১০:২৮ পি.এম
গাজীপুরের শ্রীপুরে একটি পোশাক কারখানায় শ্রমিক মৃত্যুর ঘটনার কারণে শনিবার শ্রমিকদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
রাবার বুলেট ও কাঁদানে গ্যাস প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরিস্থিতির অবনতি বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং দুইদিনের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের ওই কারখানার সামনে এই ঘটনা ঘটে। এ ঘটনায় বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে।
আরও পড়ুন: ঢাকার ধামরাইয়ে আজ সাড়ে ৯ ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে যারা
কারখানা শ্রমিকরা জানান, গত বুধবার রাতের শিফটে কাজ করার সময় লিজা বেগম (৩৬) অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় পরের দিন বৃহস্পতিবার শ্রমিকরা কাজ বন্ধ করে বিক্ষোভ করা শুরু করেন। পরে কারখানা কর্তৃপক্ষ ওই দিনের জন্য সাধারণ ছুটি ঘোষণা করে এবং শনিবার কারখানায় আসতে বলে।
শ্রমিকরা শনিবার সকালে ৮টার দিকে কারখানায় প্রবেশ করেন। এরপর কারখানা কর্তৃক আয়োজিত সহকর্মী লিজার মৃত্যুতে শোক সভা ও দোয়ার অনুষ্ঠানে তারা অংশ নেন। এ সময় বাহিরের কিছু শ্রমিক কারখানার প্রধান ফটকে এসে বিক্ষোভ শুরু করে। একপর্যায়ে তারা গেট ভেঙে ভেতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। তখন কয়েকজন শ্রমিক পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এই পরিস্থিতিতে নিজেদের রক্ষা করতে পুলিশ বাহিরের শ্রমিকদের ধাওয়া দেয় এবং উভয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় শ্রমিকরা মাওনা-গফরগাঁও আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে সকাল ১০টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে। এতে সড়কের উভয়পাশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ বিক্ষোভকারী শ্রমিকদের টিয়ারসেল, রাবার বুলেট ও কাঁদানে নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি স্বাভাবিক করে।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (ইন্সপেক্টর) স্বপন কুমার বলেন, নিহত শ্রমিকের আত্মার মাগফেরাতসহ দোয়া অনুষ্ঠানে বাহিরের কিছু শ্রমিক উসকানি দিয়েছিল। তারা বাইরের থেকে এসে কারখানা ভাঙচুরের চেষ্টা করছিল। পরে টিয়ারসেল ও কাঁদানে গ্যাস ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কোনো রকম বিশৃঙ্খলা এড়াতে কারখানা এলাকা ও আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
আরও পড়ুন: বীরাঙ্গনা ও যুদ্ধশিশুর বিরুদ্ধে মামলা, মব আতঙ্কে বাড়িছাড়া মা-মেয়ে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন