আল-বুদাইউই। বৈঠকে অংশগ্রহণকারী সদস্য দেশগুলোর প্রতিরক্ষামন্ত্রীরা এই প্রস্তাবের অনুমোদন প্রদান করেন।

সেক্রেটারি জেনারেল আল-বুদাইউই উল্লেখ করেন, গত এপ্রিল মাসে জেদ্দায় অনুষ্ঠিত জিসিসি নেতাদের বিশেষ বৈঠকের নির্দেশনার আলোকে যৌথ সামরিক পদক্ষেপ জোরদার করার এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। ২০১৩ সালের ডিসেম্বরে কুয়েত সিটিতে অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে সদস্য রাষ্ট্রগুলোর ভূখণ্ড, আকাশসীমা ও জলসীমার নিরাপত্তা রক্ষায় যৌথ সামরিক অভিযান পরিকল্পনা ও পরিচালনার জন্য এই ‘ইউনিফায়েড মিলিটারি কমান্ড’ গঠন করা হয়েছিল।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা এবং যৌথ সক্ষমতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই নতুন কমান্ড সেন্টার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু, গ্যাস পরিমাপের সময় নিখোঁজ হন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৮ পি.এম


বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা শ্রমিকের মৃত্যু, গ্যাস পরিমাপের সময় নিখোঁজ হন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির ভূগর্ভে কাজ করার সময় চীনা নাগরিক মি সিং সিয়াওজুন (৪৩) মারা গেছেন। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ৭টার দিকে খনির ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়ালের পাশে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাতের শিফটে গ্যাসের মাত্রা পরিমাপ করতে গিয়ে নিখোঁজ হন তিনি।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার উপ-পুলিশ পরিদর্শক মো. সেলিম বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত সিং সিয়াওজুন খনির ভেন্টিলেশন বিভাগে কর্মরত ছিলেন। লাশের সুরতহাল একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত ১১টা থেকে মঙ্গলবার সকাল ৭টা পর্যন্ত নির্ধারিত শিফটে দায়িত্ব পালনের জন্য তিনি দুই বাংলাদেশি সহকর্মীকে নিয়ে ভূগর্ভে নামেন। কাজের অংশ হিসেবে খনির মিডল স্টেশন-৩ এলাকায় ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়ালের পাশে কার্বন মনোক্সাইড (সিও) ও হায়ার হাইড্রোকার্বন গ্যাসের মাত্রা পরিমাপ করতে যান সিং সিয়াওজুন।

এ সময় দুই বাংলাদেশি শ্রমিককে মিডল স্টেশন-৫ এলাকায় গ্যাস পরিমাপের কাজে পাঠিয়ে নিজে ১৩০৫ নম্বর ফেইসে অবস্থান করেন। নির্ধারিত সময় পার হয়ে যাওয়ার পর সহকর্মীরা তাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিষয়টি সারফেস কন্ট্রোল রুমে জানানো হলে খনির উদ্ধারকারী দল অভিযান শুরু করে। মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে ১৩০৫ নম্বর ফেইসের সিলওয়াল থেকে প্রায় ৩০ মিটার দূরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পার্বতীপুর থানার ওসি আব্দুল ওয়াদুদ বলেন, "শুনেছি তিনি হার্টের রোগী ছিলেন। কেন কিভাবে মারা গেলেন তা নিশ্চিত হওয়া যায়নি।" মরদেহের ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%