০২:৪১ পি.এম
বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, জনগণের দেওয়া গণভোটের রায় উপেক্ষা করে জাতীয় ঐক্যের কোনো উদ্যোগ সফল হবে না। তিনি সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় গণভোটের রায় দ্রুত বাস্তবায়ন করা উচিত। তিনি উল্লেখ করেন, "গণভোটের রায় ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের মাধ্যমেই জাতীয় ঐক্যের প্রকৃত ভিত্তি গড়ে উঠতে পারে।" অন্যথায়, নতুন করে রাজনৈতিক বিভাজন ও অনিশ্চয়তা সৃষ্টি হতে পারে।
শনিবার সকালে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, দেশের জনগণ শুধু সরকার বদলের জন্য আন্দোলন করেনি। রাষ্ট্র পরিচালনার নীতি, কাঠামো ও রাজনৈতিক সংস্কৃতিতে মৌলিক পরিবর্তনের প্রত্যাশা নিয়ে তারা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিল। সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই সরকার গঠনের নির্বাচন এবং রাষ্ট্রকাঠামো পরিবর্তনের জন্য গণভোট আয়োজন করা হয়েছিল। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে একমত ছিল। কিন্তু নির্বাচনের পরদিন থেকেই সরকার সেই অবস্থান থেকে সরে এসেছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি অভিযোগ করেন, গণরায় বাস্তবায়নের পরিবর্তে সরকার নতুন কমিটি গঠনের উদ্যোগ নিয়েছে সংবিধান সংশোধনের জন্য। অথচ অন্তর্বর্তী সময়ে জাতীয় ঐকমত্য কমিশনের অধীনে ৩৭টি রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন পক্ষ এ বিষয়ে আলোচনা করেছে সাত মাস ধরে। সেই আলোচনার ভিত্তিতে সংস্কার এগিয়ে নেওয়া উচিত বলে মনে করেন তিনি। জামায়াত আমির জানান, নতুন কমিটি গঠনের কোনো প্রয়োজন নেই।
আরও পড়ুন: কর্মসংস্থান উপযোগী শিক্ষাব্যবস্থা গড়ার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
সংবিধান সংশোধন ও রাষ্ট্রীয় সংস্কারের মধ্যে পার্থক্য তুলে ধরে তিনি বলেন, সংস্কারের মাধ্যমে জনগণের অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র কাঠামো পরিবর্তন আনা সম্ভব। কিন্তু সংবিধান সংশোধনের মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত আদালতে চ্যালেঞ্জ হওয়ার সুযোগ থাকে। সংসদ ও আদালতের মধ্যে নতুন কোনো বিরোধ বা অস্পষ্টতা তৈরি হোক, জামায়াত তা চায় না। এ কারণেই দলটি গণভোটের রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।
ডা. শফিকুর রহমান জনগণের ম্যান্ডেট বাস্তবায়নে দেরি না করে জাতীয় ঐকমত্যের ভিত্তি মজবুত করার আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে রাজনৈতিক দল ও জনগণ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, গণভোটের রায় কার্যকর হলে সেই ঐক্য নতুন করে গড়ে তোলার সুযোগ তৈরি হবে। তবে মূল দাবিগুলো পাশ কাটিয়ে কেবল সংলাপ বা ঐক্যের উদ্যোগ নেওয়া হলে তা দীর্ঘস্থায়ী হবে না। উল্টো অতীতের ফ্যাসিবাদী শক্তি আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারে।
জামায়াত আমির বিএনপির রাজনৈতিক অবস্থানেরও সমালোচনা করেন। তিনি বলেন, অতীতের রাজনীতিতে ফিরে না যাওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও এখন বিভিন্ন ক্ষেত্রে দলীয়করণ বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানে রাজনৈতিক আনুগত্যের ভিত্তিতে উপাচার্য, উপ-উপাচার্য, প্রক্টরসহ গুরুত্বপূর্ণ পদে নিয়োগ ও রদবদলের অভিযোগ তুলে তিনি বলেন, শিক্ষাব্যবস্থাকে দলীয় প্রভাবমুক্ত রাখা জরুরি। মেধা ও যোগ্যতার ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালিত না হলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হবে।
তিনি আরো বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল এমন একটি মেধাভিত্তিক সমাজ, যেখানে দলীয় পরিচয় নয়, যোগ্যতা ও দক্ষতাই হবে মূল্যায়নের মাপকাঠি। কিন্তু নানা ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব বিস্তারের প্রবণতা সেই প্রত্যাশার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এ বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে জামায়াত আপত্তি জানিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আরও পড়ুন: পাচার হওয়া অর্থ আইনসম্মত উপায়ে ফিরিয়ে আনতে পদক্ষেপ নিচ্ছে সরকার
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চাঁদাবাজি, দখল ও কমিশন বাণিজ্য, হত্যাকাণ্ড, মাদক এবং কিশোর গ্যাংয়ের তৎপরতায় জনজীবন অস্থির হয়ে উঠেছে। বিশেষ করে নারী ও শিশুর নিরাপত্তা নিয়ে মানুষের উদ্বেগ বাড়ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে মাদক বিক্রি ও তরুণদের মধ্যে মাদকাসক্তি ছড়িয়ে পড়া ঠেকাতে সরকারের দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
জাতীয় ঐক্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বান প্রসঙ্গে জামায়াত আমির বলেন, সংলাপে জামায়াত কোনো দলীয় স্বার্থ নিয়ে বসতে চায় না। জনগণের হারানো অধিকার ফিরিয়ে আনা, রাজনৈতিক ও সামাজিক পরিবেশ পরিচ্ছন্ন করা এবং শিক্ষাপ্রতিষ্ঠানকে দলীয় প্রভাবমুক্ত করার মতো জনস্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়েই আলোচনায় অংশ নেবে দলটি। ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্য গড়তে হলে তার ভিত্তি হতে হবে জনগণের অধিকার ও গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাস্তবায়ন।
দ্রব্যমূল্য ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়েও সরকারের সমালোচনা করেন তিনি। তার ভাষ্য, গ্যাস ও বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় খরচের চাপ সাধারণ মানুষের ওপর বাড়ছে। এসব সমস্যার জন্য কেবল অতীতের সরকার বা আন্তর্জাতিক পরিস্থিতিকে দায়ী না করে বর্তমান সরকারকে দায়িত্বশীল ভূমিকা নিতে হবে।
প্রতিবেশী দেশের পক্ষ থেকে বাংলাদেশকে নিয়ে হুমকিমূলক বক্তব্যের প্রসঙ্গ টেনে সরকারের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন জামায়াত আমির। তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায়, তবে বন্ধুত্ব নির্ভর করে পারস্পরিক সম্মান ও আচরণের ওপর। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সীমান্ত ও জনগণের নিরাপত্তার প্রশ্নে সরকারকে স্পষ্ট অবস্থান নিতে হবে। এ ক্ষেত্রে সশস্ত্র বাহিনী ও সাধারণ মানুষের সম্মিলিত ভূমিকার ওপর জোর দেন তিনি।
আরও পড়ুন: ব্যবসায়ীদের জন্য ৬০০০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোনো একটি বাহিনীর একার পক্ষে দেশের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। রাষ্ট্রীয় বাহিনী ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় সীমান্ত এবং মানুষের জীবন, সম্পদ ও অধিকার রক্ষা করতে হবে।
বিদেশের সঙ্গে সই হওয়া চুক্তি সংসদে উপস্থাপন ও আলোচনার ওপরও গুরুত্ব দেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, আন্তর্জাতিক চুক্তি শুধু সরকারের বিষয় নয়; এর সঙ্গে দেশের ভবিষ্যৎ ও জনগণের স্বার্থ জড়িত। কোনো চুক্তিতে বাংলাদেশ কী পাচ্ছে আর কী ছাড় দিচ্ছে, তা জানার অধিকার জনগণের আছে। তাই এসব বিষয়ে সংসদে যথাযথ আলোচনা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।
নতুন প্রজন্মকে রাষ্ট্র গঠনে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বক্তব্যে তিনি বলেন, অতীতের বিভেদ ও সংঘাত পেছনে ফেলে ভবিষ্যৎ নির্মাণে মনোযোগ দিতে হবে। তরুণ ও যুবসমাজকে নেতৃত্বে এনে একটি মানবিক, ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করতে হবে।
আরও পড়ুন: কুমিল্লার আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম তাজ আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন