ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী


‘আমি’র পরিবর্তে ‘আমরা’ ধারণ করলে সমাজ আরও সুন্দর হবে: সমাজকল্যাণমন্ত্রী

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন মন্তব্য করেছেন যে, সমাজে যে কোনো অর্জনের স্বীকৃতি প্রদান করলে অনেক সমস্যার সমাধান সহজ হয়ে যায়। তিনি উল্লেখ করেন, সমাজের সব ক্ষেত্রে ‘আমি’র পরিবর্তে আন্তরিকভাবে ‘আমরা’ শব্দটি ধারণ ও ব্যবহার করা গেলে সমাজ আরও সুন্দর ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।

শনিবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) ১০ম দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে স্বাগত ও সূচনা বক্তব্য প্রদান করেন বিলসের প্রতিষ্ঠাতা ও মহাসচিব এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন এবং অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।

আরও পড়ুন: সীতাকুণ্ডে দুর্বৃত্তদের হামলায় প্রাণ গেল যুবদল নেতা তারেক হোসেন বাপ্পির

মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গঠনে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সেখানে সমাজের সব শ্রেণি ও পেশার মানুষের প্রতি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন, সমাজে বসবাসকারী প্রতিটি মানুষই কোনো না কোনোভাবে শ্রমিক। তাদের শ্রমের ধরন ও ক্ষেত্র কেবল ভিন্ন।

তিনি বলেন, সরকার প্রান্তিক শ্রমিক, অসহায় ও দুস্থ মানুষের সামাজিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার থেকে দেশব্যাপী ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করছে।

বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহ্দী আমিন উল্লেখ করেন, ন্যায্য মজুরি কোনো করুণা নয়, বরং এটি শ্রমিকের ন্যায্য অধিকার ও প্রাপ্য। তিনি বলেন, সাড়ে সাত কোটি শ্রমজীবী মানুষের স্বতঃস্ফূর্ত আস্থায় নির্বাচিত বর্তমান সরকার তাদের সার্বিক কল্যাণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ।

তিনি আরও বলেন, টেকসই শিল্প ও সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করতে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে পারস্পরিক আস্থা এবং নিয়মিত ত্রিপক্ষীয় সংলাপ অপরিহার্য।

আরও পড়ুন: মধুপুর বনাঞ্চলে বৃক্ষনিধনে উজাড় চলছে

অনুষ্ঠানে বক্তারা শ্রম আইনে প্রয়োজনীয় সংস্কার এনে সব শ্রমিকের আইনি স্বীকৃতি, প্রাতিষ্ঠানিক নিবন্ধন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার দাবি জানান। তারা ন্যায্য মজুরি নির্ধারণ, কর্মক্ষেত্রে সম-অধিকার প্রতিষ্ঠা এবং নিরাপদ ও স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান। বক্তারা যেকোনো মূল্যে শিশুশ্রম সম্পূর্ণ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ‘বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান লাইব্রেরি ও বিলস তথ্যকেন্দ্র’ উদ্বোধন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু,লাশ গুমের চেষ্টার অভিযোগে ফরিদপুরে প্রধান অভিযুক্ত গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

এস এম সাহান, ফরিদপুর জেলা প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২১ পি.এম


রাজবাড়ীতে অবৈধ বিদ্যুৎ সংযোগে বৃদ্ধার মৃত্যু,লাশ গুমের চেষ্টার অভিযোগে ফরিদপুরে প্রধান অভিযুক্ত গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দঘাটে আবাদি জমিতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মরদেহ গুমের চেষ্টার অভিযোগে মামলার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধা (৩৫)কে ফরিদপুর থেকে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে ফরিদপুরে র‍্যাব-১০-এর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থাটির কর্মকর্তারা।

গ্রেফতার রফিকুল ইসলাম মৃধা রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানার আইনুদ্দিন প্রামাণিক পাড়ার মৃত জলিল মৃধার ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে গোয়ালন্দঘাট থানার চর দৌলতদিয়া এলাকায় বসবাসকারী নবিরন নেছা (৫৫) বর্গা জমিতে কৃষিকাজ করতে যান। সন্ধ্যার পর তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। রাত আনুমানিক ৯টার দিকে প্রতিবেশী রফিকুল ইসলাম মৃধার জমির পাশের আখক্ষেতের পানিতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

পরে স্থানীয়দের সহায়তায় নবিরন নেছাকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও পরবর্তীতে পরিবারের সদস্যরা ঘটনাস্থলের আশপাশে খোঁজ নিয়ে জানতে পারেন, রফিকুল ইসলাম মৃধার জমির আখক্ষেতের চারপাশে জিআই তার দিয়ে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা হয়েছিল।

পরিবারের অভিযোগ, ওই অবৈধ বিদ্যুৎ সংযোগের তারের সংস্পর্শে এসেই নবিরন নেছার মৃত্যু হয়। পরে ঘটনাটি ধামাচাপা দিতে মরদেহটি ধানক্ষেত থেকে টেনে আখক্ষেতে নেওয়া হয়। এমনকি মরদেহ গুমের উদ্দেশ্যে আখক্ষেতের পাশে গর্ত খননেরও চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ করা হয়েছে।

এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য র‍্যাব-১০-এর কাছে অধিযাচনপত্র পাঠান।

এরই ধারাবাহিকতায় র‍্যাব-১০-এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে। গত ৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানাধীন বেপারীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত রফিকুল ইসলাম মৃধাকে গ্রেফতার করা হয়।

র‍্যাবের দাবি, অধিযাচনপত্র পাওয়ার মাত্র আট ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার রফিকুল ইসলামের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

র‍্যাব-১০-এর পক্ষ থেকে আরও জানানো হয়, অপরাধ দমনে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব দৃঢ়ভাবে কাজ করে যাচ্ছে।

সংবাদ সম্মেলনে ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৩ পি.এম


নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে নড়াইলে মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন ও বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্টের আয়োজনে পবিত্র কোরআন তেলাওয়াত, শোভাযাত্রা, নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, গার্ড অব অনার প্রদান, দোয়া মাহফিল, আলোচনা সভা ও বৃক্ষরোপন করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল দুপুর পর্যন্ত থেকে নূর মোহাম্মদ নগরে এসব কর্মসূচি পালিত হয়।

নড়াইল জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বীরমুক্তিযোদ্ধা, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ স্কুল ও কলেজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নূর মোহাম্মদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে।

জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক নাজমুল হুদার সভাপতিত্বে এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-জেলা পরিষদ প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা পরিষদের প্রধান নির্বাহী আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার নূর ই আলম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার টি. এম. রাহসিন কবির, বীরমুক্তিযোদ্ধা তবিবুর রহমান, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মাদ শেখের ছেলে এস এম গোলাম মোস্তফা কামাল, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ সরদার, সাজ্জাদুর রহমান রিপনসহ অনেক।

বক্তারা বলেন, স্বাধীনতা যুদ্ধের সূর্য্যসন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে। তার অবদান স্মরণ করে দেশ ও জনকল্যাণে সবাইকে এগিয়ে আসতে হবে।

মুক্তিযুদ্ধের রণাঙ্গণের সাহসী সন্তান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকবাহিনীর সাথে সম্মুখ যুদ্ধে শাহাদাতববরণ করেন। এদিন পাকবাহিনীর গুলিতে সহযোদ্ধা নান্নু মিয়া গুরুতর আহত হলেও হাতে এলএমজি এবং আহত নান্নুকে কাঁধে নিয়ে শত্রুপক্ষের দিকে গুলি ছুঁড়তে থাকেন নূর মোহাম্মদ। হঠাৎ পাকবাহিনীর মর্টারের আঘাতে তার হাঁটু ভেঙ্গে যায়। তবুও গুলি চালাতে থাকেন তিনি। এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন নূর মোহাম্মদ শেখ। যশোরের শার্শা উপজেলার কাশিপুর গ্রামে তাকে সমাহিত করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতি স্বরূপ ‘বীরশ্রেষ্ঠ’ খেতাবে ভূষিত হন তিনি। লাল-সবুজের মাঝে স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে প্রতিটি মানুষের হৃদয়ে আজো বেঁচে আছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ।

এদিকে, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। বাল্যকালেই বাবা-মাকে হারান তিনি। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেন। তার দুই স্ত্রীর কেউই বেঁচে নেই। বর্তমানে এক ছেলে ও তিন মেয়ে আছেন। তারা নড়াইল ও যশোরে বসবাস করেন।

এই বীরশ্রেষ্ঠের গ্রামের নাম পরিবর্তন করে ২০০৮ সালের ১৮ মার্চ ‘নূর মোহাম্মদ নগর’ করা হয়। সেই থেকে উন্নয়নের ছোঁয়া লেগেছে গ্রামটিতে। এখানে নির্মিত হয়েছে-বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর। এছাড়া মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ। ২০০৮ সালের ১৮ মার্চ জাদুঘরটি উদ্বোধন হয়। এছাড়াও নূর মোহাম্মদের বসতভিটায় নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৪ পি.এম


বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকীতে বিজিবির শ্রদ্ধা

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে তাঁর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বিজিবির যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। 

শনিবার সকাল ১০টায় শার্শা উপজেলার কাশিপুর বিওপির সন্নিকটে অবস্থিত সমাধিস্থলে বিজিবির পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়। 

অনুষ্ঠানে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান ও পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর তাঁর রুহের মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। শেষে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমাদ ও সহকারী পরিচালক মো. মাছেদুল ইসলাম খাঁন উপস্থিত ছিলেন। এ ছাড়া বীরশ্রেষ্ঠের পরিবারের সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের অবদান শ্রদ্ধাভরে স্মরণীয় করে রাখতে প্রতিবছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডায়াবেটিস রোগীর মৃত্যু: ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


ডায়াবেটিস রোগীর মৃত্যু: ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদফতরের তদন্ত কমিটি

ইনসুলিন বন্ধ করে 'কিটো ডায়েট' ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণের পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডায়াবেটিস রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে ডা. জাহাঙ্গীর কবিরের হেলথ রেভুলেশন লিমিটেডের বিরুদ্ধে। এ অভিযোগ তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদফতর।

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ তদন্ত কমিটি গঠন করা হয়। শনিবার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম।

তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। সদস্য সচিব করা হয়েছে স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে।

কমিটির অন্য সদস্যরা হলেন শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হুরজাহান বানু ও বারডেম হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক শাখা) অধ্যাপক ডা. মো. নুরুল ইসলামের স্বাক্ষরিত নোটিসে বলা হয়েছে, ইনসুলিন বন্ধ করে কিটো ডায়েট ও সাপ্লিমেন্ট গ্রহণের পরামর্শ অনুসরণ করা রোগীর মৃত্যুর অভিযোগটি আমলে নিয়ে ঘটনার তদন্তে ছয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

অভিযোগের বিষয়ে সুস্পষ্ট মতামতসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন সদস্য সচিব ডা. মো. মাহমুদুর রহমান।

অভিযোগে যা বলা হয়েছে

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ এবং একই বিভাগের কর্মরত চিকিৎসকরা স্বাস্থ্য অধিদফতরের কাছে অভিযোগ করেন, ৩৬ বছর বয়সী সুমি বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ইনসুলিন ব্যবহার করতেন।

পরে অনলাইনের মাধ্যমে হেলথ রেভুলেশন লিমিটেডের সঙ্গে তার যোগাযোগ হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, হেলথ রেভুলেশন লিমিটেড রোগীর ইনসুলিন বন্ধ করে নির্দিষ্ট শর্করাবিহীন খাদ্যতালিকা অনুসরণ এবং উচ্চমূল্যের কিছু সাপ্লিমেন্ট ব্যবহারের পরামর্শ দেয়। ওই পরামর্শ অনুসরণ করে ইনসুলিন বন্ধ করার পর রোগীর ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়ে বলে অভিযোগ করা হয়েছে।

পরে তিনি সিভিয়ার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরে চলতি বছরের ২ ফেব্রুয়ারি তিনি মারা যান বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ওঠা অভিযোগের বিষয়ে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে ছয় সদস্যের কমিটিকে ১০ কর্মদিবস সময় দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%