০৭:৪৬ পি.এম
সুষ্ঠু হজ ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধনকারী হজ এজেন্সিগুলোকে ২০২৭ সালের হজ কার্যক্রম থেকে এক বছরের জন্য বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। একই সঙ্গে, ২০২৬ সালে যদি কোনো এজেন্সি একজনও হজযাত্রী নিবন্ধন করতে না পারে, তাহলে সেগুলো আগামী বছরের হজ কার্যক্রমে অংশ নিতে পারবে না।
সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, হজ ২০২৬ মৌসুমে হজ কার্যক্রম পরিচালনার জন্য মোট ৭৫৮টি হজ এজেন্সিকে যোগ্য তালিকাভুক্ত করা হয়েছিল। ওই তালিকার শর্ত অনুযায়ী, কোনো এজেন্সি যদি যৌক্তিক কারণে হজযাত্রী নিবন্ধন না করে, তবে তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ ছিল।
আরও পড়ুন: সমঅধিকারভিত্তিক সমাজ গঠনে সরকারের দৃঢ়প্রতিজ্ঞা: স্বরাষ্ট্রমন্ত্রী
এছাড়া, প্রত্যেকটি এজেন্সিকে অন্তত একজন হজ গাইডের সমসংখ্যক, অর্থাৎ ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছে। হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী, একটি এজেন্সিকে কমপক্ষে ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। যদি এই সংখ্যা পূরণ হয়, তাহলে অন্য এজেন্সির সঙ্গে সমন্বয় করা যাবে। অন্যথায়, নিবন্ধিত হজযাত্রীদের অন্য কোনো এজেন্সিতে স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।
মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধনকারী এজেন্সিগুলোকে ২০২৭ সালের হজ কার্যক্রম থেকে এক বছরের জন্য বিরত রাখা হবে। পাশাপাশি, ২০২৬ সালের যোগ্য তালিকাভুক্ত ৭৫৮টি এজেন্সির মধ্যে যেগুলো একজনও হজযাত্রী নিবন্ধন করতে পারেনি, সেগুলোকেও আগামী বছরের হজ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন