০৫:৫৩ পি.এম
মেটা ব্যবহারকারীদের তীব্র সমালোচনার মুখে ইনস্টাগ্রামের একটি বিতর্কিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ফিচার বন্ধ করে দিয়েছে। এই ফিচারের সাহায্যে, ব্যবহারকারীরা পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ছবিকে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরিবর্তন বা নতুন করে তৈরি করতে পারতেন। তবে ফিচারটি চালুর পর থেকেই ব্যক্তিগত গোপনীয়তা এবং অপব্যবহারের আশঙ্কা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়। খবর হচ্ছে, চলতি সপ্তাহেই মেটা তাদের নতুন এআই ইমেজ জেনারেটর ‘মিউজ ইমেজ’ উন্মোচন করে। নতুন এই টুলটির অন্যতম আলোচিত সুবিধা ছিল, ব্যবহারকারীরা কোনো পাবলিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে মেনশন করে সেই অ্যাকাউন্টের ছবিকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে নতুন এআই-নির্ভর ছবি তৈরি করতে পারতেন। তবে বিতর্কের মূল কারণ ছিল, যার ছবিটি ব্যবহৃত হচ্ছিল, সেই ব্যক্তিকে এ বিষয়ে কোনো ধরনের নোটিফিকেশন পাঠানো হতো না। এর ফলে, অনেক ব্যবহারকারী আশঙ্কা প্রকাশ করেন যে, এই ফিচার ব্যবহার করে অনুমতি ছাড়াই অন্যদের ছবি পরিবর্তন করা বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি করা হতে পারে। সমালোচনার মুখে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে মেটা। শুক্রবার প্রকাশিত এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, ফিচারটি আর ব্যবহার করা যাবে না। ব্লগে মেটা লিখেছে, তাদের উদ্দেশ্য ছিল এমন একটি সৃজনশীল টুল দেওয়া, যাতে মানুষ তাদের পাবলিক কনটেন্টের ব্যবহার নিয়ে নিয়ন্ত্রণ রাখতে পারে। তবে তারা ব্যবহারকারীদের মতামত শুনেছেন এবং বুঝেছেন যে, এই ফিচারটি প্রত্যাশা পূরণ করতে পারেনি। তাই এটি আর থাকছে না। প্রযুক্তি বিশেষজ্ঞরা দীর্ঘদিন ধরে সতর্ক করে আসছেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে এআই প্রযুক্তির অপব্যবহার বাড়ছে। বিশেষ করে, নারী তারকাদের ভুয়া বা অশালীন ছবি তৈরির মতো ঘটনায় এআই ব্যবহারের অভিযোগ বারবার উঠে এসেছে। বিভিন্ন প্ল্যাটফর্ম এ ধরনের অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা চালু করলেও সেগুলো সব সময় কার্যকর হয়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন