সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:১৬ এম
দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় আধুনিক শিক্ষার সঙ্গে ইসলামী শিক্ষার সমন্বয় সাধনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ১৯৭৯ সালের ২২ নভেম্বরে তৎকালীন রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এটি শুরুতে ওআইসি কর্তৃক নিয়ন্ত্রিত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় হওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু বিভিন্ন প্রতিকূলতা ও ষড়যন্ত্রের কারণে তা বাস্তবায়িত হয়নি। প্রতিষ্ঠার ৪৭ বছর পরেও বিশ্ববিদ্যালয়টি তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। এর পেছনে রয়েছে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কায়দায় ধর্মনিরপেক্ষতার ধাঁচে পরিচালনার নীল নকশা। এই প্রেক্ষাপটে, ইসলামী চেতনার সঙ্গে সাংঘর্ষিক বিভিন্ন বিভাগ চালু করে বিশ্ববিদ্যালয়ের মূল অর্গানোগ্রামে থাকা পূর্ব অনুমোদিত বিভাগগুলোকে পাশ কাটানো হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয়টি ইসলামী চিন্তা, গবেষণা ও আধুনিক জ্ঞান বিজ্ঞানের মিলনস্থলের স্বকীয় চরিত্র হারিয়ে ফেলেছে এবং সাধারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো পরিচালিত হচ্ছে।
বিগত আওয়ামী ফ্যাসিবাদীরা বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নে দলীয় নিয়োগ বাণিজ্য, দুর্নীতি, গুম, খুন, সংঘর্ষ, বন্দুকযুদ্ধ, টেন্ডারবাজি, ছিনতাই, অশ্লীলতা, কথিত অভিযান, শ্লীলতাহানি, হরতাল-অবরোধ, ভাঙচুর, অগ্নিসংযোগ, পুলিশী রাজত্ব, চুরি ও লুটপাটের স্বর্গরাজ্যে পরিণত করেছে ক্যাম্পাসকে। শিক্ষাক্রম থেকে মৌলিক ধর্মীয় কোর্স সংকুচিত করার প্রবণতা এবং ইসলামবিদ্বেষী ভাবাপন্ন জনবল নিয়োগের ফলে সংকট আরও গভীর হয়েছে। ক্যাম্পাসে জাতীয়তাবাদী ও ইসলামপন্থীদের উপর বিভিন্ন প্রকার হয়রানি ও নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে। বর্তমানে মৌলিক সংস্কার কার্যক্রম গ্রহণ করতে গেলে প্রশাসনিক ও বিভাগীয় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে।
স্বাধীনতার পর ড. কুদরত-ই-খোদা শিক্ষা কমিশন গঠিত হলেও ইসলামী শিক্ষা সমন্বয়ের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। মেজর জেনারেল জিয়াউর রহমান রাষ্ট্রপতি হওয়ার পর ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন, যা জনগণের দীর্ঘদিনের দাবির যৌক্তিকতা ও গুরুত্ব উপলব্ধি করে। ১৯৭৭ সালের ৩১ মার্চ থেকে ৮ এপ্রিল মক্কায় অনুষ্ঠিত ‘প্রথম বিশ্ব মুসলিম শিক্ষা সম্মেলন’-এ মুসলিম বিশ্বে আধুনিক ও ইসলামী শিক্ষার সমন্বয়ে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়। ১৯৭৭ সালের ২১ জানুয়ারি রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ড. এম এ বারীকে সভাপতি করে ‘ইসলামিক ইউনিভার্সিটি কমিটি’ গঠন করেন। ১৯৭৯ সালের ২২ নভেম্বর রাষ্ট্রপতি জিয়াউর রহমান কুষ্টিয়া-ঝিনাইদহে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীকালে ১৯৮০ সালে জাতীয় সংসদে বিশ্ববিদ্যালয়টির আইন পাস হয়।
রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান গঠিত কমিটির প্রতিবেদনে মুসলিমদের বুদ্ধিবৃত্তিক জাগরণের দিকনির্দেশনা রয়েছে। প্রতিবেদনের ২.২ ও ২.৩.২ ধারায় উপনিবেশবাদ ও ‘এডুকেশনাল জিহাদ’-এর বিষয়ে আলোচনা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য ছিলো পশ্চিমা উপনিবেশবাদ ও ধর্মনিরপেক্ষ শিক্ষাব্যবস্থার ফলে মুসলিমদের মনস্তত্বে যে অবক্ষয় এসেছে তা মোকাবিলা করা। প্রতিবেদনের ২.১৮.৩ ধারায় ধর্মনিরপেক্ষ শিক্ষা ব্যবস্থার বিষয়ে সতর্ক করে সমাধান হিসেবে পশ্চিমা ভাবধারার পরিবর্তে ইসলামী ভাবধারার প্রতিষ্ঠার কথা বলা হয়, যা ইহকাল ও পরকালের মেলবন্ধন ঘটাবে।
প্রতিবেদনের ১.১ ধারায় সকল বিভাগে ইসলামী শিক্ষার সমন্বয়ের বিষয় উল্লেখ রয়েছে। ১.২.১ ও ৫.১৪ ধারায় ভর্তির ক্ষেত্রে জেনারেল ও মাদরাসা থেকে সমান সংখ্যক শিক্ষার্থী ভর্তির নিয়ম বেঁধে দেওয়া হয়। ১৯৮৮ শিক্ষাবর্ষ পর্যন্ত ভর্তিকৃত শিক্ষার্থীর ৫০ শতাংশ মাদরাসা থেকে নেওয়া বাধ্যতামূলক ছিল। দুই ধারার শিক্ষার্থীদের জন্য পৃথক ১০০ নম্বরের ইংরেজি অথবা আরবী ও ইসলামিয়াতও আবশ্যক ছিল।
৩.৩ ধারায় পাঠ্যপুস্তক থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক চিন্তাভাবনা মুক্ত করার পরামর্শ দেওয়া হয়। সাধারণ বিশ্ববিদ্যালয়গুলোতে ধর্মনিরপেক্ষ আধুনিক শিক্ষা দেওয়া হলেও ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেই সুযোগ ছিল না। ৩.৪ ধারার আবশ্যিক শর্ত উপেক্ষা করে বর্তমানে প্রতিটি বিভাগে ইসলামিয়াতের অনুপস্থিতি দৃশ্যমান। প্রতিবেদনের ৫.৫ অনুযায়ী সকল অনুষদের শিক্ষার্থীদের প্রথম বর্ষে তিনটি ব্যাকগ্রাউন্ড কোর্স- আরবী ভাষা, অন্য আরেকটি বিদেশি ভাষা ও কুরআন-হাদিস-আকাইদ সম্বলিত ইসলামিয়াতে পাস করা বাধ্যতামূলক করা হয়। এতে পরীক্ষায় অনুত্তীর্ণদের বহিষ্কারের নিয়মও উল্লেখ হয়। এছাড়া ধারা ৫.১৬ ও ৩.৬ ধারায় যেকোনো বিষয়ের শিক্ষক-কর্মকর্তাদের চাকরি স্থায়ী ও পদোন্নতির জন্যও এই তিনটি বিষয় বেঁধে দেওয়া হয়।
ধারা ৫.১.২, ৫.১.৩ এবং ৫.৩ অনুযায়ী কলা অনুষদে অর্থনীতি ও মুসলিম অর্থনৈতিক তত্ত্ব এবং লোকপ্রশাসন ও মুসলিম প্রশাসন তত্ত্ব নামে বিভাগ চালুর প্রস্তাব থাকলেও তা করা হয়নি। বিগত শাসনামলে আইন ও শরিয়া অনুষদের নাম পরিবর্তন করে ‘শরিয়া’ শব্দটি তুলে দেওয়া হয়। ৫.৩ ধারার জিয়াউর রহমানের নীতি উপেক্ষা করে যড়যন্ত্র ও ঢালাওভাবে বিভিন্ন বিভাগ চালু করা হয়েছে, যা উদ্দেশ্যহীন ও প্রস্তাবিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংঘর্ষিক। প্রতিবেদনের ৫.২০ ধারা অনুযায়ী সাধারণ স্কুল ও মাদরাসার সংমিশ্রণে পরিচালিত এবং শিক্ষকদের প্রশিক্ষণের ব্যবস্থাসম্পন্ন একটি ল্যাবরেটরি স্কুল-কাম-মাদরাসা তৈরির লক্ষ্য থাকলেও বর্তমানে এটি নামমাত্র সাধারণ হাই স্কুল ও কলেজে পরিণত হয়েছে।
তথ্য সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন উদ্দেশ্য অর্জনে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি ড. মমতাজ উদ্দিন। পরবর্তীতে তাকে অপসারণের পর ১৯৮৮ সালে ড. সিরাজুল ইসলামকে ভিসি নিযুক্ত করা হয়। এসময় তিনি সেকুলার ঘরানার শিক্ষক ও চরম ইসলাম বিদ্বেষী লোক ড. হায়াৎ মাহমুদকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিয়োগ দেন। তিনি একসাথে পাঁচটি নতুন বিভাগ (আরবী, বাংলা, ইংরেজি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন) চালু করেন। যেখানে ইসলামিক কোন বিভাগ ছিলনা। ১৯৯২ সালে সাবেক ভিসি প্রফেসর ড. হামিদুর রহমান ইসলামাইজেশনের জন্য ইসলামী শিক্ষাকে বাধ্যতামূলক করলেও তৎকালীন নানামুখী বিরোধিতার ফলে এটি সম্ভব হয়ে উঠেনি।
সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের আইন ও শরীয়াহ অনুষদের পূর্বনাম ছিলো- 'আল কানুন ওয়াশ শরীয়াহ'। এর অধীনে আইন ও মুসলিম বিধান ও আল ফিকহ নামক দু'টি বিভাগ ছিলো। যেখানে আল-ফিকহ’ নাম বদলে ‘আল-ফিকহ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ’ ও সর্বশেষ ‘আল-ফিকহ অ্যান্ড ল’ রাখা হয়।
এদিকে বিভিন্ন সময়ে ধাপে ধাপে ৮টি অনুষদ ও মোট ৩৬টি বিভাগ চালু হলেও ইসলামিক কোন বিভাগ খোলা হয়নি। যদিও প্রথম দিন থেকেই বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে থাকা ‘তুলনামূলক ধর্মতত্ত্ব’ নামের অনুষদ বাস্তবায়ন করেনি বিগত কোনো প্রশাসন। সর্বশেষ ড. নকীব প্রশাসন উক্ত অনুষদ খোলার উদ্যোগ গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করে।
থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদের বিভাগসমূহ, আরবী ও আল-ফিকহ অ্যান্ড ল' বিভাগে মাদ্রাসা ছাত্র ভর্তি বাধ্যতামূলক ছিল। পরে সাবেক ভিসি ড. রাশিদ আসকারী আরবী ভাষা ও সাহিত্য ও আল-ফিকহ বিভাগ অ্যান্ড ল' থেকে এ নিয়ম রদ করেন। পরে সাবেক ভিসি ড. আব্দুস সালামের সময় আরবী বিভাগ থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ (ধর্মতত্ত্ব) অনুষদের অধীনে ভর্তি পরীক্ষা গ্রহণ শুরু করে। এছাড়া বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদী আদলে বুদ্ধিভিত্তিক ধ্বংসের নীল নকশা করেন সাবেক ভিসি ড. আসকারী। তিনি বিশ্ববিদ্যালয়ের মূল অর্গানোগ্রামে না থাকলেও ফাইন আর্টস-সহ বেশকিছু বিভাগ দ্রুততার সাথে চালু করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামে থাকা পূর্ব অনুমোদিত বিভাগগুলোকে পাশ কাটিয়ে বিশেষ উদ্দেশ্য বাস্তবায়নের পথে হাঁটেন। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্পে দুর্নীতি, শিক্ষক নিয়োগ বাণিজ্য-সহ নানা অপকর্মে তিনি জড়িয়ে পড়েন। পরে সাবেক ভিসি ড. আব্দুস সালাম বিশ্ববিদ্যালয়ের অর্গানোগ্রামের বাহিরে গিয়ে দুটি বিভাগ খুললেও অর্গানোগ্রামে থাকা ইসলামিক কোন বিভাগ চালু করেননি। পূর্বে শিক্ষক-কর্মকর্তা নিয়োগে ইসলামের মৌলিক জ্ঞানের মূল্যায়ন করা হলেও বর্তমানে এ বিষয়ে কোনো গুরুত্ব দেওয়া হয় না।
এছাড়াও ১৯৮০ সালের ২০ সেপ্টেম্বর জাতীয় সংসদ কর্তৃক ১৯৮০ সালের ৩১ নং আইন পাসের পর ইসলামী শিক্ষা ও গবেষণা কেন্দ্র স্থাপন করা হয়। ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন অ্যান্ড রিসার্চ সেন্টার ১৯৮২ সালের অধ্যাদেশ নং-৪৩ জারি করে বিলুপ্ত করা হয়। পরবর্তীতে এটি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধীনে ন্যস্ত করা হয়। দীর্ঘ আওয়ামী দুঃশাসনে প্রশাসন এটিকে একেবারে ভিন্ন খাতের দিকে পরিচালনা করেছিল। এর অধীনে বর্তমান কয়েকটি কোর্স চালু আছে। পূর্বে এর অধীনে গবেষণা জার্নাল প্রকাশ হলেও বর্তমানে সেটি বন্ধ রয়েছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী এই ইন্সটিটিউট সংস্কারের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।
আইন বিভাগের শিক্ষার্থী মামুন ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাক্রম প্রধানত ইসলামী দৃষ্টিভঙ্গির হাব হিসেবে কাজ করার কথা। যেখানে ধর্মীয় বিষয়াবলির পাশাপাশি আধুনিক বিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, কলা, আইন-সহ সব ক্ষেত্রেই ইসলামী চিন্তার পুনর্গঠন সমানভাবে প্রতিফলিত হবে। আধুনিক ও ধর্মীয় দুই ধারার শিক্ষার্থীরা একত্রে সমন্বিত শিক্ষাক্রম একই পরিবেশে পড়ার সুযোগ পাবে। এজন্য প্রধান করণীয় কারিকুলামের আমূল পরিবর্তন ও তা যথাযথ বাস্তবায়ন। অন্যথায় আগামী একশো বছরেও এ বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য অর্জন সম্ভব নয়।
এ বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. এমতাজ হোসেন বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় যে লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তা থেকে আমাদের পদস্খলন ঘটেছে। এই পদস্খলন ঘটেছে উপর থেকে। রাষ্ট্রীয় ও ক্ষমতার পট পরিবর্তনে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যখন যারা আসছে, তারাই এটিকে অনেক দূর পিছনে নিয়েছে। বর্তমানে ইসলামী মূল্যবোধে আমরা বিশ্ববিদ্যালয়টিকে একটি টেকসই জায়গায় নিয়ে যেতে চাই। যাতে প্রশাসক পরিবর্তন হলেও কোনো অবস্থাতেই বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য-উদ্দেশ্য থেকে পিছনের দিকে না যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে দেশজুড়ে ডাকা ধর্মঘটের ফলে আগামী সোমবার বেলজিয়ামের অধিকাংশ ফ্লাইট বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সংস্থা জানায়, তাদের কর্মীরা জাতীয় পর্যায়ের এ ধর্মঘটে অংশগ্রহণ করবেন।
বেলজিয়ামের আকাশসীমা ও বিমানবন্দরগুলোর এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা প্রতিষ্ঠান স্কাইস জানিয়েছে, সোমবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত (জিএমটি সময় সকাল ৬টা থেকে রাত ৮টা) স্বাভাবিক সেবা প্রদান সম্ভব হবে না।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, ‘প্রত্যাশিত জনবল দিয়ে এ সময়ে নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা নিশ্চিত করা সম্ভব হবে না। ফলে সংশ্লিষ্ট সেবাগুলো সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হচ্ছে স্কাইস।’
তবে জরুরি পরিস্থিতি ও অন্যান্য নিরাপত্তার কারণে অত্যাবশ্যকীয় ফ্লাইটের জন্য সীমিত সেবা চালু থাকবে বলে জানানো হয়েছে।
ইউরোপের স্বল্পমূল্যের বিমান সংস্থা রায়ানএয়ারের গুরুত্বপূর্ণ কেন্দ্র ব্রাসেলস-শার্লেরোয়া বিমানবন্দর জানিয়েছে, ধর্মঘটের কারণে সারাদেশের সব বিমানবন্দরে পুরো এক দিন বিমান চলাচল বন্ধ হয়ে যেতে পারে। এতে হাজার হাজার যাত্রী ভোগান্তিতে পড়বেন।
বিমানবন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, ‘এয়ার ট্রাফিক কন্ট্রোল ছাড়া কোনো উড়োজাহাজ উড্ডয়ন বা অবতরণ করতে পারে না।’ তারা এ সিদ্ধান্তের শেষ মুহূর্তে নেওয়ার সমালোচনা করে বলেছে, এর পরিণতি হবে ভয়াবহ।
অন্যদিকে ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার ছেড়ে যাওয়া এবং সেখানে অবতরণকারী অধিকাংশ ফ্লাইট বাতিল করতে হবে।
ব্যয় সংকোচন নীতির বিরুদ্ধে ক্ষোভ
বেলজিয়ামের ক্ষমতাসীন জোট সরকারের ব্যয় সংকোচন ও সংস্কারমূলক পদক্ষেপের প্রতিবাদে সোমবার দেশজুড়ে ধর্মঘট ও কর্মসূচির ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলো।
দেশটিতে প্রায় ২৫টি বিমান সংস্থার প্রতিনিধিত্বকারী সংগঠন বোর্ড অব এয়ারলাইন রিপ্রেজেনটেটিভস ইন বেলজিয়াম জানিয়েছে, গত ১১ মাসে বেলজিয়ামের আকাশসীমায় এ নিয়ে ১১তম ধর্মঘট হতে যাচ্ছে।
ধর্মঘটের পাশাপাশি সোমবার রাজধানী ব্রাসেলসে বড় ধরনের বিক্ষোভ সমাবেশেরও পরিকল্পনা রয়েছে শ্রমিক সংগঠনগুলোর। এতে গণপরিবহন চলাচলে ব্যাপক বিঘ্ন ঘটতে পারে। একই সঙ্গে স্কুল, সরকারি দপ্তর ও বর্জ্য সংগ্রহ কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
দেশটির উচ্চ বাজেট ঘাটতি কমাতে আগামী কয়েক বছরে ১০ বিলিয়ন ইউরো (প্রায় ১১ বিলিয়ন ডলার) সাশ্রয়ের লক্ষ্যে ব্যয় সংকোচনমূলক বাজেট প্রণয়নের চেষ্টা করছেন প্রধানমন্ত্রী বার্ট ডে ওয়েভার। এ বিষয়ে ক্ষমতাসীন জোটের শরিকদের সঙ্গে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সোমবারের মধ্যে এ বিষয়ে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্য রয়েছে সরকারের।
এর আগে চলতি নভেম্বরের শুরুতে জোটের শরিকদের মধ্যে বাজেট নিয়ে ঐকমত্য না হওয়ায় পদত্যাগের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী ডে ওয়েভার। তবে দেশটির রাজা ফিলিপ তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে সমাধানে পৌঁছানোর জন্য প্রধানমন্ত্রীকে আরও সময় দেন।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম নগরীর দামপাড়ায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পুলিশ লাইনসের সামনে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে।
রোববার (২২ নভেম্বর) রাত ১১টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জড়িত থাকার অভিযোগ উঠেছে।
পুলিশের তথ্যমতে, মোটরসাইকেলে করে দুই যুবক পুলিশ লাইনসের সামনে এসে তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দুটি ককটেল সড়কের মাঝখানে বিস্ফোরিত হয়। এরপর তারা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অবিস্ফোরিত ককটেলটি সড়ক থেকে উদ্ধার করা হয়।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মেট্রোরেল স্টেশনে দোকান ভাড়া নিয়ে ব্যবসা করার সুযোগ দিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। প্রতিষ্ঠানটি এমআরটি লাইন-৬-এর চারটি স্টেশনে চারটি রিটেইল শপ ভাড়া দেওয়ার পরিকল্পনা করেছে। আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো নির্ধারিত নিয়ম মেনে এসব দোকান ভাড়ার জন্য আবেদন করতে পারবেন।
ডিএমটিসিএলের মার্কেটিং শাখা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, দোকানগুলো অবস্থিত উত্তর দক্ষিণ, পল্লবী, কাজীপাড়া ও মতিঝিল স্টেশনে। আবেদনপত্র সংগ্রহ করা যাবে সোমবার (২৩ নভেম্বর) ২০২৬ থেকে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডিএমটিসিএলের ‘বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (প্রথম সংশোধনীসহ)’ অনুসরণ করে দোকানগুলো ভাড়া দেওয়া হবে। আবেদন করতে আগ্রহীদের নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে। প্রতি প্যাকেজের আবেদনপত্র সংগ্রহের জন্য ডিএমটিসিএলের অনুকূলে ৩ হাজার টাকা পে-অর্ডার অথবা ব্যাংক ড্রাফট জমা দিতে হবে। উল্লেখ্য, এ অর্থ অফেরতযোগ্য।
যেভাবে সংগ্রহ করবেন আবেদনপত্র
সোমবার (২৩ নভেম্বর) থেকে ১৩ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। এজন্য আগ্রহীদের ডিএমটিসিএলের মেট্রোরেল ভবনের তৃতীয় তলায় ৩২৬/এ নম্বর কক্ষে যোগাযোগ করতে হবে।
ঠিকানা: মেট্রোরেল ভবন, এমআরটি লাইন-৬ ডিপো, সোনারগাঁও জনপথ, সেক্টর ১৫-১৬, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা-১২৩০।
আবেদনকারীদের জন্য ব্রিফিং ও সাইট ভিজিটের আয়োজন করেছে ডিএমটিসিএল। আগামী ৩ ডিসেম্বর ২০২৬ সকাল ১০টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় প্রতিষ্ঠানের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।
একই দিনে সংশ্লিষ্ট দোকানগুলোর স্থান পরিদর্শনের সুযোগও থাকবে। এতে আগ্রহীরা দোকানের অবস্থান ও ভাড়াসংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত ধারণা নিতে পারবেন।
আবেদন জমা দেওয়ার শেষ সময়
আগ্রহীদের আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ তারিখ সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন জমা নেওয়া হবে মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্কে।
আবেদন জমার সময় শেষ হওয়ার পর একই দিন বিকেল সাড়ে ৩টায় মেট্রোরেল ভবনের পঞ্চম তলায় ডিএমটিসিএলের সম্মেলনকক্ষে আবেদনপত্র খোলা হবে।
বিস্তারিত তথ্য কোথায় পাবেন
দোকান ভাড়া নেওয়ার যোগ্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, আর্থিক শর্ত ও অন্যান্য বিস্তারিত নিয়ম জানতে ডিএমটিসিএলের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট নথি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) অতিরিক্ত দায়িত্বে থাকা যুগ্মসচিব কামরুজ্জামান মিয়া।
মেট্রোরেল স্টেশনে বাণিজ্যিকভাবে ব্যবসা পরিচালনায় আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার পাশাপাশি প্রতি প্যাকেজের জন্য ৩ হাজার টাকা অফেরতযোগ্য ফি জমা দেওয়ার বিষয়টি মনে রাখতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় শহর হোদেইদায় একটি টেলিযোগাযোগ স্থাপনায় বিমান হামলায় চারজন নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন। এই তথ্য হুথিদের নিয়ন্ত্রিত গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একই সময়ে দেশটির তাইজ প্রদেশে নতুন করে বিমান হামলার ঘটনা ঘটেছে।
হুথিপন্থি সংবাদ সংস্থা সাবার তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে যে, সৌদি যুদ্ধবিমান হোদেইদা শহরের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পাবলিক টেলিকমিউনিকেশন করপোরেশনের একটি ভবনকে লক্ষ্য করে হামলা চালায়। হামলার পর উদ্ধারকর্মীরা হতাহতদের উদ্ধারে কাজ শুরু করেছে বলে জানানো হয়েছে।
এদিকে, তাইজ প্রদেশে চারটি বিমান হামলা ঘটেছে। এর মধ্যে দুটি হামলা প্রদেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের আল-জারবুব এলাকায় এবং বাকি দুটি আল-তাইজিয়াহ জেলায় সংঘটিত হয়েছে।
হুথিদের নিয়ন্ত্রণাধীন স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, গত ৪৮ ঘণ্টায় দেশটির পাঁচটি প্রদেশে বিমান হামলায় তিন শিশুসহ ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। এই হামলায় আহত হয়েছেন আরো ৪৭ জন।
তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। হুতি ও সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে এসব হামলার খবর প্রকাশিত হয়েছে। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট জানায়, তারা হোদেইদা বন্দরে হুথিদের সামরিক সক্ষমতা লক্ষ্য করে হামলা চালিয়েছে। এছাড়া তাইজ ও সাদা প্রদেশে বিমান হামলা অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ