ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

২০২৬-২৭ অর্থবছরের জন্য সরাসরি টিকা-কম্বল ক্রয়ের অনুমোদন


২০২৬-২৭ অর্থবছরের জন্য সরাসরি টিকা-কম্বল ক্রয়ের অনুমোদন

অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ২০২৬-২৭ অর্থবছরে টিকার নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার জন্য এবং মানবিক সহায়তার উদ্দেশ্যে কম্বল ক্রয়ের ক্ষেত্রে সরাসরি ক্রয় পদ্ধতি ব্যবহারের জন্য নীতিগত অনুমোদন প্রদান করেছে।

বুধবার অনুষ্ঠিত কমিটির ৯৩তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

সভায় স্বাস্থ্যসেবা বিভাগের প্রস্তাব অনুযায়ী সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় মাঠ পর্যায়ে টিকার সরবরাহ নিশ্চিত করার জন্য সরাসরি ক্রয় পদ্ধতিতে টিকা কেনার অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন: চিকিৎসকের কক্ষ থেকেই নমুনা পাচার করছে দালালরা, যাচ্ছে বাইরের ডায়াগনস্টিকে

এছাড়াও, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রস্তাবে বাংলাদেশ ত্রাণ বোর্ডের মাধ্যমে মানবিক সহায়তার আওতায় কম্বল কেনার অনুমোদন দেওয়া হয়েছে।

দুটি প্রস্তাবই কমিটির নীতিগত অনুমোদনের জন্য সুপারিশ করা হয়েছে। তবে, টিকা ও কম্বল কেনার পরিমাণ, ব্যয় এবং সরবরাহকারীর বিষয়ে প্রেস ব্রিফিংয়ে বিস্তারিত তথ্য প্রদান করা হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৫ এম


পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন

খুলনার পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

কর্মসূচির সূচনা হিসেবে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর পর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ শিরোনামে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. মো. আব্দুল মজিদ। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা জি এম বুলবুল আহমেদ এবং বিএনপি নেতা তুষার কান্তি মণ্ডল।

সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন এসএফডিএফ কর্মকর্তা জি এম জাকারিয়া। সভায় আরও বক্তব্য দেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, জি এম শুকুরুজ্জামান, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান, আলাউদ্দিন রাজা এবং খামারি সামিমুল কবির, কামরুল ইসলাম ও নাসিম মোড়ল প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে, লাগবে যেসব কাগজপত্র

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


ওয়ারিশ সনদ তুলবেন যেভাবে, লাগবে যেসব কাগজপত্র

পরিবারের কোনো সদস্যের মৃত্যুর পর, তার রেখে যাওয়া জমি, বাড়ি, অথবা অন্যান্য সম্পত্তির বৈধ উত্তরাধিকারী কারা, তা প্রমাণের জন্য প্রয়োজন হয় ওয়ারিশ সনদ। এই সনদটি উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত জমি নামজারি, সম্পত্তি বণ্টন, পেনশন এবং বিভিন্ন আর্থিক সুবিধা প্রাপ্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তবে, অনেকেরই প্রশ্ন রয়েছে যে, ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করা যাবে, আবেদনের জন্য কী কী কাগজপত্র প্রয়োজন এবং অনলাইনে আবেদন করা সম্ভব কি না। বাংলাদেশে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশন থেকে এই সনদ সংগ্রহ করা যেতে পারে। কিছু এলাকায় অনলাইনে আবেদন করার সুযোগও রয়েছে।

ওয়ারিশ সনদ কী?

ওয়ারিশ সনদ বা ওয়ারিশান সনদ হলো মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের নাম, পরিচয় এবং তাদের সঙ্গে সম্পর্ক উল্লেখ করে স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে প্রদত্ত একটি প্রত্যয়নপত্র। এতে সাধারণত মৃত ব্যক্তির পরিচয়, মৃত্যুর তথ্য এবং উত্তরাধিকারীদের নাম, বয়স, ঠিকানা ও সম্পর্ক উল্লেখ থাকে।

জমি নামজারি, সম্পত্তি বণ্টন, পেনশন বা ভাতা গ্রহণ এবং মৃত ব্যক্তির বিভিন্ন আর্থিক সম্পদের দাবি নিষ্পত্তির জন্য এই সনদ প্রয়োজন হতে পারে। তবে, ওয়ারিশ সনদে উত্তরাধিকারীদের পরিচয় উল্লেখ থাকলেও, কে কতটুকু সম্পত্তি পাবেন, তা নির্ধারণ করা হয় না। উত্তরাধিকার আইন অনুযায়ী সম্পত্তির অংশ নির্ধারিত হয়।

ওয়ারিশ সনদ কোথা থেকে সংগ্রহ করবেন?

মৃত ব্যক্তি সাধারণত যে এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন, সেই এলাকার সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানে আবেদন করতে হবে।

ইউনিয়ন পরিষদ: গ্রামাঞ্চলের বাসিন্দাদের সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে আবেদন করতে হবে।

পৌরসভা: পৌর এলাকার বাসিন্দাদের সংশ্লিষ্ট পৌরসভায় যোগাযোগ করতে হবে।

সিটি করপোরেশন: সিটি করপোরেশন এলাকায় সংশ্লিষ্ট ওয়ার্ড বা দায়িত্বপ্রাপ্ত আঞ্চলিক কার্যালয়ে আবেদন করতে হবে।

এলাকাভেদে আবেদন ও সনদ প্রদানের নিয়মে পার্থক্য থাকতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট কার্যালয় থেকে নিয়ম জেনে নেওয়া ভালো।

ওয়ারিশ সনদ তুলতে যেসব কাগজপত্র লাগবে

সাধারণত ওয়ারিশ সনদের জন্য নিচের কাগজপত্রগুলো প্রয়োজন হতে পারে—

১. মৃত ব্যক্তির মৃত্যু নিবন্ধন সনদের ফটোকপি।

২. মৃত ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। এনআইডি না থাকলে প্রযোজ্য পরিচয়সংক্রান্ত তথ্য।

৩. প্রত্যেক প্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

৪. অপ্রাপ্তবয়স্ক উত্তরাধিকারীদের জন্মনিবন্ধন সনদ।

৫. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি।

৬. মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম, বয়স, ঠিকানা ও সম্পর্কের তালিকা।

৭. প্রয়োজনে নাগরিকত্ব সনদ, হোল্ডিং ট্যাক্সের রসিদ বা ঠিকানার প্রমাণ।

৮. কোনো কোনো এলাকায় ওয়ার্ড সদস্য, কাউন্সিলর বা স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন কিংবা সাক্ষীর তথ্য।

জমিসংক্রান্ত কাজে সনদ ব্যবহার করতে চাইলে জমির দলিল বা খতিয়ানের তথ্যও হাতের কাছে রাখা ভালো। তবে এগুলো সব ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। স্থানীয় কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হতে পারে।

ওয়ারিশ সনদের আবেদন করবেন যেভাবে

ওয়ারিশ সনদ পেতে সাধারণত পাঁচটি ধাপ অনুসরণ করতে হয়।

প্রথম ধাপ: আবেদন ফরম সংগ্রহ

সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করুন। কিছু প্রতিষ্ঠানে সাদা কাগজেও আবেদনের সুযোগ রয়েছে।

দ্বিতীয় ধাপ: প্রয়োজনীয় তথ্য পূরণ

আবেদনপত্রে মৃত ব্যক্তির নাম, ঠিকানা, মৃত্যুর তারিখ ও মৃত্যু নিবন্ধন নম্বর উল্লেখ করতে হবে। পাশাপাশি সব উত্তরাধিকারীর নাম, বয়স, জন্মতারিখ, এনআইডি বা জন্মনিবন্ধন নম্বর, ঠিকানা ও সম্পর্কের তথ্য দিতে হবে।

তৃতীয় ধাপ: কাগজপত্র জমা

পূরণ করা আবেদনপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি জমা দিন। স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তথ্য যাচাইয়ের প্রয়োজন হলে সেই প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে।

চতুর্থ ধাপ: তথ্য যাচাই

সংশ্লিষ্ট কর্মকর্তা বা জনপ্রতিনিধি আবেদনকারীর দেওয়া তথ্য যাচাই করবেন। প্রয়োজনে স্থানীয়ভাবে খোঁজখবর নেওয়া হতে পারে। তথ্য সঠিক পাওয়া গেলে সনদ প্রদানের অনুমোদন দেওয়া হয়।

পঞ্চম ধাপ: সনদ সংগ্রহ

আবেদন অনুমোদিত হলে নির্ধারিত ফি পরিশোধ করে সনদ সংগ্রহ করুন। সনদ হাতে পাওয়ার পর মৃত ব্যক্তির নাম, মৃত্যুর তথ্য এবং সব উত্তরাধিকারীর নাম ও পরিচয় ভালোভাবে যাচাই করে নিন।

অনলাইনে ওয়ারিশ সনদের আবেদন করবেন যেভাবে

বাংলাদেশ সরকারের প্রত্যয়ন ওয়েবসাইটের (prottoyon.gov.bd) মাধ্যমে নির্দিষ্ট কিছু এলাকায় অনলাইনে ওয়ারিশ সনদের আবেদন করা যায়। এই প্ল্যাটফর্মে বাংলা ও ইংরেজি দুই ভাষায় সনদ পাওয়ার সুবিধা রয়েছে।

অনলাইনে আবেদন করতে প্রথমে প্রত্যয়ন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন—

১. নাগরিক হিসেবে নিবন্ধন করে নিজের প্রোফাইল তৈরি করুন।

২. ঠিকানাসহ প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে প্রোফাইল সম্পন্ন করুন।

৩. ওয়েবসাইটের নির্দেশনা অনুযায়ী প্রোফাইলের প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

৪. সেবার তালিকা থেকে ওয়ারিশ সনদ নির্বাচন করুন।

৫. মৃত ব্যক্তির তথ্য এবং জীবিত উত্তরাধিকারীদের পরিচয়সংক্রান্ত তথ্য দিন।

৬. প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন জমা দিন।

৭. আবেদন অনুমোদিত হলে নির্ধারিত পদ্ধতিতে সনদ সংগ্রহ করুন।

প্রত্যয়ন ওয়েবসাইটে আবেদনের ক্ষেত্রে জীবিত উত্তরাধিকারীদের এনআইডি নম্বর ও জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য দিতে হয়। তবে সব এলাকার জন্য অনলাইন সেবা চালু নেই। তাই আবেদন করার আগে ওয়েবসাইটে নিজের এলাকার সেবার আওতা যাচাই করে নিতে হবে।

ওয়ারিশ সনদ তুলতে কত টাকা লাগে, কত দিন সময় লাগে?

ওয়ারিশ সনদ সংগ্রহের ফি এবং সনদ পেতে কত দিন সময় লাগবে, তা সব এলাকায় এক নয়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা এবং সিটি করপোরেশনের নিজস্ব সিটিজেন চার্টার অনুযায়ী ফি ও সময় নির্ধারিত হতে পারে।

তাহলে আবেদনের আগে সংশ্লিষ্ট কার্যালয় থেকে ফি ও সম্ভাব্য সময় জেনে নেওয়া উচিত। ফি জমা দিলে অবশ্যই রসিদ সংগ্রহ করবেন।

ওয়ারিশ সনদ ও সাকসেশন সার্টিফিকেট কি এক?

ওয়ারিশ সনদ এবং সাকসেশন সার্টিফিকেট এক নয়। ওয়ারিশ সনদ স্থানীয় সরকার প্রতিষ্ঠান থেকে দেওয়া হয়। এতে মৃত ব্যক্তির বৈধ উত্তরাধিকারীদের পরিচয় উল্লেখ থাকে।

অন্যদিকে, সাকসেশন সার্টিফিকেট বা উত্তরাধিকার সনদ দেওয়ানি আদালত থেকে নির্দিষ্ট আইনি প্রক্রিয়ায় দেওয়া হয়। মৃত ব্যক্তির ব্যাংক আমানত, শেয়ার বা অন্যান্য আর্থিক সম্পদের দাবি নিষ্পত্তির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সাকসেশন সার্টিফিকেট চাইতে পারে।

তাহলে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দাবি জানানোর আগে তাদের কাছে কোন ধরনের সনদ প্রয়োজন, তা জেনে নেওয়া ভালো।

সনদে উত্তরাধিকারীর নাম বাদ পড়লে কী করবেন?

ওয়ারিশ সনদে মৃত ব্যক্তির সব বৈধ উত্তরাধিকারীর নাম সঠিকভাবে উল্লেখ থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো উত্তরাধিকারীর নাম বাদ পড়লে ভবিষ্যতে জমির নামজারি, সম্পত্তি বণ্টন কিংবা মালিকানা নিয়ে আইনি জটিলতা তৈরি হতে পারে।

এ কারণে আবেদন করার আগে পরিবারের সব বৈধ উত্তরাধিকারীর তথ্য যাচাই করতে হবে। সনদে ভুল বা কোনো উত্তরাধিকারীর নাম বাদ পড়লে সংশ্লিষ্ট স্থানীয় সরকার প্রতিষ্ঠানে যোগাযোগ করে সংশোধনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৬ এম


স্পিকারের সম্মানে নৈশভোজের আয়োজন করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : পাকিস্তানের প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সম্মানে একটি নৈশভোজের আয়োজন করেছেন।

জাতীয় সংসদ সচিবালয়ের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বুধবার রাতে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বাসভবনে এই নৈশভোজ অনুষ্ঠিত হয়। এতে সফররত বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী থেকে গোপন তথ্যের ভিত্তিতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির জন্য ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির গোয়েন্দা বিভাগ (উত্তর) এই তথ্য প্রকাশ করে।

গ্রেপ্তার হওয়া সুমাইয়া টঙ্গীর দত্তপাড়া এলাকার আনোয়ার হোসেনের কন্যা। পুলিশ জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এই অভিযানের সময় ৪৪ লাখ ৪০ হাজার টাকার মূল্যমানের ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং মাদক কারবারি সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়।

জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপকমিশনার অশোক কুমার পাল পিপিএম কালের কণ্ঠকে বলেন, ‘বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। আলামতসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%