ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনকারী জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ


মুক্তিযুদ্ধের পক্ষে ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজনকারী জর্জ হ্যারিসনের মৃত্যুবার্ষিকী আজ

রক সংগীতের ইতিহাসে জর্জ হ্যারিসনের নাম ‘দ্য বিটলস’-এর লিড গিটারিস্ট হিসেবে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তবে বাংলাদেশের মানুষের কাছে তিনি একজন অনন্য সংগীতযোদ্ধা এবং অকৃত্রিম বন্ধু। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের উত্তাল সময়ে এই কিংবদন্তি শিল্পী গানের সুর ও কথার মাধ্যমে বিশ্ববাসীর বিবেককে নাড়া দিয়েছিলেন। আজ রোববার (২৯ নভেম্বর) প্রয়াত এই সংগীতজ্ঞের ২৫তম মৃত্যুবার্ষিকী পালিত হচ্ছে।

১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর নির্মম গণহত্যার চিত্র বিশ্বদরবারে তুলে ধরার জন্য সংগীতকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেন হ্যারিসন। শরণার্থীদের পাশে দাঁড়াতে সেতারের জাদুকর পণ্ডিত রবিশঙ্করের আহ্বানে সাড়া দিয়ে তিনি এগিয়ে আসেন। সেই মানবিক তাড়না থেকেই সংগীত ইতিহাসের অন্যতম মাইলফলক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর সৃষ্টি হয়।

সেই বছরের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে দুটি পরিবেশনার মাধ্যমে প্রায় ৪০ হাজার দর্শকের সামনে বসেছিল তারার মেলা। হ্যারিসন ও পণ্ডিত রবিশঙ্করের পাশাপাশি মঞ্চে উপস্থিত ছিলেন বব ডিলান, এরিক ক্ল্যাপটন, রিঙ্গো স্টার, বিলি প্রেস্টন, লিওন রাসেল এবং ওস্তাদ আলী আকবর খানসহ বিশ্বসেরা সংগীতশিল্পীরা।

আরও পড়ুন: ‘ইথা’র জন্য ওজন বাড়িয়ে আহত শ্রদ্ধা কাপুর

সংগীতের এই মহাযজ্ঞ থেকে সংগৃহীত অর্থ ইউনিসেফের মাধ্যমে বাংলাদেশের শরণার্থীদের সহায়তায় ব্যয় করা হয়।

এই আয়োজনকে স্মরণীয় করে রাখতে হ্যারিসন নিজেই লেখেন ও সুর করেন ‘বাংলাদেশ’ গানটি। গানের প্রতিটি পঙ্‌ক্তিতে ফুটে ওঠে বাংলাদেশের মানুষের অসহায়ত্ব, যন্ত্রণা এবং মুক্তির তীব্র আকুতি। সেই সুর ও আয়োজন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মুক্তিসংগ্রামের পক্ষে জনমত গঠনে বিশাল ভূমিকা পালন করেছিল।

১৯৪৩ সালের ২৫ ফেব্রুয়ারি ইংল্যান্ডের লিভারপুলে জন্মগ্রহণ করা জর্জ হ্যারিসন ২০০১ সালের ২৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ৫৮ বছর বয়সে ক্যানসারে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে যান।

বাংলাদেশ সরকার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে এই ব্রিটিশ কিংবদন্তির অবদানের স্বীকৃতি হিসেবে তাকে মরণোত্তর ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ প্রদান করে। ২৫তম প্রয়াণ দিবসে সংগীতের এই কিংবদন্তিকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে বাংলাদেশ।

আরও পড়ুন: ২০ বছর পর শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় অগ্নি নিরাপত্তায় এআই ব্যবহারে আন্তর্জাতিক সেমিনার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


ঢাকায় অগ্নি নিরাপত্তায় এআই ব্যবহারে আন্তর্জাতিক সেমিনার

ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি আন্তর্জাতিক সেমিনার, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্তকরণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘এআই-পাওয়ার্ড ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।

এই সেমিনারের আয়োজন করা হয় ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) উদ্যোগে, যা দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এর অংশ।

সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং স্মার্ট ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন।

রিয়াদ হাসনাইন মূল প্রবন্ধে দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এআই প্রযুক্তির মাধ্যমে ঝুঁকি আগেই শনাক্ত ও প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি অগ্নি ও সাইবার নিরাপত্তাকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসার পাশাপাশি এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নের জন্য জাতীয় নির্দেশিকা প্রণয়নের প্রস্তাব দেন।

তিনি উল্লেখ করেন, বিদ্যমান সিসিটিভি ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক মিটার ও ফায়ার অ্যালার্মের সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত করে আগুন, ধোঁয়া, বৈদ্যুতিক যন্ত্রপাতির অতিরিক্ত তাপ এবং জরুরি বহির্গমন পথে প্রতিবন্ধকতা শনাক্ত করা সম্ভব। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, এআই প্রযুক্তি মাত্র ০.০১৬ সেকেন্ডে আগুন বা ধোঁয়া শনাক্তের জন্য সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করতে সক্ষম। ঝুঁকি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানোর এবং ফায়ার সার্ভিসকে অবহিত করার ব্যবস্থা রাখা যেতে পারে।

সেমিনারের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, বিডিএসএএফের সাধারণ সম্পাদক ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মুহিব্বুল মুক্তাদির তানিম, বিএনএনআরসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম এবং ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম।

সেমিনারটি সঞ্চালনা করেন ইসাবের যুগ্ম মহাসচিব ও গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান।

এছাড়া, ২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনের প্রদর্শনীতে ২০টির বেশি দেশের শতাধিক ব্র্যান্ড অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি সেমিনার, ব্যবসায়িক বৈঠক এবং অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবীরা সবার আগে বাংলাদেশকে ধারণ করলে দেশ এগিয়ে যাবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


মেধাবীরা সবার আগে বাংলাদেশকে ধারণ করলে দেশ এগিয়ে যাবে

চট্টগ্রামের কর্ণফুলীতে ২০২৬ সালের এসএসসি, দাখিল ও আলিম পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৬ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে কর্ণফুলী প্রেসক্লাব। শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে সম্মাননা সনদ, ক্রেস্ট, নগদ অর্থ এবং উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।

কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি ও চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য নুরুল আমিন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি এবং আমার দেশ-এর আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিদুয়ানুল ইসলাম।

কর্ণফুলী প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট এস এম ফোরকান, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি অধ্যক্ষ মাওলানা ইসমাইল হক্কানি, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব কামরুদ্দিন সবুজ, বিএনপি নেতা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য জসিম উদ্দিন চৌধুরী, কর্ণফুলী উপজেলা জামায়াতের আমির নুর উদ্দিন জাহাঙ্গীর, উপজেলা যুবদলের সদস্যসচিব মোহাম্মদ ইব্রাহিম, প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক আবদুল কাইয়ুম, সিনিয়র সহসভাপতি খালেদ মনসুর, সহসভাপতি বদরুল হক এবং আনোয়ারা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কর্ণফুলী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মো. হারুন, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সালাহউদ্দিন, অর্থ ও দপ্তর সম্পাদক মো. জাবেদুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মো. সাইফুল ইসলাম, আনোয়ারা সাংবাদিক সমিতির সভাপতি হুমায়ুন কবির শাহ সুমন এবং নুসরাত জাহান, মো. মাকসুদ ও গিয়াস উদ্দিন।

এছাড়া বিডি ক্লিন, মানবতার শেষ আশ্রম, আলোকিত নারী কল্যাণ সংগঠন ও দুরন্ত দুর্বারসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান। পাশাপাশি শিক্ষার্থীদের মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে চায় কমিশন: সিইসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে চায় কমিশন: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করার লক্ষ্যে কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

রোববার (২৯ নভেম্বর) অনুষ্ঠিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্বোধনী বক্তব্যে সিইসি এ কথা বলেন। তিনি উল্লেখ করেন, ইসির আমন্ত্রণে অংশগ্রহণকারী দলগুলো দেশের গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টিতে একমত পোষণ করে।

সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করার জন্য কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। তিনি জানান, এই নির্বাচন দলীয় প্রতীকে অনুষ্ঠিত হচ্ছে না। তবে রাজনৈতিক দলের প্রভাব অব্যাহত থাকবে। সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলের সহযোগিতা অপরিহার্য।

তিনি আরও জানান, ইসির দ্বিতীয় কোনো এজেন্ডা নেই। কমিশন সুষ্ঠু ও সুন্দর নির্বাচন পরিচালনার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

কমিশন সম্মিলিতভাবে নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় উল্লেখ করে সিইসি বলেন, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন। ভোটে বিভিন্ন চ্যালেঞ্জ আসতে পারে এবং প্রতিটি ধাপে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কমিশন সর্বোচ্চ চেষ্টা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিউবার নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৪২ এম


কিউবার নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রকে ডব্লিউএইচও প্রধানের আহ্বান

ঢাকা, ২৯ নভেম্বর, ২০২৬ : ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্যে থাকা কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কাছে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেয়েসুস।

শনিবার তিনি এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র কিউবার ওপর নতুন করে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটিতে তেল সরবরাহ বন্ধে অবরোধ কার্যকর করেছে। এর ফলে কিউবার অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট আরও তীব্র হয়েছে।

সম্প্রতি কিউবা সফর শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একটি পোস্টে টেড্রোস উল্লেখ করেন, ‘কিউবা থেকে এইমাত্র ফিরলাম। সেখানে যা দেখেছি, তা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে।’ তিনি আরও বলেন, ‘হাসপাতালের করিডোরগুলোতে ছোট ছোট শিশুর হাত, তাদের চোখে বুকভরা স্বপ্ন ও বেঁচে থাকার আশা। স্বাস্থ্যকর্মীরা নিজেদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। রাজনৈতিক বিরোধের মূল্য কোনো শিশুকেই দিতে হওয়া উচিত নয়।’

টেড্রোস বলেন, ‘শিশুদের স্বার্থেই আমি যুক্তরাষ্ট্রের প্রতি নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানাচ্ছি।’ চলতি সপ্তাহে ডব্লিউএইচও প্রধান জানান, কমিউনিস্ট শাসিত কিউবায় মানুষের গড় আয়ু ২০২০ সালের ৭৮ দশমিক ৮ বছর থেকে কমে ২০২৫ সালে ৭৪ দশমিক ৪ বছরে দাঁড়িয়েছে। ১৯৫০ সালে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর দেশটিতে গড় আয়ু কমার ঘটনা এবারই প্রথম।

তবে ২০২৫ সালের এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের জ্বালানি অবরোধ আরোপের আগের। গত জানুয়ারিতে ওই অবরোধ কার্যকর করা হয়। ছয় দশকেরও বেশি সময় ধরে চলা মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ওপর নতুন এই অবরোধ কিউবার কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটকে আরও তীব্র করেছে। এর ফলে দেশটির সরকারি সেবাব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার কমিউনিস্ট শাসক দলকে ক্ষমতাচ্যুত করতে সামরিক হস্তক্ষেপের ইঙ্গিত দিয়েছেন। অন্যদিকে, গত মাসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও কিউবানদের মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে কাজ করার আহ্বান জানান। ১৯৬২ সাল থেকেই কিউবা যুক্তরাষ্ট্রের বাণিজ্য নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

এর আগে মঙ্গলবার হাভানা সফরের সময় কিউবার স্বাস্থ্যব্যবস্থার ভয়াবহ চিত্র তুলে ধরেন ডব্লিউএইচও প্রধান। তিনি দেশটির স্বাস্থ্যব্যবস্থাকে ‘সংকটজনক’ অবস্থায় রয়েছে বলে উল্লেখ করেন। টেড্রোস জানান, কিউবায় শিশুমৃত্যুর হার দ্বিগুণেরও বেশি বেড়েছে। ২০২০ সালে প্রতি এক হাজার জীবিত জন্ম নেওয়া শিশুর মধ্যে প্রায় চারজন মারা যেত। ২০২৫ সালে এই সংখ্যা বেড়ে ৯ দশমিক ৯-এ দাঁড়িয়েছে।

এ ছাড়া শিশুদের টিকাদান কর্মসূচি জোরদার এবং জরুরি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য ২০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। কিউবার স্বাস্থ্য পরিস্থিতির জন্য নিষেধাজ্ঞাকে দায়ী করার পাশাপাশি দেশটির অভ্যন্তরীণ সমস্যার কথাও উল্লেখ করেন টেড্রোস। তবে এসব সমস্যা সমাধানে কিউবা যে উদ্যোগ নিয়েছে, তাকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

এ প্রসঙ্গে কিউবা সরকারের ঘোষিত ব্যাপকভিত্তিক বাজারমুখী অর্থনৈতিক সংস্কারের কথা উল্লেখ করেন ডব্লিউএইচও প্রধান। টেড্রোস বলেন, ‘সরকার যে সংস্কারের প্রস্তাব দিয়েছে, তা অর্থনীতি, বাজারব্যবস্থা, স্বাস্থ্যসহ প্রায় সব খাতকে অন্তর্ভুক্ত করে। আমরা এই উদ্যোগকে সমর্থন করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%