মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং
১০:৫১ এম
চোখের সামনে থাকা কোনো জিনিস খুঁজে না পাওয়ার ঘটনা এবং অন্য কেউ এসে তা মুহূর্তেই বের করে দেওয়ার বিষয়টি প্রায় সব পরিবারে পরিচিত। মনোবিজ্ঞান ও দৃষ্টিগবেষণার তথ্য অনুযায়ী, এই পরিস্থিতি মস্তিষ্কের কার্যপদ্ধতি এবং মনোযোগের সীমাবদ্ধতার সঙ্গে সম্পর্কিত। কোনো বস্তু সরাসরি সামনে থাকলেও, মস্তিষ্ক অনেক সময় তা শনাক্ত করতে ব্যর্থ হয়।
গবেষকদের মতে, মস্তিষ্ক একসঙ্গে চারপাশের সবকিছু বিশ্লেষণ করার ক্ষমতা রাখে না। মনোবিজ্ঞানীরা মনোযোগকে চলমান স্পটলাইটের সঙ্গে তুলনা করেন, যা যেখানে পড়ে সেখানেই তথ্যকে ভালোভাবে প্রক্রিয়াজাত করে। চোখের রেটিনার কেন্দ্র ‘ফোভিয়া’ সবচেয়ে স্পষ্ট দৃষ্টি প্রদান করে, তবে এর পরিধি খুব ছোট। ফলে, কোনো দৃশ্য পর্যবেক্ষণের সময় চোখকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরাতে হয়, যাকে ‘স্যাকাড’ বলা হয়। এই প্রক্রিয়া অতিরিক্ত তথ্যের চাপ থেকে মস্তিষ্ককে রক্ষা করে।
দেখা কেবল চোখে আলো পড়ার বিষয় নয়, বরং মস্তিষ্ক কী দেখার প্রত্যাশা করছে সেটিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অন্য কোনো কাজে মনোযোগ থাকলে সামনে থাকা বিষয়ও চোখে না পড়ার এই অবস্থাকে ‘অমনোযোগজনিত অন্ধত্ব’ বলা হয়।
বাস্কেটবল পাস গোনার একটি পরিচিত পরীক্ষায় দেখা গেছে, পাস গুনতে ব্যস্ত থাকায় প্রায় অর্ধেক অংশগ্রহণকারী দৃশ্যের মাঝখান দিয়ে হেঁটে যাওয়া গরিলাকেই লক্ষ্য করেননি। চাক্ষুষ তথ্যের একটি অংশ ‘ডরসাল স্ট্রিম’ ধরে মস্তিষ্কের প্যারাইটাল লোবে গিয়ে স্থানিক সচেতনতা ও মনোযোগ নিয়ন্ত্রণ করে।
জিনিস খোঁজার ক্ষেত্রে ভিন্নতার বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। অগোছালো পরিবেশে বস্তু খুঁজে বের করার ক্ষেত্রে নারীরা কিছুটা ভালো করেন, অন্যদিকে বড় পরিসরের স্থানিক দিকনির্দেশনা বা ত্রিমাত্রিক কল্পনায় পুরুষরা তুলনামূলকভাবে ভালো করেন বলে দেখা গেছে।
আই-ট্র্যাকিং গবেষণায় দেখা যায়, কেউ কোন দৃশ্য নিয়মতান্ত্রিকভাবে দেখেন, আবার কেউ চোখে বড় বড় লাফ দেন—যার ফলে কিছু অংশ বাদ পড়ে যেতে পারে। যদিও এ বিষয়ে বিবর্তনগত তত্ত্ব নিয়ে বিতর্ক রয়েছে এবং লিঙ্গের চেয়ে অভিজ্ঞতা, পরিবেশের সঙ্গে পরিচিতি ও মনোযোগের ধরনকেই বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়।
বিশেষজ্ঞদের মতে, দৃষ্টি দিয়ে খোঁজা কোনো ছবি স্ক্যান করার মতো নয়; বরং মস্তিষ্ক অনেকটা পূর্বাভাস অ্যালগরিদমের মতো কাজ করে, কোথায় কী থাকতে পারে তা অনুমান করে মনোযোগ ছড়ায়। সেই অনুমান না মিললে চোখের সামনে থাকা জিনিসও অদেখা থেকে যায়। তাই, কেউ খুঁজতে গিয়ে না পেলে অনেক সময় সে ইচ্ছাকৃতভাবে ভুল বলে না, বরং তার খোঁজার পদ্ধতিতে ঘাটতি থাকে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ