০১:৫৯ পি.এম
নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
শুক্রবার (২৪ জুলাই) ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে শ্রদ্ধা নিবেদন করার পর তিনি শিখা অনির্বাণের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
পরে নৌ সদর দপ্তরে পৌঁছালে প্রিন্সিপাল স্টাফ অফিসাররা তাকে অভ্যর্থনা জানান। এরপর নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এ সময় নৌ সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসারসহ নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শেখ হাসিনার সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল, গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আব্দুর রহমান
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী দেশের সমুদ্রসীমা ও সুনীল অর্থনীতির নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ নৌবাহিনীকে আধুনিক ব্লু ওয়াটার নেভি হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করবেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান। এ লক্ষ্যে নৌবাহিনীতে আধুনিক ফ্রিগেট, সাবমেরিন, অত্যাধুনিক সোনার ও রাডার সিস্টেমসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি সংযোজনের উদ্যোগ অব্যাহত রাখার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ভাইস অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম গত ২৩ জুলাই বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
আরও পড়ুন: নন্দীগ্রামে বিএনপি কার্যালয়ে আগুন লাগার ঘটনা অস্বীকার এমপি মোশাররফের
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন