ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

রাবির পরীক্ষায় অসদুপায়: ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা


রাবির পরীক্ষায় অসদুপায়: ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) চলমান একাডেমিক পরীক্ষায় অসদুপায় অবলম্বনের কারণে ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর মধ্যে ১২ শিক্ষার্থীর ছাত্রত্ব এক ও দুই শিক্ষাবর্ষের জন্য স্থগিত করা হয়েছে। পাশাপাশি ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের ৫৫০তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. রেজাউল করিম-২। তিনি উল্লেখ করেন, পরীক্ষায় অসদুপায়ের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশের পর ৬০ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করেছে সিন্ডিকেট।

সিদ্ধান্ত অনুযায়ী, এক শিক্ষার্থীর ছাত্রত্ব দুই শিক্ষাবর্ষ (চার সেমিস্টার) এবং ১১ শিক্ষার্থীর এক শিক্ষাবর্ষ (দুই সেমিস্টার) স্থগিত করা হয়েছে। এছাড়া ১৩ জনকে দুই বিষয়ে এবং ৩৪ জনকে এক বিষয়ে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়ে পুনরায় পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হতে হবে।

আরও পড়ুন: কুবির প্রধান ফটকে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা দায়ের

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদুল ইসলাম বলেন, শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটি কাজ করছে। বিভিন্ন বিভাগ থেকে পরীক্ষায় অসদুপায়ের অভিযোগ আসলে তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তিনি জানান, প্রশাসনের অবস্থান স্পষ্ট—অসদুপায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।

উপাচার্য শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারী শিক্ষার্থীর সংখ্যা খুবই নগণ্য। তবে কোনো শিক্ষার্থীরই এ ধরনের অসৎ উপায় অবলম্বনের চিন্তা করা উচিত নয়। নিয়মিত পড়াশোনার মাধ্যমে নিজেদের প্রস্তুত করতে হবে। পরীক্ষার শৃঙ্খলা নিশ্চিত করতে বিভাগগুলোকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। অসদুপায়ে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত, এর আগে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৫৪৯তম সিন্ডিকেট সভায় র‍্যাগিংয়ের দায়ে ৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এমই

আরও পড়ুন: কুবির প্রশাসনিক ভবনে ছাত্রদলের রাজনৈতিক কার্যক্রমের অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে কর্মরত বিপুলসংখ্যক বিদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪৭ এম


দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে কর্মরত বিপুলসংখ্যক বিদেশি

দেশের তৈরি পোশাকশিল্পের গুরুত্বপূর্ণ পদে বিপুলসংখ্যক বিদেশি নাগরিক কর্মরত রয়েছেন। বাংলাদেশ বর্তমানে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ। এ শিল্পে লাখ লাখ শ্রমিক, উদ্যোক্তা ও দেশীয় ব্যবস্থাপকের শ্রমে গড়ে উঠেছে বিশাল রপ্তানিমুখী শিল্প খাত। কিন্তু দীর্ঘ চার দশকের বেশি সময় ধরে শিল্পটির বিকাশ ঘটলেও গুরুত্বপূর্ণ ব্যবস্থাপনা ও কারিগরি পদে বিদেশি পেশাজীবীদের ওপর নির্ভরতা কাটেনি। বরং উৎপাদন ব্যবস্থাপনা, মার্চেন্ডাইজিং, ডায়িং-ফিনিশিং, মান নিয়ন্ত্রণ, কমপ্লায়েন্স, শিল্প প্রকৌশল এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে এখনো বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে হচ্ছে। ফলে এসব পদে পর্যাপ্ত দক্ষ দেশীয় জনবল তৈরি না হওয়ায় বিদেশি কর্মকর্তারা দেশীয় কর্মকর্তাদের তুলনায় তিন থেকে পাঁচ গুণ বেশি বেতন পাচ্ছেন। পাশাপাশি বিদেশি কর্মী নিয়োগে স্বচ্ছতার অভাব, প্রকৃত বেতন গোপন, কর ফাঁকি এবং অবৈধ পথে অর্থ পাঠানোর ঝুঁকি নিয়েও উদ্বেগ রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে বিভিন্ন খাতে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা ২৫ হাজার ২৬ জন। তবে এ সংখ্যা শুধু তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের নয়; দেশের সব খাতের বিদেশি কর্মী এতে অন্তর্ভুক্ত। বেপজার ইপিজেডগুলোতে কর্মরত বিদেশি কর্মীর সংখ্যা দুই হাজার ৬০ জন। তাঁদের বড় একটি অংশ মার্চেন্ডাইজিং ও কারিগরি কাজে নিয়োজিত। বিদেশি কর্মীদের ওয়ার্ক পারমিটের হিসাবেও দীর্ঘমেয়াদি কর্মসংস্থানের চিত্র পাওয়া যায়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ওই অর্থবছরে বিদেশি কর্মীদের জন্য মোট ১৫ হাজার ৮৯৮টি ওয়ার্ক পারমিট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে নতুন অনুমোদন ৫ হাজার ৪৯১টি এবং নবায়ন ১০ হাজার ৪০৭টি। এর আগের ২০২৩-২৪ অর্থবছরে নতুন ওয়ার্ক পারমিট অনুমোদন দেওয়া হয়েছিল ৫ হাজার ৭৬১টি এবং নবায়ন করা হয়েছিল ৯ হাজার ৯৪৭টি। অর্থাৎ দেশে নতুন ওয়ার্ক পারমিটের অনুমোদন কমলেও নবায়নের সংখ্যা বেড়েছে। তবে এ সংখ্যা অনুমোদিত পারমিটের হিসাব, দেশে কর্মরত বিদেশি কর্মীর মোট সংখ্যা নয়। কারণ একই ব্যক্তির ওয়ার্ক পারমিট নবায়নের হিসাবও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র জানায়, দেশের পোশাকশিল্পে উৎপাদন ব্যবস্থাপনা, ডায়িং, উৎপাদন তদারকি ও কারিগরি কাজে নিয়োজিত বিদেশি পেশাজীবীদের মধ্যে শ্রীলঙ্কা ও ভারতের নাগরিকের সংখ্যা বেশি। মূলত দেশীয় কর্মীদের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের অভিজ্ঞতা এবং আধুনিক যন্ত্র পরিচালনার সক্ষমতায় ঘাটতি থাকায় অনেক প্রতিষ্ঠান বিদেশি কর্মী নিয়োগে আগ্রহী হয়। এ ছাড়া নতুন প্রযুক্তি স্থাপন ও পরিচালনা, উৎপাদন দক্ষতা বাড়ানো এবং স্থানীয় কর্মীদের প্রশিক্ষণ দিতেও বিদেশি বিশেষজ্ঞদের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রে এক থেকে দুই বছর কাজ করে তাঁরা দেশীয় কর্মীদের প্রশিক্ষণ দিয়ে থাকেন। বর্তমানে দেশের নিট পোশাকশিল্পে বিদেশি কর্মীর সংখ্যা ১০০ জনের কম এবং ওভেন খাতে ১৫০ জনের বেশি। পদভেদে তাঁদের মাসিক বেতন দুই থেকে ১০ লাখ টাকা পর্যন্ত হতে পারে। তবে একই ধরনের পদে বিদেশি কর্মকর্তাদের বেতন দেশীয় কর্মকর্তাদের তুলনায় তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেশি।

সূত্র আরও জানায়, পোশাকশিল্পের বিভিন্ন পদে বিদেশি কর্মী নিয়োগের পেছনে শুধু দক্ষতার ঘাটতিই নয়, কোনো কোনো ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেতাদের পছন্দ ও প্রভাবও কাজ করে। ক্রেতাপ্রতিষ্ঠানের প্রতিনিধি বা মান নিয়ন্ত্রণ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ এবং ক্রয়াদেশ ধরে রাখার স্বার্থে কিছু কারখানা বিদেশি কর্মকর্তাদের নিয়োগ দিয়ে থাকে। ফলে যোগ্য দেশীয় কর্মকর্তাদের পদোন্নতি ও উচ্চপর্যায়ের দায়িত্ব পাওয়ার সুযোগ সীমিত হতে পারে। কোনো কোনো প্রতিষ্ঠানে একই ধরনের কাজের জন্য একজন দেশীয় কর্মকর্তাকে ৫০ হাজার টাকা বেতন দেওয়া হলেও বিদেশি কর্মী পান এক লাখ ৫০ হাজার টাকা বা তার বেশি। কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত বেতনের চেয়ে কম বেতন চুক্তিতে দেখিয়ে বাকি অর্থ নগদে পরিশোধ করা হয় বলে অভিযোগ রয়েছে।

এদিকে বিদেশি কর্মী নিয়োগে অনিয়ম, কর ফাঁকি ও অর্থপাচারের ঝুঁকি নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছে। সংস্থাটির এক গবেষণায় বলা হয়েছে, কিছু বিদেশি নাগরিক পর্যটক, অন-অ্যারাইভাল ও ব্যবসায়িক ভিসায় এসে যথাযথ কর্মানুমতি ছাড়াই বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করেন। এ ছাড়া বৈধভাবে নিয়োগ পাওয়া বিদেশি কর্মীদের ক্ষেত্রেও প্রকৃত বেতন কম দেখিয়ে আয়কর ফাঁকির অভিযোগ রয়েছে। কোনো কোনো ক্ষেত্রে প্রকৃত বেতনের এক-তৃতীয়াংশ ব্যাংকের মাধ্যমে পরিশোধ দেখিয়ে বাকি অর্থ নগদে দেওয়া হয়। বিদেশি কর্মী নিয়োগে দেশি ও বিদেশি কর্মীর নির্ধারিত অনুপাত অনুসরণ না করা এবং হুন্ডির মাধ্যমে অর্থ পাঠানোর ঝুঁকির কথাও গবেষণায় উঠে এসেছে।

টিআইবির ২০২০ সালের প্রাক্কলন অনুযায়ী, তখন বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকের সংখ্যা ছিল ন্যূনতম প্রায় দুই লাখ ৫০ হাজার। তাঁদের মাধ্যমে বছরে ন্যূনতম ৩১৫ কোটি ডলার অবৈধভাবে দেশের বাইরে পাঠানো এবং কর ফাঁকির কারণে সরকারের প্রায় ১৩৫ কোটি ডলার রাজস্ব ক্ষতির হিসাব তুলে ধরে সংস্থাটি। ওই সময়ের বিনিময় হার অনুযায়ী, অর্থের পরিমাণ ছিল যথাক্রমে প্রায় ২৬ হাজার ৪০০ কোটি ও ১২ হাজার কোটি টাকা। এ পরিস্থিতি মোকাবিলায় বিদেশি কর্মীদের তথ্য সংরক্ষণে কেন্দ্রীয় তথ্যভাণ্ডার তৈরি, খাতভিত্তিক জনবলের প্রয়োজন নির্ধারণ, বেতন ও আয়করসংক্রান্ত তথ্য হালনাগাদ এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় ও তদারকি জোরদারের সুপারিশ করেছে টিআইবি।

অন্যদিকে, সাবেক অর্থমন্ত্রীর বক্তব্যে বিদেশি কর্মীদের আয় থেকে বৈধ পথে দেশের বাইরে পাঠানো অর্থের একটি সরকারি হিসাব পাওয়া যায়। ২০২৪ সালের ২৪ জুন তৎকালীন অর্থমন্ত্রী জাতীয় সংসদে জানান, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই থেকে এপ্রিল পর্যন্ত ১০ মাসে বাংলাদেশে বসবাসরত বিদেশি নাগরিকেরা নিজ নিজ দেশে ১৩ কোটি ৫ লাখ ৮০ হাজার ডলার পাঠিয়েছেন। এর মধ্যে ভারতের নাগরিকেরা পাঠিয়েছেন ৫ কোটি ৬০ লাখ ডলার, চীনের নাগরিকেরা ১ কোটি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং শ্রীলঙ্কার নাগরিকেরা ১ কোটি ২৭ লাখ ১০ হাজার ডলার। এ ছাড়া জাপান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, যুক্তরাজ্য, পাকিস্তান, যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়ার নাগরিকেরাও অর্থ পাঠিয়েছেন। অন্যান্য দেশের নাগরিকেরা পাঠিয়েছেন ২ হাজার ১৯২ লাখ ডলার।

বাংলাদেশ ব্যাংকে দেশে বসবাসরত বিদেশি নাগরিকদের বার্ষিক আয়ের তথ্য সংরক্ষিত নেই। বাংলাদেশ ব্যাংকের ২০২১ সালের ২৭ ডিসেম্বরের নির্দেশনা অনুযায়ী, বিদেশি কর্মীরা কর পরিশোধের পর তাঁদের নিট আয়ের সর্বোচ্চ ৮০ শতাংশ যেকোনো সময় নিজ দেশে পাঠাতে পারেন। অবশিষ্ট ২০ শতাংশ কর নির্ধারণের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সনদ সাপেক্ষে পাঠানোর সুযোগ রয়েছে।

বিদেশি কর্মী নিয়োগ প্রসঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পের শীর্ষ সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান জানান, এ বিষয়ে তথ্য চেয়ে সদস্য কারখানাগুলোকে চিঠি দেওয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে শ্রমিক অসন্তোষ ও শিল্পের সার্বিক অস্থিরতা নিয়ে পোশাকশিল্পের উদ্যোক্তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। পাশাপাশি বিদেশি কর্মীদের ওপর নির্ভরতা কমাতে দেশীয় কর্মীদের দক্ষতা বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

এরই অংশ হিসেবে ২০২৬ সালের ২৫ জুন বিজিএমইএ, বিকেএমইএ, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) তিন অর্থবছরে ২২ হাজার ৮১৫ জন কর্মী, কর্মকর্তা ও মধ্যপর্যায়ের ব্যবস্থাপককে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে পৃথক সমঝোতা স্মারক স্বাক্ষর করে। প্রশিক্ষণের বিষয়গুলোর মধ্যে রয়েছে যন্ত্র পরিচালনা, কমপ্লায়েন্স, উৎপাদন পরিকল্পনা, মজুত ব্যবস্থাপনা ও নেতৃত্বের দক্ষতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%