০৪:২৬ পি.এম
ভুটান দেশে দ্রুত কমে যাওয়া জন্মহার এবং তরুণদের বিদেশমুখী হওয়ার প্রবণতা ঠেকাতে নতুন একটি প্রণোদনা কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচির আওতায় এখন থেকে যদি কোনো পরিবারে তৃতীয় বা পরবর্তী প্রতিটি সন্তানের জন্য নতুনভাবে প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের নগদ অর্থ দেওয়ার ব্যবস্থা করা হয়।
ভুটানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম ভুটান ব্রডকাস্টিং সার্ভিসের (বিবিএস) দেওয়া তথ্য অনুযায়ী, দেশটির প্রধানমন্ত্রী শেরিং তোবগে জনসংখ্যা হ্রাস পাওয়ার এই ধারাকে দেশে একটি ‘অস্তিত্বের সংকট’ হিসেবে উল্লেখ করেছেন। এই সংকট থেকে উত্তরণের লক্ষ্যেই সরকার গত জুনে ‘থার্ড চাইল্ড প্লাস’ নামের বিশেষ এই কর্মসূচিটি চালু করে। নতুন এই নীতিমালার আওতায়, কোনো পরিবারে তৃতীয় বা তার পরবর্তী সন্তান জন্ম নিলে, শিশুর তিন বছর বয়স হওয়া পর্যন্ত প্রতি মাসে ১০৫ মার্কিন ডলার (স্থানীয় মুদ্রায় প্রায় ৯ হাজার গুলট্রাম) করে দেওয়া হবে।
কর্মসূচির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে প্রধানমন্ত্রী শেরিং তোবগে তুলে ধরেছেন, ভুটানে বর্তমানে প্রজনন হার জনসংখ্যা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় মাত্রার চেয়ে অনেকটাই নিচে নেমে গেছে। যদি এটি এখনই ঠেকানো না যায়, তবে ভবিষ্যতে জাতি বড় ধরনের শ্রম ও মেধা সংকটে পড়তে পারে।
আরও পড়ুন: বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের তালিকা: চীনের চার ব্যাংক শীর্ষে
ভারত ও চীনের মাঝখানে অবস্থিত হিমালয় অঞ্চলের দেশ ভুটানের মোট জনসংখ্যা আট লাখেরও কম। জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে দেশটিতে প্রতি নারীর গড় সন্তান জন্মদানের হার ১ দশমিক ৮ রয়েছে। অথচ একটি দেশের জনসংখ্যাকে স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে এই প্রতিস্থাপনের হার অন্তত ২ দশমিক ১ হওয়া আবশ্যক। জনসংখ্যা হ্রাসের সঙ্গে দেশে বয়স্ক মানুষের সংখ্যাও দ্রুত বাড়ছে। বর্তমানে মোট জনসংখ্যার প্রায় ৬ শতাংশ মানুষের বয়স ৬৫ বছর বা তার বেশি। আশঙ্কা করা হচ্ছে, ২০৫০ সালের মধ্যে এই হার বেড়ে ১৭ শতাংশে পৌঁছাতে পারে।
তবে বাজার বিশ্লেষক ও সাধারণ নাগরিকদের অনেকের অভিমত হলো, শুধু এই সাময়ীক নগদ সহায়তা দিয়ে জন্মহার বাড়ানো সম্ভব নয়। ৩৫ বছর বয়সী দেশটির এক সরকারি কর্মকর্তা খান্দু ওয়াংমো বলে উল্লেখ করেন, সরকারের এই উদ্যোগটি অবশ্যই ইতিবাচক। কিন্তু সন্তান লালন-পালনের দীর্ঘমেয়াদি খরচ অনেক বেশি। বিশেষ করে শিক্ষা, বাসস্থান ও শিশুর যত্নের উচ্চ ব্যয় বিবেচনা করলে কেবল এই আর্থিক প্রণোদনা তরুণ দম্পতিদের সন্তান নিতে আগ্রহী করার জন্য যথেষ্ট নাও হতে পারে। এর জন্য দীর্ঘমেয়াদি ও টেকসই সামাজিক নিরাপত্তা বলয় তৈরি করা প্রয়োজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন