সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং
১০:২৪ এম
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে।
বিমানবন্দর কর্তৃপক্ষ সোমবার (২৩ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করেছে।
সূত্রে জানা যায়, সুইডেন আসলাম রোববার (২২ নভেম্বর) দিবাগত রাতে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন। তিনি থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে পৌঁছান। এ সময় ইমিগ্রেশনে আসার পর তাকে গ্রেফতার করা হয়।
তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পরে তাকে পুলিশের গোয়েন্দা বিভাগে (ডিবি) হস্তান্তর করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে একটি রাশিয়ান যুদ্ধজাহাজে সন্দেহভাজন ইউক্রেনীয় সামুদ্রিক ড্রোন দ্বারা হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ফলে জাহাজটিতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় হতাহতের তথ্য পাওয়া গেছে।
২২ নভেম্বর, রোববার ভোরে বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে এই হামলা সংঘটিত হয়। বন্দরের অবস্থান একটি নৌঘাঁটির নিকটবর্তী। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে আল জাজিরা জানায়, হামলায় নিহতদের সংখ্যা নিশ্চিত করা সম্ভব হয়নি। তবে নিহতদের মধ্যে লিবীয় এবং রুশ নাগরিকদের উপস্থিতি রয়েছে বলে জানা গেছে।
সূত্রগুলো দাবি করছে, হামলার সময় জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ এবং ড্রোন ছিল। স্থানীয় বাসিন্দাদের মতে, তিনটি ড্রোন জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালাতে দেখা গেছে।
স্যাটেলাইট চিত্র সরবরাহকারী প্রতিষ্ঠান ভ্যানটর জানায়, হামলার শিকার জাহাজটি রুশ নৌবাহিনীর করভেট শ্রেণির ছোট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ছিল।
রোববারের স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, জাহাজটির অধিকাংশ অংশ পানিতে ডুবে গেছে, কেবল সামনের অংশটুকু পানির ওপরে রয়েছে। জাহাজের উপরের কাঠামো থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে এবং বন্দরের জেটিতে ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে ছিল।
এর আগে, বেনগাজিভিত্তিক প্রশাসন জানিয়েছিল যে, রাশিয়ার সঙ্গে পূর্বাঞ্চলীয় সরকারের সহযোগিতা চুক্তির আওতায় জ্বালানি ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের জন্য জাহাজটি বন্দরে অবস্থান করছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, পশ্চিম লিবিয়ায় ইউক্রেনীয় বাহিনীর পরিচালিত একটি ঘাঁটি থেকে কয়েকটি সামুদ্রিক ড্রোন ছুড়ে জাহাজটিতে হামলা চালানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নববর্ষের পর ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে দেশটিতে পুনরায় সামরিক হামলা চালানোর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি তেহরানের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনাকে অর্থহীন বলে উল্লেখ করেছেন এবং বলেছেন, ইরানি আলোচকেরা কেবল সময়ক্ষেপণ করছেন।
রোববার ফক্স নিউজকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করেছেন যে, যুক্তরাষ্ট্রের নির্বাচনের পর ইরান আরো আগ্রাসী হয়ে উঠেছে এবং দেশটির কর্মকর্তারা আলোচনার নামে শুধুমাত্র কালক্ষেপণ করছেন।
ট্রাম্প মন্তব্য করেন, ‘নির্বাচনের আগের তুলনায় তারা এখন আরো বেশি আগ্রাসী।’ তিনি ইরানি কর্মকর্তাদের ‘পেশাদার কথার কারিগর’ হিসেবে চিহ্নিত করে বলেন, ‘তারা সারাক্ষণ কথা বলে যায়। তাদের কাজই শুধু কথা বলা। কিন্তু এসব কথার কোনো মূল্য নেই।’
ট্রাম্পের এই হুঁশিয়ারি এমন এক সময়ে এসেছে, যখন ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল রয়েছে এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরো বৃদ্ধি পেয়েছে। তিনি পূর্বাভাস দিয়েছেন যে, মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকতে পারে।
ইরানের নৌবাহিনী যদি মার্কিন অবরোধ চ্যালেঞ্জ করার চেষ্টা করে, সে বিষয়ে ট্রাম্প কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি আশা করি, তারা এমনটা করার চেষ্টা করবে। তাহলে তাদের নৌবাহিনীর সদস্যরাও সমুদ্রের তলদেশে যাবে, যেমনটা তাদের বাকিদের হয়েছে।’
এদিকে, ইরানের বিভিন্ন শহরে নতুন করে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। দেশটিতে চলমান বিক্ষোভ নিয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প আন্দোলনকারীদের উদ্দেশে সরাসরি বার্তা দেন।
তিনি বলেন, ‘বিক্ষোভ চালিয়ে যান।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তৈরি পোশাক শিল্পের শ্রমিক ও কর্মচারীদের জন্য নতুন নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সোমবার (২৩ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ড বৈঠকে বসবে। সকাল ১১টা ৩০ মিনিটে রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের সভাকক্ষে স্থগিত হওয়া তৃতীয় সভাটি অনুষ্ঠিত হবে।
গত ১৭ নভেম্বর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে নিম্নতম মজুরি বোর্ডের সচিব রাইসা আফরোজের স্বাক্ষরিত এক নোটিশে সভার বিষয়টি জানানো হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ১৩৯ ধারা অনুসারে বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানীর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হবে।
সভায় মালিকপক্ষের প্রতিনিধি পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নিয়ে লিখিত প্রস্তাব জমা দেবেন। একই সঙ্গে শিল্পের সব শ্রেণির শ্রমিক ও কর্মচারীর নিম্নতম মজুরি নির্ধারণে সুপারিশ প্রণয়ন নিয়ে আলোচনা করা হবে।
সভায় নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন ও বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতার উপস্থিত থাকবেন।
এর আগে গত ১৬ নভেম্বর বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু তা স্থগিত করা হয়।
গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয় বিবেচনায় পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দেয়। মালিকপক্ষ তখন অভ্যন্তরীণ আলোচনার জন্য সময় চায়। পরে বোর্ড মালিকপক্ষকে চার কার্যদিবস সময় দেয়।
উল্লেখ্য, ২০২৩ সালের নভেম্বরে সর্বশেষ পোশাক শ্রমিকদের নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। নতুন মজুরি কাঠামো আগামী ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
দিনের শুরুতে ঢাকার আকাশ মেঘলা অবস্থায় রয়েছে। আবহাওয়া অধিদপ্তর এ পরিস্থিতিতে বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে। একই সঙ্গে আজকের দিনের তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলেও পূর্বাভাস প্রদান করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় রাজধানীর আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৩ শতাংশ ছিল। গতকাল রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টির দেখা মেলেনি এবং আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিপাতও রেকর্ড করেনি। আজ সন্ধ্যা ৫টা ১১ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল (মঙ্গলবার) সূর্যোদয় হবে ভোর ৬টা ১৯ মিনিটে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ