০২:২৩ পি.এম
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে একটি চিঠি লিখেছিল তেহরানের ১০ বছর বয়সী এক শিক্ষার্থী। মোজতবা খামেনি ওই শিশুটির চিঠির জবাব দিয়েছেন এবং তার জন্য একটি উপহারও পাঠিয়েছেন।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, গত ১৪ সেপ্টেম্বর তেহরানের বাসিন্দা আলিরেজা বাখশি ইরাজ নামের শিক্ষার্থী সর্বোচ্চ নেতার উদ্দেশে চিঠিটি লেখেন।
চিঠিতে আলিরেজা সর্বোচ্চ নেতার দিকনির্দেশনার প্রতি তার ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করে। কৃতজ্ঞতার নিদর্শন হিসেবে কিছু অর্থ উপহার দিয়ে ইসলামি যোদ্ধাদের সহায়তায় ব্যবহারের অনুরোধও জানায় সে।
আরও পড়ুন: মালয়েশিয়া ৯ দেশের ১৮২ অভিবাসীকে ফেরত পাঠালো
শিশুটি চিঠিতে লেখে, ‘সত্যি বলতে, আমার চিঠি আপনার কাছে পৌঁছাবে কি না, জানি না। আমার ইচ্ছা, আপনার সঙ্গে সরাসরি কথা বলতে পারতাম। আপনার দিকনির্দেশনার জন্য আমরা আপনার কাছে অনেক ঋণী।’ চিঠির শেষে আলিরেজা সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করার আশা প্রকাশ করে এবং বিলম্বিত জন্মদিনের শুভেচ্ছা জানায়।
চিঠিটি পাওয়ার পর গত ১১ অক্টোবর মোজতবা খামেনি শিশুটিকে জবাব দেন। চিঠিতে আলিরেজাকে ‘প্রিয় বন্ধু’ সম্বোধন করে তার আন্তরিকতার জন্য ধন্যবাদ জানান তিনি।
জবাবে মোজতবা খামেনি লেখেন, ‘তোমার আন্তরিকতার জন্য ধন্যবাদ। তবে এই বিনীত সেবকের জন্ম হয়েছে এসফান্দ মাসে (ফেব্রুয়ারির শেষ থেকে মার্চের শুরুর সময়)। তোমার উদারতার তুলনায় উপহারটি খুবই সামান্য হলেও তোমাকে পালটা একটি উপহার দিচ্ছি। তোমার পরিবারের সবাইকে আমার সালাম জানাবে।’
চিঠির শেষে শিশুটির হাতের লেখার প্রশংসা করে তিনি লেখেন, ‘তোমার হাতের লেখা খুব সুন্দর।’ সর্বোচ্চ নেতার পক্ষ থেকে আলিরেজার জন্য উপহার পাঠানোর কথা জানানো হলেও সেটি কী, সে বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়নি। তথ্যসূত্র: ইরনা
আরও পড়ুন: রোহিঙ্গা গণহত্যা: আন্তর্জাতিক বিচার আদালতে মামলার রায় ১৯ নভেম্বর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন