মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:১০ পি.এম
গাজীপুরের টঙ্গীতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে মোটরসাইকেল শোডাউন করেছে টঙ্গী পূর্ব থানা যুবদল। গাজীপুরা ২৭ নম্বর এলাকা থেকে শুরু হওয়া শোডাউনটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টঙ্গী বাজারে এসে শেষ হয়।
মোটরসাইকেল শোডাউনে নেতৃত্ব দেন টঙ্গী পূর্ব থানা যুবদলের আহ্বায়ক আকবর হোসেন ফারুক ও সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল। এ সময় উপস্থিত ছিলেন যুবদল নেতা মোফাজ্জল সরকার বিজয়সহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
শোডাউনে অংশগ্রহণকারী নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানান। কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
গাজীপুরা ২৭ নম্বর এলাকা থেকে শুরু হয়ে টঙ্গী বাজারে গিয়ে শোডাউন শেষ হওয়ার মধ্য দিয়ে যুবদলের এই প্রতিবাদী কর্মসূচির সমাপ্তি ঘটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী, ১০ নভেম্বর, ২০২৬ : রাজশাহী নগরীর ১৫টি ওয়ার্ডের ৯ থেকে ১৪ বছর বয়সী ১৫০ জন সুবিধাবঞ্চিত কিশোরীর মধ্যে হাইজিন কিটসহ নানা সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার সকালে নগর ভবনের সিডিসি'র কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কিশোরীদের হাতে এসব সামগ্রী তুলে দেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
ইউএনডিপি, সিডকা ও বাংলাদেশ সরকারের সহযোগিতায় প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় রাজশাহী মহানগরীর কিশোরীদের এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, হাইজিন কিট, আয়রন ও ভিটামিন ট্যাবলেট, সাবান, মাল্টিফাংশনাল কিট এবং জুট ব্যাগ।
রাসিক প্রশাসক জানান, কিশোরীদের সুস্থ ও স্বাস্থ্যসম্মতভাবে বেড়ে ওঠা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এসব হাইজিন কিট ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হচ্ছে। কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, পুষ্টি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাসিকের সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন ইউনিটের জেনারেল সেক্রেটারি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, সচিব সোহেল রানা, চিফ কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সিহাব উদ্দিন চৌধুরী এবং ইউএনডিপির সিনিয়র ভলান্টিয়ার মো. আজাদ মোড়লসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড শেষে খুলনা বিভাগ শিরোপা জয়ের সমীকরণ অনেকটাই নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। ঢাকা বিভাগের বিপক্ষে রানবন্যার ম্যাচটি ড্র করার ফলে তারা ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে। শেষ রাউন্ডে ড্র করলেই খুলনা নিশ্চিত করবে রেকর্ড অষ্টম শিরোপা। অন্যদিকে, মিম মোসাদ্দেকের অসাধারণ সেঞ্চুরির মাধ্যমে রংপুর চট্টগ্রামের বিপক্ষে হার এড়িয়েছে। ষষ্ঠ রাউন্ডের বাকি দুই ম্যাচে জয় পেয়েছে সিলেট ও ময়মনসিংহ।
২০১৯-২০ মৌসুমের পর খুলনা আবারও এনসিএল ট্রফি জয়ের অপেক্ষায় রয়েছে। রাজশাহীতে ঢাকার ৫১৩ রানের জবাবে তারা নিজেদের প্রথম ইনিংসে ঠিক ৫১৩ রানেই অলআউট হয়ে যায়। শেষ দিনে শেখ পারভেজ রহমান ৪৬ রান যোগ করেন। পরবর্তীতে দ্বিতীয় ইনিংসে আনিসুল ইসলামের ৭৬ ও আশিকুর রহমানের ৫১ রানে দিন পার করে ঢাকা। ছয় ম্যাচে তিন জয় ও তিন ড্রয়ে খুলনার সংগ্রহ ৩১ পয়েন্ট। ২৩ পয়েন্ট নিয়ে চট্টগ্রাম দ্বিতীয় স্থানে রয়েছে। ১৯ পয়েন্ট পাওয়া ঢাকা শিরোপার লড়াই থেকে ছিটকে গেছে।
রংপুরের মাঠে মিম মোসাদ্দেক ব্যাট হাতে প্রতিরোধ গড়েন। ৩১৭ বলের ইনিংসে ১৪৫ রান করে তিনি দলকে ইনিংস পরাজয়ের শঙ্কা থেকে মুক্ত করেন। ষষ্ঠ উইকেটে শিহাব জেমসের সঙ্গে ১১৪ রানের জুটি গড়েন। শিহাবের ব্যাট থেকে আসে ৫২ রান। এবারের লিগে মিম ছয় ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলার বিরল কীর্তি গড়েছেন। তাঁর মোট রান এখন ৭২৭।
রংপুরের ইনিংসে আবদুল্লাহ আল মামুনের আউটও আলোচনার জন্ম দেয়। হাসান মুরাদের বল ঠেকানোর পর পিচ থেকে হাত দিয়ে বল সরাতে গিয়ে তিনি ‘অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড’ আউট হন। প্রথম শ্রেণির ক্রিকেটে এমন আউট হওয়া তৃতীয় বাংলাদেশি ব্যাটার মামুন। এর আগে মুশফিকুর রহিম ও মার্শাল আইয়ুব এই অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন। ড্রয়ের ফলে চট্টগ্রামের প্রথম শিরোপার স্বপ্ন কঠিন হয়ে পড়েছে। শেষ ম্যাচে বোনাস পয়েন্টসহ জয়ের পাশাপাশি তাদের খুলনার বড় হারের দিকে তাকিয়ে থাকতে হবে।
এদিকে, বগুড়ায় রাজশাহীকে ২৯৭ রানে হারিয়েছে সিলেট। ৪৬৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে রাজশাহী দ্বিতীয় ইনিংসে ১৬৫ রানেই গুটিয়ে যায়। মেহেরব হোসেন সর্বোচ্চ ৯১ রান করেন। সিলেটের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৭২ রান দিয়ে ৫ উইকেট নেন। এটি তাঁর প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫তম পাঁচ উইকেটের ইনিংস এবং ক্যারিয়ারের তৃতীয় ১০ উইকেটের ম্যাচ। জয়ের ফলে সিলেট ২২ পয়েন্ট নিয়ে তিনে উঠে এসেছে।
অন্যদিকে, জাওয়াদ আবরারের প্রথম শ্রেণির ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিও বরিশালকে হার থেকে বাঁচাতে পারেনি। ২৪৪ বলে ১০৮ রান করেন এই তরুণ ওপেনার। মোহাম্মদ আবদুল্লাহর ব্যাট থেকে আসে ৫২ রান। তবুও, শেষ ইনিংসে ময়মনসিংহের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৭। সহজেই তা পেরিয়ে ছয় ম্যাচে প্রথম জয়ের দেখা পায় তারা। ১৭ পয়েন্ট নিয়ে ময়মনসিংহ পাঁচে উঠে এসেছে; বরিশাল মাত্র ৪ পয়েন্ট নিয়ে সবার নিচে অবস্থান করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দ্য ডাচেস অব এডিনবরা, ব্রিটিশ রাজপরিবারের সদস্য, বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট) এবং সাভারে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) পরিদর্শন করেছেন।
তিনি সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশ বিমান বাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারে এই স্থানগুলো পরিদর্শন করেন। সকাল ১১টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকার থেকে হেলিকপ্টারযোগে তার যাত্রা শুরু হয়।
পরিদর্শন শেষে বিকেল ৩টা ৫০ মিনিটে একই হেলিকপ্টারে তিনি বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে ফিরে আসেন।
যাত্রা ও প্রত্যাবর্তনকালে বিমান বাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আব্দুল্লাহ তাঁকে স্বাগত জানান।
বাংলাদেশ বিমান বাহিনী জানায়, ব্রিটিশ রাজপরিবারের সদস্যের এই সফরে হেলিকপ্টার পরিবহন সহযোগিতা প্রদান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিমান বাহিনী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সরকারি সফরে নিয়মিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জঙ্গী স্টাইলে সন্ত্রাসবাদ পরিচালনা করলে, মাটির ১০০ হাত নিচে থেকেও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম এবং তার সহযোগীদের আইনের মুখোমুখি করা হবে, এমন হুঁশিয়ারি দিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদল সমর্থিত প্যানেলে জিএস পদে নির্বাচন করা শেখ তানভীর বারী হামিম।
মঙ্গলবার (১০ নভেম্বর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি পোস্টের মাধ্যমে এ হুঁশিয়ারি প্রকাশ করেন।
পোস্টে শেখ তানভীর উল্লেখ করেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কলকাতা নিষিদ্ধ পল্লীতে অবস্থানরত সাদ্দাম গং হয়তো ভুলে গিয়েছে যে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সন্ত্রাসী ছাত্রলীগের নিপীড়নের বিরুদ্ধে ১৬ জুলাই কান ধরে উঠ-বস করিয়ে, নাকে খত দিয়ে উত্তম-মাধ্যমে এই ক্যাম্পাস থেকে বিতারিত করেছিল।
হামীম বলেন, জঙ্গী স্টাইলে ভিডিও বার্তা দেওয়া সাদ্দামকে উদ্দেশ্য করে বলেন - এটা ঢাকা বিশ্ববিদ্যালয়। দুটি ককটেল ফুটিয়ে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনে ভয় ধরানো যাবে না। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তোমাদের জঙ্গী মাতা হাসিনাকে চোখে চোখ রেখে ফ্যাসিবাদ বলেছিল। সৎ সাহস থাকলে আমাদের মুখোমুখি হও। নির্লজ্জতার এমন উচ্চতায় গিয়েছো যে, মুখোমুখি হওয়ার কিংবা মুখ দেখানোর সৎ সাহসটুকু হারিয়ে ফেলেছো।
তিনি হুঁশিয়ারি দেন, মনে রাখবে- তুমি জঙ্গী স্টাইলে সন্ত্রাসবাদ চালালে, আমরা মাটির ১০০ হাত নিচে থেকেও তোমাদের এবং তোমাদের দোসরদের বের করে আইনের মুখোমুখি করবো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ