০২:০৫ পি.এম
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : এক বন্দুক হামলার ফলে সৃষ্ট চাঞ্চল্যের মধ্যে বুধবার পোল্যান্ডে স্বাধীনতা দিবসের বার্ষিক শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
এই সমাবেশটি জাতীয়তাবাদী ও কট্টর ডানপন্থীদের জন্য অন্যতম বৃহত্তম, যেখানে আয়োজকেরা রেকর্ডসংখ্যক মানুষের উপস্থিতির প্রত্যাশা করছেন।
এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, প্রতিবছর ১৯১৮ সালে পোল্যান্ডের স্বাধীনতা পুনরুদ্ধারের স্মরণে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। এটি রাশিয়া, প্রুশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে দেশটির বিভক্তির ১২৩ বছরের অবসান ঘটায়।
আরও পড়ুন: ইসরাইলে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন নেতানিয়াহু, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রস্তাব নাকচ
দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতীয়তাবাদী, রক্ষণশীল এবং কট্টর ডানপন্থী কর্মী ও সমর্থকেরা রাজধানী ওয়ারশে সমাবেশে যোগ দিতে আসছেন।
পোল্যান্ডের রক্ষণশীল জাতীয়তাবাদী প্রেসিডেন্ট কারোল নাভরোৎস্কিও অতীতে সরকারি দায়িত্ব পালনকালে এবং ব্যক্তিগত নাগরিক হিসেবে এসব শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন।
সাধারণত শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলেও অতীতে এ সমাবেশে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শোভাযাত্রার আয়োজকদের মুখপাত্র রাফাল বুসা এএফপিকে জানিয়েছেন, ‘আমরা ধারণা করছি, পাঁচ লাখের বেশি পোলিশ নাগরিক এতে অংশ নেবেন। পাশাপাশি বিদেশ থেকেও অতিথিরা আসবেন।’
আরও পড়ুন: ইসরাইলের পাশে থাকা পুরনো মিত্ররা কেন মুখ ফিরিয়ে নিচ্ছে?
৩ কোটি ৮০ লাখ মানুষের দেশ পোল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাকোভে ভয়াবহ বন্দুক হামলার পর রাজধানী ওয়ারশে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।
গত শনিবার ২৪ বছর বয়সী এক হামলাকারীর গুলিতে নয়জন নিহত এবং ১৫ জন আহত হন।
মঙ্গলবার দেশটির বিচারমন্ত্রী ওয়ালদেমার ঝুরেক জানিয়েছেন, হামলাকারী নব্য-নাৎসি মতাদর্শে বিশ্বাসী নরওয়ের নাগরিক আন্ডার্স বেহরিং ব্রেইভিকের প্রতি আগ্রহী ছিল।
২০১১ সালে নরওয়েতে হামলা চালিয়ে ৭৭ জনকে হত্যা করেছিল ব্রেইভিক।
আরও পড়ুন: বোমা হামলার ভুয়া হুমকিতে ইতালিতে ৩০০ স্কুল খালি
এদিকে, দেশের সর্বোচ্চ আদালত সাংবিধানিক ট্রাইব্যুনালকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের মধ্যপন্থী সরকারের সঙ্গে জাতীয়তাবাদী ডানপন্থীদের বিরোধের মধ্যে এবারের শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।
আগের ডানপন্থী সরকারগুলোর আমলে বিতর্কিত নিয়োগের কারণে কয়েক বছর ধরেই সাংবিধানিক ট্রাইব্যুনালের বৈধতা নিয়ে প্রশ্ন উঠছে।
জাতীয়তাবাদীরা টাস্কের বিরুদ্ধে দেশের সাংবিধানিক ব্যবস্থা দুর্বল করার অভিযোগ তুলেছেন।
অন্যদিকে, ক্ষমতাসীন জোটের দাবি, আগের কট্টর ডানপন্থী সরকারগুলোর করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সংস্কার ও নিয়োগগুলো সংশোধন করতে চায় তারা।
আরও পড়ুন: উত্তর আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের শত শত স্কুলে বোমা হামলার ভুয়া হুমকি
তাদের মতে, এসব সিদ্ধান্ত গণতান্ত্রিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
ডানপন্থী বিক্ষোভকারীরা কয়েক সপ্তাহ ধরে সাংবিধানিক ট্রাইব্যুনালের বাইরে অবস্থান কর্মসূচি পালন করছেন।
সম্প্রতি দাঙ্গা নিয়ন্ত্রণে নিয়োজিত পুলিশ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রবেশ করে সেখানে প্রবেশের পথ আটকে দেয়।
এ সময় ক্ষমতাসীন সংখ্যাগরিষ্ঠ জোটের মনোনীত এক নতুন বিচারক অন্তর্বর্তীকালীন দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
আরও পড়ুন: নিখোঁজ রাজন ইউক্রেনে যুদ্ধের ২১ দিন পর বেঁচে থাকার খবর দিলেন
পাশাপাশি ডানপন্থীদের ঘনিষ্ঠ ও দেশের প্রেসিডেন্টের সমর্থনপুষ্ট বর্তমান ট্রাইব্যুনাল প্রধানকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেন।
রাজনৈতিক উত্তেজনা রাজপথে ছড়িয়ে পড়তে পারে এবং বিক্ষোভকারীদের কেউ কেউ সাংবিধানিক ট্রাইব্যুনালে হামলা চালাতে পারেন বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
এ পরিস্থিতিতে রোববার প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তাদের বিরোধীদের পাল্টা বিক্ষোভ না করার অনুরোধ করেন তিনি।
বুধবারের শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া শহরের কেন্দ্রীয় এলাকার কয়েকটি সড়কে কংক্রিটের প্রতিবন্ধক স্থাপন করা হবে।
আরও পড়ুন: ডাচেস অব এডিনবরার উপস্থিতিতে ব্রিটিশ কাউন্সিলের ৭৫ বছর পূর্তি উদযাপন
পুলিশ জানিয়েছে, শোভাযাত্রা নিরাপদে সম্পন্ন করতে তারা প্রস্তুত রয়েছে। পাশাপাশি ‘ভীতিকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে তথ্য ছড়ানোর’ অভিযোগে আটজনকে গ্রেফতার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন