০৮:০৪ পি.এম
হাইওয়ে পুলিশ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু করছে। আগামী ১৮ আগস্ট থেকে মহাসড়কে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের জন্য এ প্রযুক্তির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলা এবং জরিমানা কার্যক্রম পরিচালনা করা হবে।
শনিবার (১৫ আগস্ট) হাইওয়ে পুলিশ তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সড়ক নিরাপত্তা নিশ্চিত করা, মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা জোরদার করা এবং আইন অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে দ্রুত, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় আধুনিক প্রযুক্তির এআই ক্যামেরার মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহন শনাক্ত করা হবে। পরে স্বয়ংক্রিয় পদ্ধতিতে সংশ্লিষ্ট যানবাহনের নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে মামলার তথ্য পাঠানো হবে।
আরও পড়ুন: কাঁঠালিয়ায় ৫০ চুল্লিতে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, জনস্বাস্থ্যে ঝুঁকি
এছাড়া, মামলার তথ্য পাওয়ার পর যানবাহনের মালিক নির্ধারিত পদ্ধতিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন।
হাইওয়ে পুলিশ বলছে, প্রযুক্তি-নির্ভর এই ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে, প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ করা হবে এবং বিধি অনুযায়ী জরিমানা আদায়ের কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ, নির্ভুল ও কার্যকর হবে।
‘অটো ফাইন সিস্টেম’ চালুর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি পাবে, যান চলাচলে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হবে এবং সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে বলেও উল্লেখ করেছে হাইওয়ে পুলিশ।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের লড়াই বদলে দিচ্ছে সুপ্রিম কোর্ট
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন