১১:৪১ এম
ঢাকায় অনুষ্ঠিত হয়েছে একটি আন্তর্জাতিক সেমিনার, যেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঝুঁকি আগাম শনাক্তকরণ এবং জানমালের ক্ষয়ক্ষতি কমানোর উপর গুরুত্বারোপ করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘এআই-পাওয়ার্ড ডিজিটাল সেফটি অ্যান্ড সিকিউরিটি’ শীর্ষক সেমিনারটি অনুষ্ঠিত হয়।
এই সেমিনারের আয়োজন করা হয় ইলেকট্রনিকস সেফটি অ্যান্ড সিকিউরিটি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইসাব) উদ্যোগে, যা দশম আন্তর্জাতিক ফায়ার, সেফটি অ্যান্ড সিকিউরিটি এক্সপো ২০২৬-এর অংশ।
সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. সাদিয়া শারমিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ বিশেষজ্ঞ এবং স্মার্ট ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ হাসনাইন।
আরও পড়ুন: শিক্ষার্থীদের নেতৃত্বে বিক্ষোভে উত্তাল আলবেনিয়া, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবি
রিয়াদ হাসনাইন মূল প্রবন্ধে দুর্ঘটনা ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে এআই প্রযুক্তির মাধ্যমে ঝুঁকি আগেই শনাক্ত ও প্রতিরোধের গুরুত্ব তুলে ধরেন। তিনি অগ্নি ও সাইবার নিরাপত্তাকে সমন্বিত ব্যবস্থাপনার আওতায় নিয়ে আসার পাশাপাশি এআইভিত্তিক নিরাপত্তাব্যবস্থা বাস্তবায়নের জন্য জাতীয় নির্দেশিকা প্রণয়নের প্রস্তাব দেন।
তিনি উল্লেখ করেন, বিদ্যমান সিসিটিভি ক্যামেরা, সেন্সর, বৈদ্যুতিক মিটার ও ফায়ার অ্যালার্মের সঙ্গে এআই প্রযুক্তি যুক্ত করে আগুন, ধোঁয়া, বৈদ্যুতিক যন্ত্রপাতির অতিরিক্ত তাপ এবং জরুরি বহির্গমন পথে প্রতিবন্ধকতা শনাক্ত করা সম্ভব। মূল প্রবন্ধে উল্লেখ করা হয়, এআই প্রযুক্তি মাত্র ০.০১৬ সেকেন্ডে আগুন বা ধোঁয়া শনাক্তের জন্য সিসিটিভি ক্যামেরার একটি ভিডিও ফ্রেম বিশ্লেষণ করতে সক্ষম। ঝুঁকি শনাক্ত হলে স্বয়ংক্রিয়ভাবে সতর্কবার্তা পাঠানোর এবং ফায়ার সার্ভিসকে অবহিত করার ব্যবস্থা রাখা যেতে পারে।
সেমিনারের প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের হিট প্রকল্পের পরিচালক অধ্যাপক ড. মো. রাকিবুল হক, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল হাসান, বিডিএসএএফের সাধারণ সম্পাদক ও ব্রেইন স্টেশন ২৩ পিএলসির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান মুহিব্বুল মুক্তাদির তানিম, বিএনএনআরসির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এ এইচ এম বজলুর রহমান, ইসাব সভাপতি স্কোয়াড্রন লিডার (অব.) এম দিদারুল ইসলাম এবং ইউবিক করপোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সামিউল ইসলাম।
সেমিনারটি সঞ্চালনা করেন ইসাবের যুগ্ম মহাসচিব ও গ্রোথ টেকনোলজি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম খান।
আরও পড়ুন: জাতিসংঘের বিশেষ দূত ফ্রানচেস্কা আলবানিজ কোস্টারিকা প্রবেশে বাধার পর মেক্সিকোয় পৌঁছালেন
এছাড়া, ২৬ নভেম্বর শুরু হওয়া তিন দিনের প্রদর্শনীতে ২০টির বেশি দেশের শতাধিক ব্র্যান্ড অংশগ্রহণ করছে। প্রদর্শনীতে নিরাপত্তা প্রযুক্তি ও পণ্য প্রদর্শনের পাশাপাশি কারিগরি সেমিনার, ব্যবসায়িক বৈঠক এবং অগ্নিনির্বাপণ মহড়ার আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন