ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমছে, অর্থনীতিতে চাপ বাড়ছে


মানুষের আয় ও ক্রয়ক্ষমতা কমছে, অর্থনীতিতে চাপ বাড়ছে

ব্যাংকঋণের উচ্চ সুদ, মূল্যস্ফীতি, জ্বালানি সংকট এবং বিনিয়োগে দীর্ঘসূত্রতার কারণে দেশের অর্থনীতিতে চাপ সৃষ্টি হচ্ছে। ব্যবসা-বাণিজ্যে গতি কমে যাওয়ার ফলে একদিকে শিল্প-কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে, অন্যদিকে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। মানুষের প্রকৃত আয় ও ক্রয়ক্ষমতা কমে গেছে। বাজারে পণ্যের বিক্রি কমে যাওয়ায় ব্যবসাপ্রতিষ্ঠানের নগদ প্রবাহেও টান পড়েছে। এর ফলে অনেক প্রতিষ্ঠান ঋণের কিস্তি পরিশোধে অক্ষম হয়ে পড়ছে। খেলাপি ঋণের সংখ্যা বাড়ছে। এই পরিস্থিতিতে কর্মসংস্থান ও উৎপাদন—দুই ক্ষেত্রেই সংকট গভীর হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা উল্লেখ করছেন, উচ্চ মূল্যস্ফীতির বিপরীতে আয় বৃদ্ধির গতি কম থাকায় সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি পাচ্ছে। প্রয়োজনীয় পণ্য ও সেবা কিনতে আয়ের বড় অংশ ব্যয় হচ্ছে। এর ফলে নতুন পণ্য কেনা এবং বড় ব্যয়ের সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসছেন ভোক্তারা। এই অবস্থায় অভ্যন্তরীণ বাজারে চাহিদা কমছে, যা উৎপাদন ও বিনিয়োগে প্রভাব ফেলছে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ তথ্য অনুযায়ী, অক্টোবরে সাধারণ মূল্যস্ফীতি ৮.২৭ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৮.৩৪ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতি ৭.২২ শতাংশ থেকে কমে ৬.৪০ শতাংশ হলেও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে ৯.৮৯ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে, একই সময়ে মজুরি বৃদ্ধির হার কমে ৭.৬৩ শতাংশে দাঁড়িয়েছে, যা সেপ্টেম্বরে ছিল ৭.৯০ শতাংশ। অর্থাৎ মানুষের আয় বাড়ার চেয়ে জীবনযাত্রার ব্যয় দ্রুত বৃদ্ধি পাচ্ছে।

আরও পড়ুন: সশস্ত্র বাহিনীর সৈনিকদের বেতন ১৩৮% বৃদ্ধি, সর্বনিম্ন ২১,৪০০ টাকা

এই পরিস্থিতির প্রভাব ব্যবসা-বাণিজ্যে পড়ছে। বিক্রি কমে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান সময়মতো ব্যাংকঋণের কিস্তি পরিশোধ করতে পারছে না। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জুন শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ছয় লাখ ছয় হাজার ৫৫৫ কোটি টাকা। মোট ঋণের ৩২.৭৮ শতাংশ তখন খেলাপি ছিল। মার্চ শেষে খেলাপি ঋণ ছিল পাঁচ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ১৭ হাজার ৮৫১ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা মন্তব্য করেছেন, আগে খেলাপি ঋণের বড় অংশের ক্ষেত্রে ইচ্ছাকৃত খেলাপির অভিযোগ থাকলেও বর্তমানে অনেক ব্যবসায়ী ব্যবসায়িক সংকটের কারণে ঋণ পরিশোধে অক্ষম হচ্ছেন। এই প্রবণতা ব্যাংক খাতের জন্য উদ্বেগজনক বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, বিনিয়োগের পরিবেশও উদ্যোক্তাদের জন্য অনুকূল নয়। ব্যাংকঋণের উচ্চ সুদ, কাঁচামাল ও জ্বালানির বাড়তি দাম এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে নতুন প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়েছে। পরিবেশ অধিদপ্তর, রাজউক, বিসিকসহ বিভিন্ন দপ্তরের অনুমোদন পেতে দীর্ঘ সময় লাগছে বলে ব্যবসায়ীরা অভিযোগ করেছেন। কোথাও ঘুষ, তদবির ও হয়রানির মুখেও পড়তে হচ্ছে তাঁদের।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেছেন, আমলাতান্ত্রিক জটিলতা এবং ঘন ঘন নীতির পরিবর্তন বিনিয়োগের পরিবেশকে অনিশ্চিত করছে। একটি নতুন প্রকল্পের অনুমোদন পেতে গড়ে দুই থেকে তিন বছর সময় লাগছে। এতে সুদ, জ্বালানি ও কাঁচামালের দাম বেড়ে প্রকল্পের সম্ভাব্যতা নষ্ট হচ্ছে। ফলে অনেক উদ্যোক্তা বিনিয়োগ থেকে বিরত থাকছেন।

আরও পড়ুন: খাগড়াছড়িতে সাদিক কায়েমের বাড়িতে পেট্টোলবোমা মেরে আগুন জ্বালানোর চেষ্টা

বিনিয়োগের এই স্থবিরতার প্রভাব শিল্প উৎপাদন ও কর্মসংস্থানে পড়ছে। বিজিএমইএর তথ্য অনুযায়ী, গত দুই বছরে সাভার, গাজীপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং নরসিংদীতে ৩৫৩টি কারখানা বন্ধ হয়ে গেছে। এতে কর্মহীন হয়েছেন এক লাখ ১৯ হাজার ৮৪২ জন শ্রমিক। তৈরি পোশাক ও টেক্সটাইলের পাশাপাশি আবাসন, চামড়া, জুতা, সিরামিক, প্লাস্টিক এবং হোম টেক্সটাইল খাতেও বিনিয়োগ কমেছে।

এফবিসিসিআইয়ের প্রশাসক ফজলুল হক মন্তব্য করেছেন, শ্রমঘন আবাসন এবং রিয়েল এস্টেট খাতের স্থবিরতার প্রভাব এর সঙ্গে যুক্ত ২৫০ থেকে ২৬০টি শিল্পে পড়ছে। এতে কর্মসংস্থান কমার পাশাপাশি অর্থনীতিতে চাহিদাও দুর্বল হচ্ছে।

বিনিয়োগ কমার চিত্র বিভিন্ন অর্থনৈতিক সূচকেও প্রতিফলিত হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে বেসরকারি খাতে ঋণপ্রবৃদ্ধি ৪.১৭ শতাংশে নেমে এসেছে, যা আগস্টে ছিল ৪.৭৫ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে মূলধনী যন্ত্রপাতি আমদানি ২২.৫ শতাংশ কমেছে। অন্যদিকে, প্রথম চার মাসে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার দাঁড়িয়েছে ৬.৫৩ শতাংশে, যা একই সময়ের হিসাবে এ যাবৎকালের সর্বনিম্ন।

বিশ্বব্যাংকের ‘বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট’ অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বেসরকারি বিনিয়োগ ০.৫ শতাংশ এবং সরকারি বিনিয়োগ ০.৭ শতাংশ কমেছে। একই সময়ে পণ্য ও সেবার প্রকৃত রপ্তানি ৪.৮ শতাংশ কমেছে। সংস্থাটির মতে, বিনিয়োগ ও কর্মসংস্থানের দুর্বলতা এবং জ্বালানি সংকট দেশের প্রবৃদ্ধির ওপর চাপ তৈরি করছে।

আরও পড়ুন: টি+১ ট্রেডিং চালুর সিদ্ধান্তে বিএসইসিকে ধন্যবাদ জানিয়েছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন

বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, অনুকূল বিনিয়োগ পরিবেশের অভাবই দেশি-বিদেশি বিনিয়োগ না বাড়ার প্রধান কারণ। বিদেশি বিনিয়োগ আকর্ষণে সরকারের উদ্যোগের সঙ্গে বাস্তব কাজের মিল না থাকায় নীতি ও প্রতিশ্রুতির বিশ্বাসযোগ্যতা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান মন্তব্য করেছেন, উচ্চ সুদহার, ব্যবসা পরিচালনার বাড়তি ব্যয় এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে সতর্ক হয়েছেন। মূল্যস্ফীতি, কম প্রবৃদ্ধি এবং দুর্বল বিনিয়োগের সম্মিলিত প্রভাবে দীর্ঘস্থায়ী স্থবিরতার ঝুঁকি বাড়ছে।

তিনি বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠা, উৎপাদনশীল খাতে ঋণপ্রবাহ বাড়ানো এবং কর্মসংস্থানমুখী বিনিয়োগ নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কার ও আমলাতান্ত্রিক জটিলতা দূর করতে হবে।

আরও পড়ুন: শেরপুরে বাসের লকারে ১১ কেজি গাঁজা, যুবক আটক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%