ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার


টঙ্গীতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুরের টঙ্গী থেকে গোপন তথ্যের ভিত্তিতে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির জন্য ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ সুমাইয়া আক্তার (৩১) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ জিএমপির গোয়েন্দা বিভাগ (উত্তর) এই তথ্য প্রকাশ করে।

গ্রেপ্তার হওয়া সুমাইয়া টঙ্গীর দত্তপাড়া এলাকার আনোয়ার হোসেনের কন্যা। পুলিশ জানায়, জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর দত্তপাড়া কছিম উদ্দিন রোডের ফ্রেন্ডস টাওয়ারের ৬(বি) নম্বর ফ্ল্যাটে অভিযান চালানো হয়। এই অভিযানের সময় ৪৪ লাখ ৪০ হাজার টাকার মূল্যমানের ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয় এবং মাদক কারবারি সুমাইয়াকে গ্রেপ্তার করা হয়।

আরও পড়ুন: নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গ সংস্কারের উদ্যোগ নিচ্ছে প্রশাসন

জিএমপির অপরাধ উত্তর বিভাগের উপকমিশনার অশোক কুমার পাল পিপিএম কালের কণ্ঠকে বলেন, ‘বিপুল পরিমাণ ইয়াবা ও ইয়াবা বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। আলামতসহ গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অসময়ে টানা বৃষ্টিতে ফসলে পচন, দিশেহারা চুয়াডাঙ্গার কৃষক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৭ এম


অসময়ে টানা বৃষ্টিতে ফসলে পচন, দিশেহারা চুয়াডাঙ্গার কৃষক

চুয়াডাঙ্গার ফসল আবাদ অসময়ে টানা বৃষ্টির কারণে ক্ষতির সম্মুখীন হয়েছে। কৃষকদের ৫০ কোটি টাকারও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে, যেখানে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আমন ও আলু আবাদে। কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন এ ক্ষতি কীভাবে পোষাবে তা নিয়ে।

তবে, সংশ্লিষ্ট কর্মকর্তারা ক্ষতিগ্রস্তদের তালিকা করে প্রণোদনার আশ্বাস দিয়েছেন।

সূত্র জানায়, কয়েকদিন ধরে চলা বৃষ্টির ফলে চুয়াডাঙ্গায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। মাঠের পর মাঠ নষ্ট হয়েছে বাড়ন্ত এবং নতুন লাগানো গাছ। এতে কয়েক হাজার হেক্টর জমির ফসলে পচন ধরেছে।

কৃষকরা জানিয়েছেন, গত ১৯ নভেম্বর থেকে টানা তিন দিন চুয়াডাঙ্গায় বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের প্রভাব পড়েছে কৃষকের ফসলের মাঠে। বৃষ্টির পানিতে ডুবে গেছে ফসলের ক্ষেত ও মাঠ। পানি কমার সঙ্গে সঙ্গে ফসলের ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। জমিতে পানি জমে থাকার কারণে গরমের প্রভাবে ফসল পচে যাচ্ছে।

তারা আরও জানান, আমন ধান, আলু, সরিষা, গম, পেঁয়াজ, ভুট্টা, সবজিসহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষতি হয়েছে টানা বৃষ্টির কারণে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে আলু ও আমন ধানের। পাকা ধান মাঠ থেকে তুলার আগেই হেক্টরের পর হেক্টর জমির ধান নষ্ট হয়ে যাচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গার চার উপজেলায় ধান, সবজি, পেঁয়াজ, আলু, মাষকলাই, সরিষাসহ বিভিন্ন ধরনের ফসল চাষ হয়েছে ৮১ হাজার ৮৪৯ হেক্টর জমিতে। বর্তমানে মাঠে দাঁড়িয়ে রয়েছে ৭০ হাজার ৩১ হেক্টর জমির ফসল। বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে ১৬৮ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, যার বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।

রোপা আমন ধান আবাদ করা হয়েছে ৩৬ হাজার ৭৭৬ হেক্টর, ভুট্টা ৩৫ হাজার ৯৫৬ হেক্টর, সবজি ৬১১০ হেক্টর, আলু ৩৫০ হেক্টর, সরিষা ৮৭৮ হেক্টর জমিতে চাষ হয়েছে।

কৃষকরা জানিয়েছেন, টানা কয়েকদিনের বৃষ্টি ও ঘূর্ণিঝড়ের কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। হেক্টরের পর হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। রোপা আমন ও আলুর বেশি ক্ষতি হয়েছে। কৃষকরা সার, কীটনাশক, এবং বীজ বাকিতে ক্রয় করে ফসল লাগান। এছাড়া ধার দেনা করে শ্রমিক ও সেচ খরচ দিতে হয়। এই জমিগুলো আর কোনো কাজে লাগবে না, কারণ অন্য ফসল লাগানো সম্ভব নয়।

কৃষি বিভাগের পক্ষ থেকে কোনো খোঁজখবর নেয়া হয়নি। কৃষকদের ৫০ কোটি টাকার বেশি ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। কৃষি বিভাগ ঘরে বসে খাতা কলমে ক্ষতি নিরূপণ করেছে, তবে মাঠের বাস্তব চিত্র তারা দেখেনি বলে অভিযোগ করেছেন কৃষকরা।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক নুরুল ইসলাম জানান, ঘূর্ণিঝড় এবং বৃষ্টির কারণে ফসল আক্রান্ত হয়েছে। কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। কৃষকদের ক্ষতি কাটিয়ে উঠতে প্রণোদনার মাধ্যমে সহযোগিতা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে নতুন ট্রেন চালু

নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস এবং ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বাংলাদেশ রেলওয়ে বিকল্প রুটে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ চালুর অনুমোদন দিয়েছে। নতুন ট্রেনটি খুলনা থেকে পোড়াদহ, রাজবাড়ী ও পদ্মা সেতু হয়ে ঢাকায় চলাচল করবে।

বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয় থেকে উপপরিচালক মো. মেহেদী হাসান বুধবার (২৫ নভেম্বর) এই অনুমোদন প্রদান করেন। একই দিন বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের কার্যালয় থেকে ট্রেন পরিচালনার প্রস্তাব পাঠানো হয়েছিল।

অনুমোদন অনুযায়ী, ২০০০৩ নম্বর ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা থেকে সকাল ৮টায় ছেড়ে বিকেল ৩টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। অপরদিকে, ২০০০৪ নম্বর ট্রেনটি ঢাকা থেকে বিকেল ৪টা ১০ মিনিটে ছেড়ে রাত ১১টা ৩৫ মিনিটে খুলনায় পৌঁছাবে।

ট্রেনটি উভয় পথে দৌলতপুর, নওয়াপাড়া, যশোর, মোবারকগঞ্জ, কোটচাঁদপুর, দর্শনা হল্ট, চুয়াডাঙ্গা, আলমডাঙ্গা, পোড়াদহ, কুষ্টিয়া কোর্ট, কুমারখালী, পাংশা, রাজবাড়ী, ফরিদপুর ও ভাঙ্গা স্টেশনে যাত্রাবিরতি করবে।

রেলওয়ের চিঠিতে উল্লেখ করা হয়েছে, পারিপার্শ্বিক পরিস্থিতি ও সার্বিক অবস্থা বিবেচনায় যাত্রীসাধারণ এবং রেলওয়ের নিরাপত্তার স্বার্থে গত ১৯ নভেম্বর থেকে ৮২৫/৮২৬ নম্বর জাহানাবাদ এক্সপ্রেস ও ৮২৭/৮২৮ নম্বর রূপসী বাংলা এক্সপ্রেসের নিয়মিত যাত্রা বাতিল করা হচ্ছে। প্রতিদিন ট্রেনের যাত্রা বাতিল করায় টিকিট ফেরত দিতে হচ্ছে, যা যাত্রীদের ভোগান্তি, বিভ্রান্তি এবং রেলওয়ের পরিচালনাগত জটিলতা বাড়াচ্ছে।

এই পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটে যাত্রীসেবা অব্যাহত রাখার জন্য, রাজস্ব ক্ষতি কমানোর উদ্দেশ্যে এবং রেলওয়ের কোচ ব্যবহারের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার জন্য সাময়িকভাবে বিকল্প ট্রেন চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন ট্রেনটি সাময়িকভাবে পরিচালিত হবে। এ কারণে ট্রেনের টিকিট যাত্রার তিন দিন আগে থেকে বিক্রি করা হবে বলে রেলওয়ের অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে।

রাজবাড়ী রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. আব্দুর রহমান বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী নিরাপত্তাজনিত পরিস্থিতিতে খুলনা-ঢাকা রুটের জাহানাবাদ এক্সপ্রেস ও ঢাকা-বেনাপোল রুটের রূপসী বাংলা এক্সপ্রেসের চলাচল সাময়িক স্থগিত রেখে বিকল্প রুটে অর্থাৎ পদ্মা সেতু হয়ে রাজবাড়ী দিয়ে ‘জাহানাবাদ বিকল্প এক্সপ্রেস’ খুলনা পর্যন্ত চলাচল করবে এবং রাজবাড়ীতে স্টপেজ দেবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত জানালেন সান্তোস সভাপতি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৮ এম


নির্বাচনের পর নেইমারের চুক্তি নিয়ে সিদ্ধান্ত জানালেন সান্তোস সভাপতি

ব্রাজিলের ক্লাব সান্তোসে নেইমার জুনিয়রের ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত ডিসেম্বরে ক্লাবটির সভাপতি নির্বাচন সম্পন্ন হওয়ার পর আসতে পারে।

বর্তমান সভাপতি মার্সেলো তেইশেইরা জানিয়েছেন, নির্বাচনী প্রক্রিয়া শেষ হলে নেইমারের চুক্তি এবং আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে আরও বিস্তারিত আলোচনা করা হবে।

গতকাল বুধবার (২৫ নভেম্বর) সাও পাওলোতে অনুষ্ঠিত ‘সামিট সিবিএফ একাডেমি’তে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তেইশেইরা এই তথ্য প্রকাশ করেছেন।

নেইমার জুনিয়রের বাবা নেইমার সিনিয়রকে ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তার পদে নিয়োগ দেওয়ার বিষয়টি উল্লেখ করে তেইশেইরা বলেন, ‘ক্লাব ইতোমধ্যে আগামী মৌসুমের পরিকল্পনা নিয়ে কাজ শুরু করেছে। তবে নির্বাচনের পর পরিচালনা পর্ষদের সঙ্গে আরও ভালোভাবে পরিকল্পনা করা সম্ভব হবে।’

সান্তোসের সভাপতি নির্বাচন আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মার্সেলো তেইশেইরা পুনর্নির্বাচনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নতুন সভাপতির মেয়াদকাল হবে ২০২৭ থেকে ২০২৯ সাল পর্যন্ত।

এদিকে সান্তোসের সঙ্গে নেইমারের চুক্তির মেয়াদ ৩১ ডিসেম্বর এই বছরের শেষ দিনে শেষ হবে। এর আগে নেইমার তার শৈশবে ক্লাবটিতে থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। তবে সভাপতি নির্বাচনের কারণে আপাতত সব কিছু ঝুলে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


শিক্ষাগত যোগ্যতা নিয়ে মোদিকে এক হাত নিলেন দীপ

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার তথ্যের সন্ধান মেলেনি, অথচ একজন সাধারণ নাগরিকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে এসেছে—ভারতের প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিকের ব্যক্তিগত তথ্য সুরক্ষার প্রশ্ন তুলে নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ।

দলটির অন্যতম আহ্বায়ক সৌরভ দাসের পাসপোর্ট নিয়ে চলমান বিতর্কের প্রেক্ষিতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন।

জানা গেছে, সৌরভ দাসকে জন্মস্থান সংক্রান্ত তথ্যের ব্যাখ্যা দিতে চেন্নাইয়ের আঞ্চলিক পাসপোর্ট দফতর সাত দিনের সময় দিয়েছে। সন্তোষজনক জবাব না পাওয়ার পর তাকে পাসপোর্ট ব্যবহার না করার নির্দেশও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ তথ্য জানান। তিনি বলেন, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া প্রতিবেদনের ভিত্তিতে গত ২৩ নভেম্বর সৌরভকে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়েছে।

রণধীর জয়সওয়াল আরও বলেন, পাসপোর্টের আবেদন করার সময় সঠিক তথ্য প্রদান করা বাধ্যতামূলক। আবেদনে কোনো অসংগতি কিংবা তথ্য গোপনের বিষয় সামনে এলে সংশ্লিষ্ট ব্যক্তির কাছে ব্যাখ্যা চাওয়া হয়।

এদিকে, এ ঘটনার প্রেক্ষিতে মোদি সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন অভিজিৎ দীপ। তিনি অভিযোগ করেছেন, সৌরভের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রশাসনের ভেতর থেকেই ফাঁস করা হয়েছে। পরে বিজেপির একাধিক সমর্থক সেই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

একজন সাধারণ নাগরিকের পাসপোর্টের মতো গুরুত্বপূর্ণ নথির ব্যক্তিগত তথ্য কীভাবে প্রকাশ্যে চলে আসে, সেই প্রশ্ন তুলেছেন তিনি।

প্রধানমন্ত্রীর শিক্ষাগত যোগ্যতার প্রসঙ্গ টেনে দীপ বলেন, এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রধানমন্ত্রীর ডিগ্রির তথ্য খুঁজে পাওয়া যাচ্ছে না, অথচ সাধারণ নাগরিকের পাসপোর্টের ব্যক্তিগত তথ্য প্রকাশ্যে চলে আসছে। তার মতে, এই ঘটনা ভারতের প্রশাসনিক স্বচ্ছতা এবং নাগরিকের ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করেছে।

সৌরভ দাস অভিযোগ করেছেন, সোমবার গভীর রাতে লন্ডনগামী উড়োজাহাজ ধরতে দিল্লি বিমানবন্দরে যাওয়ার সময় তাকে আটকে দেওয়া হয়। এ সময় অভিবাসন দফতরের কর্মকর্তারা তাকে জানান, তার পাসপোর্ট চিহ্নিত করা হয়েছে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদের আয়োজনে একটি আলোচনা সভায় ককরোচ আন্দোলন নিয়ে বক্তব্য দিতে বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল তার।

সৌরভ আরও দাবি করেন, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, লন্ডন স্কুল অব ইকোনমিকস এবং এডিনবরা বিশ্ববিদ্যালয় থেকেও বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পেয়েছিলেন তিনি। বিদেশযাত্রায় বাধা দেওয়ার জন্য মোদি সরকারকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

অভিজিৎ দীপকের অভিযোগ, অক্সফোর্ডে বক্তব্য দেওয়ার আমন্ত্রণ পাওয়ার ঘটনায় ক্ষমতার শীর্ষ পর্যায়ের কেউ ঈর্ষান্বিত হয়ে থাকতে পারেন। তবে এসব বাধা তার আন্দোলন কিংবা ভবিষ্যতে বিদেশ সফরের পরিকল্পনা থামাতে পারবে না বলে জানিয়েছেন সৌরভ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%