০৩:৩৮ পি.এম
গাইবান্ধা সদর উপজেলায় ফারদিন রুমন (১৮) নামে এক তরুণকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহত রুমনের বড় ভাই ফারদিন রুহিতকেও (২০) ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে।
রবিবার (৭ জুন) রাতে উপজেলার পূর্ব পিয়ারাপুরে এই ঘটনা ঘটে।
পুলিশ এবং এলাকাবাসী জানিয়েছে, পূর্ব পিয়ারাপুর গ্রামের ছানা হাজীর ছেলে রাকিবের সঙ্গে পার্শ্ববর্তী মৃত ফারুক আহম্মেদের ছেলে রুহিতদের মধ্যে দীর্ঘদিন ধরে জমির সীমানা নিয়ে বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় রবিবার রাত ১০টার দিকে উভয়ের মধ্যে একটি বাগ্বিতণ্ডা শুরু হলে রাকিব ধারালো ছুরি দিয়ে রুহিতের পেটে এবং বুকে আঘাত করে।
আরও পড়ুন: কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের নতুন সুপার নিশাত এঞ্জেলা দায়িত্ব গ্রহণ করেছেন
এ সময় রুহিতের ছোট ভাই রুমন এগিয়ে এলে রাকিব তার গলায় ও পেটে ছুরিকাঘাত করে। পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় সহোদর রুহিত ও রুমনকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার শেখ সুলতান আহমেদ বলেন, রাত সড়ে ১০টার দিকে দুইজন রোগীকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়, অন্যজন চিকিৎসাধীন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, অভিযুক্ত রাকিবের মা বেবি বেগম এবং তার স্ত্রী ইতি বেগমকে আটক করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে পুলিশ কার্যক্রম চালাচ্ছে।
আরও পড়ুন: টঙ্গীতে হানি ট্র্যাপের ফাঁদে অর্থ আদায়ের চেষ্টা, আটক ৪
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন