ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

বৈদ্যুতিক বিমান নির্মাণে চীনের মাইলফলক: সিই-২৫এ যাত্রায় সফল উড্ডয়ন


বৈদ্যুতিক বিমান নির্মাণে চীনের মাইলফলক: সিই-২৫এ যাত্রায় সফল উড্ডয়ন

চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান ‘সিই-২৫এ’ (CE-25A) শনিবার (১৪ নভেম্বর) শানডং প্রদেশের বিনঝৌতে প্রথমবারের মতো পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে। এটি স্বল্প দূরত্বের বাণিজ্যিক যাত্রার জন্য বৈদ্যুতিক বিমান তৈরির ক্ষেত্রে একটি নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

এই উড়োজাহাজটি কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না দ্বারা নির্মিত হয়েছে এবং এতে দুজন পাইলট এবং একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার ছিলেন।

পরীক্ষামূলক উড্ডয়নটি ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড স্থায়ী হয়, যার মধ্যে ১৬ মিনিট ৩৮ সেকেন্ড উড়োজাহাজটি আকাশে ছিল এবং এই সময়ে এটি ৬০.৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

আরও পড়ুন: ভারতের ভিসা ব্যবস্থায় বড় পরিবর্তন, নতুন কাঠামো কার্যকর হবে বছরের শেষে

কোমাক (COMAC) একটি বিবৃতিতে জানিয়েছে, বিমানটি স্বাভাবিকভাবে কাজ করেছে এবং সব পরীক্ষার ফলাফল প্রত্যাশা অনুযায়ী ছিল।

সিই-২৫এ হলো কোমাক-এর প্রথম বৈদ্যুতিক বাণিজ্যিক বিমান, যা বিভিন্ন শহরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইটে ১৯ জন যাত্রী পরিবহনের জন্য ডিজাইন করা হয়েছে।

বিমানটির সর্বোচ্চ উড্ডয়ন ওজন ১০ মেট্রিক টন, ক্রুজিং গতি ঘণ্টায় ৩০০ কিলোমিটার, ক্রুজিং উচ্চতা ২,৪০০ মিটার এবং পাল্লা (রেঞ্জ) ৪০০ কিলোমিটার।

এটি ডানায় বসানো ডিস্ট্রিবিউটেড ইলেকট্রিক ডাক্টেড-ফ্যান প্রপালশন সিস্টেমের মাধ্যমে চালিত হয়।

আরও পড়ুন: ইয়েমেনে হুথিদের অস্ত্রভাণ্ডারে সরকারি বাহিনীর বিমান হামলা

সূত্র: চায়না ডেইলি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

ব্রাহ্মণবাড়িয়ার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ একটি ট্রাক থেকে ২৬০ বস্তা ভারতীয় জিরা উদ্ধারের দাবি করেছে। কিন্তু আমদানিকারক দাবি করেছেন যে ট্রাকে মোট ৩৩৪ বস্তা জিরা ছিল। ডিবির প্রকাশিত জব্দ তালিকা এবং সংবাদ বিজ্ঞপ্তিতে ২৬০ বস্তা উল্লেখ করা হয়েছে, যা নিয়ে আমদানিকারকের পক্ষ থেকে প্রশ্ন তোলা হয়েছে। এ ঘটনায় ৭৪ বস্তা জিরা আত্মসাতের অভিযোগও উঠেছে ডিবি পুলিশের বিরুদ্ধে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার গজারিয়া এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটি আটক করে ডিবি পুলিশ। পরে পুলিশ জানায়, তল্লাশি করে ২৬০ বস্তায় ৭ হাজার ৮০০ কেজি ভারতীয় জিরা উদ্ধার করা হয়েছে।

ডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা এসব জিরা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং মালামাল বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন সিলেটের জৈন্তাপুর থানার হেমু হাউদপাড়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে মো. শাহনূর আলম এবং অন্যজন রাজশাহীর পুঠিয়া থানার আটভাগ (দক্ষিণ জামিরা) গ্রামের মো. ফুলসুরের ছেলে মো. সুরুজ মিয়া। ডিবি জানিয়েছে, এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা হয়েছে।

অন্যদিকে, আমদানিকারক মাহবুব উল্লাহ রকি দাবি করেছেন যে, তিনি গত মাসে ভারতের ডাউকি স্থলবন্দর দিয়ে বৈধভাবে জিরা আমদানি করেন। ঢাকার বাজারে দাম ও চাহিদা কম থাকায় লোকসানের আশঙ্কায় তিনি জিরাগুলো সিলেটে গুদামজাত করে রেখেছিলেন। পরে সংশ্লিষ্ট সার্কেলের একজন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) গুদাম পরিদর্শনে গেলে তার পরামর্শে মালামাল ঢাকায় নেওয়ার জন্য ট্রাকে তোলেন।

রকির ভাষ্য অনুযায়ী, গতকাল দুপুর ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ায় ডিবি পুলিশ ট্রাকটি আটক করে। তিনি জানান, ট্রাক আটকের পর তারা পুলিশকে আমদানিসংক্রান্ত কাগজপত্র দেখানোর চেষ্টা করেন এবং মালামাল যাচাইয়ের অনুরোধ জানান। ডিবি কর্মকর্তারা পরদিন সকালে সিদ্ধান্ত জানানোর কথা বললেও পরে মামলা ও জব্দের প্রক্রিয়া শুরু করেন। রকি দাবি করেন, তিনি প্রায় ১০ হাজার ২০ কেজি জিরা আমদানি করেছিলেন, যা ৩৩৪ বস্তার সমান। কিন্তু ডিবি ২৬০ বস্তা দেখিয়ে জব্দ তালিকা তৈরি করেছে; বাকি ৭৪ বস্তার হিসাব নিয়ে তিনি বিভ্রান্তিতে পড়েছেন।

তিনি আরো বলেন, প্রশাসনের প্রতি তাদের সব সময় শ্রদ্ধা ও সম্মান রয়েছে এবং প্রশাসন ব্যবসায়িক নিরাপত্তা দেয়। কিন্তু বৈধ কাগজপত্র থাকার পরও এভাবে হয়রানির শিকার হলে ব্যবসা করা কঠিন হয়ে পড়বে। তার আমদানি করা মাল এখনো লোকসানে রয়েছে, আর এমন পরিস্থিতি চলতে থাকলে ব্যবসায়ীরা দেউলিয়া হয়ে যাবেন। তারা প্রশাসনের কাছে হয়রানি নয়, সহযোগিতা ও ন্যায়সংগত আচরণ প্রত্যাশা করেন।

একদিকে আমদানিকারক ও স্থলবন্দর কর্মকর্তার দাবি, ৩৩৪ বস্তার আমদানি-সংক্রান্ত কাগজপত্র রয়েছে; অন্যদিকে ডিবি বলছে, ২৬০ বস্তা পাওয়া গেছে এবং কোনো কাগজপত্র দেখানো হয়নি। ফলে ট্রাকে প্রকৃতপক্ষে কত বস্তা জিরা ছিল, বাকি ৭৪ বস্তার হিসাব কী এবং আমদানিসংক্রান্ত কাগজপত্র যাচাই না করেই মালামাল জব্দ করা হয়েছে কি না—এসব প্রশ্নের নিরপেক্ষ তদন্তের দাবি উঠেছে।

আমদানিকারকের দাবির বিষয়ে তামাবিল স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) নূর আলম সিদ্দিকী বলেছেন, ৩৩৪ বস্তার কাগজপত্র ঠিক আছে। তবে কেন ডিবি আটকিয়েছে, সেটা তার বোধগম্য হচ্ছে না। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, ৩৩৪ বস্তা নয়, তারা ২৬০ বস্তা পেয়েছেন এবং কোনো কাগজপত্র দেখাতে না পারায় মালামাল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার জালাল উদ্দিন ফাহিম বলেছেন, তারা যতটুকু জানতে পেরেছেন, ওই পক্ষের কাছে কোনো কাগজপত্র ছিল না। তবে আজ একটি পক্ষ কাগজপত্র আছে বলে জানিয়েছে। সেগুলো সরবরাহ করার কথা থাকলেও এখনো পুরোপুরি দেয়নি। আর যদি বেশি মাল জব্দ করে কম দেখানো হয়ে থাকে, তাহলে বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতায় বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ

আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি)। ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্যভুক্ত ৫৭টি দেশ এবং আরও ১১টি দেশের কাছ থেকে অংশগ্রহণের জন্য মনোনয়ন আহ্বান করেছে পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

পাকিস্তান ২০২৫ সালের নভেম্বরে প্রথমবারের মতো এই আন্তর্জাতিক প্রতিযোগিতার আয়োজন করেছিল। সেবার ৪০টির বেশি ওআইসি সদস্য দেশের ক্বারিরা এতে অংশগ্রহণ করেছিলেন। পবিত্র কোরআন তিলাওয়াতের শিল্পকে প্রসারিত করার পাশাপাশি মুসলিম দেশগুলোর মধ্যে আন্তঃসাংস্কৃতিক ও আন্তঃধর্মীয় সম্প্রীতি জোরদার করাই এই আয়োজনের উদ্দেশ্য।

পাকিস্তানের ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী ২৪ থেকে ২৬ নভেম্বর ইসলামাবাদে প্রতিযোগিতার দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ওআইসির ৫৭টি সদস্যদেশের পাশাপাশি রাশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, ভারত, চীন, ইথিওপিয়া, ফিলিপাইন, জার্মানি, তানজানিয়া, ফ্রান্স, কেনিয়া ও মালদ্বীপ—এই ১১টি দেশের ক্বারিদের মনোনয়ন পাঠানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

পাক মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত ৩১টি দেশের ক্বারিদের মনোনয়ন গ্রহণ করা হয়েছে। অংশগ্রহণকারীদের ভিসা দেওয়ার প্রক্রিয়াও ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, এবারের প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন মিসর ও ইরানের ইসলামি চিন্তাবিদরা। পাকিস্তানের প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারি সৈয়দ সাদাকাত আলী।

প্রতিযোগিতা আয়োজনের জন্য ভ্রমণ, প্রশাসনিক এবং অন্যান্য আনুষঙ্গিক সব প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেও মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ‘পবিত্র কোরআন তিলাওয়াতের উৎকর্ষ বৃদ্ধি, কুরআনিক জ্ঞানের সঙ্গে সম্পৃক্ততা জোরদার এবং বিভিন্ন দেশের ক্বারিদের মধ্যে অ্যাকাডেমিক ও শৈল্পিক বিনিময়ের ক্ষেত্রে এই আন্তর্জাতিক প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ইসলামি সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি এই আয়োজন মুসলিম উম্মাহর মধ্যে শান্তি, ঐক্য, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্যের অভিন্ন মূল্যবোধকে সমুন্নত রাখবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


ইরানে শ্রমিকবাহী বাস উল্টে নিহত ১২, আহত ১৬ জন

ইরানের পশ্চিমাঞ্চলে গ্যাস পরিশোধনাগারের কর্মীদের বহনকারী একটি বাস উল্টে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা আশঙ্কা করছেন, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ইরাক সীমান্তসংলগ্ন ইলাম প্রদেশের দেহলোরান ও আবদানান এলাকার মধ্যবর্তী সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। রোববার (১৫ নভেম্বর) সকালে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ বিষয়ে তথ্য প্রকাশ করে।

দুর্ঘটনাকবলিত বাসটিতে দেহলোরান এলাকার এনজিএল গ্যাস পরিশোধনাগার প্রকল্পের কর্মীরা ছিলেন। বাসটি দাশতে আব্বাস এলাকা থেকে আবদানান জেলার মুরমুরি শহরের দিকে যাচ্ছিল। স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, ফলে ঘটনাস্থলেই কয়েকজনের মৃত্যু ঘটে। পরে হাসপাতালে নেওয়ার পথে এবং চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজন মারা যান।

ইলাম প্রদেশের আবদানান জেলার গভর্নর বেহজাদ নূর মোহাম্মদি জানিয়েছেন, বাসটিতে চালকসহ মোট ২৮ জন ছিলেন। আহত ১৬ জনের মধ্যে ১০ জনকে দেজফুলের একটি হাসপাতালে, পাঁচজনকে আবদানানের বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে এবং একজনকে ইলাম প্রদেশের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে।

আহতদের মধ্যে কয়েকজনের শারীরিক অবস্থা গুরুতর। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসাধীন অবস্থায় আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাসটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল, তা খতিয়ে দেখছে। যদি দুর্ঘটনায় কারও অবহেলা বা নিরাপত্তাবিধি লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়, তাহলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন স্থানীয় বিচার বিভাগীয় কর্মকর্তারা।

এদিকে, এই মর্মান্তিক দুর্ঘটনায় ইলাম প্রদেশে এক দিনের এবং আবদানান জেলায় দুই দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান আহতদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন। প্রাদেশিক প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উদ্ধার তৎপরতা এবং আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করছেন।

সূত্র: ইরনা, আনাদোলু, রুদাও

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের গির্জা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৯ পি.এম


জর্ডানের গির্জা হামলার ঘটনায় তিনজনের মৃত্যুদণ্ড ঘোষণা

জর্ডানের দক্ষিণাঞ্চলে একটি গির্জায় ঘটে যাওয়া প্রাণঘাতী বন্দুক হামলার জন্য তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করেছে দেশটির আদালত। গত মাসে গ্রিক অর্থোডক্স খ্রিষ্টানদের গির্জায় এই হামলায় ৯ জন নিহত এবং ২৫ জন আহত হন।

গত ২৩ অক্টোবর, জর্ডানের কারাক গভর্নরেটের হাম্মুদ গ্রামের একটি গ্রিক অর্থোডক্স গির্জায় শেষকৃত্যের অনুষ্ঠান চলাকালীন বন্দুকধারীরা সেখানে প্রবেশ করে গুলি চালাতে শুরু করে। এই ঘটনায় হতাহতের সংখ্যা বৃদ্ধি পায়।

কর্তৃপক্ষ জানায়, হামলার পর তিন ব্যক্তি পালিয়ে যায়। তাদের মধ্যে দুজন ভাই এবং একজন তাদের আত্মীয়। হামলার তিন দিন পর তাদের গ্রেপ্তার করা হয়।

রোববার, জর্ডানের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানায়, রাষ্ট্রীয় নিরাপত্তা আদালত গির্জায় সন্ত্রাসী হামলা চালানোর দায়ে ওই তিন অপরাধীকে মৃত্যুদণ্ড প্রদান করেছে।

আদালত তাদের বিরুদ্ধে প্রাণহানির উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা, অস্ত্রসংক্রান্ত অপরাধ, সন্ত্রাসী কর্মকাণ্ডের ষড়যন্ত্র এবং একটি সন্ত্রাসী সংগঠনের আদর্শ প্রচারের অভিযোগ প্রমাণিত বলে রায় প্রদান করে।

মুসলিম সংখ্যাগরিষ্ঠ জর্ডানে এই হামলার ঘটনা ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। দেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ শতাংশ খ্রিষ্টান।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%