০৭:৪৫ পি.এম
বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচগুলো প্রায় শেষ হয়ে এসেছে। এই অবস্থায় গোল প্রতিযোগিতার লড়াই এখন জমে উঠেছে। একটির পর একটি ম্যাচে গোল, হ্যাটট্রিক এবং জোড়া গোলে আলোচনার কেন্দ্রে উঠে আসছেন বিভিন্ন তারকারা। ৪৮ দলের এই আসরে শেষ পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কার হাতে উঠবে ‘গোল্ডেন বুট’, তা নিয়ে চলছে নানা বিশ্লেষণ এবং জল্পনা।
এখন ওই আলোচনায় নিজের মতামত জানিয়েছেন ব্রাজিলের কিংবদন্তি কাকা। তার মতে, চলতি বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার দৌড়ে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে এবং ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের।
ইএসপিএন ইউকে-কে দেয়া এক সাক্ষাৎকারে কাকা বলেন, গোল্ডেন বুট জয়ের সম্ভাব্য দুই প্রধান দাবিদার হিসেবে তিনি এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে দেখতে পাচ্ছেন। তিনি সংক্ষেপে বলেন, ‘অবশ্যই এমবাপ্পে, আর তারপর ভিনিসিয়ুস।’
আরও পড়ুন: তথ্যমন্ত্রীর সঙ্গে প্রধান তথ্য কমিশনার ও দুই কমিশনারের সাক্ষাৎ
বিশ্ব ফুটবলে এই দুই ফরোয়ার্ডই বর্তমানে আক্রমণভাগের মধ্যে ভয়ংকর অস্ত্রদের অন্যতম। তাদের গতি, ড্রিবলিং এবং গোল করার সক্ষমতা প্রতিপক্ষের রক্ষণভাগকে বারবার বিপদে ফেলছে।
এদিকে, চলতি আসরে ইতোমধ্যে গোলের ঝলক দেখা গেছে আরও কয়েক তারকার পারফরম্যান্সে। আর্জেন্টিনার লিওনেল মেসি দারুণ এক হ্যাটট্রিক করেছেন, ইংল্যান্ডের হ্যারি কেইন এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে করেছেন জোড়া গোল। অন্যদিকে, নিয়মিত গোল করে নজর কাড়ছেন নরওয়ের আর্লিং হালান্ড।
তবে কাকার দৃষ্টিতে এগিয়ে থাকা এমবাপ্পে বিশ্বকাপ মঞ্চে বরাবরই তার আলাদা ছাপ ফেলার সক্ষমতা রাখেন। বড় টুর্নামেন্টে তার ধারাবাহিক গোল করার ক্ষমতা এবং গতিময় আক্রমণ তাকে প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ বানিয়েছে।
অন্যদিকে, ভিনিসিয়ুসও এখন আগের চেয়ে অনেক বেশি পরিণত। তার গতি ও ড্রিবলিংয়ের সঙ্গে যুক্ত হয়েছে সিদ্ধান্ত নেয়ার দক্ষতা এবং ফিনিশিংয়ের ধার। ফলে, ব্রাজিলের আক্রমণভাগে তিনি হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ ভরসা।
আরও পড়ুন: মকবুল হত্যা মামলায় সুলতান মনসুর ও মঈনউদ্দিনকে গ্রেপ্তার দেখাল আদালত
বিশ্বকাপ যত সামনে এগোবে, গোল্ডেন বুটের লড়াইও ততই তীব্র হবে, এমনটাই ধারণা ফুটবল বিশ্লেষকদের।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন