১২:৩৬ পি.এম
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত এক সমঝোতাকে ভবিষ্যৎ পররাষ্ট্রনীতির ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, গত জুনে এই সমঝোতা কার্যকর হলে শুধু ইরান নয়, গোটা অঞ্চল এবং দেশটির মিত্রদের নিরাপত্তা আরও শক্তিশালী হবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে পেজেশকিয়ান বলেছেন, প্রতিপক্ষকে চুক্তির শর্ত মেনে চলতে বাধ্য করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে। তার মতে, এই সমঝোতা বাস্তবায়ণের মাধ্যমে আঞ্চলিক স্থিতিশীলতা ও নিরাপত্তা আরও সুসংহত হবে।
অন্যদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা এখন খুবই কাছাকাছি অবস্থানে রয়েছে। রোববার (২ আগস্ট) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, সোমবার থেকে দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
ট্রাম্প আরও দাবি করেন, হরমুজ প্রণালী-সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে একটি সমঝোতা হয়েছে। পাশাপাশি তিনি আশা প্রকাশ করেন যে, ইরানের পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতেও সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
মার্কিন প্রেসিডেন্টের ভাষ্য অনুযায়ী, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতারের অনুরোধে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত বড় ধরনের সামরিক অভিযান স্থগিত রাখা হয়েছে। তিনি উল্লেখ করেন, মধ্যস্থতাকারী দেশগুলো সামরিক পদক্ষেপের পরিবর্তে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ওপর বেশ গুরুত্ব দিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন